📘 রাসুলুল্লাহ সাঃ এর কান্না > 📄 রাসূল ﷺ এর চাচা হামজা (রা) এর জন্য ক্রন্দন

📄 রাসূল ﷺ এর চাচা হামজা (রা) এর জন্য ক্রন্দন


হামজা (রা) ছিলেন রাসূলুল্লাহ ﷺ এর আপন চাচা অন্যদিকে তাঁর দুধ ভাই। আবু লাহাবের দাসী সুওয়াইবা তাঁদের দুজনকে দুধ পান করিয়েছিল। বয়সে তিনি রাসূলুল্লাহ ﷺ অপেক্ষা দু' বছর মতান্তরে চার বছরের বড় ছিলেন। উমর (রা) এর ইসলাম গ্রহণের কিছুদিন পূর্বে হামজা (রা) ইসলাম গ্রহণ করেন। তাঁর ইসলাম গ্রহণের পর মুসলমানদের ওপর কাফেরদের অহেতুক বাড়াবাড়ি ও বেপরোয়া ভাব অনেকটাই বন্ধ হয়ে যায়। কারণ তাঁর সাহস ও বীরত্বের কথা মক্কার প্রতিটি লোক জানতো। নবুওয়াতের ত্রয়োদশ বছরে আরো অনেকের সাথে তিনি মদিনায় হিজরত করেন। ইসলামের ইতিহাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধ বদর। এ যুদ্ধে কাফেরদের নেতৃস্থানীয় অনেকে হামজা (রা) এর হাতে নিহত হয়, এ কারণে কুরাইশদের সকলেই তাঁকে হত্যা করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। পরবর্তী যুদ্ধ ওহুদে তিনি শাহাদাত বরণ করেন। হামজার শাহাদাতের পর কুরাইশ রমণীরা আনন্দ সংগিত গেয়েছিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা হামজার নাক-কান কেটে অলংকার বানিয়েছিল। বুক, পেট চিরে কলিজা বের করে চিবিয়ে থুথু নিক্ষেপ করেছিল। একথা শুনে রাসূলুল্লাহ ﷺ বলেছিলেন, সে কি তার কিছু অংশ খেয়েও ফেলেছে? লোকেরা বলেছিল, না। তিনি বলেছিলেন, হামজার দেহের কোনো একটি অংশও আল্লাহ জাহান্নামে যেতে দেবেন না। যেহেতু হিন্দা তাঁর নাক-কান কেটে বিকৃত করে ফেলেছিল, তাই এ দৃশ্য দেখে তিনি কেঁদে ফেললেন। তিনি বললেন, কিয়ামতের দিন তুমি হবে 'সাইয়্যেদুশ শুহাদা' বা সকল শহীদের নেতা। তিনি আরো বলেন, তোমার ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আমার জানামতে তুমি ছিলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে অধিক সচেতন, অতিশয় সৎকর্মশীল। যদি সাফিয়্যার শোক ও দুঃখের কথা আমার জানা না থাকতো তাহলে এভাবেই তোমাকে ফেলে রেখে যেতাম, যাতে পশু পাখি তোমাকে খেয়ে ফেলত এবং কিয়ামতের দিন তাদের পেট থেকে আল্লাহ তোমাকে জীবিত করতেন। আল্লাহর কসম তোমার প্রতিশোধ নেওয়া আমার ওপর ওয়াজিব। আমি তাদের সত্তরজনকে তোমার মত নাক-কান কেটে বিকৃত করব। রাসূলুল্লাহ ﷺ এর কসমের পর জিবরীল (আ) সূরা নাহলের নিম্নোক্ত আয়াত দু'টি নিয়ে অবতীর্ণ হলেন:
