📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 ইবন কাসীর (৭৭৪ হিজরী)

📄 ইবন কাসীর (৭৭৪ হিজরী)


ইমাম ইবন কাসীর রাহিমাহুল্লাহ সালাফে সালেহীনের পথের পথিক ছিলেন। তিনি একাধারে মুফাসসির, মুহাদ্দিস, ঐতিহাসিকসহ বহু গুণের অধিকারী ছিলেন। তার বিভিন্ন গ্রন্থে তিনি আল্লাহর গুণাবলি সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামা'আতের নীতিমালা বর্ণনা করেছেন এবং 'আরশের উপর উঠার বিষয়টিও তুলে ধরেছেন। নিম্নে আমরা আমাদের কথার সমর্থনে কয়েকটি ভাষ্য বর্ণনা করব।
ইবন কাসীর রাহিমাহুল্লাহ আল্লাহর গুণাবলির ব্যাপারে কী নীতি অবলম্বন করতে হবে তা বর্ণনা করে বলেন,
وَأَمَّا قَوْلُهُ تَعَالَى: {ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ فَلِلنَّاسِ فِي هَذَا الْمُقَامِ مَقَالَاتٌ كَثِيرَةٌ جِدًا، لَيْسَ هَذَا مَوْضِعَ بَسْطِهَا، وَإِنَّمَا يُسلك فِي هَذَا الْمُقَامِ مَذْهَبُ السَّلَفِ الصَّالِحِ : مَالِكٌ، وَالْأَوْزَاعِيُّ ، والثوري، وَاللَّيْثُ بْنُ سَعْدٍ، وَالشَّافِعِيُّ، وَأَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَإِسْحَاقُ بْنُ رَاهَوَيْهِ وَغَيْرُهُمْ، مِنْ أَئِمَّةِ الْمُسْلِمِينَ قَدِيرًا وَحَدِيثًا، وَهُوَ إِمْرَارُهَا كَمَا جَاءَتْ مِنْ غَيْرِ تَكْبِيفٍ وَلَا تَشْبِيهِ وَلَا تَعْطِيلِ. وَالظَّاهِرُ المُتَبَادَرُ إِلَى أَذْهَانِ المُشَبِّهِينَ مَنْفِيٌّ عَنِ اللَّهِ، فَإِنَّ اللَّهَ لَا يُشْبِهُهُ شَيْءٌ مِنْ خَلْقِهِ، وَ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ﴾ [الشَّورَى : ۱۱] بَلِ الْأَمْرُ كَمَا قَالَ الْأَئِمَّةُ - مِنْهُمْ نُعَيْمِ بْنُ حَمَّادِ الْخَزَاعِيُّ شَيْخُ الْبُخَارِيُّ - : مَنْ شَبَّهَ اللَّهَ بِخَلْقِهِ فَقَدْ كَفَرَ ، وَمَنْ جَحَدَ مَا وَصَفَ اللَّهُ بِهِ نَفْسَهُ فَقَدْ كَفَرَ». وَلَيْسَ فِيهَا وَصَفَ اللَّهُ بِهِ نَفْسَهُ وَلَا رَسُولَهُ تَشْبِيةٌ، فَمَنْ أَثْبَتَ اللهِ تَعَالَى مَا وَرَدَتْ بِهِ الْآيَاتُ الصَّرِيحَةُ وَالْأَخْبَارُ الصَّحِيحَةُ، عَلَى الْوَجْهِ الَّذِي يَلِيقُ بِجَلَالِ اللَّهِ تَعَالَى، وَنَفَى عَنِ اللَّهِ تَعَالَى النَّقَائِصَ، فَقَدْ سَلَكَ سَبِيلَ الْهُدَى.
"আল্লাহর বাণী, 'তারপর তিনি 'আরশের উপর উঠলেন'। এ জায়গায় এসে লোকদের মাঝে বহু মতামত লক্ষ্য করা যায়। এ ব্যাপারে আমরা শুধুমাত্র সালাফে সালেহীন বা পূর্ববর্তী সহীহ আমলকারী বিজ্ঞজনদের মতামত অবলম্বন করছি। তাঁরা হচ্ছেন মালিক, আওযা'ঈ, সাওরী, লাইস ইবন সা'দ, শাফেয়ী, আহমাদ, ইসহাক ইবন রাহওয়াইহ এবং ইসলামের নবীন ও প্রবীণ গ্রহণযোগ্য মুসলিম ইমামগণ। আর সে মতামত হচ্ছে এই যে, যা কিছু আল্লাহ তা'আলা বলেছেন সেটাকে কোনো প্রকার ধরন অথবা সাদৃশ্য অথবা অর্থহীন করা ছাড়াই সাব্যস্ত করে নিতে হবে। আর যারা সাদৃশ্য নির্ধারণ করে তাদের মনে যে প্রকাশ্য অর্থের সঞ্চার হয় তা আল্লাহ থেকে নিষেধ করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন: "তাঁর মতো কোনো কিছু নেই, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা।” [সূরা আশ-শূরা, আয়াত: ১১] বরং বিষয়টি তেমনভাবে সাব্যস্ত করতে হবে, যেমনটি ইমামগণ বলেছেন। এদের মধ্যে নু'আঈম ইবন হাম্মাদ আল-খুযা'ঈ অন্যতম, যিনি হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ'র উস্তাদ। তিনি বলেন: যে ব্যক্তি আল্লাহ তা'আলাকে কোনো মাখলুকের সঙ্গে সাদৃশ্যযুক্ত করে সে কাফির হয়ে যাবে, আর যে ব্যক্তি আল্লাহ তা'আলা নিজেকে যেসব গুণে ভূষিত করেছেন তা অস্বীকার করবে সে কাফির হয়ে যাবে।" বস্তুত আল্লাহ ও তাঁর রাসূল আল্লাহর জন্য যা সাব্যস্ত করেছেন তাতে কোনো সাদৃশ্য নেই। তাই যেসব গুণ স্পষ্টরূপে আল্লাহর কিতাবের আয়াতসমূহে ও বিশুদ্ধ হাদীসগুলোতে বর্ণিত হয়েছে, যদি কেউ আল্লাহর সম্মান ও মর্যাদার সাথে উপযোগী করে সাব্যস্ত করবে এবং তাঁর থেকে সর্বপ্রকার ত্রুটি অস্বীকার করবে, সে ব্যক্তিই সঠিক পথে চলতে সমর্থ হয়েছে।”¹
• তাছাড়া তিনি তাঁর তাফসীর গ্রন্থের অন্যত্র আল্লাহ তা'আলার মুষ্ঠির ভিতরে যমীন থাকার বিষয়টি তুলে ধরে বলেন,
وَقَدْ وَرَدَتْ أَحَادِيثُ كَثِيرَةٌ مُتَعَلِّقَةٌ بِهَذِهِ الْآيَةِ الْكَرِيمَةِ، وَالطَّرِيقُ فِيهَا وَفِي أَمْثَالِهَا مَذْهَبُ السَّلَفِ، وَهُوَ إِمْرَارُهَا كَمَا جَاءَتْ مِنْ غَيْرِ تَكْيِيفٍ وَلَا تَحْرِيفِ.
