📄 মাটি ও চাটাইতে সাজদা করা
রসূলুল্লাহ (সঃ) মাটিতেই অধিংকাশ সময় সাজদাহ করেছেন। ৩৪২
সাহাবায়ে কেরাম কঠোর ও প্রখর রোদে তাঁর সাথে নামায আদায় করতেন। যারা তাপের কারণে কপাল মাটিতে রাখতে পারতেন না, তারা কাপড় বিছিয়ে সাজদাহ করতেন। ৩৪৩
তিনি আরও বলতেন; গোটা যমীন আমার উম্মতের জন্য মসজিদ ও পবিত্র করা হয়েছে। যখন এবং যেখানে নামাযের সময় হবে, সেখানেই তার মসজিদ ও সেখানেই পবিত্রতা। আমার পূর্বের লোকদের জন্য এ বিষয়ে কঠিন নিয়ম ছিল। তারা কেবল গীর্জায় নামায পড়ত। ৩৪৪
কদাচিত তিনি কাদা মাটি ও পানিতে সাজদাহ করেছেন। একবার একুশে রমযানের ফজরের নামাযে তা ঘটেছিল। আকাশ থেকে বৃষ্টি বর্ষণের ফলে মসজিদের খেজুর পাতার চাল বেয়ে মসজিদে পানি পড়ে কাদা হয়ে যায়। তিনি সেই কাদাতে নামায পড়েন। আবু সাঈদ খুদ্রী (রাঃ) বলেন, আমি নিজ চোখে রসূলুল্লাহ (সঃ)-এর কপাল ও নাকে কাদা দেখেছি। ৩৪৫
তিনি কখনও খোমরা এবং কখনও চাটাইর উপর নামায পড়তেন। ৩৪৬
পরিধানের কাপড়ের এক অংশ বিছিয়ে দীর্ঘ সময় নামায পড়ায় তা কালো হয়ে গেছে। এ হাদীস প্রমাণ করে যে পরিধানের কাপড়ের অংশ বিশেষ বিছিয়ে নামায পড়া জায়েয। তবে সিলেকর কোন জিনিসের উপর বসা জায়েয নেই। এ বিষয়ে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে। (বোখারী, মুসলিম)
টিকাঃ
৩৪২. কেননা, তাঁর মসজিদে তখন চাটাই বা অন্য কিছু ছিল না। এ প্রসঙ্গে অনেক হাদীস আছে。
৩৪৩. মুসলিম, আবু আ'ওয়ানাহ。
৩৪৪. আহমদ, আস-সেরাজ, বায়হাকী- সনদ সহীহ。
৩৪৫. বোখারী, মুসলিম。
৩৪৬. ঐ। খোমরা হচ্ছে সাজদার জন্য নাক ও কপাল রাখার ছোট মতো জায়নামায。
📄 সাজদাহ থেকে উঠা
তিনি তাকবীর বলে সাজদাহ থেকে মাথা তুলতেন৩৪৭ এবং এভাবে করার জন্য ভুল নামায আদায়কারীকে আদেশ দিয়েছেন। তিনি বলেছেন: কোন মানুষের নামায পরিপূর্ণ হয় না যে পর্যন্ত না সে সাজদাহ করে এবং অঙ্গ-প্রত্যঙ্গের জোড়াগুলো প্রশান্ত হয়, তারপর আল্লাহু আকবার বলে মাথা তোলে এবং সোজা হয়ে বসে। ৩৪৮
তিনি কোন কোন সময় এই তাকবীরের সাথে দু'হাত উপরে তুলতেন। ৩৪৯
ইমাম আহমদ এ তাকবীরসহ সকল তাকবীরে হাত তোলার পক্ষে মত প্রকাশ করেছেন। ইবনুল কাইয়েম আল বাদায়ে গ্রন্থের ৪র্থ খণ্ডের ৮৯ পৃষ্ঠায় লিখেছেন, ইবনু আসরাম বর্ণনা করেছেন, একবার তাকে দু'হাত তোলার ব্যাপারে প্রশ্ন করা হয়। তিনি উত্তরে বলেন, প্রত্যেক বার উঠা-নামার সময় দু'হাত তুলতে হবে। ইবনু আসরাম বলেন, আমি নামাযে আবু আবদুল্লাহকে প্রত্যেক উঠা-নামায় দু' হাত তুলতে দেখেছি। ইবনুল মোনযের এবং শাফেঈ' মাযহাবের আবু আলীসহ ইমাম মালেক ও শাফেঈর (রঃ)-ও একই মত। (তারহুত্ তাসরীব)। আনাস, ইবনে উমার, নাফে, তাউস, হাসান বসরী, ইবনে সিরীন এবং আইউব সাখতিয়ানীও হাত তোলার পক্ষে ছিলেন। সহীহ সনদ সহকারে মোসান্নাফে ইবনে আবী শায়বায় তা বর্ণিত আছে।
