📘 কুরআন সংকলনের ইতিহাস > 📄 ২০ লক্ষ হিজরতকারী

📄 ২০ লক্ষ হিজরতকারী


মিশর ছেড়ে হিজরতের এক বছর পর মুসা এবং হারুন মিলে ৬,০৩,৫৫০ জন ইহুদির একটি তালিকা তৈরি করেন। [১] তারা সবাই ছিলেন কমপক্ষে বিশ বছর বয়সি এবং যুদ্ধের উপযোগী। লেবি গোত্র এবং সকল নারীকে এই তালিকার বাইরে রাখা হয়। বৃদ্ধ এবং বিশ বছরের কম কাউকে গণনা করা হয়নি। তাদেরকেও হিসেবের অর্ন্তভুক্ত করে ওল্ড টেস্টামেন্ট থেকে প্রাপ্ত তথ্যকে কাজে লাগিয়ে প্রায় বিশ লক্ষ ইহুদি জনসংখ্যার ধারণা পাওয়া যায়।
সংখ্যায় মাত্র সত্তরজন নিয়ে সদ্য মিশরে প্রবেশ করা একটি গোষ্ঠী কীভাবে ২১৫ বছরের মধ্যে এরকম হাজার হাজার গুণ বৃদ্ধি পেল, সেই প্রশ্নটি আমি পাঠকের কল্পনার ওপর ছেড়ে দিলাম। তাও আবার এমন রাজ্যে, যেখানে আট দশক ধরে ছেলেশিশুদেরকে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিহ্ন করা হচ্ছিল। অথচ আজকের দিনের ওল্ড টেস্টামেন্ট এমন কথাই জানাচ্ছে আমাদের।

টিকাঃ
১. গণনা পুস্তক ১: ২০-৪৬

📘 কুরআন সংকলনের ইতিহাস > 📄 বিধি-ফলক এবং স্বর্ণের বাছুর

📄 বিধি-ফলক এবং স্বর্ণের বাছুর


সিনাই পর্বতে গিয়ে মুসা ৪০ দিন পর্যন্ত প্রার্থনামগ্ন ছিলেন, 'সিনাই পাহাড়ে মোশির সঙ্গে কথাবার্তা শেষ করে প্রভু পরমেশ্বর মোশিকে দশ অনুশাসন খোদিত দুটি প্রস্তর ফলক দিলেন। ঈশ্বর স্বয়ং প্রস্তর ফলক দুটিতে দশ অনুশাসন খোদিত করে দিয়েছিলেন।'[১]
'পাহাড় থেকে মোশির নেমে আসতে দেরি হচ্ছে দেখে ইসরায়েলিরা জোট বেঁধে হারোণের কাছে গিয়ে বলল, আপনি আমাদের জন্য একজন দেবতা তৈরি করে দিন, যিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবেন, কারণ মোশি, যিনি আমাদের মিশর থেকে নিয়ে এসেছিলেন, তার কী হয়েছে আমরা জানি না। হারোণ তাদের বললেন, তোমাদের স্ত্রী ও ছেলেমেয়েদের কানে যে সোনার মাকড়িগুলো রয়েছে সেগুলি খুলে আমার কাছে নিয়ে এস। ইসরায়েলিরা সকলেই তখন সোনার মাকড়িগুলো খুলে হারোণের কাছে নিয়ে এল। তিনি তাদের কাছ থেকে ঐগুলো নিয়ে ছাঁচে ঢালাই করে, একটি সোনার গোবৎস তৈরি করলেন। লোকে তখন বলতে লাগল, হে ইসরায়েলকুল! ইনিই হচ্ছেন তোমাদের দেবতা যিনি মিশর থেকে উদ্ধার করে এনেছেন। এই সব দেখে হারোণ সেই মূর্তির সামনে একটি বেদি নির্মাণ করে দিলেন এবং ঘোষণা করলেন, আগামীকাল প্রভু পরমেশ্বরের সম্মানে উৎসব হবে। পরের দিন ইসরায়েলিরা ভোরে উঠে হোম, স্বস্ত্যয়ন ও বলি উৎসর্গ করল। তারপর তারা পানাহার ও উচ্ছৃঙ্খল আনন্দে উন্মত্ত হয়ে উঠল।'[২]
ঈশ্বরের প্রতি বনি-ইসরাইলের চরম অকৃতজ্ঞতার এক ধ্রুপদি উদাহরণ এই ঘটনা। অথচ সদ্যই ঈশ্বর তাদের জন্য সাগর দুভাগ করে দীর্ঘ দাসজীবনের অবসান ঘটিয়েছেন। এমন অনবরত অবাধ্যতার জন্য তাই তিনি শাস্তি দিতে উদ্যত হন; কিন্তু শেষ মুহূর্তে তিনি ‘...তাঁর সংকল্প পরিবর্তন করলেন। তাঁর প্রজাদের অনিষ্ট সাধন তোকে অনুতপ্ত হলেন।[৩]
ঈশ্বর এখানে পাপাচারী মানুষের মতো অনুতপ্ত হচ্ছেন! ওল্ড টেস্টামেন্টের এই বর্ণনাগুলো হজম করা বড় মুশকিল।

টিকাঃ
১. যাত্রাপুস্তক ৩১:১৮; এখানে ঈশ্বর প্রদত্ত ১০টি অনুশাসনের (Ten Commandments) কথা বলা হচ্ছে।
২. যাত্রাপুস্তক ৩২:১-৬
৩. যাত্রাপুস্তক ৩২: ১৪; এখানে ইংরেজি King James Version বাইবেলে 'Repented' (অনুতপ্ত হন) শব্দটি ব্যবহার করা হয়েছে।