"এ বিষয়ের সাথে সম্পৃক্ত অনেকগুলো হাদীস এসেছে, এ ব্যাপারে ও অনুরূপ বিষয়ে নীতি হলো, সালাফদের মতকে গ্রহণ করে নেয়া, আর তা হচ্ছে, যেভাবে এসেছে সেভাবে চালিয়ে নেয়া, কোনো প্রকার ধরন নির্ধারণ করা যাবে না, বিকৃতি সাধনও করা যাবে না।”²
টিকাঃ
১. তাফসীর ইবন কাসীর (৩/৪২৭)।
২. তাফসীর ইবন কাসীর (৭/১১৩)।

📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 ইবন আবিল ইয আল-হানাফী (৭৯২ হিজরী)

📄 ইবন আবিল ইয আল-হানাফী (৭৯২ হিজরী)


ইমাম ইবন আবিল ইযয আল-হানাফী রাহিমাহুল্লাহ আকীদাহ বিষয়ক ইমাম ত্বাহাওয়ীর ভাষ্যের ওপর যে ব্যাখ্যা রচনা করেছেন তা কালজয়ী ভাষ্যের মর্যাদা পেয়েছে। তাঁর এ গ্রন্থ থেকে পরবর্তী সকল হানাফী আলেমগণ উপকৃত হয়েছেন। বিশেষ করে মোল্লা আলী ক্বারী আল-হানাফী রাহিমাহুল্লাহ তাঁর 'শারহুল ফিকহিল আকবার' গ্রন্থে তা ইমাম ইবন আবিল ইযয থেকে পৃষ্ঠার পর পৃষ্ঠা উদ্ধৃত করেছেন। ইমাম ইবন আবিল ইযয রাহিমাহুল্লাহ'র এ গ্রন্থটি এতই গ্রহণযোগ্য হয়েছে যে, পরবর্তীকালে বিভিন্ন আলেমগণের নিকট তা সংক্ষিপ্ত আকীদাহ'র গ্রন্থ হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে তা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। সে গ্রন্থ থেকে আমরা যৎ সামান্য কিছু এখানে বর্ণনা করব।
• ইমাম ইবন আবিল ইযয রাহিমাহুল্লাহ 'আরশ ও কুরসীর বাস্তবতা তুলে ধরে বলেন,
(وَالْعَرْشُ وَالْكُرْسِيُّ حَقٌّ كَمَا بَيَّنَ تَعَالَى فِي كِتَابِهِ، قَالَ تَعَالَى: ذُو الْعَرْشِ الْمَجِيدُ فَقَالَ لَمَا يُرِيدُ) (۲)، (رَفِيعُ الدَّرَجَاتِ ذُو الْعَرْشِ) (۳)، (ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ) (٤) ، في غير ما آية من القرآن، الرَّحْمَنُ عَلَى (الْعَرْشِ اسْتَوَى) (٥)، (لَا إِلَهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْكَرِيمِ ) (٦) ، ( اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ) (٢٦)، ( الَّذِينَ يَحْمِلُونَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُونَ بِهِ وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ آمَنُوا) (۸)، (وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ ) (۱۷) ، (وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ (رَبِّهِمْ) (۱۰) ، وَفِي دُعَاءِ الْكَرْبِ المُرْوِيِّ فِي الصَّحِيحِ: «لَا إِلَهَ إِلَّا اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لَا إِلَهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْأَرْضِ رَبُّ الْعَرْشِ الْكَرِيمُ
"আর 'আরশ ও কুরসী সত্য। যেমনটি আল্লাহ তা'আলা তাঁর কিতাবে বর্ণনা করেছেন ""আরশের অধিকারী ও সম্মানিত।" [সূরা আল-বুরূজ, আয়াত: ১৫] "তারপর তিনি 'আরশের উপর উঠেছেন।" [সূরা আস-সাজদাহ, আয়াত: ০৪] "দয়াময় (আল্লাহ) 'আরশের উপর উঠেছেন।” [সূরা ত্বা-হা, আয়াত: ০৫] "তিনি ছাড়া কোন হক্ক ইলাহ্ নেই; তিনি সম্মানিত 'আরশের রব।” [সূরা আল-মুমিনূন, আয়াত: ১১৬] "আল্লাহ্, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি মহা 'আরশের রব।” [সূরা আন-নামল, আয়াত: ২৬] "যারা 'আরশ ধারণ করে আছে এবং যারা এর চারপাশে আছে, তারা তাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তাঁর ওপর ঈমান রাখে, আর মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে।” [সূরা গাফির, আয়াত: ০৭] “আর সেদিন আটজন ফিরিশতা আপনার রবের 'আরশকে ধারণ করবে তাদের উপরে।” [সূরা আল-হাক্কাহ, আয়াত: ১৭] "আর আপনি ফিরিশতাদেরকে দেখতে পাবেন যে, তারা 'আরশের চারপাশে ঘিরে তাদের রবের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে।” [সূরা আয-যুমার, আয়াত: ৭৫] অনুরূপ বিপদগ্রস্তের দো'আয় সহীহ বুখারীতে এসেছে, “আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তিনি অতি মহান ও সহনশীল। আল্লাহ ব্যতীত কোনো সত্য মা'বুদ নেই, তিনি বিশাল 'আরশের মালিক, আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি আসমানের রব, যমীনের রব ও সম্মানিত 'আরশের রব।”¹
তারপর তিনি হাদীসে আও'য়াল নামক 'আব্বাস ইবন আবদুল মুত্তালিব রাদ্বিয়াল্লাহু 'আনহুর বিখ্যাত হাদীস নিয়ে আসেন, যাতে 'আরশকে সাত আসমানের উপরে সাব্যস্ত করা হয়েছে, আল্লাহকে তাঁর উপর সাব্যস্ত করা হয়েছে।
তারপর তিনি বেদুঈনের সে হাদীস নিয়ে এসেছেন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে, 'আরশ আসমানসমূহের উপর গম্বুজের ন্যায়।
তারপর তিনি বুখারীর সে হাদীস নিয়ে আসেন, যাতে জান্নাতের উপর আল্লাহর 'আরশের কথা বর্ণনা করা হয়েছে।
তারপর তিনি কিয়ামতের দিন মূসা 'আলাইহিস সালাম কর্তৃক 'আরশের খুঁটি ধরে রাখার হাদীসটি নিয়ে আসেন। তারপর তিনি 'আরশ বলে যে খাট বুঝানো হয় সেটা সাব্যস্ত করেছেন এবং সেটা যে কুরসী নয়, কুরসী যে আল্লাহর পা রাখার স্থান তা সাব্যস্ত করেন।²
ইমাম ইবন আবিল ইযয রাহিমাহুল্লাহ 'আরশ সাব্যস্তের পর 'আরশ সবকিছুর উপর সেটাও দলীল-প্রমাণ দিয়ে সাব্যস্ত করেন, তারপর তিনি আল্লাহ তা'আলা তাঁর 'আরশের উপর উঠেছেন সেটা সাব্যস্ত করার জন্য অনেক ধরনের দলীল পেশ করেন, তার সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে,
১) কুরআনুল কারীমে ফিরিশতাগণ কর্তৃক আল্লাহকে ভয় করার ব্যাপারটি উল্লেখের সময় বলা হয়েছে,
﴿ يَخَافُونَ رَبَّهُم مِّن فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ﴾ [النحل: ٥٠]
"তারা ভয় করে তাদের উপরস্থ তাদের রবকে এবং তাদেরকে যা আদেশ করা হয় তারা তা করে।" [সূরা আন-নাহল, আয়াত: ৫০] এখানে তাদের উপর থেকে তাদের রবকে ভয় করে বলা হয়েছে। আর এখানে )من( অব্যয়টি ব্যবহার করা হয়েছে, যাতে 'উপরে নয়' বলার যুক্তি কেউ দেখাতে পারবে না।
২) কুরআনুল কারীমে সরাসরি আল্লাহ তা'আলাকে তাঁর বান্দাদের উপর বলা হয়েছে। যেমন,