তারপর তিনি বাম পা বিছিয়ে দিয়ে তার উপর প্রশান্তির সাথে বসতেন। ৩৫০
তিনি ভুল নামায আদায়কারীকে অনুরূপ আদেশ দিয়ে বলেছেন, তুমি যখন সাজদায় যাবে, মযবুতভাবে সাজদাহ করবে এবং যখন সাজদাহ থেকে উঠবে, তখন বাম রানের উপর বসবে। ৩৫১
তিনি ডান পা দাঁড় করিয়ে৩৫২ আঙ্গুলকে কেবলামুখী রাখতেন। ৩৫৩
টিকাঃ
৩৪৭. বোখারী, মুসলিম。
৩৪৮. আবু দাউদ। হাকেম এটিকে সহীহ বলেছেন এবং আল্লামা যাহাবী তা সমর্থন করেছেন。
৩৪৯. আহমদ, আবু দাউদ- সনদ সহীহ。
📄 দুই সাজদার মাঝে দুই পায়ের গোড়ালি দাঁড় করানো
রসূলুল্লাহ (সঃ) কখনও দু' সাজদার মাঝে দু' পায়ের গোড়ালি ও দু' পায়ের আঙ্গুল দাঁড় করিয়ে বসতেন। ৩৫৪
টিকাঃ
৩৫০. বোখারী, রাফউল ইয়াদাইন অধ্যায়, আবু দাউদ- সনদ সহীহ, মুসলিম, আওয়ানাহ。
৩৫১. আহমদ, আবু দাউদ- সনদ ভাল。
৩৫২. বোখারী, বায়হাকী。
৩৫৩. নাসাঈ- সনদ সহীহ。
৩৫৪. মুসলিম, আবু আওয়ানা, আবুশ শেখ, বায়হাকী। ইবনুল কাইয়েম দুই সাজদার মাঝে রসূলুল্লাহ (সঃ)-এর পা বিছানোর বর্ণনা উল্লেখ করে বলেন, তিনি এই একটি মাত্র বৈঠক ছাড়া আর কোথাও পায়ের গোড়ালি দাঁড় করিয়ে বসার বর্ণনা দেখতে পাননি। এটা ইবনুল কাইয়েমের ভুল। কেননা, মুসলিম, আবু দাউদ, তিরমিযী সহ অন্যারা ইবনে আব্বাস থেকে পায়ের গোড়ালির উপর বসার বর্ণনা দিয়েছেন। বায়হাকী ইবনে উমার থেকেও অনুরূপ বর্ণনা করেছেন এবং ইবনে হাজার তাকে সমর্থন করেছেন। তাউস বলেছেন, তিনি ইবনে আব্বাস ও ইবনে উমারকে অনুরূপ বসতে দেখেছেন। একদল সাহাবী ও তাবেঈ পায়ের গোড়ালির উপর বসেছেন。
📄 দুই সাজদার মধ্যবর্তী সময় প্রশান্তি ওয়াজিব
রসূলুল্লাহ (সঃ) দু' সাজদার মধ্যবর্তী সময় এমনভাবে সোজা হয়ে প্রশান্তভাবে বসতেন যে, সকল হাড় নিজ নিজ স্থানে বহাল হত। ৩৫৫
তিনি ভুল নামায আদায়কারীকে অনুরূপ করার আদেশ দিয়ে বলেছেন, তোমাদের কেউ অনুরূপ না করলে তার নামায পরিপূর্ণ হবে না। ৩৫৬
তিনি দুই সাজদার মাঝখানে প্রায় সাজদার সমপরিমাণ সময় বসতেন। ৩৫৭
কখনও কখনও তিনি এত দীর্ঘ সময় বসে থাকতেন যে, কেউ কেউ বলত, তিনি ভুলে গেছেন। ৩৫৮
টিকাঃ
৩৫৫. আবু দাউদ, বায়হাকী সনদ সহীহ。
৩৫৬. আবু দাউদ, হাকেম。
৩৫৭. বোখারী, মুসলিম。
৩৫৮. ঐ。