📘 কুরআন সংকলনের ইতিহাস > 📄 মরুভূমিতে ঘুরে ফেরা

📄 মরুভূমিতে ঘুরে ফেরা


মরুভূমির জীবনে ইহুদিরা প্রায়ই মুসাকে পাথর মেরে হত্যা করতে চাইত। পাশাপাশি তার প্রতি ক্রমশ ঈর্ষাপরায়ণ হতে থাকে হারুন এবং মিরিয়াম। ফলে তারা মুসার বিরুদ্ধাচারণ শুরু করে—
'এই আক্রমণের কারণে প্রভু রাগান্বিত হয়ে যান এবং মিরিয়াম কুষ্ঠ রোগাক্রান্ত হয়ে পড়ে। মুসা তার জন্য ক্ষমা চেয়ে প্রার্থনা করেন এবং মরুভূমিতে সাতদিন শিবিরের বাইরে আলাদা থাকার পর সে সুস্থ হয়ে যায়। তবে আশ্চর্যজনকভাবে হারুন তার পবিত্র পদের জন্য হয়তো কোনো শাস্তি ভোগ করল না।'[১]
লেবীয় গোত্রের কোরাহও পরবর্তী সময়ে দাথন ও অবীরামের সাথে একত্র হয়ে বিদ্রোহ সৃষ্টি করে। আরও আড়াইশ নেতৃস্থানীয় ব্যক্তি জোটবদ্ধ হয় মুসা এবং হারুনের বিরুদ্ধে।[২]
এই উদ্দেশ্যহীন চরে বেড়ানোর শেষের দিকে জর্ডানের কাছাকাছি এসে মুসা সবাইকে একত্র করেন। নিয়ম-নীতি এবং সংবিধানের বিস্তারিত বর্ণনা করে দেন সবাইকে।[৩]
'মোশি তাদের নির্দেশ দিলেন প্রত্যেক সপ্তম বৎসরে মুক্তিবর্ষে কুটিরবাস পর্বের সময় সমগ্র ইসরায়েল জাতি যখন তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মনোনীত স্থানে তাঁর সম্মুখে উপস্থিত হবে তখন তোমরা ইসরায়েলিয়দের সকলের সামনে এই বিধান পড়ে শোনাবে। নারী, পুরুষ, বালক-বালিকা এবং তোমাদের নগরে বসবাসকারী বিদেশি সকলকে ডেকে তোমরা একত্র করবে যেন তারা এই বিধান শুনে শিক্ষা লাভ করে, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে শ্রদ্ধা করে এবং এই বিধিব্যবস্থার সমস্ত নির্দেশ সযত্নে পালন করে। তাদের সন্তান-সন্ততি যারা এগুলো জানে না, তারাও যেন শুনতে পারে এবং জর্ডান পার হয়ে তোমরা যে দেশ অধিকার করতে যাচ্ছ, সেই দেশে তারা যতদিন বসবাস করবে ততদিন যেন তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে শ্রদ্ধা করতে শেখে।'[৪]
কিন্তু প্রতি সপ্তমবর্ষে বিধান পড়ে শোনানোর এই চর্চার কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায় না। রাজনৈতিক পরিস্থিতি এর একটি কারণ হতে পারে।[৫] মুসা আলাইহিস সালামের নামে যেসকল পুস্তক পাওয়া যায়, সেগুলোও কয়েক শতাব্দী পার হয়ে যাওয়ার পর রচিত। এ সম্পর্কে আমরা পরবর্তী অধ্যায়ে জানব।
যা হোক, কিছুকাল পরেই ইন্তেকাল করেন মুসা আলাইহিস সালাম। চার দশক আগে সাগর পাড়ি দিয়ে আসা প্রজন্মের বেশির ভাগই তখন আর নেই। মুসা আলাইহিস সালামের উত্তরাধিকারী হিসেবে জিহোশুয় (Joshua) তাদের নেতৃত্ব দিয়ে কেনানের দিকে অগ্রসর হয়। জর্ডান নদী পাড়ি দিয়ে তারা জিরিহো (Jericho) এবং অন্যান্য নগরীর ওপর বিজয় লাভ করে।[৬]

টিকাঃ
১. Who's Who, i: 285.
২. গণনা পুস্তক ১৬: ৩
৩. Josephus, Antiq., Book 4, Ch. 8.
৪. দ্বিতীয় বিবরণ ৩১ : ১০-১৩
৫. অধ্যায় ১৫.১.ii দ্রষ্টব্য
৬. James Hastings, D. D., Dictionary of the Bible (Second Edition), T. & T. Clark. Edinburgh, 1963, p. 433. Cited thereafter as Dictionary of the Bible.

📘 কুরআন সংকলনের ইতিহাস > 📄 বিচারপতিদের যুগ-ঐশ্বরিক সিন্দুক হারানো

📄 বিচারপতিদের যুগ-ঐশ্বরিক সিন্দুক হারানো


ফিলিস্তিনিদের সাথে যুদ্ধের প্রস্তুতি নেয় ইসরায়েলিরা। তাই ইহুদি নেতারা ঐশ্বরিক বিধানসহ চুক্তি সিন্দুকটি শিলোহ মন্দির থেকে স্থানান্তরিত করে সৈন্যবহরের সাথে প্রেরণের সিদ্ধান্ত নেয়; কিন্তু সিন্দুকটি শেষমেশ শত্রুপক্ষের হস্তগত হয় এবং শিলোহ মন্দিরও ধ্বংস হয়।[১]

টিকাঃ
১. Dictionary of the Bible, p. 434.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00