وَإِنْ عَاقِبْتُمْ فَعَاقِبُوا بِمِثْل مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ وَاصْبِرْ وَمَا صَبْرُكَ إلا باللهِ وَلا تَحْزَنْ عَلَيْهِمْ وَلا تَكُ فِي ضَيْقَ مِمَّا يَمْكُرُونَ
"আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ কর, তবে ঐ পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে, যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেওয়া হয়। যদি সবর কর, তবে সবরকারীদের জন্য আল্লাহ উত্তম। আপনি সবর করবেন। আপনার সবর একমাত্র আল্লাহর জন্য। তাদের জন্য দুঃখ করবেন না এবং তাদের চক্রান্তের কারণে মন ছোট করবেন না।” এ আয়াত নাযিলের পর রাসূলুল্লাহ ﷺ কসমের কাফফারা আদায় করেন।
চাচা হামজা (রা) উহুদ যুদ্ধে'২৫ শাহাদাতের পর যখন তাঁর নাক, কান কেটে বিকৃত করা হয়েছিল তখন রাসূল ﷺ এই পৈচাশিকতা দেখে কেঁদেছিলেন। ইবনে উমর (রা) থেকে বর্ণিত হাদিস, ১২৬
أَنَّ رَسُولَ اللهِ صلى الله عَلَيْهِ وسَلَّمَ مَرَّ بِنِسَاءِ عَبْدِ الأَشهَل يَبْكِينَ هَلَكَاهُنَّ يَوْمَ أحُدٍ, فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى الله عَلَيْهِ وسَلَّمَ : لَكِنَّ حَمْزَةَ لَا بَوَاكِيَ لَهُ, فَجَاءَ نِسَاءُ الأنصار يَبْكِينَ حَمْزَةَ ، فَاسْتَيْقَظَ رَسُولُ اللهِ صلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ, فَقَالَ : وَيْحَهُنَّ مَا انْقَلَبْنَ بَعْدُ ؟ مُرُوهُنَّ فَلْيَنْقَلِبْنَ ، وَلا يَبْكِينَ عَلَى هَالِكِ بَعْدَ الْيَوْمِ.
রাসূল ﷺ বনূ আশহালের মহিলাদের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন, তারা ওহুদ যুদ্ধের দিন শাহাদাত প্রাপ্তদের জন্য কাঁদছিলেন। রাসূল ﷺ বললেন, কিন্তু হামজা (রা) এর জন্য কান্নার কেউ নেই। অতঃপর আনসার মহিলাদের একদল এসে হামজা (রা) এর জন্য কান্না শুরু করে দিল। (কান্নার শব্দে) রাসূল ﷺ জেগে উঠে বললেন, তোমাদের ধ্বংস হোক! এরপর কি তোমরা পূর্বের অবস্থায় ফিরে যাবে? আজকের পরে তারা আর কোনো শাহাদাত বরণকারীর জন্য (জাহেলিয়াত যুগের ন্যায় জড় হয়ে) কাঁদেন নাই।

