📘 কুরআন সংকলনের ইতিহাস > 📄 ইহুদি-বিশেষজ্ঞ হলেই কি যেকোনো ইহুদি-সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণা করা যায়?

📄 ইহুদি-বিশেষজ্ঞ হলেই কি যেকোনো ইহুদি-সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণা করা যায়?


এ-পর্যন্ত আমরা দুটি ঘটনা দেখেছি, যেখানে ইহুদি-বিদ্বেষের অভিযোগ তুলে যোগ্যতাসম্পন্ন বিশেষজ্ঞদের ইহুদিদের বিষয়াবলি নিয়ে গবেষণা করা থেকে প্রত্যাহার করা হয়েছে; কিন্তু এবার খোদ ইহুদি বিশেষজ্ঞদের অবস্থা সম্পর্কে জানা যাক। স্পর্শকাতর বিষয়গুলো ক্ষেত্রে অনুসন্ধান চালানোর জন্য তাদের কি যোগ্যতাসম্পন্ন মনে করা হয়?
১৯৪৭ সাল থেকে ডেড সি স্ক্রোলগুলো আবিষ্কার হওয়া শুরু হয়। প্রধান সম্পাদনা দল ১৯৫০ সালের শেষভাগে পুরো টেক্সটের প্রতিলিপিকরণ (পূর্ণ নির্ঘণ্টসহ) সম্পন্ন করলেও সেগুলো গোপন থাকে। এমনকি এর অস্তিত্ব সম্পর্কেও জানত না কেউ। চল্লিশ বছর লাগিয়ে তারা টেক্সটের মাত্র ২০ শতাংশ প্রকাশ করে। ২৫ বছর পর Biblical Archaeology Review-এর সম্পাদক হার্শেল শ্যাংকস Israel Antiquities Department (IAD) এর কাছে নির্ঘণ্ট চেয়ে চাপ সৃষ্টি করেন; কিন্তু এ-ব্যাপারে কিছুই জানেন না বলে তাকে অবগত করেন সেখানকার পরিচালক।[১] পরে অ্যাকাডেমিক মহল থেকে একটি প্রতিরূপ সংস্করণের জন্য চাপ প্রদান করা হয়। তথাপি স্ক্রোল সম্পাদকরা তাদের একরোখা নীতি অব্যাহত রাখেন, যাতে অনুসন্ধানের ওপর তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ বহাল থাকে।[২]
লাগাতার সমালোচনার ফলে IAD-এর পরিচালক জেনারেল আমির দ্রোরি ১৯৯১ সালের সেপ্টেম্বরে গড়িমসি করে একটি প্রেস রিলিজ প্রকাশ করেন। ক্রোলের ছবিগুলো সীমিত পরিসরে উন্মুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় তাতে।[৩]
যে কারও জন্য টেক্সট উন্মুক্ত করে দিলে এর 'প্রকৃত ব্যাখ্যা' হুমকির মুখে পড়ার সম্ভাবনা থেকে যায় বলে জেনারেল দ্রোরি ঘোষণা করেন... পূর্বেও অপ্রকাশিত টেক্সটের গোপনীয়তা রক্ষার জন্য এই জোটের মরণপণ চেষ্টা ছিল দেখার মতো। তাদের জ্ঞান নিয়ে প্রশ্ন করার দুঃসাহস করলে কঠিন রকমের তাচ্ছিল্য জোটার ব্যাপারটিও চোখে বাজে।[৪]
পর্ষদের একজন জ্যেষ্ঠ সম্পাদক, নটর ডেম ইউনিভার্সিটির ইউজিন উলরিখ বলেন, 'সেস্ক্রালের সম্পাদনা নিয়ে মূলত দেরি নয়; বরং অযথা তাড়াহুড়ো করে ক্ষতি করা হয়েছে।'[৫] কোনো গড়পড়তা অধ্যাপক এই সম্পাদনা পর্ষদের কাজকে মূল্যায়ন করার যোগ্য নন বলে দাবি করেন তিনি। অর্থাৎ বরাবরের মতো শুধু তাদের নির্ধারিত সম্পাদক এবং তাদের ছাত্ররাই এর যোগ্য বলে তারা বিশ্বাসী।
Scientific American ম্যাগাজিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে (প্রধান সম্পাদক) বলেছেন, অপ্রকাশিত স্ক্রোলগুলো নিরীক্ষা করে দেখার জন্য অক্সফোর্ডের শিক্ষক গেজা ভারমেস 'যোগ্য' নন। কারণ তিনি এরকম ভারী কাজ আগে করেননি।
উল্লেখ করা জরুরি, ডেড সি ক্রোলের ওপর বেশ কয়েকটি গ্রন্থ রচনা করে ভারমেস ভালোরকমের প্রশংসা কুড়িয়েছেন। বহুল ব্যবহৃত পেঙ্গুইন সংস্করণ The Dead Sea Scrolls in English এর মধ্যে উল্লেখযোগ্য। বর্তমানে এটির তৃতীয় সংস্করণ বাজারে চলমান। Scientific American-এর হয়ে সাক্ষাৎকারগ্রহণকারী তাই অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে ছিলেন: 'একজন অক্সফোর্ডের অধ্যাপক অযোগ্য?' আমরাও একইরকম বিস্মিত।[৬]
অবিশ্বাস তৈরি হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ প্রকৃত প্রশ্ন যোগ্যতা নিয়ে নয়। উদ্দেশ্য আসলে ‘প্রকৃত ব্যাখ্যা’র দড়িটা নিজেদের হাতে রাখা। পরিকল্পনা অনুযায়ী তাই অ্যাকাডেমিকদের দূরে রাখা আবশ্যক। তারা ইহুদী-অইহুদী নির্বিশেষে সকল প্রকার গবেষণাকে অস্বীকার এবং অবজ্ঞা করে গেছে এক বিশেষ উদ্দেশ্যে। পক্ষপাতিত্বের এর চেয়ে স্পষ্ট উদাহরণ আর কী হতে পারে? [৭]
ইহুদীদের স্পর্শকাতর বিষয়বস্তু ও গবেষণাকর্ম থেকে বিপরীত মতাদর্শধারী গবেষকদের বাদ দেওয়ার (জীবিতদের শারীরিকভাবে, মৃতদের অ্যাকাডেমিকভাবে) তিনটি উদাহরণ তুলে ধরা হলো মাত্র। শুধু যুদ্ধ-পরবর্তী ইউরোপ ও আমেরিকাতেই এরকম উদাহরণ আছে আরও ডজন ডজন। গবেষণার বিষয়বস্তুর ওপর তাদের প্রসিদ্ধি কিংবা দক্ষতা কোনোকিছুই এক্ষেত্রে দেখা হয়নি। শুধু বিশ্বাসের অমিলের ভিত্তিতেই তাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে। একই দৃষ্টিভঙ্গি মুসলিমদের ক্ষেত্রে কতটুকু খাটানো হয়েছে?

