📘 রাসুলুল্লাহ সাঃ এর কান্না > 📄 আল্লাহর ভয়ে কান্না

📄 আল্লাহর ভয়ে কান্না


আল্লাহর ভয়ে ক্রন্দন মু'মিনের একটি বিশেষ গুণ এবং একনিষ্ঠতার বড় প্রমাণ। আল্লাহর ভয় ঈমানের অপরিহার্য উপাদান। কেননা, ঈমান হলো ভয় ও আশার ভিতরে। নবী রাসূলগণের বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ বলেন,
إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ
তাঁরা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত এবং আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত আর তাঁরা ছিল আমার কাছে বিনীত।
তবে জীবনের সকল ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহকেই ভয় করতে হবে অন্যদের নয়। আল্লাহ বলেন,
فلا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنَ﴾
তোমরা মানুষকে ভয় কর না আমাকে ভয় কর।
আল্লাহর আযাবের ভয়ে ফেরেশতাদের ঈমান আনা সম্পর্কে আল্লাহ বলেন,
يَخَافُونَ رَبَّهُمْ مِنْ فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
তাঁরা তাঁদের ওপর পরাক্রমশালী তাঁদের পালনকর্তা আল্লাহকে ভয় করে এবং তারা যা আদেশ পায় তা করে।
আল্লাহ বলেন,
إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই আল্লাহকে বেশি বেশি ভয় করে।
আল্লাহর ভয়ই বান্দার অন্তরকে বিগলিত করে। আর বান্দার অন্তর বিগলিত হলে আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত হয়। কেননা আল্লাহ মানুষ ও তার অন্তরের মাঝে আড়াল হয়ে আছেন। আল্লাহ বলেন,
وَاعْلَمُوا أَنَّ اللهَ يَحُولُ بَيْنَ المَرْءِ وَقَلْبِهِ وَأَنَّهُ إِلَيْهِ تُحْشَرُونَ
তোমরা জেনে রাখ, নিশ্চয় আল্লাহ মানুষ ও তার দিলের মাঝখানে আড়াল হয়ে আছেন এবং তোমাদের তাঁর কাছেই ফিরে যেতে হবে।
আল্লাহর ভয়ে প্রকাশ্য ও গোপনে ক্রন্দনের মাধ্যমে আমরা নিজেদের সকল পাপ পঙ্কিলতা থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেদেরকে আরো পুতঃপবিত্র ও সৌন্দর্যমণ্ডিত করতে পারি।

টিকাঃ
৬৩. আল-কুরআন, সূরা আল-আম্বিয়া, ২১: ৯০
৬৪. আল-কুরআন, সূরা আল-মায়েদাহ, ৫: ৪৪
৬৫. আল-কুরআন, সূরা আন-নাহল, ১৬: ৫০
৬৬. আল-কুরআন, সূরা ফাতির, ৩৫: ২৮
৬৭. আল-কুরআন, সূরা আনফাল, ৮: ২৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00