টিকাঃ
১২৪. আল-কুরআন সূরা নাহল, ১২৬-২৭
১২৫. উহুদ যুদ্ধ: ৬২৫ খ্রিষ্টাব্দে ৩ হিজরীর শাওয়াল মাসে এ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে ৭০ জন মুসলমান শাহাদাত বরণ করেন। যার মধ্যে রাসূল (সা) এর চাচা হামজা (রা)ও ছিলেন।
১২৬. ইবনে মাজাহ, কিতাবুল জানায়েয, বাবু মা যায়া ফিল বুকা আলাল মায়্যিত, খ. ২, পৃ. ৫২৫, হাদিস নং ১৫৯১, আলবানি বলেন, হাদিসটি হাসান সহীহ।

📘 রাসুলুল্লাহ সাঃ এর কান্না > 📄 মুতাহ'র যুদ্ধের তিন জন সাহাবীর জন্য ক্রন্দন

📄 মুতাহ'র যুদ্ধের তিন জন সাহাবীর জন্য ক্রন্দন


মুতাহ'র যুদ্ধে'২৭ শাহাদাত বরণকারী তিনজন সেনাপতিই ছিলেন আল্লাহর ওয়াদা পালনকারী বান্দা। যে সব ওয়াদা পালনকারী বান্দা সম্পর্কে আল্লাহ বলেন, ১২৮
إِنَّ اللهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ يُقَاتِلُونَ فِي سَبِيل الله فيَقْتُلُونَ وَيُقْتَلُونَ وَعْدًا عَلَيْهِ حَقًّا فِي التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْقُرْآنِ وَمَنْ أَوْفَى بِعَهْدِهِ مِنَ اللَّهِ فَاسْتَبْشِرُوا بِبَيْعِكُمُ الَّذِي بَايَعْتُمْ بِهِ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
“আল্লাহ মুমিনদের থেকে তাঁদের জান ও মাল এই মূল্যে ক্রয় করেছেন যে, তাঁদের জন্য রয়েছে জান্নাত। তাঁরা যুদ্ধ করে আল্লাহর রাস্তায় অতঃপর মারে ও মরে। তাওরাত, ইঞ্জিল ও কুরআনে তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল। আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক? সুতরাং তোমরা আনন্দিত হও সে লেন-দেনের ওপর, যা তোমরা করছ তাঁর সাথে। আর এ হল মহান সাফল্য।"
যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালিব এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহার শাহাদাতের পর রাসূল ﷺ অঝোর ধারায় কেঁদেছিলেন। হাদিসে এসেছে,
عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَى زَيْدًا وَجَعْفَرًا وَابْنَ رَوَاحَة لِلنَّاسِ قَبْلَ أَنْ يَأْتِيَهُمْ خَبَرُهُمْ فَقَالَ أَخَذَ الرَّايَة زَيْدٌ فَأَصِيبَ ثُمَّ أَخَذَ جَعْفَرٌ قاصِيبَ ثُمَّ أَخَذَ ابْنُ رَوَاحَة فَأَصِيبَ وَعَيْنَاهُ تَدْرفان حَتَّى أَخَذَ الرَّايَةَ سَيْفٌ مِنْ سُيُوفِ اللَّهِ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِمْ
আনাস (রা) থেকে বর্ণিত। (তিনি বলেছেন) যুদ্ধের ময়দান থেকে খবর আসার আগেই নবী ﷺ লোকদেরকে যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবু তালিব এবং আব্দুল্লাহ বিন রাওয়াহার শাহাদাতের কথা জানিয়ে দিলেন। তিনি বললেন, যায়েদ পতাকা নিয়ে অগ্রসর হলো এবং শাহাদাতবরণ করল। তখন জাফর পতাকা নিয়ে অগ্রসর হলো এবং সেও শাহাদাতবরণ করল। এরপর ইবনে রাওয়াহা পতাকা নিয়ে অগ্রসর হলো এবং সেও শাহাদাতবরণ করল। একথা বলার সময় নবী ﷺ এর দুচোখ থেকে অশ্রুধারা গড়িয়ে পড়তে থাকলো। তিনি বললেন, অবশেষে আল্লাহর এক তরবারি পতাকা হাতে অগ্রসর হলো আর তাঁর নেতৃেত্বে আল্লাহ তাঁদেরকে শত্রুদের বিরুদ্ধে বিজয় দান করলেন।

টিকাঃ
১২৭. মুতার যুদ্ধঃ মুতা হলো উরদুন অঞ্চলের বালকা নামক স্থানের নিকটবর্তী একটি জনপদের নাম। ৮ম হিজরীর জামদিউল উলা মাসে এ যুদ্ধ সংঘটিত হয়। রাসূল ﷺ এর জীবদ্দশাতে এটি ছিল সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। রাসূল ﷺ যায়েদ ইবন হারেসাকে প্রথম অধিনায়ক মনোনীত করে দেন এবং বলেন, যায়েদ শাহাদাত বরণ করলে তোমাদের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করবে জা'ফর ইবন আবি তালিব। জাফর শাহাদাত বরণ করলে আবদুল্লাহ ইবন রাওয়াহা এ দায়িত্ব গ্রহণ করবে। যুদ্ধের মাঠে একে একে তিনজন সেনাপতিই শাহাদাত বরণ করলে খালিদ বিন ওয়ালীদ চতুর্থ সেনাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তার হাতেই মুসলমানরা বিজয় অর্জন করেন।
১২৮. কুরআনুল কারীম, সূরা আত-তওবাহ, আয়াত ১১১।
১২৯. সহীহ বুখারী, কিতাবুল মাগাজি, বাবু গুজওয়াতুল মুতা, খ. ৪, পৃ. ১৫৫৪, হাদিস নং ৪০১৪।

