📄 আব্রাহামের পুত্র ইশমায়েল (ইসমাইল) এবং আইজ্যাকের (ইসহাক) জন্ম
'আব্রামের[১] স্ত্রী সারী ছিলেন নিঃসন্তান। হাজার নামে তার একজন মিশরি দাসী ছিল। আব্রামকে বললেন, দেখ, প্রভু পরমেশ্বর আমাকে সন্তান ধারণ করতে দেননি, তাই দয়া করে তুমি আমার এই দাসীকে গ্রহণ কর, হয়তো তার দ্বারাই আমি সন্তান লাভ করতে পারব। আব্রাম সারীর কথায় সম্মত হলেন। কেনান দেশে দশ বছর বাস করার পর আব্রামের স্ত্রী সারী তার মিশরি দাসী হাজারের সঙ্গে তার স্বামী আব্রামের বিবাহ দিলেন।' [২]
'তারপর যথাসময়ে হাজারের একজন পুত্রসন্তান জন্মগ্রহণ করল, আব্রাম হাজারের গর্ভজাত সেই পুত্রের নাম রাখলেন ইশমায়েল।'[৩]
'ঈশ্বর আব্রাহামকে আরও বললেন, তুমি তোমার স্ত্রী সারীকে আর সারী বলে ডাকবে না। তার নাম হবে সারা। আমি তাকে আশীর্বাদ করব, সে হবে বহুজাতির আদিমাতা এবং তার থেকে উৎপন্ন হবে প্রজাকুলের নৃপতিবৃন্দ।
আব্রাহাম তখন উপুড় হয়ে মাথানত করলেন ও হাসলেন। তিনি মনে মনে বললেন, একশ বছর বয়স যার, সেই বৃদ্ধের কি সন্তান হবে? নব্বই বছরের বৃদ্ধা সারা কি সন্তান প্রসব করবে? আব্রাহাম ঈশ্বরকে বললেন, তোমার অনুগ্রহে ইশমায়েলই বেঁচে থাকুক। ঈশ্বর বললেন, কিন্তু তোমার স্ত্রী সারা অবশ্যই পুত্রের জননী হবে, তুমি তার নাম রেখ ইসহাক। আমি তার সঙ্গে চুক্তি স্থাপন করব এবং তার ভাবী বংশধরদের সঙ্গে তা হবে চিরস্থায়ী চুক্তি।' [৪]
টিকাঃ
১. আদিপুস্তক অনুযায়ী ঈশ্বরের সাথে কথা বলার পর 'আব্রাম'-এর নাম 'আব্রাহাম' হয়ে যায়।
২. আদিপুস্তক ১৬ ১-৩; উল্লেখ্য, মূল গ্রন্থে লেখক King James Version থেকে উদ্ধৃত করেছেন। বাংলা অনুবাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে বাইবেল সোসাইটি অব ইন্ডিয়া থেকে প্রকাশিত পবিত্র বাইবেল অনুসরণ করা হয়েছে।- অনুবাদক
৩. আদিপুস্তক ১৬: ১৫-১৬
৪. আদিপুস্তক ১৭: ১৫-২০
📄 ইসহাককে একমাত্র বৈধ এবং ঔরসজাত সন্তান বানানোর প্রচেষ্টা
প্রথম শতাব্দীর ইহুদি ইতিহাসবিদ জোসেফাসের লেখার ধরণ খেয়াল করুন, ‘আব্রাহামের বৈধ সন্তান আইজ্যাক (ইসহাক)’। এরপর আবার বলেছেন, ‘একমাত্র ঔরসজাত সন্তান এবং শেষ বয়সে ঈশ্বরের উপহার হিসেবে আইজ্যাককে আব্রাহাম অনেক ভালোবাসতেন। [১]
জোসেফাস কি তাহলে ইসমাইল আলাইহিস সালামকে অবৈধ সন্তান বলতে চাচ্ছেন? অথচ আদিপুস্তক ১৬: ৩ অনুযায়ী সারা নিজেই তার স্বামীকে বিয়ে দিয়েছিলেন হাজারের সাথে। তিন পৃষ্ঠা পর্যন্ত বাইবেলে পুত্র ইসমাইল আলাইহিস সালামের বর্ণনা দেওয়া হয়েছে; কিন্তু ঔরসজাত সন্তান হিসেবে জোসেফাস বলছেন শুধু ইসহাকের নাম।