﴿وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ ﴾ [الانعام: ١٨، ٦١]
"আর তিনিই আপন বান্দাদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণকারী।” [সূরা আল-আন'আম, আয়াত: ১৮, ৬১]
৩) কুরআনুল কারীমে তাঁর দিকে বিভিন্ন জিনিস ও প্রাণী উত্থিত হয় বলা হয়েছে। আর উত্থিত হওয়ার অর্থই যার দিকে উত্থিত হয় তিনি উপরে। যেমন- আল্লাহ বলেন,
﴿ تَعْرُجُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ إِلَيْهِ ﴾ [المعارج: ٤]
“ফিরিশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয়।” [সূরা আল-মা'আরিজ, আয়াত: ০৪]
৪) কুরআনে আল্লাহ তাঁর দিকে বিভিন্ন জিনিস আরোহন করার কথা বলেছেন। যেমন,
﴿ إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ ﴾ [فاطر: ١٠]
“তাঁরই দিকে পবিত্র বাণীসমূহ হয় সমুত্থিত।” [সূরা ফাতির, আয়াত: ১০]
৫) কুরআনে আল্লাহ তা'আলা তাঁর দিকে কোনো কিছু উঠানোর কথা বলেছেন, যেমন,
﴿بَل رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ ﴾ [النساء : ١٥٨]
"বরং আল্লাহ্ তাকে তাঁর নিকট তুলে নিয়েছেন।” [সূরা আন-নিসা, আয়াত: ১৫৮]
৬) কুরআনে আল্লাহ তা'আলার জন্য 'আলী' বা উপরে থাকার গুণ ব্যবহার করা হয়েছে। যেমন,
﴿وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ﴾ [البقرة: ٢٥٥]
"আর তিনি সুউচ্চ সুমহান।" [সূরা আল-বাক্বারাহ, আয়াত: ২৫৫]
৭) কুরআনুল কারীমে আল্লাহর কাছ থেকে কিছু অবতরণ করার কথা বলা হয়েছে,
تَنزِيلُ الْكِتَابِ لَا رَيْبَ فِيهِ مِن رَّبِّ الْعَالَمِينَ ﴾ [السجدة : ٢]
"এ কিতাব সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাযিল হওয়া, এতে কোনো সন্দেহ নেই।" [সূরা আস-সাজদাহ, আয়াত: ০২]
৮) কুরআনুল কারীমে ও হাদীসে বিশেষ বিশেষ সৃষ্টি আল্লাহর কাছে থাকার কথা বলা হয়েছে,
إِنَّ الَّذِينَ عِندَ رَبِّكَ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ، وَيُسَبِّحُونَهُ وَلَهُ يَسْجُدُونَ ﴾ [الأعراف: ٢٠٦]
"নিশ্চয় যারা আপনার রবের সান্নিধ্যে রয়েছে তারা তাঁর ইবাদাতের ব্যাপারে অহংকার করে না। আর তারা তাঁরই তাসবীহ পাঠ করে এবং তাঁরই জন্য সাজদাহ করে।" [সূরা আস-সাজদাহ, আয়াত: ২০৬]
৯) কুরআনে আল্লাহ তা'আলা নিজেকে আসমানের উপর ঘোষণা করেছেন। যেমন,
أَأَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ ﴾ [الملك: ١٦]
"তোমরা কি এ থেকে নির্ভয় হয়েছ যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ যমীনকে ধ্বসিয়ে দেবেন, অতঃপর তা হঠাৎ করেই থর থর করে কাঁপতে থাকবে?” [সূরা আল-মুলক, আয়াত: ১৬]
১০) কুরআনে কারীমে আল্লাহ তা'আলা নিজেকে 'আরশের উপর উঠেছেন বলে ঘোষণা করেছেন।
ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ ﴾ [الأعراف: ٥٤]
"এরপর তিনি 'আরশে উঠেছেন।” [সূরা আল-আ'রাফ, আয়াত: ৫৪]
১১) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের সহীহ হাদীসে আল্লাহ তা'আলা প্রথম আসমানে প্রতি রাতে নেমে আসার কথা বর্ণিত হয়েছে। আর নেমে আসা উপর থেকেই হয়।
১২) আল্লাহর দিকে হাত তোলে দো'আ করার কথা হাদীসে বর্ণিত হয়েছে।
১৩) হাদীসে এসেছে, উপরের দিকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে সাক্ষ্য নিয়েছেন।
১৪) হাদীসে এসেছে, 'আল্লাহ কোথায়' এমন প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এক দাসীকে করেছিলেন।
১৫) হাদীসে এসেছে, 'আল্লাহ কোথায়' প্রশ্নের জবাবে সে দাসী 'আসমানে' বলেছিল।
১৬) ফির'আউন আসমানে চড়ার চেষ্টা করেছিল আল্লাহকে দেখার জন্য। যেমনটি কুরআনে এসেছে।
১৭) মি'রাজের রাত্রে বারবার মূসা ও আল্লাহর কাছে উপরের দিকে গমন করার বিষয়টি বহু সহীহ হাদীসে এসেছে।
১৮) হাদীসে এসেছে, জান্নাতীরা আল্লাহর দিকে জান্নাত থেকে উপরের দিকে তাকাবেন।
১৯) তাছাড়া বিবেকের যুক্তি বলে, উপরে থাকা সবচেয়ে সম্মানের বিষয়, তাই আল্লাহর জন্য তা সাব্যস্ত হবে।
২০) স্বভাবজাত প্রকৃতি বা ফিত্বরী প্রমাণ হচ্ছে, সৃষ্টি মাত্রই তার বিপদাপদে উপরের দিকে প্রত্যাবর্তন করে। তবে যার প্রকৃতি নষ্ট হয়ে গেছে তার কথা ভিন্ন।³
. ইমাম ইবন আবিল ইয্য রাহিমাহুল্লাহ সূরা আল-আ'রাফের আয়াতের তাফসীরে 'ইস্তাওয়া'র ধরন সম্পর্কে বলেন, قوله تعالى: ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ كيف استوى؟ فقال: الاستواء معلوم والكيف مجهول. ويُروى هذا الجواب عن أم سلمة رضي الله عنها موقوفاً ومرفوعاً إلى النبي صلى الله عليه وسلم.
"আল্লাহর বাণী, 'তারপর তিনি 'আরশের উপর উঠলেন' কীভাবে তিনি উঠলেন? তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন, 'ইস্তেওয়া' এর অর্থ জানা, এর ধরন অজানা।' এ একই উত্তর উম্মে সালামাহ রাদ্বিয়াল্লাহু 'আনহা থেকে বর্ণিত হয়েছে, মাওকুফ সূত্রে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফু' সূত্রে।"⁴
ইমাম ইবন আবিল ইয্য আল-হানাফী রাহিমাহুল্লাহ আল্লাহর নাম ও গুণের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামা'আতের নীতির বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, لما ذَكَرَ فِيهَا تَقَدَّمَ أَنَّ الْقُرْآنَ كَلَامُ اللهِ حَقِيقَةٌ مِنْهُ بَدَا نَبَّهُ بَعْدَ ذَلِكَ عَلَى أَنَّهُ تَعَالَى بِصِفَاتِهِ لَيْسَ كَالْبَشَرِ، نَفْيًا لِلتَّشْبِيهِ عَقِيبَ الْإِثْبَاتِ، يَعْنِي أَنَّ اللَّهَ تَعَالَى وَإِنْ وُصِفَ بِأَنَّهُ مُتَكَلِّمْ، لَكِنْ لَا يُوصَفُ بِمَعْنَى مِنْ مَعَانِي الْبَشَرِ الَّتِي يَكُونُ الْإِنْسَانُ بِهَا مُتَكَلَّما ، فَإِنَّ اللَّهَ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ. وَمَا أَحْسَنَ الْمُثَلَ الْمُضْرُوبَ لِلْمُثْبِتِ لِلصَّفَاتِ مِنْ غَيْرِ تَشْبِيهِ وَلَا تَعْطِيلِ، بِاللَّبَنِ الْخَالِصِ السَّائِعِ لِلشَّارِبِينَ، يَخْرُجُ مِنْ بَيْنِ فَرْثِ التَّعْطِيلِ وَدَمِ التَّسْبِيهِ.