📘 রাসুলুল্লাহ সাঃ এর কান্না > 📄 মুস'আব ইবনে উমায়ের (রা) এর জন্য ক্রন্দন

📄 মুস'আব ইবনে উমায়ের (রা) এর জন্য ক্রন্দন


মুসআব ইবনে উমাইর (রা) কে মদিনাতে তালি দেওয়া কাপড় পরতে দেখে রাসূল ﷺ কাঁদছিলেন আর বলছিলেন,
عَلِيَّ بْنَ أَبي طَالِبٍ ، يَقُولُ : إِنَّا لَجُلُوسٌ مَعَ رَسُولِ اللهِ صلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المَسْجِدِ إِذْ طَلَعَ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ مَا عَلَيْهِ إِلا بُرْدَهُ لَهُ مَرْفُوعَةٌ بِفَرُو فَلَمَّا رَآهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَكَى لِلَّذِي كَانَ فِيهِ مِنَ النِّعْمَةِ وَالَّذِي هُوَ الْيَوْمَ فِيهِ ، ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : كَيْفَ بِكُمْ إِذَا غَدَا أَحَدُكُمْ فِي حُلَّةٍ وَرَاحَ فِي حُلَّةٍ وَوُضِعَتْ بَيْنَ يَدَيْهِ صَحْفَة وَرُفِعَتْ أُخْرَى وَسَتَرْتُمْ بُيُوتَكُمْ كَمَا تُسْتَرُ الكَعْبَة ؟ قالوا : يَا رَسُولَ اللَّهِ نَحْنُ يَوْمَئِذٍ خَيْرٌ مِنَّا الْيَوْمَ نَتَفَرَّعُ لِلْعِبَادَةِ وتكفى المُؤْنَة ، فَقَالَ رَسُولُ اللهِ صلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : لأَنتُمُ الْيَوْمَ خَيْرٌ مِنْكُمْ يَوْمَئِذٍ.
আলী ইবনে আবি তালিব (রা) বলেন, আমরা রাসূল ﷺ এর সাথে মসজিদে বসা ছিলাম। এমন সময় চামড়ার তালিযুক্ত একটি চাদর গায়ে মুসআব ইবনে উমাইর (রা) এসে আমাদের সামনে উপস্থিত হন। রাসূল ﷺ তাঁর বর্তমান করুণ অবস্থা দেখে এবং তাঁর অতীতের স্বচ্ছল অবস্থার কথা স্মরণ করে কেঁদে ফেললেন। অতঃপর রাসূল ﷺ বললেন, সে সময় তোমাদের কি অবস্থা হবে, যখন তোমাদের কেউ সকালে এক জোড়া পোশাক পরবে আর বিকালে পরবে অন্য জোড়া। আর তার সামনে খাদ্যভর্তি একটি পেয়ালা রাখা হবে আর অপরটি উঠিয়ে নেওয়া হবে। তোমরা তোমাদের ঘরসমূহকে এমনভাবে ঢেকে রাখবে, যেভাবে কাবা ঘরকে গিলাফে ঢেকে রাখা হয়। সাহাবীগণ আরয করলেন হে আল্লাহর রাসূল! আমরা তো তখন বর্তমানের চাইতে অনেক স্বচ্ছল থাকবো। ফলে ইবাদত বন্দেগীর জন্য অনেক অবসর পাব। রাসূল ﷺ বললেন, বরং বর্তমানটাই তোমাদের জন্য তখনকার তুলনায় অনেক উত্তম।

