📄 এই গোলামকে কে কিনবে?
আনাস ইবনে মালিক হতে বর্ণিত। তিনি বলেন, জাহির ইবনে হিজাম অথবা হিরাম জনৈক বেদুইন ছিল যাকে নবী খুব ভালবাসতেন। বেদুইনটি ছিলেন কুৎসিৎ চেহারার। একদিন বেদুইনটি বাজারে সদাই বিক্রি করছিলেন। এমন সময় রসূলুল্লাহ তাকে পিছন থেকে জড়িয়ে ধরলেন। বেদুইনটি দেখতে পাচ্ছিল না যে রসূলুল্লাহ তাকে জড়িয়ে ধরেছেন। তাই তিনি বলে উঠলেন, "আমাকে ছেড়ে দাও! কে এইটা?"
এরপর বেদুইনটি পিছনে ফিরলেন এবং দেখলেন এটা স্বয়ং রসূলুল্লাহ! রসূলুল্লাহ-এর বুকের সাথে নিজের পিঠ লেগে যাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত হলেন। রসূলুল্লাহ বললেন, "কে আছ এই গোলামকে কিনবে?" জহির বলে উঠলেন, "ইয়া রসূলুল্লাহ! আল্লাহর শপথ আমার দাম তো অল্প।” নবী বললেন, "কিন্তু আল্লাহর নিকট তোমার দাম অল্প নয়।” অথবা তিনি বলেছেন, "আল্লাহর নিকট তোমার দাম অনেক বেশি।"
টিকাঃ
*. সূনান আল-কুবরা লিল বায়হাকী হাদীস নং ১৯৭২৯ ও মুসনাদ ইমাম আহমাদ হাদীস নং ১২৪১৮
📄 দাগওয়ালা চেহারা
আয়েশা হতে বর্ণিত। তিনি বলেন, একদিন সাওদা রসূলুল্লাহ (সা)-এর অপর একজন স্ত্রী আমাদের এখানে বেড়াতে আসলেন। রসূলুল্লাহ আমার এবং তার মাঝখানে এসে বসলেন। তার একটি পা ছিল আমার কোলের ওপর অপর পা ছিল সাওদার কোলের ওপর। আমি সাওদার জন্য এক প্রকার খাবার প্রস্তুত করেছিলাম। আমি তাকে বললাম, "খাও!" কিন্তু সে অস্বীকৃতি জানাল। আমি বললাম, "তুমি খাও তা না হলে আমি তোমার গালে দাগ দিয়ে দেব।" কিন্তু তার পরও সে অস্বীকৃতি জানাল। আমি পাত্র থেকে কিছুটা তুললাম এবং তার মুখে দাগ দিয়ে দিলাম।
রসূলুল্লাহ তার পা উঠিয়ে নিলেন যাতে সাওদাহ আমার মুখে দাগ দিয়ে তার প্রতিশোধ নিতে পারেন। সাওদাহ পাত্র থেকে কিছুটা তুললেন এবং আমার মুখে দাগ দিয়ে দিলেন। আর তা দেখে রসূলুল্লাহ (সা) হাসছিলেন। হঠাৎ আমরা শুনলাম উমার ইবনুল খাত্তাব বলছেন, "ও আব্দুল্লাহ ইবনে উমর!" রসূলূল্লাহ বললেন, "যাও তোমাদের মুখ ধুয়ে ফেল, এখনই ওমর এখানে এসে পড়তে পারে।"
টিকাঃ
৯. সূনান-আল-কুবরা লিন নাসায়ী, হাদীস নং ৮৬৪২ ও আল-বানী- (৭/৩৬৩)
📄 রসাবোধসম্পন্ন একজন সাহাবী
রসবোধের কারণে যারা বিখ্যাত ছিলেন তাদের মধ্যে অন্যতম নুয়াইমান ইবনে আমর আল আনসারী যার ব্যাপারে অনেক গল্প প্রচলিত ছিল। তিনি আকাবার শেষ শপথে উপস্থিত ছিলেন। তিনি বদর, উহুদসহ অন্যান্য সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
📄 স্বাধীন দাস
উম্মে সালামাহা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী-এর ওফাতের এক বছর পূর্বে আবু বকর ব্যবসা উপলক্ষে বাসরা গেলেন, তার সাথে ছিলেন নু'আইমান এবং সুয়াইবিত ইবন হারমালাহ। তারা উভয়ে বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন। নুআইমান বদরের পাথেয় এর দায়িত্বে ছিলেন এবং সুয়াইবিত ছিলেন কৌতুকপ্রিয় লোক। তিনি নুআইমান কে বলেন, "আমাকে কিছু খাবার দিন।" তিনি বললেন, "আবু বকর এসে নিক" তারপর তিনি বললেন, "আচ্ছা, আমি আপনাকে নাজেহাল করে ছাড়াব"। রাবী বলেন, পরে তারা একটি বস্তির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন সুয়াইবিত তাদের বললেন, "তোমরা কি আমার কাছ থেকে আমার একটি গোলাম কিনবে?" তিনি বললেন, এ এমন একটা গোলাম, যার একটা আওড়ানো বুলি আছে। সে তোমাদের বলবে, আমি আযাদ, (দাস নই), তার এ কথায় তোমরা তাকে ছেড়ে দিয়ে আমাকে এ গোলামের ব্যাপারে অসুবিধায় ফেলো না।' তারা বলল, "না, আমরা বরং তাকে খরিদ করবই"। অতঃপর তারা তাকে দশটি উটের বিনিময়ে খরিদ করল। পরে তার কাছে এলো, তারা তার গলায় পাগড়ী কিংবা রশি পেঁচিয়ে ধরল। নুআইমান তখন বলল, "এ লোক তোমাদের সাথে পরিহাস করছে, সত্যি আমি আযাদ, দাস নই।" তারা বলল, তোমার সব খবরই আমাদের বলা হয়েছে।" তখন তারা তাকে নিয়ে গেল। পরে আবু বকর (রা:) আসলে সাথিরা তাকে এ বিষয়টি অবহিত করল। রাবী বলেন, অতঃপর তিনি লোকদের অনুসরণ করলেন এবং তাদের উট ফেরত দিয়ে নু'আইমান -কে ছাড়িয়ে আনলেন। রাবী বলেন: নবী ও তাঁর সাহাবীরা তাকে নিয়ে এক বছর যাবত হেসেছিলেন।"
টিকাঃ
১০. কলাইস শব্দটি কুলস এর বহুবচন অর্থ যুবক উট, আন-নিহায়াহ গরীবাল হাদীস ওয়াল আমার -(৪/১০০)