📄 শয়তানের ওয়াসওয়াসা দূর করার জন্য নামাযে আউযু বিল্লাহ পড়া ও থুথু নিক্ষেপ করা
উসমান বিন আবুল আ'স (রাঃ) রসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রসূল! শয়তান আমার ও আমার নামাযের মধ্যে বাধা সৃষ্টি করে এবং আমার কেরাআতে ভুল-ভ্রান্তি ঘটায়। রসূলুল্লাহ (সঃ) বলেন, ঐটা হচ্ছে শয়তান এবং তার নাম হচ্ছে খেনযাব। তুমি যখন শয়তানের ওয়াসওয়াসা অনুভব করবে, তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবে। অর্থাৎ আউযু বিল্লাহ পড়বে এবং তোমার বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করবে। উসমান বলেন, আমি ঐ রকম করি এবং আল্লাহ আমার কাছ থেকে শয়তানকে দূরে সরিয়ে দিয়েছেন। ২৪৪
টিকাঃ
২৪৪. মুসলিম, আহমদ। ইমাম নববী (রঃ) বলেছেন, এই হাদীস প্রমাণ করছে ওয়াসওয়াসার সময় শয়তান থেকে আশ্রয় চাওয়া এবং বাম দিকে ৩বার থুথু নিক্ষেপ করা মোস্তাহাব। আন-নেহায়া গ্রন্থে বলা হয়েছে, এখানে থুথু বলতে 'ফুঁ' বুঝানো হয়েছে, যাতে থুথুর বিন্দু থাকবে।
📄 রুকু
রসূলুল্লাহ (সঃ) কেরাআত শেষ করার পর সামান্য একটু অপেক্ষা করতেন। ২৪৫
তারপর তিনি তাকবীরে তাহরীমার সময়ের মত উপরের দিকে দুই হাত তুলতেন এবং তাকবীর বলতেন ও রুকুতে যেতেন। ২৪৬
তিনি ভুল নামায আদায়কারীকে বলেছিলেন: আল্লাহর আদেশ মোতাবেক ভাল করে উযু না করলে তোমাদের নামায পরিপূর্ণ হবে না। তারপর তাকবীর বলবে এবং আল্লাহর হামদ ও মর্যাদা প্রকাশ করবে। এরপর আল্লাহ যেভাবে আদেশ দিয়েছেন, সেভাবে কোরআন থেকে কেরাআত পাঠ করবে। পরে তাকবীর বলবে ও রুকুতে যাবে। দু'হাত হাঁটুর উপর এমনভাবে রাখবে যেন জোড়াগুলো ঢিলা-ঢালা থাকে। ২৪৭
টিকাঃ
২৪৫. আবু দাউদ। হাকেম একে সহীহ হাদীস বলেছেন এবং আল্লামা যাহাবী তা সমর্থন করেছেন। ইবনুল কাইয়েম সহ অন্যরা ঐ অপেক্ষার পরিমাণ সম্পর্কে বলেছেন, তা শ্বাস নেয়ার পরিমাণ সমতুল্য。
২৪৬. বোখারী, মুসলিম,। রুকুতে যাওয়ার আগে এবং রুকু থেকে উঠার সময় দু'হাত তোলার ব্যাপারে মোতাওয়াতের বর্ণনা রয়েছে। অর্থাৎ বহু সংখ্যক বর্ণনাকারী দ্বারা তা বর্ণিত হয়েছে। তিন ইমাম, অধিকাংশ মোহাদ্দেস ও ফকীহ এবং ইমাম আবু ইউসুফের ছাত্র ইসাম বিন ইউসুফ আবু ইসমাহ বলখী সহ কিছু হানাফীর মাযহাবও এটাই। ওকবাহ বিন আমের হাত তোলার ব্যাপারে বলেছেন, প্রতি বারের ইশারায় ১০ নেকী পাওয়া যায়。
২৪৭. আবু দাউদ, নাসাঈ। হাকেম একে সহীহ বলেছেন এবং আল্লামা যাহাবী সমর্থন করেছেন。
📄 রুকুর পদ্ধতি
রসূলুল্লাহ (সঃ) রুকুতে দুই হাঁটুর উপর দুই হাতের তালু রাখতেন। ২৪৮ এবং লোকদেরকেও অনুরূপ করার নির্দেশ দিয়েছেন। ২৪৯
তিনি ভুল নামায আদায়কারীকেও অনুরূপ করার নির্দেশ দিয়েছিলেন বলে আগে উল্লেখ করা হয়েছে।
তিনি দুই হাঁটু আঁকড়ে ধরতেন। ২৫০
তিনি আঙ্গুল ফাঁক করে রাখতেন। ২৫১
তিনি ভুল নামায আদায়কারীকেও অনুরূপ নির্দেশ দিয়ে বলেছিলেন: তুমি যখন রুকুতে যাবে, তখন তোমার দুই হাত দুই হাঁটুর উপর রাখবে এবং আঙ্গুলগুলো ফাঁক রাখবে। তারপর একটু থামবে যে পর্যন্ত না প্রত্যেক অঙ্গ তার নিজ স্থান আঁকড়ে ধরে। ২৫২
তিনি দুই কনুই দুই পাঁজর থেকে দূরে রাখতেন। ২৫৩
তিনি রুকুতে গেলে পিঠ সমান ভাবে বাঁকাতেন। ২৫৪