"যখন ইমাম ত্বাহাওয়ী রাহিমাহুল্লাহ উল্লেখ করলেন যে, কুরআন বাস্তবেই আল্লাহর বাণী, তখন তিনি সাবধান করতে চাইলেন যে, মহান আল্লাহ তাঁর গুণসমূহে মানুষের মতো নয়। সাব্যস্ত করার পরে সাদৃশ্য স্থাপন করাকে অস্বীকার করার জন্য। অর্থাৎ নিশ্চয় আল্লাহ তা'আলা, যদিও তাকে কথা বলার গুণে গুণান্বিত করছি, কিন্তু তাঁর সে কথাকে মানুষের সাথে অর্থপূর্ণ করে সাব্যস্ত করা যাবে না, যেভাবে মানুষ কথা বলার গুণ অর্জন করে সেভাবে নয়। কারণ আল্লাহ তা'আলা তাঁর মতো কোনো কিছু নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। যারা কোনো প্রকার সাদৃশ্য স্থাপন ও অস্বীকৃতি করণের মাঝে অবস্থান করে আল্লাহর গুণাবলি সাব্যস্ত করে তাদের ব্যাপারে কত সুন্দর উদাহরণ দিয়ে বলা হয় যে, সে যেন অস্বীকৃতির বিষ্টা ও সাদৃশ্যের রক্তের মাঝখান থেকে বের হয়ে আসা এমন খাঁটি দুধ সংগ্রহ করলো যা পানকারীর জন্য উপাদেয়।”⁵
টিকাঃ
১. সহীহ বুখারী, হাদীস নং ৬৩৪৬।
২. শারহুত ত্বাহাওয়িয়্যাহ: ২৫৪-২৬২
৩. দেখুন: শারহুত ত্বাহাওয়িয়্যাহ: ২৬৩-২৭৩ থেকে সংক্ষেপিত।
৪. শারহুল আকীদাতুত ত্বাহাওয়িয়‍्यাহ, ৩৭২-৩৭৩।
৫. শারহুত ত্বাহাওয়িয়‍্যাহ, পৃ. ১৫২।

📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 ইবন রাজাব (৭৯৫ হিজরী)

📄 ইবন রাজাব (৭৯৫ হিজরী)


ইমাম ইবন রাজাব রাহিমাহুল্লাহ আল্লাহ তা'আলাকে 'আরশের উপর বিশ্বাস করতেন। বান্দার আমল 'আরশের দিকে উত্থিত হয় বলে তিনি ঘোষণা করেছেন। তিনি বলেন,
فالكلمة الطيبة هي كلمة التوحيد وهي أساس الإسلام، وهي جارة على لسان المؤمن وثبوت أصلها هو ثبوت التصديق بها في قلب المؤمن، وارتفاع فرعها في السماء هو علو هذه الكلمة وبسوقها وأنها تخرق الحجب ولا تتناهى دون العرش.
"সুতরাং কালেমা তাইয়্যেবাহ বা উত্তম কালেমা হচ্ছে তাওহীদের কালেমা, আর তা হচ্ছে ইসলামের মূলভিত্তি। আর এটি মুমিনের জিহ্বায় সর্বদা জারী থাকে, তার মূলটি সাব্যস্ত হওয়ার অর্থ হচ্ছে, ঈমানদারের ক্বলবে সেটার সত্যায়ন প্রোথিত থাকা, তার শাখা আসমানের দিকে উপরে থাকার অর্থ, এ বাণীটির উঁচু মর্যাদাসম্পন্ন হওয়া, এ কালেমাটির কাণ্ড অত্যন্ত শক্তিশালী হওয়া, আর সেটি যাবতীয় পর্দা ভেদ করে চলে যায়, 'আরশে না যাওয়া পর্যন্ত তা ক্ষ্যান্ত হয় না।”¹
হাফেয ইবন রাজাব রাহিমাহুল্লাহ অন্যত্র তাদের প্রতিবাদ করেছেন, যারা কুরআন ও হাদীসে আসা আল্লাহ কর্তৃক বান্দার নিকটে থাকা আর আল্লাহ কর্তৃক বান্দার সাথে থাকার ভুল অর্থ করে আল্লাহকে সব জায়গায় বলেন, তিনি তাদের সম্পর্কে বলেন,
ولم يكن أصحاب النبي - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - يفهمون من هذه النصوص غير المعنى الصحيح المراد بها، يستفيدون بذلك معرفة عظمة الله وجلاله، وإطلاعه على عباده وإحاطته بهم، وقربه من عابديه، وإجابته لدعائهم، فيزدادون به خشية الله وتعظيمها وإجلالا ومهابة ومراقبة واستحياء، ويعبدونه كأنهم يرونه.
ثم حدث بعدهم من قل ورعه، وساء فهمه وقصده، وضعفت عظمة الله وهيبته في صدره، وأراد أن يري الناس امتيازه عليهم بدقة الفهم وقوة النظر، فزعم أن هذه النصوص تدل على أن الله بذاته في كل مكان، كما يحكى ذلك عن طوائف من الجهمية والمعتزلة ومن وافقهم، تعالى الله عما يقولون علوا كبيرا، وهذا شيء ما خطر لمن كان قبلهم من الصحابة - رضي الله عنهم -، وهؤلاء ممن يتبع ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله، وقد حذر النبي - صلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - أمته منهم في حديث عائشة الصحيح المتفق عليه.
وتعلقوا - أيضا - بما فهموه بفهمهم القاصر مع قصدهم الفاسد بآيات في كتاب الله، مثل قوله تعالى: ﴿وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنتُمْ﴾ [الحديد: ٤] وقوله : ﴿مَا يَكُونُ مِنْ نَجْوَى ثَلاثَةٍ إِلَّا هُوَ رَابِعُهُمْ﴾ [المجادلة: 7] ، فقال من قال من علماء السلف حينئذ: إنما أراد أنه معهم بعلمه، وقصدوا بذلك إبطال ما قاله أولئك، مما لم يكن أحد قبلهم قاله ولا فهمه من القرآن.
ومن قال: أن هذه المعية بالعلم مقاتل بن حيان، وروي عنه أنه رواه عن عكرمة، عن ابن عباس وقاله الضحاك، قال: الله فوق عرشه، وعلمه بكل مكان، وروي نحوه عن مالك وعبد العزيز الماجشون والثوري واحمد وإسحاق وغيرهم من أئمة السلف. وروى الإمام أحمد: ثنا عبد الله بن نافع، قال: قال مالك: الله في السماء، وعلمه بكل مكان. وروي هذا المعنى عن علي وابن مسعود أيضا. وقال الحسن في قوله تعالى: إِنَّ رَبَّكَ أَحَاطَ بِالنَّاسِ ) [الإسراء: ٦۰] ، قال : علمه بالناس وحكى ابن عبد البر وغيره إجماع العلماء من الصحابة والتابعين في تأويل قوله: ﴿وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنتُمْ ﴾ [الحديد: ٤] أن المراد علمه، وكل هذا قصدوا به رد قول من قال: أنه تعالى بذاته في كل مكان|
"নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এসব ভাষ্য থেকে কখনও যা বিশুদ্ধভাবে উদ্দেশ্য নেয়া হয়েছে তা ভিন্ন অপর কোনো অর্থ বুঝতেন না। তাঁরা এসব ভাষ্য থেকে আল্লাহর মহত্ব, সম্মান, মর্যাদা বুঝতেন, আরও বুঝতেন যে, আল্লাহ তা'আলা তাঁর বান্দাদের দিকে তাকান, তাদেরকে পরিবেষ্টন করে রাখেন, তাঁর ইবাদাতকারীদের নিকটে এবং তাকে আহ্বানকারীদের ডাকে সাড়া প্রদান করেন; ফলে তাদের মাঝে আল্লাহর ভয়, সম্মান, মর্যাদা, ভীতি, দৃষ্টি, লজ্জা বৃদ্ধি পেত, আর তারা তাঁর ইবাদাত করতেন এমনভাবে যেন তারা তাঁকে দেখছেন।
তারপর তাদের পরে এমন লোকদের আবির্ভাব ঘটলো, যাদের পরহেযগারী কমে গেল, তাদের বুঝ ও উদ্দেশ্যে ত্রুটি এসে গেল, তাদের কাছে আল্লাহর মহত্ব, তাদের সীনায় আল্লাহর ভীতি দুর্বল হয়ে গেল, আর সে ইচ্ছা করল মানুষের মাঝে তার বিশেষ সূক্ষ্ম বুঝ ও প্রখর দৃষ্টির বিশেষত্ব প্রকাশ হোক, তাই সে মনে করল যে, কুরআন ও হাদীসের এসব ভাষ্য প্রমাণ করছে যে, আল্লাহ সত্তাগতভাবে সব জায়গায়, যেমনটি জাহমিয়্যাহ, মু'তাযিলা সম্প্রদায় ও তাদের সাথে যারা একমত হয়েছে এমন বেশ কিছু লোকদের থেকে বর্ণনা করা হয়। আল্লাহ তা'আলা তারা যা বলে তা থেকে বহু ঊর্ধ্বে। বস্তুত এ জাতীয় কোনো কিছু তাদের আগে যারা চলে গেছে সাহাবায়ে কেরামের অন্তরে কখনও উদিত হয়নি। এরাই হচ্ছে সেসব লোক যারা কুরআনের অস্পষ্ট আয়াতের অনুসরণ করে চলে, ফিতনার উদ্দেশ্যে এবং সেটার অপব্যাখ্যা দাঁড় করানোর উদ্দেশ্যে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে 'আয়েশা রাদ্বিয়াল্লাহু 'আনহা বর্ণিত বুখারী ও মুসলিমের ঐকমত্যে বর্ণিত হাদীসে তাদের থেকে সাবধান করেছেন।
