📄 টিকে থাকা ৩১টি মেসোরীয় টেক্সট
মধ্যযুগের শুরুর সময়কার স্বরচিহ্নহীন হিব্রু বাইবেলে উচ্চারণ ও স্বorচিহ্ন যুক্ত করার ফলাফল হলো মেসোরীয় টেক্সট। মেসোরীয় রীতিতে (আংশিক/পূর্ণাঙ্গভাবে) লেখা মোট হিব্রু বাইবেলের সংখ্যা সর্বসাকুল্যে ৩১টি। নবম শতাব্দীর শেষ ভাগ থেকে একাদশ খ্রিষ্টাব্দের মধ্যে এগুলো লেখা হয়।[১] Biblia Hebraica (BHK), Biblia Hebraica Stuttgartensia (BHS) উভয়টিতেই M-চিহ্ন দ্বারা মেসোরীয় পাঠ্য বোঝানো হয়েছে।[২] ওল্ড টেস্টামেন্টের এই সংস্করণগুলো অত্যন্ত সমাদৃত। দুটিই একই পাণ্ডুলিপি থেকে প্রাপ্ত টেক্সটের প্রতিনিধিত্ব করে—B 19A, the Saltykov-Shchedrin State Public Library of St. Petersburg, 1008 C.E.[৩]
তারিখ বসানোর ধরন লেনিনগ্র্যাড কোডেক্সের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। পাণ্ডুলিপিটির শুরুতেই আছে এর প্রকাশনা সংক্রান্ত প্রচুর তথ্য। তাতে পাণ্ডুলিপি অনুলিখনের তারিখ উল্লেখ করা পাঁচটি ভিন্ন ভিন্ন যুগের। 'সৃষ্টি' অংশটি ৪৭৭০ সালের, 'রাজা জেহোইয়াশিনের নির্বাসন' ১৪৪৪ সালের, 'গ্রিক শাসন' অংশটি ১৩১৯ এর, 'জেরুসালেমের দ্বিতীয় মন্দির ধ্বংস' ৯৪০, এবং 'হিজরাহ” ৩৯৯ এর। মাস হচ্ছে সিওয়ান।
চিত্র : লেলিনগ্র্যাড কোডেক্সের একটি পৃষ্ঠা। এখানে আদিপুস্তকের ১২ : ১ বি থেকে ১৩: ৭ এ পর্যন্ত বর্ণিত আছে। অধ্যায় এবং শ্লোকের মধ্যে পার্থক্য চিহ্নের অনুপস্থিতি লক্ষণীয়।
এদিকে উয়ের্থওয়াইনের দাবি অনুযায়ী, 'শ্লোক-মধ্যবর্তী পার্থক্য চিহ্নের প্রচলন ইতোঃপূর্বে তালমুদীয় আমলেই উপস্থিত ছিল। ব্যাবিলনীয় এবং ফিলিস্তিনি রীতি একে অপরের চেয়ে ভিন্ন।'[৪] অথচ তালমুদীয় আমলের বহু শতাব্দীর পর একাদশ শতাব্দীর এই কোডেক্সে কিন্তু কোনো পার্থক্য চিহ্ন পাওয়া যায় না। উয়ের্থওয়াইনের দাবিরও তাই আর কোনো ভিত্তি রইল না। যা হোক, 'স্টিফেন ল্যাংটনের (১১৫০-১২২৮) অধ্যায় পার্থক্যকারী পদ্ধতির অনুসরণে চতুর্দশ শতাব্দীতে ল্যাটিন ভালগেট থেকে হিব্রু পান্ডুলিপিগুলো তৈরি করা হয়।[৫] এর পাশাপাশি, অধ্যায়ের উপবিষয় হিসেবে শ্লোক পার্থক্যের জন্য সংখ্যার ব্যবহার ষোড়শ শতাব্দীর আগে প্রচলিত ছিল না।[৬]
ওল্ড টেস্টামেন্টের বয়সের বিচারে লেলিনগ্র্যাড কোডেক্স নিতান্তই নতুন। পুরো ওল্ড টেস্টামেন্টের সবচেয়ে পুরোনো হিব্রু পান্ডুলিপি এই কেবল দশম শতাব্দী আমলের।[৭]
'প্রথম ও দ্বিতীয় খ্রিষ্টীয় শতকজুড়ে বেশ কিছু আদি হিব্রু পাণ্ডুলিপি অনাবিষ্কৃত অবস্থায় ছিল। এর ভেতর কোনো কোনোটা খ্রিষ্টীয় যুগেরও আগের। সেগুলো ইহুদার বিভিন্ন মরুগুহায়... মৃত সাগরের নিকটবর্তী অঞ্চলে প্রায় দুই সহস্রাব্দ পর্যন্ত অজ্ঞাত অবস্থায় থাকে। ১৯৪৭ সাল থেকে এগুলো একে একে আবিষ্কার হওয়া শুরু করে।'[৮]
ওল্ড টেস্টামেন্টের প্রায় সবগুলো অধ্যায়ই এগুলোতে খণ্ড খণ্ড আকারে পাওয়া যায়; কিন্তু একটি পরিপূর্ণ ওল্ড টেস্টামেন্টের জন্য পণ্ডিত মহল আজ পর্যন্ত সেই দশম শতাব্দী ও তৎপরবর্তী পাণ্ডুলিপিগুলোর ওপর নির্ভরশীল।[৯]
টিকাঃ
১. Oxford Companion to the Bible, p. 500.
২. ibid, p. 501.
৩. ibid, p. 10. A facsimile of this manuscript has recently been published: The Leningrad Codex: A Facsimile Edition, William B. Eerdmans Publishing Company, Grand Rapids, Michigan, 1998.
৪. ibid, p. 11
৫. ibid, p. 21
৬. ibid. p. 21.
৭. ibid. p. 21. আরও নির্ভুলভাবে বললে এটি ১১শ শতকের শুরুর দিকের হতে পারে, যেহেতু এতে (লেলিনগ্রাড কোডেক্স) অনুলিখনের তারিখ উল্লেখ করা ১০০৮ খ্রিষ্টাব্দ (ibid, p. 10).
৮. Wuerthwein, p. 11.
৯. ibid. pp. 10-11.