📘 কুরআন সংকলনের ইতিহাস > 📄 ইসনাদের বিস্তার

📄 ইসনাদের বিস্তার


প্রাথমিক যুগে ইসনাদের বিস্তার একটি বিস্ময়কর ইতিহাস। প্রথম যুগে কোনো সাহাবির কাছে যদি একটি হাদিস থাকে, তাহলে পরের প্রজন্মে অন্তত দু-তিনজন থেকে ১০ জন শিক্ষার্থী পাওয়া যাবে এ বর্ণনার সাক্ষী হিসেবে। এভাবে পঞ্চম প্রজন্মে এসে একই বিষয়ের ওপর বিভিন্ন মাধ্যমে পাওয়া যাবে ইসলামি বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ৩০/৪০ জন বর্ণনাকারী। এদের মধ্যে এমনও পাওয়া যাবে, যারা একাধিক সূত্রে ঘটনা বর্ণনা করেছেন। সব হাদিসের বিস্তৃতি একরকম নয়। কোনো হাদিসের ক্ষেত্রে অনেক সময় পুরো প্রজন্মে একজন বর্ণনাকারী পাওয়া যায়। তবে এটি খুবই দুর্লভ।[১] সালাত-সংক্রান্ত একটি হাদিস দেখানো যাক।[২]
আবু হুরাইরা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—'ইমাম নির্ধারণ করা হয়েছে অনুসরণের জন্যই। তাই যখন তিনি তাকবির বলেন, তখন তোমরাও তাকবির বলবে, যখন তিনি রুকু করেন, তখন তোমরাও রুকু করবে। যখন তিনি ওঠেন, তখন তোমরাও উঠবে। তিনি যখন (সামিআল্লাহ লিমান হামিদাহ) বলেন, তখন তোমরা (রব্বানা লাকাল হামদ) বলবে এবং তিনি যখন সিজদা করেন, তখন তোমরাও সিজদা করবে।'[৩]
উক্ত হাদিসটির অন্তত ১২৪টি বর্ণনা রয়েছে, যা তৃতীয় প্রজন্মের ২৬ জনের সূত্রে পাওয়া যায়। আর সকলের বর্ণনাধারার মূল উৎস নবীজি পর্যন্ত পৌঁছেছে। একই রূপে কিংবা একই মর্মে ১০টি ভিন্ন ভিন্ন স্থান থেকে পাওয়া যায় এটি। যথা: মদিনা, মক্কা, মিশর, বসরা, হিজাজ, ইয়েমেন, কুফা, সিরিয়া, ওয়াসিত এবং তায়েফ। ২৬ জন বর্ণনাকারীর তিনজন একাধিক সূত্রে তা পেয়েছেন। অন্যান্য তথ্য-উপাত্ত থেকে জানা যায়, হাদিসটি অন্তত ১০ জন সাহাবি থেকে বর্ণিত। এদের মধ্যে সাতজনের বর্ণনাধারার পরিপূর্ণ বিবরণ পাওয়া যায়।
আবু হুরাইরার আলোচ্য বর্ণনাটি তার সাতজন ছাত্র থেকে বর্ণিত। এদের মধ্যে চারজন মদিনা, দুজন মিশর এবং একজন ইয়েমেনের। এরপর আবার তারা এটি অন্তত ১২ জনকে শেখান। তাদের পাঁচজন মদিনা, দুজন মক্কা এবং বাকিরা সিরিয়া, কুফা, তায়েফ, মিশর এবং ইয়েমেনের। অন্যান্য সাহাবিদের ক্ষেত্রেও একইরকম নমুনা দেখা যায়। কাজেই দূরবর্তী বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে হাদিস। তবে মক্কা, মদিনা, কুফা, মিশর এবং সিরিয়ায় এর ভিত ছিল প্রচণ্ড মজবুত। আগের পৃষ্ঠায় হাদিস বর্ণনার বিরাট ক্রমধারা দেখানো হলো। উল্লেখ্য, লক্ষ লক্ষ হাদিসের মধ্যে এটি আলোচ্য হাদিসের বর্ণনাধারা মাত্র।

টিকাঃ
১. Studies in Early Hadith Literature, p. 14-103.
২. প্রাগুক্ত, পৃষ্ঠাঃ ২৭-৩১
৩. সহিহুল বুখারিঃ ৭৩৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00