আর তারা তাদের অসম্পূর্ণ বুঝ দিয়ে খারাপ উদ্দেশ্য নিয়ে আল্লাহ তা'আলার বেশ কিছু আয়াত থেকে যা কিছু বুঝেছে তার সাথে সম্পৃক্ত হলো। যেমন আল্লাহর বাণী, "আর তোমরা যেখানেই থাক না কেন তিনি তোমাদের সাথে আছেন।" [সূরা আল-হাদীদ, আয়াত: ০৪], অপর বাণী, "তিন ব্যক্তির মধ্যে এমন কোনো গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থজন হিসেবে তিনি থাকেন না।” [সূরা আল-মুজাদালাহ, আয়াত: ০৭] তখন তৎকালীন সালাফে সালেহীনের আলেমগণ তাদেরকে বলেছিলেন, আল্লাহ তা'আলা তো এখানে উদ্দেশ্য নিয়েছেন যে, তিনি জ্ঞানে তাদের সাথে রয়েছেন। তারা এটা বলেছেন এ লোকগুলোর বক্তব্যকে খণ্ডন করার জন্য, যা ইতোপূর্বে কেউ কোনোদিন বলেনি, কুরআন থেকেও তা বুঝেনি।
যারা আল্লাহর সাথে থাকার অর্থ করেছেন জ্ঞানের মাধ্যমে সাথে থাকা, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন, মুক্বাতিল ইবন হাইয়্যান। আরও বর্ণিত আছে যে, তিনি তা বর্ণনা করেছেন ইকরিমাহ থেকে, ইকরিমাহ তা ইবন 'আব্বাস রাদ্বিয়াল্লাহু 'আনহুমা থেকে বর্ণনা করেছেন। অনুরূপ সাথে থাকার অর্থ যারা জ্ঞানের মাধ্যমে সাথে থাকার অর্থ করেছেন তাদের অন্যতম হচ্ছেন, দ্বাহহাক। তিনি বলেন, "আল্লাহ তাঁর 'আরশের উপর, আর তাঁর জ্ঞান সব জায়গায়। তাছাড়া অনুরূপ বর্ণনা মালিক, আবদুল আযীয ইবনুল মাজেশূন, আস-সাওরী, আহমাদ, ইসহাক্ব প্রমুখ সালাফে সালেহীন ইমামদের থেকেও এসেছে। আর ইমাম আহমাদ বর্ণনা করেন, তিনি বলেন, আমাকে হাদীস শুনিয়েছেন আবদুল্লাহ ইবন নাফে', তিনি বলেন, আমাকে মালিক বলেন, আল্লাহ আসমানের উপরে আর তাঁর জ্ঞান সর্বত্র। তাছাড়া অনুরূপ অর্থে বর্ণনা এসেছে আলী ও ইবন মাসউদ রাদ্বিয়াল্লাহু 'আনহুমা থেকেও। আর হাসান (বসরী) আল্লাহর বাণী "নিশ্চয় আপনার রব মানুষদেরকে পরিবেষ্টন করে আছেন।” [সূরা আল-ইসরা, আয়াত: ৬০] এর ব্যাখ্যায় বলেন, এর উদ্দেশ্য মানুষের ব্যাপারে তাঁর জ্ঞান। আর ইমাম ইবন আবদুল বার ও অন্যান্যগণ সাহাবায়ে কেরাম ও তাবে'ঈন আলেমগণের ইজমা' উল্লেখ করেছেন যে, আল্লাহর বাণী "তিনি তোমাদের সাথেই আছেন যেখানেই তোমরা থাক না কেন।” [সূরা আল-হাদীদ, আয়াত: ০৪] এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, আল্লাহর জ্ঞান। আর তাদের এসব বর্ণনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাদের কথা খণ্ডন করা যারা বলে মহান আল্লাহ সত্তাগতভাবে সব জায়গায় রয়েছেন।”²
অপর জায়গায় তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামা'আহ ও অন্যান্যদের মধ্যে দলীল গ্রহণ পদ্ধতি নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন,
فأهل العلم والايمان يمتثلون في هذه الشبهات ما أمروا به من الاستعاذة بالله، والانتهاء عما ألقاه الشيطان، وقد جعل النبي - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - ذلك من علامات الأيمان، وغيرهم فيصغون إلى تلك الشبهات، ويعبرون عنها بألفاظ مشتبهات، لا حرمة لها في نفسها، وليس لها معنى يصح، فيجعلون تلك الألفاظ محكمة لا تقبل التأويل، فيردون كلام الله ورسوله إليها، ويعرضونه عليها، ويحرفونه عن مواضعه لأجلها.
هذه طريقة طوائف أهل البدع المحضة من الجهمية والخوارج والروافض والمعتزلة ومن أشبههم، وقد وقع في شيء من ذلك كثير من المتأخرين المنتسبين إلى السنة من أهل الحديث والفقه والتصوف من أصحابنا وغيرهم في بعض الأشياء دون بعض.
وأما السلف وأئمة أهل الحديث، فعلى الطريقة الأولى، وهي الأيمان بجميع ما أثبته الله لنفسه في كتابه، أو صح عن رسول الله - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم - أنه أثبته له، مع نفي التمثيل والكيفية عنه، كما قاله ربيعة ومالك وغيرهما من أئمة الهدى في الاستواء، وروي عن أم سلمة أم المؤمنين، وقال مثل ذلك غيرهم من العلماء في النزول، وكذلك القول في سائر الصفات، والله سبحانه وتعالى الموفق.
"আর ইলম ও ঈমানের অধিকারীগণ এসব সন্দেহের সময় তাদেরকে যে নির্দেশ প্রদান করা হয়েছে তার পূর্ণ অনুসরণ করেন, তাদেরকে সন্দেহ উদ্রেক হওয়ার সময় আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে, শয়তান যা ঢেলে দিয়েছে তা থেকে বেরিয়ে এসে তা ছেড়ে দিতে বলেছে। আর নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এভাবে দূর করতে পারাকে ঈমানের আলামত হিসেবে ঘোষণা দিয়েছেন। কিন্তু যারা ইলম ও ঈমানের অধিকারী নয় তারা এসব সন্দেহের প্রতি কান লাগিয়ে রাখে, সেগুলোকে অস্পষ্ট বিভিন্ন সন্দেহজনক শব্দ দিয়ে প্রকাশ করতে থাকে, যেসব শব্দের বাস্তবিক কোনো মর্যাদা নেই, আর সেগুলোর কোনো বিশুদ্ধ অর্থও হয় না। তারপরও তারা এসব শব্দকে এমন অকাট্য হিসেবে গ্রহণ করে যেন এগুলোর তাদের বর্ণিত অর্থ ব্যতীত ভিন্ন কোনো ব্যাখ্যা হয় না। তারপর তারা আল্লাহ ও তাঁর রাসূলের বাণীকে এসব (সন্দেহপূর্ণ) শব্দের দিকে প্রত্যাবর্তন করায়; (আল্লাহ ও তার রাসূলের বাণীকে গ্রহণযোগ্যতা হওয়া না হওয়া নির্ধারণের জন্য) সেগুলোর উপর পেশ করে, সেসব (সন্দেহপূর্ণ) শব্দের সাথে খাপ-খাওয়ানোর জন্য আল্লাহ ও তাঁর রাসূলের বাণীর বিকৃতি ঘটায়।
বস্তুত এটি হচ্ছে যাবতীয় বিদ'আতী গোষ্ঠীর পদ্ধতি। যেমন, জাহমিয়্যাহ, খারেজী, রাফেদ্বী, মু'তাযিলা এবং অনুরূপ ফেরকাসমূহের নীতি। এদের এসবের কিছু খারাপ নীতির মধ্যে সুন্নাহ'র দিকে সম্পর্কিত আহলুল হাদীস, আহলুল ফিকহ ও আহলুত তাসাউফের পরবর্তী কেউ কেউ পতিত হয়ে গেছে; যারা আমাদেরই সাথের লোক; তবে তারা সবকিছুতে তাদের নীতি গ্রহণ করেনি, কিছু কিছুতে তা করেছে, অপর কিছু কিছুতে তারা বিশুদ্ধ পদ্ধতির ওপর রয়েছে।
কিন্তু সালাফে সালেহীন ও হাদীস অনুসারীদের ইমামগণ তারা প্রথম নীতির ওপরই রয়েছেন। আর তা হচ্ছে, আল্লাহ তা'আলা তাঁর কিতাবে যা তাঁর নিজের জন্য সাব্যস্ত করেছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বিশুদ্ধভাবে বর্ণিত হয়ে এসেছে যে, তিনি আল্লাহর জন্য তা সাব্যস্ত করেছেন। সাথে সাথে তারা এসব সাব্যস্ত করাকে কোনো সৃষ্টির মতো করে বা ধরন নির্ধারণ করাকে অস্বীকার করেন। যেমনটি রবী'আহ, মালিক ও অন্যান্য হিদায়াতের ইমামগণ ইস্তেওয়া তথা 'আল্লাহর 'আরশের উপর উঠা'র ব্যাপারে বলেছেন। আর যা উম্মুল মুমিনীন উম্মে সালামাহ রাদ্বিয়াল্লাহু 'আনহা থেকেও বর্ণিত হয়েছে। আর তারা ব্যতীত অন্যান্য আলেমগণ অনুরূপ কথা বলেছেন 'আল্লাহর নিকটতম আসমানে নাযিল হওয়া'র বিষয়ে। অনুরূপ কথাই বলা হবে যাবতীয় গুণের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলাই হচ্ছেন তাওফীকদাতা।”³
অন্যত্র তিনি আল্লাহ তা'আলার 'আরশের উপর থাকা ও সাথে, নিকটে থাকার মধ্যে সামঞ্জস্য বিধান করতে গিয়ে বলেন,
وزعم بعض من تحذلق أن ما قاله هؤلاء الأئمة خطأ؛ لأن علم الله صفة لا تفارق ذاته، وهذا سوء ظن منه بأئمة الإسلام؛ فإنهم لم يريدوا ما ظنه بهم، وإنما أرادوا أن علم الله متعلق بما في الأمكنة كلها ففيها معلوماته، لا
صفة ذاته، كما وقعت الإشارة في القرآن إلى ذلك بقوله تعالى: ﴿وَسِعَ كُلَّ شَيْءٍ عِلْمًا ﴾ [طه: ۹۸] وقوله: ﴿رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا ) [غافر: ٧] وقوله : {ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ ﴾ [الحديد: ٤] .