ওহুদে মুসআব ইবনে উমায়েরের (রা) শাহাদাতের পর দাফনের সময় কাপড় কম পড়ে যায়, মাথা ঢাকলে পা আর পা ঢাকলে মাথা বের হয়ে যায়। মুসআব ইবনে উমাইর (রা) এর এ অবস্থা সাহাবা কেরাম রাসূল ﷺ কে বললে তিনি কাঁদতে থাকেন আর বলেন, চাদর দিয়ে মাথার দিক দিয়ে যতটুকু ঢাকা যায় ঢেকে দাও, বাকি পায়ের দিকে 'ইযখীর' ঘাস দাও। রাসূল ﷺ মুসআবের লাশের পাশে দাঁড়িয়ে পাঠ করলেন,
مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللهَ عَلَيْهِ فَمِنْهُمْ مَنْ قَضَى نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا
“মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে। তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করছে। তারা তাদের সংকল্প মোটেই পরিবর্তন করেনি। "
তারপর তাঁর কাফনের চাদরটির দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে মক্কায় দেখেছি। সেখানে তোমার চেয়ে কোমল চাদর এবং সুন্দর যুলফী আর কারো ছিল না। আর আজ তুমি এখানে এই চাদরে ধুলি মলিন অবস্থায় পড়ে আছ। তিনি আরো বলেন, আল্লাহর রাসূল সাক্ষ্য দিচ্ছে, কিয়ামতের দিন তোমরা সবাই আল্লাহর কাছে সাক্ষ্যদানকারী হবে। তারপর সংগীদের দিকে ফিরে তিনি বলেন, ওহে জনমণ্ডলী! তোমরা তাঁদের যিয়ারত কর, তাদের কাছে এস। তাঁদের ওপর সালাম পেশ কর। যাঁর হাতে আমার জীবন সেই সত্তার শপথ! কিয়ামত পর্যন্ত যে কেউ তাঁদের ওপর সালাম পেশ করবে তাঁরা সেই সালামের জওয়াব দেবে।