ইসহাক আলাইহিস সালামের বংশধরদের থেকে শুরু করে তাদের একের পর এক প্রতারণার ঘটনা পাওয়া যায় বাইবেলে। অথচ তারা ছিল আল্লাহর মনোনীত জাতি। আল্লাহর সাথে যাদের চুক্তি হয়েছে, তাদের আদিপিতারাই তাঁর নির্দেশনার প্রতি কর্ণপাত করেনি। ফলে এসব বাইবেলীয় চরিত্রের প্রতি পাঠকের মনে অনাস্থা জন্ম নেওয়া অস্বাভাবিক কিছু নয়।
টিকাঃ
১. Josephus, Antiq., Book 1, Ch. 13, No. 1 (222)
📄 নিজের পিতার সাথে জ্যাকবের (ইয়াকুব) প্রতারণা
দীর্ঘ সময় সন্তানহীন থাকার পর রেবেকা (ইসহাকের স্ত্রী) দুজন যমজ সন্তান ধারণ করেন। তার গর্ভ থেকে প্রথমে জন্ম নেয় এষৌ। সে তার বাবার স্নেহ লাভ করে। এদিকে রেবেকার প্রিয় সন্তান জ্যাকব। একদিন এষৌ শিকার শেষে ক্লান্ত শরীরে জ্যাকবের কাছে ডালের ঝোল খেতে চায়; কিন্তু তিনি এর বিনিময়ে এষৌকে ‘প্রথম সন্তান’ হওয়ার অধিকার ছেড়ে দিতে বললে এষৌ এক পর্যায়ে তাতে সম্মত হয়।[১]
এরপর একদিন রেবেকা এবং জ্যাকব মিলে আইজ্যাককে (ইসহাক) ধোঁকা দেওয়ার পরিকল্পনা করে। তাদের চক্রান্তের ফলে জ্যাকবকে আইজ্যাক এষৌ মনে করে আশীর্বাদ করলেন, ‘জাতিবৃন্দ তোমার দাস্যবৃত্তি করবে, জাতিবৃন্দ করবে প্রণিপাত তোমার কাছে। জাতিবর্গের ওপর তুমি কর্তৃত্ব করবে, তোমার সহোদরগণ হবে তোমার অধীন।’[২]
টিকাঃ
১. আদিপুস্তক ২৫: ২৯-৩৪
২. আদিপুস্তক ২৭: ১-২৯
📄 শ্বশুর হয়ে জামাইয়ের সাথে প্রতারণা
চক্রান্ত করে এযৌর প্রাপ্য আশীর্বাদ জ্যাকব চুরি করায় ভাইয়ের ওপর সে প্রতিশোধ নিতে উদ্যত হয়। তাই জ্যাকবকে রেবেকা হারান অঞ্চলে প্রেরণ করে তার ভাই লাবানের কন্যাকে বিয়ে করে সেখানে বাস করার উদ্দেশ্যে। হারানে পৌঁছে সে লাবানের কন্যা রাহেলকে[১] ভালোবেসে ফেলে তাকে বিয়ে করতে চায়; কিন্তু তার আগে তাকে সাত বছর মামার জন্য কাজ করার শর্তে রাজি হতে হয়। অবশেষে সাত বছর পর বিয়ে হয়; কিন্তু অন্ধকারে স্ত্রীর সাথে রাত কাটানোর পর পরদিন সকালে সে হতবিহ্বল হয়ে যায়। কারণ মামা তাকে রাহেলের স্থলে আরেক মেয়ে লেয়ার সাথে বিয়ে দেন।
প্রায় সপ্তাহকাল পরে রাহেলের সাথেও তার বিয়ে হয় আরও সাত বছর কাজ করার শর্তে। অবশেষে লাবানের বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় তার দুই স্ত্রী, দুজন দাসী, এগারজন পুত্র এবং একটি কন্যা সন্তান সফরসঙ্গী হিসেবে যোগদান করে।[২] বাড়ি ছেড়ে যাওয়ার আগে পিতার দেবমূর্তিগুলো চুরি করে রাহেল। লাবান তাই ক্ষিপ্ত হয়ে তাদের খুঁজে বের করে মূর্তিগুলো সন্ধান করতে লাগে; কিন্তু রাহেল সেগুলো উটের পিঠে থলিতে রেখে এর ওপর বসে থাকে। লাবান তাই কিছুই খুঁজে পায় না।[৩]
ঈশ্বরের সাথে চুক্তিবদ্ধ জাতি এভাবেই আগলে রাখে দেবমূর্তিগুলোকে।
টিকাঃ
১. আদিপুস্তক ২৯ : ১-৭
২. আদিপুস্তক ৩১
৩. আদিপুস্তক ৩১: ১৯-৩৫