📘 রাজদরবারে আলিমদের গমন একটি সতর্কবার্তা > 📄 আলিমগণ তিন শ্রেণির

📄 আলিমগণ তিন শ্রেণির


(৬৪) ওয়াহব ইবনুল ওয়ারদ থেকে বর্ণিত, তিনি বলেন,
"আমাদের কাছে এ মর্মে সংবাদ পৌঁছেছে যে, আলিমগণ তিন শ্রেণির- এক শ্রেণির আলিম ইলম শিক্ষা করে শাসকদের জন্য, আরেক শ্রেণির আলিম ইলম শিক্ষা করে পাপিষ্ঠদের কাছে এর দ্বারা পার্থিব সচ্ছলতা লাভের জন্য, আরেক শ্রেণির আলিম ইলম শিক্ষা করে নিজেদের জন্য।
এর দ্বারা তাদের অন্য কোনো ইচ্ছা-আকাঙ্ক্ষা কামনা-বাসনা নেই। তবে তারা শুধু এই আশঙ্কায় ইলম শিক্ষা করে যে, ইলম ছাড়া আমল করলে তারা যা কিছু বরবাদ করবে—তার পরিমাণ হবে ওই জিনিসের থেকে বহুগুণ বেশি, তারা যার ইসলাহ করবে।"⁷⁰

(৬৫) আবু সালিহ আলআনতাকি বলেন, আমি আব্দুল্লাহ ইবনু মুবারাক কে বলতে শুনেছি,
"যে ইলমের দ্বারা সজ্জিত হবে, সে তিন ধরনের পরীক্ষায় আক্রান্ত হবে— হয়তো সে মৃত্যুবরণ করবে, অনন্তর তার ইলমও হারিয়ে যাবে; নতুবা যেকোনো কারণে তার ইলম বিস্মৃত হয়ে যাবে অথবা সে শাসকের সঙ্গ অবলম্বন করবে, ফলে তার ইলম লুপ্ত হবে।”⁷¹

(৬৬) মালিক ইবনু আনাস থেকে বর্ণিত, তিনি বলেন,
"আমি প্রায় গোটা বিশেক তাবেয়িকে এমন পেয়েছি, যারা বলেন, “তোমরা তাদের কাছে গমন কোরো না এবং তাদের কোনো নির্দেশ কোরো না।” তিনি এখানে শাসকের কথা বোঝাচ্ছেন।⁷²

(৬৭) আব্দুল্লাহ ইবনু মুহাম্মাদ আলকুরায়শি বলেন,
"আমরা সুফয়ান সাওরি এর সঙ্গে মক্কায় ছিলাম। তখন তার কাছে কুফায় অবস্থানরত তার পরিবারের পক্ষ থেকে পত্র এল—“অভাব আমাদের এ পর্যায়ে নিয়ে এসেছে যে, আমরা ফলের শক্ত আঁটি ভেজে খাওয়ার অবস্থায় উপনীত হয়েছে।” তখন সুফয়ান কেঁদে ফেললেন। সে সময়ে তাঁর জনৈক শাগরিদ তাকে বলল, হে আবু আব্দিল্লাহ, আপনি যদি শাসকের দরবারে উপস্থিত হতেন, তা হলে আপনি ঈপ্সিত পর্যায়ে পৌঁছতে পারতেন।” তখন তিনি বললেন, “আল্লাহর কসম, আমি সেই সত্তার কাছেই দুনিয়া প্রার্থনা করি না, যিনি এই দুনিয়ার মালিক; তা হলে আমি এমন ব্যক্তির কাছে কীভাবে তা চাইব, যার মালিকানায়ই তা নেই?”

(৬৮) আব্দুল্লাহ ইবনু হুসাইন থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সুফয়ান সাওরি কে বলতে শুনেছি,
“তোমরা দুনিয়াবাসীর কাছে মর্যাদা লাভ করো—তাদের সালাম দেওয়া পরিহার করার মাধ্যমে।”

(৬৯) আহমাদ ইবনু আবিল হাওয়ারি বলেন,
“আমি আবু সুলায়মানকে বললাম, আলিমরা ভিন্নমত অবলম্বন করেছে। তখন তিনি রাগ করলেন। অনন্তর বললেন, “তুমি কি এমন কোনো আলিমকে দেখোনি, যে শাসকের দুয়ারে গিয়ে তাদের দিরহাম গ্রহণ করে থাকে?”

(৭০) আহমাদ ইবনুস্ সালত বলেন,
“এক ব্যক্তি বিশর ইবনুল হারিস এর কাছে এসে বলল, “হে সাইয়িদ, শাসক সৎ লোকদের খুঁজছেন। আপনি কি আমার জন্য আত্মগোপনে থাকাকে সংগত মনে করেন?”
তখন বিশর তাকে বললেন, “আমার সামনে থেকে সরো। কাঁটা খেতে অভ্যস্ত গাধা কোনোদিনও বুযুর্গদের কাছে আসবে না। উল্টো তোমাকে দিয়ে আমাকে ফাঁসাবে।”⁷³

(৭১) সালিহ ইবনু খালিফাহ আলকারখি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সুফয়ান সাওরি কে বলতে শুনেছি,
"নিশ্চয়ই পাপিষ্ঠ কারীরা দুনিয়ার দিকে একটি সিঁড়ি গ্রহণ করেছে। তারা বলে, আমরা শাসকদের দরবারে উপস্থিত হব। আমরা যাতনাক্লিষ্টদের যাতনা লাঘব করব এবং বন্দীদের ব্যাপারে কথা বলব।"⁷⁴

টিকাঃ
৭০. হিলয়াতুল আওলিয়া, আবু নুয়াইম: ৮/১৫৬
৭১. হিলয়াতুল আওলিয়া, আবু নুয়াইম
৭২. বর্ণনাটির তথ্যসূত্র ৫৩ নম্বর টীকায় উল্লিখিত হয়েছে।
৭৩. আখবারুস সুফিয়্যাহ, শিরাযি
৭৪. হিলয়াতুল আওলিয়া: ৮/১৬৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00