وقال حرب: سألت إسحاق عن قوله: مَا يَكُونُ مِنْ نَجْوَى ثَلاثَةٍ إِلا هُوَ رَابِعُهُمْ ﴾ [المجادلة: ٧]؟ قال: حيث ما كنت هو أقرب إليك من حبل الوريد، وهو بائن من خلقه.... فالمعية العامة تقتضي التحذير من علمه وإطلاعه وقدرته وبطشه وانتقامه والمعية الخاصة تقتضي حسن الظن بإجابته ورضاه وحفظه وصيانته فكذلك القرب.
وليس هذا القرب كقرب الخلق المعهود منهم، كما ظنه من ظنه من أهل الضلال، وإنما هو قرب ليس يشبه قرب المخلوقين، كما أن الموصوف به لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ) [الشورى: ١١ ] .
وهكذا القول في أحاديث النزول إلى سماء الدنيا فإنه من نوع قرب الرب من داعيه وسائليه ومستغفريه.
وقد سئل عنه حماد بن زيد فقال: هو في مكانه يقرب من خلقه كما يشاء... وقال حنبل: سألت أبا عبد الله: ينزل الله إلى سماء الدنيا ؟ قال: نعم. قلت: نزوله بعلمه أو بماذا؟ قال: اسكت عن هذا، مالك ولهذا؟ أمض الحديث على ما روي بلا كيف ولا حد، إلا بما جاءت به الآثار، وجاء به الكتاب، قال الله: {فَلا تَضْرِبُوا لله الأَمْثَالَ ) [النحل: ٧٤] ينزل كيف يشاء، بعلمه وقدرته وعظمته، أحاط بكل شيء علما، لا يبلغ قدره واصف، ولا ينأى عنه هرب هارب عز وجل.
ومراده أن نزوله تعالى ليس كنزول المخلوقين، بل هو نزول يليق بقدرته وعظمته وعلمه المحيط بكل شيء، والمخلوقون لا يحيطون به علما، وإنما ينتهون إلى ما أخبرهم به عن نفسه، أو أخبر به عنه رسوله.
فلهذا اتفق السلف الصالح على إمرار هذه النصوص كما جاءت من غير زيادة ولا نقص، وما أشكل فهمه منها، وقصر العقل عن إدراكه وكل إلى عالمه.
"আর তাদের মধ্যে যারা নিজেকে খুব বুদ্ধিমান দাবি করে সে মনে করেছে, (ইসলামের সালাফে সালেহীন) মহান ইমামগণ (আল্লাহ তাঁর 'আরশের উপর অবস্থান করেও সৃষ্টির সাথে থাকা 'জ্ঞানের মাধ্যমে' হওয়ার বিষয়ে) যা বলেছেন তা ভুল; কারণ তাদের নিকট আল্লাহর ইলম বা জ্ঞান তাঁর সত্তার সাথে সম্পৃক্ত; যা তাঁর সত্তা থেকে আলাদা হতে পারে না। বস্তুত এ রকম কথা ইসলামের ইমামগণের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা। কারণ, তারা ইমামদের ব্যাপারে যা ধারণা করেছে ইমামগণ তা বলেননি। ইমামগণের উদ্দেশ্য এটা বলা যে, আল্লাহর জ্ঞান সর্বজায়গার সাথে সম্পৃক্ত; যেখানে তার জ্ঞাত বিষয় রয়েছে, তাঁর সত্তার গুণ সেখানে চলে গেছে এমন কথা ইমামগণ কখনো বলেননি। আর এটা সে রকম হবে যার প্রতি ইঙ্গিত সংঘটিত হয়েছে আল্লাহর বাণীতে, "সবকিছু তাঁর জ্ঞানের পরিধিভুক্ত।” [সূরা ত্বা-হা, আয়াত: ৯৭] "হে আমাদের রব! আপনি দয়া ও জ্ঞান দ্বারা সবকিছুকে পরিব্যাপ্ত করে রেখেছেন।" [সূরা গাফির, আয়াত: ০৭] "তিনি জানেন যা কিছু যমীনে প্রবেশ করে এবং যা কিছু তা থেকে বের হয়, আর আসমান থেকে যা কিছু অবতীর্ণ হয় এবং তাতে যা কিছু উত্থিত হয়। আর তোমরা যেখানেই থাক না কেন-তিনি তোমাদের সঙ্গে আছেন।” [সূরা আল-হাদীদ, আয়াত: ০৪]
হারব বলেন, আমি ইসহাক্ব ইবন রাহওয়াইহকে প্রশ্ন করলাম, আল্লাহর বাণী "তাদের মধ্যে তিনজনের শলা-পরামর্শ হলে সেখানে চতুর্থজন হন আল্লাহ।” [সূরা আল-মুজাদালাহ, আয়াত: ০৭] সম্পর্কে। তখন ইমাম ইসহাক্ব ইবন রাহওয়াইহ উত্তরে বললেন, তুমি যেখানেই থাক না কেন আল্লাহ তোমার ঘাড়ের ধমনীর চেয়েও নিকটে, অথচ তিনি সৃষ্টির থেকে আলাদা....