টিকাঃ
১. Hershel Shanks, 'Scholars, Scrolls, Secrets and "Crimes", New York Times, ? September 1991, appeared as figure 18 in Eisenman and Robinson. A Facsimile Edition of the Dead Sea Scrolls, Publisher's Forward, First printing, 1991, p. xli. উল্লেখ্য, দ্বিতীয় (এবং সম্ভবত পরবর্তী সকল) প্রকাশে এগুলো সব বাদ দেওয়া হয়েছে।
২. A Facsimile Edition of the Dead Sea Scrolls, Publisher's Forward, p. xxi.
৩. ibid, p. xii.
৪. ibid, p. xiii.
৫. ibid, p. xiv.
৬. ibid, p. xiv.
৭. পূর্ববর্তী সকল উদ্ধৃতি গ্রন্থটির প্রথম প্রকাশ থেকে সংগ্রহ করা হয়েছে; কিন্তু দ্বিতীয় প্রকাশ থেকে সেগুলো সরিয়ে দেওয়া হয়। ১৯৯১ সালে The Biblical Archaeological Society সফলতার সাথে A Facsimile Edition of the Dead Sea Scrolls প্রকাশ করে। ফলে বেশ প্রশংসার পাশাপাশি স্ক্রোল সম্পাদকদের বিরোধিতার মুখোমুখিও হতে হয়। দ্বিতীয় প্রকাশে হার্শেল শ্যাংকসের ৩৬ পৃষ্ঠার মূল মুখবন্ধ কমে মাত্র ২ পৃষ্ঠায় পরিণত হওয়া দেখে আমি কেবল হতবিহ্বল হয়ে যাই। বাদ দেওয়ার কারণ হিসেবে কোনো প্রকার সংগত নোটও যুক্ত করা হয়নি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00