এমন কি পিঠে পানি ঢেলে দিলে তা যেন সমান ভাবে স্থির হয়ে থাকবে। ২৫৫
তিনি ভুল নামায আদায়কারীকে বলেছিলেন, তুমি যখন রুকুতে যাবে, তখন তোমার দুই হাত দুই হাঁটুর উপর রাখ, তোমার পিঠ সমানভাবে বাঁকাও এবং শক্তভাবে রুকু কর। ২৫৬
তিনি পিঠ থেকে মাথা উঁচু-নীচু করতেন না। ২৫৭
বরং মাথা পিঠ বরাবর সমান রাখতেন। ২৫৮
টিকাঃ
২৪৮. বোখারী, আবু দাউদ。
২৪৯. ঐ
২৫০. বোখারী, মুসলিম。
২৫১. হাকেম এটিকে সহীহ বলেছেন এবং আল্লামা যাহাবী তা সমর্থন করেছেন。
২৫২. ইবনু খোযায়মাহ, ইবনু হিব্বান。
২৫৩. তিরমিযী। ইবনু খোযায়মাহ একে সহীহ বলেছেন。
২৫৪. বায়হাকী-সনদ সহীহ, বোখারী。
২৫৫. আল-কবীর ওয়াস্সাগীর-তাবারানী, যাওয়ায়েদ আল-মোসনাদ আবদুল্লাহ বিন আহমদ, ইবনু মাজাহ。
২৫৬. আহমদ, আবু দাউদ-সনদ সহীহ。
২৫৭. আবু দাউদ, বোখারী-কেরাআত অধ্যায়-সনদ সহীহ。
২৫৮. মুসলিম, আবু আওয়ানাহ。
📄 ধীরস্থিরভাবে রুকু করা ওয়াজিব
রসূলুল্লাহ (সঃ) ধীরস্থিরভাবে রুকু করতেন এবং ভুল নামায আদায়কারীকেও অনুরূপ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তোমরা রুকু ও সাজদাহ পরিপূর্ণ কর। আল্লাহর শপথ, আমি আমার পেছনে তোমাদের রুকু ও সাজদাহ দেখি। ২৫৯
তিনি এক ব্যক্তিকে দেখলেন, সে রুকু পরিপূর্ণ করছে না এবং সাজদাহ ঠিকমত না করে ঠোকর দিচ্ছে। তখন তিনি বললেন, ঐ ব্যক্তি ঐ অবস্থায় মারা গেলে উম্মতে মোহাম্মদ হিসেবে বিবেচিত হবে না। সে নামাযে কাকের মত ঠোকর দিচ্ছে। যে ব্যক্তি রুকু পরিপূর্ণ করে না এবং সাজদায় ঠোকর মারে, তার উদাহরণ হল সেই ক্ষুধার্ত ব্যক্তির মত, যে একটি বা দু'টি খেজুর খায়, কিন্তু তাতে তার কোন লাভ হয় না। ২৬০ (অর্থাৎ ক্ষুধা দূর হয় না)।
আবু হোরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার অন্তরঙ্গ বন্ধু রসূলুল্লাহ (সঃ) আমাকে নামাযে মোরগের মত ঠোকর দিতে, শিয়ালের মত এদিক-ওদিক তাকাতে এবং বানরের মত চার পায়ের উপর বসতে নিষেধ করেছেন। ২৬১.
রসূলুল্লাহ (সঃ) আরও বলেছেন, নামায-চোর হচ্ছে সর্ব নিকৃষ্ট চোর। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, কিভাবে নামায চুরি হয়? তিনি বলেন, রুকু ও সাজদাহ পরিপূর্ণ না করা। ২৬২.
একবার রসূলুল্লাহ (সঃ) নামায পড়া অবস্থায় নিজ চোখের কোণ দ্বারা এমন এক ব্যক্তিকে ইশারা করলেন, যে রুকু ও সাজদায় পিঠ সমানভাবে সোজা করেনি। নামায শেষে তিনি বললেন, হে মুসলিম সমাজ! সে ব্যক্তির নামায হয় না, যে রুকু ও সাজদায় পিঠ সোজা করে না। ২৬৩
অন্য এক হাদীসে রসূলুল্লাহ (সঃ) বলেছেন, রুকু ও সাজদায় পিঠ সোজা ও সমান না করলে কোন ব্যক্তির নামায হয় না। ২৬৪
টিকাঃ
২৫৯. বোখারী, মুসলিম। নামাযের মধ্যে পেছনে দেখা রসূলুল্লাহ (সঃ)-এর মোজেযা ছিল। অন্যান্য সময় পেছনে দেখার কথা এখানে বলা হয়নি。
২৬০. মোসনাদ-আবু ইয়া'লী, বায়হাকী, তাবারানী, ইবনু আসাকির, ইবনু খোযায়মাহ। সনদ সহীহ。
২৬১. আহমদ, ইবনু আলী শায়বা, আত্মায়ালিসী। হাদীসটি উত্তম。
২৬২. ইবনু আবী শায়বা, তাবারানী। হাকেম এটিকে সহীহ হাদীস বলেছেন এবং আল্লামা যাহাবী তা সমর্থন করেছেন。
২৬৩. ইবনু আবী শায়বা, ইবনু মাজাহ, আহমদ। সনদ সহীহ。
২৬৪. আবু আ'ওয়ানা, আবু দাউদ, আস্সাহমী। দারু কুতনী একে সহীহ বলেছেন。