সুতরাং 'সাধারণভাবে সাথে থাকা' এর চাহিদা হচ্ছে, আল্লাহর জ্ঞান, তাঁর দেখা, তাঁর ক্ষমতা, তাঁর পাকড়াও, তাঁর শাস্তি সম্পর্কে সাবধান থাকা। আর 'বিশেষভাবে সাথে থাকা' এর চাহিদা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে বান্দার ডাকে সাড়া দেয়া, বান্দার ওপর সন্তুষ্ট হওয়া, তার হিফাযত করা, তার রক্ষণাবেক্ষণ করার ব্যাপারে সুধারণা রাখা।
ঠিক আল্লাহ বান্দার নিকটে থাকার বিষয়টিও অনুরূপ। তবে এটা জানা দরকার যে, এ নিকটে থাকার বিষয়টি কখনও সৃষ্টি যেভাবে একে অপরের নিকটে থাকে সেরকম কোনো নিকটে থাকা নয়, যা কোনো কোনো পথভ্রষ্ট লোকেরা মনে করে থাকে। বরং সেটা এমন এক নিকটে থাকা যা সৃষ্টির নিকটে থাকার সাথে সাদৃশ্য রাখে না। যেমনিভাবে যার সাথে এ গুণটি সম্পৃক্ত তাঁর মতো কোনো সত্তা নেই, তিনি সর্বশ্রোতা-সর্বদ্রষ্টা।
ঠিক অনুরূপই বলা হবে আল্লাহ তা'আলা কর্তৃক নিকটতম আসমানে অবতরণ করার ব্যাপারে; সেটাও রবের পক্ষ থেকে তাঁকে আহ্বানকারী, তাঁর কাছে যাচঞাকারী, তাঁর কাছে ক্ষমাপ্রার্থীর জন্য বিশেষ এক প্রকার নৈকট্য।
হাম্মাদ ইবন যায়েদকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, তিনি তাঁর স্থানেই আছেন, সেখান থেকেই তিনি তাঁর সৃষ্টির নিকটে যান যেভাবে ইচ্ছা।...
হাম্বল বলেন, আমি আবদুল্লাহ আহমাদ ইবন হাম্বলকে জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ তা'আলা কি নিকটতম আসমানে নেমে আসেন? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, তাঁর অবতীর্ণ হওয়া কি জ্ঞানের মাধ্যমে নাকি অন্য কিছু দ্বারা? তিনি বললেন, এ ব্যাপারে চুপ থাকো, তোমার কী আর এটার কী? হাদীসকে যেভাবে এসেছে সেভাবে চলতে দাও, কোনো প্রকার ধরন নির্ধারণ করবে না, কোনো প্রকার সংজ্ঞাও প্রদান করবে না। তবে যদি হাদীসে বা সালাফদের কাছ থেকে ও আল্লাহর কিতাবে কিছু বর্ণনা এসে থাকলে সেটা ভিন্ন কথা। আল্লাহ তা'আলা বলেন, "সুতরাং তোমরা আল্লাহর জন্য উপমা সেট করো না।” [সূরা আন-নাহল, আয়াত: ৭৪] যেভাবে ইচ্ছা সেভাবে নাযিল হন, তাঁর জ্ঞানে, তাঁর ক্ষমতায়, তাঁর বড়ত্বের মাধ্যমে। তিনি সবকিছুকে জ্ঞানে পরিবেষ্টন করে আছেন, তাঁর গুণ বর্ণনাকারী কেউ তার মর্যাদা বর্ণনা করে শেষ করতে পারবে না, কোনো পলায়নকারী পালালেই তাঁর থেকে দূরে চলে যেতে পারবে না। মহান আল্লাহ তিনি।
ইমাম আহমাদের এ কথার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহর নিকটতম আসমানে অবতরণ করা সৃষ্টির কারো অবতরণের মতো নয়। বরং সেটা এমন এক অবতরণ যা তাঁর শক্তি, মহত্ব ও তাঁর সর্বব্যাপী জ্ঞানের সাথে উপযোগী করে নির্ধারণ করতে হবে। সৃষ্টিকুল তাঁকে জ্ঞানে পরিবেষ্টন করতে পারে না, তারা শুধু ততদূর গিয়ে থেমে যায় যতটুকু তিনি তাদেরকে তাঁর সম্পর্কে জানিয়েছেন অথবা তাঁর ব্যাপারে তাঁর রাসূল জানিয়েছেন।
এ জন্যই সালাফে সালেহীন এ ব্যাপারে একমত হয়েছেন যে, এ ভাষ্যগুলোকে যেভাবে এসেছে সেভাবে কোনোরূপ হ্রাস-বৃদ্ধি করা ব্যতীতই চালিয়ে নিতে হবে। তন্মধ্যে যা বুঝতে অসুবিধা হবে, বিবেকের যুক্তি যা ধারণ করতে অক্ষম হবে সেটাকে এ বিষয়ে যে জ্ঞানী তার কাছে সোপর্দ করতে হবে।”¹
টিকাঃ
১. ইবন রাজাব, ফাতহুল বারী (৩/১১৫-১১৮)।

📘 রহমান আরশের উপর উঠেছেন > 📄 জামালুদ্দীন ইবন আবদুল হাদী ইবনুল মাবরিদ (৮০৩ হিজরী)

📄 জামালুদ্দীন ইবন আবদুল হাদী ইবনুল মাবরিদ (৮০৩ হিজরী)


ইমাম ইউসুফ ইবন আবদুল হাদী সহীহ আকীদাহ'র লোক ছিলেন। তিনি সাহাবায়ে কেরাম, তাবে'য়ীন, আসহাবুল হাদীসের আকীদাহ সাব্যস্ত করার জন্যই ইমাম ইবন আসাকির এর বিরোধিতায় 'জাম'উল জুয়ূশ ওয়াদ দাসাকির ফির রাদ্দি 'আলা ইবন আসাকির' গ্রন্থ প্রণয়ন করেন। তাছাড়া তিনি আকীদাহ'র ওপরও গ্রন্থ রচনা করেন, যাতে তিনি তা'ওয়ীল এর বিরোধিতা করেন। তাঁর 'তুহফাতুল উসূল ইলা ইলমিল উসূল' সেটার ওপর প্রমাণবহ। তুহফাতুল উসূল গ্রন্থে আমরা দেখতে পাই, তিনি অধ্যায় বিন্যাস করেছেন,
فصل: الباري سبحانه مختص به العلو دون غيرها من الجهات .....
واتفق أصحابنا أنه فوق السبع سماوات، ويجوز أن يقال هو في السماء لنص الأحاديث على ذلك، والمراد فوقها، قال ابن حامد ومن المتعلق بصفات الذات إثبات الذات في المكان، قال: وقد نص أحمد على ذلك، وهو قول سائر أهل الصلاة، إثبات الذات على العرش، وعلمه بكل مكان....
ولا يختلف أصحابنا أن الله تعالى مستو على عرشه ....
"অধ্যায়, আল্লাহ সুবহানাহু উপরের দিক দ্বারা সুনির্দিষ্ট, অন্য কোনো দিক নয়"।
আর আমাদের মাযহাবের আলেমগণ একমত যে, আল্লাহ সাত আসমানের উপর। তবে এভাবে বলা জায়েয আছে যে, তিনি আসমানে, কারণ হাদীসে এমন শব্দ ব্যবহার করা হয়েছে। অবশ্য তখন উদ্দেশ্য হবে, আসমানের উপরে। ইবন হামেদ বলেন, আল্লাহ তা'আলার সত্তাগত গুণের মধ্যে যা সম্পর্ক রাখে তা হচ্ছে তার জন্য স্থান সাব্যস্তকরণ। তিনি বলেন, ইমাম আহমাদ স্পষ্ট করে তা বলেছেন, আর এটি সকল সালাত আদায়কারীর বক্তব্য, তাঁর সত্তা 'আরশের উপর, তাঁর জ্ঞান সকল জায়গায়। ...
আর আমাদের মাযহাবের আলেমগণের মাঝে দ্বিমত নেই যে, নিশ্চয় আল্লাহ তাঁর 'আরশের উপর আরোহণ করেছেন।"¹
জাম'উল জুয়ূশ গ্রন্থে তিনি ইমাম খুযাইমাহ থেকে বর্ণনা করেন, «من لم يقل إن الله في السماء على العرش استوى ضربت عنقه، وألقيت جثته على مزبلة بعيدة عن البلد حتى لا يتأذى بنتن ريحها أحد من المسلمين ولا من المعاهدين».