টিকাঃ
১৩০. মুসআব ইবন উমাইর পিতা-মাতার পরম আদরে ঐশ্বর্যের মধ্যে লালিত মক্কার অন্যতম সুদর্শন যুবক ছিলেন। মা সম্পদশালী হওয়ার কারণে অত্যন্ত ভোগ বিলাসের মধ্যে তাঁকে প্রতিপালন করেন। তখনকার যুগে মক্কার যত রকমের চমৎকার পোশাক ও উৎকৃষ্ট খুশবু পাওয়া যেত তা সবই তিনি ব্যবহার করতেন। ইসলামের প্রথম যুগেই তিনি মুসলমান হন এবং হাবশায় হিজরত করেন। হজ্জের সময় মদিনা থেকে কতিপয় লোক মক্কায় এসে রাসূলুল্লাহ ﷺ এর সাথে গোপনে আকাবায় সাক্ষাৎ করল এবং তাঁর উপর ঈমান এনে বাইয়াত করল। তাদেরকে দ্বীনের তালিম দেওয়ার জন্য, অন্যদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য এবং মদিনাকে হিজরতের জন্য প্রস্তুত করার জন্য তারা মদিনায় ফিরে যাওয়ার সময় রাসূলুল্লাহ মুসআবকে তাঁদের সাথে দূত হিসেবে প্রেরণ করেন। এভাবে তিনি ছিলেন ইসলামের ইতিহাসের প্রথম দূত। উহুদের যুদ্ধের দিন মুসআব মুসলমানদের ঝাণ্ডা বহন করেন। মুসলমানরা যখন বিক্ষিপ্ত হয়ে পড়েন মুসআব তখন অটল হয়ে রুখে দাঁড়ান। অশ্বারোহী ইবন কামীয়া তাঁর দিকে এগিয়ে এসে তরবারির এক আঘাতে তাঁর ডান হাতটি বিচ্ছিন্ন করে ফেলে। মুসআব তখন বলে ওঠেন, وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছু নন। তাঁর পূর্বে আরো বহু রাসূল অতিবাহিত হয়েছেন। মুসআব বাম হাতে ঝাণ্ডাটি তুলে ধরেন। তরবারির অন্য একটি আঘাতে তাঁর বাম হাতটিও বিচ্ছিন্ন করে ফেলা হয়। আবারো তিনি وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছু নন এ কথাটি বলতে বলতে ঝাণ্ডার উপর ঝুঁকে পড়ে দুই বাহু দ্বারা সেটি তুলে ধরেন। তারপর তার প্রতি বর্শা নিক্ষেপ করা হয়। পতাকাসহ তিনি মাটিতে ঢলে পড়েন এবং শাহাদাত বরণ করেন। মুসআব শাহাদাতের পূর্বে যে বাক্যটি বার বার উচ্চারণ করছিলেন তখনও কিন্তু সেটি কুরআনের আয়াত হিসেবে নাযিল হয়নি। উহুদের এ ঘটনার পরই وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ এ আয়াতটি নিয়ে জিবরীল (আ) উপস্থিত হন। ওহুদে মুসআব ইবনে উমায়েরের (রা) শাহাদাতের পর দাফনের সময় কাপড় কম পড়ে যায়, মাথা ঢাকলে পা আর পা ঢাকলে মাথা বের হয়ে যায়। মুসআব ইবনে উমাইর (রা) এর এ অবস্থা সাহাবা কেরাম রাসূল ﷺ কে বললে তিনি কাঁদতে থাকেন আর বলেন, ১৩২ চাদর দিয়ে মাথার দিক দিয়ে যতটুকু ঢাকা যায় ঢেকে দাও, বাকি পায়ের দিকে 'ইযখীর' ঘাস দাও। রাসূল ﷺ মুসআবের লাশের পাশে দাঁড়িয়ে পাঠ করলেন,
مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللهَ عَلَيْهِ فَمِنْهُمْ مَنْ قَضَى نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا
“মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে। তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করছে। তারা তাদের সংকল্প মোটেই পরিবর্তন করেনি। "১৩৩
তারপর তাঁর কাফনের চাদরটির দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে মক্কায় দেখেছি। সেখানে তোমার চেয়ে কোমল চাদর এবং সুন্দর যুলফী আর কারো ছিল না। আর আজ তুমি এখানে এই চাদরে ধুলি মলিন অবস্থায় পড়ে আছ। তিনি আরো বলেন, আল্লাহর রাসূল সাক্ষ্য দিচ্ছে, কিয়ামতের দিন তোমরা সবাই আল্লাহর কাছে সাক্ষ্যদানকারী হবে। তারপর সংগীদের দিকে ফিরে তিনি বলেন, ওহে জনমণ্ডলী! তোমরা তাঁদের যিয়ারত কর, তাদের কাছে এস। তাঁদের ওপর সালাম পেশ কর। যাঁর হাতে আমার জীবন সেই সত্তার শপথ! কিয়ামত পর্যন্ত যে কেউ তাঁদের ওপর সালাম পেশ করবে তাঁরা সেই সালামের জওয়াব দেবে।

টিকাঃ
১৩২. প্রাগুক্ত, কিতাবুর রিকাক, বাবু ফাদলুল ফাকর।
১৩৩. কুরআনুল কারীম, সূরা আল-আহযাব, আয়াত ২৩।
১৩১. সুনান আত-তিরমিজি, কিতাবু ছিফাতুল কিয়ামাহ, বাব ৩৫: কষ্টের দিন স্বাচ্ছন্দের দিনের চেয়ে উত্তম, খ. ৪, পৃ. ২২৮, হাদিস নং ২৪৭৬, ইমাম তিরমিজি বলেন, হাদিসটি হাসান গরীব।
১৩২. প্রাগুক্ত, কিতাবুর রিকাক, বাবু ফাদলুল ফাকর।
১৩৩. কুরআনুল কারীম, সূরা আল-আহযাব, আয়াত ২৩।