"যে কেউ এটা বলবে না যে, আল্লাহ তা'আলা আসমানের উপর 'আরশের উপরে উঠেছেন, তার শাস্তিবিধান করা হবে, তার ঘাড় থেকে মাথা আলাদা করা হবে (মুরতাদ হিসেবে), তার শরীর কোনো ময়লার স্তুপে ফেলে দেয়া হবে, শহরের বাইরে, যাতে কোনো মুসলিম ও সাধারণ অমুসলিম তার দুর্গন্ধ দ্বারা কষ্ট না পায়।"²
এর মাধ্যমে তিনি প্রশাসনিক বিচারের অবস্থা বর্ণনা করেছেন। কারণ কোনো মুসলিমের আল্লাহ সম্পর্কে আকীদাহ বিশ্বাস বিনষ্ট হয়ে গেলে প্রথমে তাকে তা জানাতে হবে, তার সন্দেহ থাকলে দূর করতে হবে, কিন্তু তারপরও যারা তা শুনবে না, ইমাম ইবন খুযাইমার দৃষ্টিতে সে প্রশাসন থেকে মুরতাদ হিসেবে মৃত্যুদণ্ডের শাস্তি প্রাপ্ত হবে। মুসলিমদের কবরস্থানে তাকে দাফন করা হবে না।
তিনি অন্যত্র ইমাম আবুল হাসান আল-আশ'আরী সম্পর্কে বলেন, «قُلْتُ: بَلْ مَذْهَبُهُ التَّأْوِيلُ، وَرَدَّ آيَاتِ الصَّفَاتِ وَالْأَحَادِيثِ بِالتَّأْوِيلِ الْعَقْلِي، فَالْمُعْتَزِلَةُ وَالْجُهْمِيَّةُ صَرَّحُوا بِالنَّفْيِ، وَهُوَ مَوَّهَ عَلَى النَّاسِ، وَحَقِيقَةُ قَوْلِهِ النَّفْيُ الأَنَّهُ أَثْبَتَ الصَّفَاتِ وَتَأَوَّلَهَا وَرَدَّ غَالِبَهَا إِلَى غَيْرِ الظَّاهِرِ مِنْهُ بِحُجَجِهِ الْعَقْلِيَّةِ وَتَرَكَ الأُمُورَ النَّفْلِيَّةَ، وَتَحَلُّ الإِنْصَافِ أَنَّ مَا حَكَاهُ عَنْهُ فِي الاعْتِقَادِ فِيهِ الْخُطَأُ وَالصَّوَابُ وَفِيهِ الْحُسُنِ وَالرَّدِيء».
"আমি বলবো, বরং তার মাযহাব ছিল তা'ওয়ীল বা অপব্যাখ্যা করার; আল্লাহর গুণাবলি সংক্রান্ত আয়াত ও হাদীসসমূহের বিবেকের যুক্তি দিয়ে অপব্যাখ্যা করা; জাহমিয়্যাহ আর মু'তাযিলারা সরাসরি অস্বীকার করেছে, আর তিনি মানুষের উপর নিজের মত লুকানোর কাজ করেছে। তার প্রকৃত কথা হচ্ছে অস্বীকার করা; কারণ আল্লাহর গুণাবলি সংক্রান্ত আয়াতসমূহ সাব্যস্ত করেছে তবে তা'ওয়ীল বা অপব্যাখ্যা করেছে, অধিকাংশকেই তার প্রকাশ্য অর্থের বিপরীতে নিয়ে গেছে, তার নিজের বিবেকের যুক্তির প্রমাণ দিয়ে, কুরআন ও সুন্নাহ'র বিষয়গুলো ছেড়ে দিয়েছে। তার ব্যাপারে ইনসাফের কথা হচ্ছে, তিনি আকীদাহ হিসেবে যা বর্ণনা করেছেন তার মধ্যে ভুল ও সঠিক উভয়টিই আছে, আছে তাতে ভালো ও মন্দ।”³
বস্তুত ইমাম ইউসুফ ইবন আবদুল হাদীর কাছে ইমাম আশ'আরীর জীবনের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিপূর্ণভাবে সালাফে সালেহীনের আকীদায় ফিরে আসার বিষয়টি প্রমাণিত হয়নি, তাই তিনি ইমাম আশ'আরীর বিরোধিতায় এসব কথা বলেছেন। আল্লাহ তাকে ও ইমাম আশ'আরীকে ক্ষমা করুন। আমাদের দেখার বিষয় হচ্ছে, সহীহ আকীদাহ'র প্রতি তার প্রচণ্ড আত্মমর্যাদাবোধ তাকে ইমাম আশ'আরী সম্পর্কে এ কথা বলতে বাধ্য করেছে। তাছাড়া উক্ত গ্রন্থে তিনি অন্য গ্রন্থে ইমাম লালেকাঈ থেকে মু'তাযিলাদের আকীদাহ বর্ণনা করে তা খণ্ডন করেন,
وأنكروا أن يكون الله يدان مع قوله : (لما خلقت بيدي) [ ص: ٧٥] ، وأنكروا أن يكون الله عينان مع قوله: (تجري بأعيننا ) [القمر: ١٤ ] ، ولقوله : ( ولتصنع على عيني) [طه: ٣٩].
ونفوا ما روي عن النبي صلى الله عليه وسلم من قوله: «إن الله ينزل إلى السماء الدنيا ... " ٤ ، فإن قال قائل: قد أنكرتم قول المعتزلة، والقدرية، والجهمية، والحرورية، والرافضة، والمرجئة فعرفونا قولكم الذي تقولون، وديانتكم التي بها تدينون، قيل له : قولنا الذي به نقول وديانتنا التي ندين بها التمسك بكتاب الله وسنة نبيه صلى الله عليه وسلم وما روي عن الصحابة، والتابعين، وأئمة الحديث، ونحن بذلك معتصمون، وبما كان عليه أحمد بن حنبل قائلون.
"আর তারা অস্বীকার করেছে যে আল্লাহর দু'টি হাত রয়েছে, অথচ আল্লাহ বলেন, “যা আমি আমার দু' হাতে সৃষ্টি করেছি” [সূরা সাদ, আয়াত: ৭৫], তারা আরও অস্বীকার করে যে তাঁর দু'টি চোখ রয়েছে, অথচ আল্লাহ বলেন, “সে জাহাজ আমাদের দেখার মাঝে চলছিল।” [সূরা আল-ক্বামার, আয়াত: ১৪], অপর বাণী "আর যাতে আপনি আমার চোখের সামনে গড়ে উঠতে পারেন।” [সূরা ত্বা-হা, আয়াত: ৩৯]
তারা নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে যে "আল্লাহ নিকটতম আসমানে নেমে আসেন" তা অস্বীকার করে। যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে বলে, আপনি তো মু'তাযিলা, কাদরিয়া, জাহমিয়্যাহ, হারুরিয়া, রাফেদ্বা, মুরজিয়াদের বক্তব্য অস্বীকার করলেন, তাহলে আমাকে জানান আপনার বক্তব্য কী? আপনি কী আকীদাহ পোষণ করেন? তাকে বলা হবে, আমাদের আকীদাহ-বিশ্বাস যা আমরা বলে থাকি, আর যা দীন হিসেবে আমরা গ্রহণ করে থাকি, তা হচ্ছে আল্লাহর কিতাব ও নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আঁকড়ে থাকা, আরও আঁকড়ে থাকা যা সাহাবায়ে কেরাম থেকে এসেছে, তাবে'য়ীনদের কাছ থেকে এসেছে, হাদীসের ইমামগণের কাছ থেকে বর্ণিত হয়েছে, আমরা সেটাকে কঠোরভাবে ধরে রাখি আর যার ওপর ইমাম আহমাদ ইবন হাম্বল ছিলেন সেটাকেই বলে থাকি।”⁵
মোটকথা, ইবনুল মাবরিদ তাঁর সকল গ্রন্থেই আল্লাহ তা'আলার জন্য সকল গুণাবলি সাব্যস্ত করেছেন। তন্মধ্যে তাঁর 'আরশের উপরে উঠা এবং 'আরশের উপর থাকার বিষয়টি বিশেষভাবে বর্ণনা করেছেন।
টিকাঃ
১. তুহফাতুল উসূল পাণ্ডুলিপি পাতা, ২৩-২৪।
২. [ইউসুফ ইবন আবদুল হাদী, জাম'উল জুয়ুশি ওয়াদ দাসাকির, পৃ. ৯৪]
৩. জাম'উল জুয়শি ওয়াদ দাসাকির, পৃ. ১৪৪।
৪. জাম'উল জুয়ুশি ওয়াদ দাসাকির, পৃ. ১৪৪।
৫. জাম'উল জুয়ুশি ওয়াদ দাসাকির, পৃ. ১৪৪।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00