📘 রাসুলুল্লাহ সাঃ এর কান্না > 📄 চন্দ্র ও সূর্যগ্রহণের নামাজের সময় ক্রন্দন

📄 চন্দ্র ও সূর্যগ্রহণের নামাজের সময় ক্রন্দন


হাদিসে এসেছে,
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرو ، قَالَ : كَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ، فصلى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فأَطالَ القِيَامَ ، ثُمَّ رَكَعَ فأطال الركوع ، ثُمَّ رَفَعَ فأطالَ - قَالَ شُعْبَهُ : وَأَحْسَبُهُ قَالَ : فِي السُّجُودِ نَحْوَ ذلِكَ - وَجَعَلَ يَبْكِي فِي سُجُودِهِ وَيَنْفُخُ وَيَقُولُ : رَبِّ لَمْ تَعِدْنِي هَذَا وَأَنَا أَسْتَغْفِرُكَ ، لَمْ تَعِدْنِي هَذَا وَأَنَا فِيهِمْ ، فَلمَّا صَلَّى قَالَ : عُرِضَتْ عَلَيَّ الْجَنَّهُ حَتَّى لَوْ مَدَدْتُ يَدِي تَنَاوَلَتْ مِنْ قُطُوفِهَا ، وَعُرِضَتْ عَلَيَّ النَّارُ فَجَعَلْتُ أَنْفُحُ خَشْيَةً أَنْ يَعْشَاكُمْ حَرَّهَا ، وَرَأَيْتُ فِيهَا سَارِقَ بَدَنَتَيْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ، وَرَأَيْتُ فِيهَا أَخَا بَنِي دُعْدُع سَارِقَ الحَجيج ، فَإِذَا فُطِنَ لَهُ قَالَ : هَذَا عَمَلُ الْمِحْجَنِ ، وَرَأَيْتُ فِيهَا امْرَأَة طويلة سَوْدَاءَ تُعَذِّبُ فِي هِرَّةٍ رَبَطتُهَا ، فَلمْ تُطْعِمْهَا وَلَمْ تَسْقِهَا ، وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ حَتَّى مَاتَتْ ، وَإِنَّ الشَّمْسَ وَالْقَمَرُ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ ، فَإِذَا انْكَسَفَتْ إِحْدَاهُمَا - أَوْ قَالَ : فَعَلَ أَحَدُهُمَا شَيْئًا مِنْ ذَلِكَ - فَاسْعَوْا إِلى ذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ.
আব্দুল্লাহ ইবনে আমর (রা) বলেন, রাসূল ﷺ এর যুগে সূর্যগ্রহণ হলো। রাসূল ﷺ নামাজ পড়লেন এবং তাতে দীর্ঘ কিয়াম করলেন। অতঃপর রুকুতে গিয়ে দীর্ঘক্ষণ অবস্থান করলেন। এরপর রুকু থেকে উঠে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন। (অধস্তন রাবী) শো'বা বলেন, আমার ধারণা মতে তিনি (আতা) সিজদার ব্যাপারেও অনুরূপ বলেছেন। তিনি সিজদার অবস্থায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছেন আর বলেছেন: “হে আমার রব! আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনারত অবস্থায় তুমি আমার সাথে এটির (শাস্তি প্রদানের) ওয়াদা করনি। আমি তাদের মাঝে বিদ্যমান থাকা অবস্থায় তুমি আমার সাথে এটির (শাস্তি প্রদানের) ওয়াদা করনি (বরং তার বিপরীত ওয়াদা করেছ)।” তিনি নামাজ শেষে বলেন, আমার সামনে জান্নাত পেশ করা হয়েছিল, এমনকি আমি যদি আমার হাত প্রসারিত করতাম তাহলে তার ফলগুচ্ছ সংগ্রহ করতে পারতাম। আমার সামনে দোজখও পেশ করা হয়েছিল। আমি তাতে এই আশংকায় ফুঁ দিতে লাগলাম যে, তার উত্তাপ তোমাদের পরিবেষ্টন করে কি না! আমি তাতে আল্লাহর রাসূলের (আমার) একজোড়া উট চোরকেও দেখলাম। আমি তাতে হাজীদের মালচোর আদ-দা'দা' গোত্রের সেই ব্যক্তিকেও দেখলাম। তার শাস্তি অনুভূত হলে সে বলে, এতো বাঁকা মাথাবিশিষ্ট লাঠির কাজ। আমি তাতে দীর্ঘকায় এক নারীকেও দেখলাম যাকে একটি বিড়াল বেঁধে রাখার অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে। সে সেটিকে পানাহারও করতে দেয়নি এবং বন্ধনমুক্তও করেনি যে, তা জমিনের কীটপতঙ্গ খেয়ে জীবন ধারণ করতে পারত, শেষে সেটি মারা যায়। আর নিশ্চয় চন্দ্র ও সূর্যগ্রহণ কারো জন্ম বা মৃত্যুর কারণে হয় না, বরং এরা হলো আল্লাহর নিদর্শনসমূহের দুটি নিদর্শন। অতএব যখন এতদুভয়ের কোনোটির গ্রহণ লাগে অথবা এর কোনোটির অনুরূপ কোনো কিছু ঘটে তখন তোমরা মহামহিম আল্লাহর যিকিরে ধাবিত হও।

টিকাঃ
১৩৪. সহীহ বুখারী, অধ্যায়: আল-কুসূফ, অনুচ্ছেদ: খুতবাতুল ইমামি ফিল কুসূফ, হাদিস নং-৯৯৯, ১ম খণ্ড, পৃ. ৩৫৫; সূর্য গ্রহণের নামাজকে সালাতুল কুসূফ বলে, আর চন্দ্র গ্রহণের নামাজকে সালাতুল খুসূফ বলে। তবে কখনো কখনো একটি অন্যটির অর্থেও ব্যবহৃত হয়। হানাফী মতে সূর্য গ্রহণের নামাজ সুন্নাত এবং জামাআতে পড়তে হয়। চন্দ্র গ্রহণের নামাজ মুস্তাহাব এবং একা একা পড়তে হয়। উভয় নামাজ দুই থেকে চার রাকাআত পর্যন্ত পড়া যায়। অন্যান্য সুন্নাত ও নফল নামাজের নিয়তেই তা পড়তে হয়; অর্থাৎ-প্রতি রাকাআতে এক রুকূ দুই সিজদা। ইমাম আবু হানিফা ও শাফেয়ী (র) এর মতে, সূর্য গ্রহণের নামাজে কিরআত উচ্চম্বরে পড়া যাবে না। কিন্তু এই দুই ইমামের অনুসারীরা তাদের স্ব স্ব ইমামের মত ত্যাগ করেছে। সুনানে তিরমিযী, অনুবাদ, বি, আই. সি. ৫ম সং, ২০০৯, ১ম খণ্ড, পৃ. ৩৯৬
১৩৫. রাসূলুল্লাহ ﷺ এর ছেলে ইবরাহীম যেদিন মৃত্যুবরণ করেন সেদিন সূর্যগ্রহণ হয়েছিল। ফলে লোকেরা বলাবলি করতে লাগলো যে, ইবরাহীমের মৃত্যুর কারণেই সূর্যগ্রহণ হয়েছে। তখন রাসূলুল্লাহ ﷺ বললেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কারো মরা অথবা বাঁচার কারণে এদের গ্রহণ হয় না। অতএব তোমরা যখনই এদের গ্রহণ দেখবে তখন ছেড়ে না যাওয়া পর্যন্ত তোমরা আল্লাহর কাছে দু'আ করতে এবং নামাজ পড়তে থাকবে। হায়কল, ড. মুহাম্মদ হুসাইন, অনু. মাওলানা আব্দুল আউয়াল, মহানবীর জীবন চরিত (ঢাকা: ই. ফা. বা. ১ম সং, ১৯৯৮), পৃ. ৬০৭
১৩৬. সূনান আন-নাসায়ী, কিতাবুল খুসুফ, বাবু আল কওলু ফিস সুজুদ ফি সালাতিল কুসুف, খ. ৫, পৃ. ৩৯৭, হাদিস নং ১৪৭৯, আলবানি হাদিসটিকে সহীহ বলেছেন। বুখারী ও মুসলিমে হাদিসটি কান্নার শব্দটি বাদ দিয়ে উল্লেখ করা হয়েছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00