📘 কুরআন সংকলনের ইতিহাস > 📄 যাইদ ইবনু সাবিতকে সংকলনকারী হিসেবে নিয়োগ

📄 যাইদ ইবনু সাবিতকে সংকলনকারী হিসেবে নিয়োগ


যাইদ ইবনু সাবিত বলেন, আবু বকর সিদ্দিক আমাকে এমন এক সময় ডেকে পাঠালেন, যখন ইয়ামামার যুদ্ধে অসংখ্য সাহাবি শাহাদাত বরণ করেছেন। উমার ইবনুল খাত্তাবকে দেখতে পেলাম তার সাথে। আবু বকর বললেন, 'উমার মাত্র এসেছেন এবং বলেছেন, ইয়ামামার যুদ্ধে সবচেয়ে বেশি শহিদ হয়েছেন কারিগণ। অন্যান্য যুদ্ধেও তারা একইরকম পরিস্থিতির মুখোমুখি হবেন বলে আমার (উমারের) ভয়। এর ফলে কুরআনের অনেকাংশ হারিয়ে যাবে। তাই আমার খেয়াল-আপনি (আবু বকর) কুরআন সংরক্ষণের আদেশ দেবেন।' এরপর আবু বকর বললেন, 'আমি উমারকে বললাম, আল্লাহর রাসুল যা করেননি, তা আমরা কীভাবে করতে পারি?'
উমার বললেন, 'এই কাজে কল্যাণ আছে। এরপর উমার বার বার পীড়াপীড়ি করতে লাগলেন। অবশেষে আল্লাহ ওই কাজ করার ব্যাপারে আমার অন্তর প্রশস্ত করে দিলেন, যে ব্যাপারে ইতঃপূর্বে তিনি উমারের অন্তর প্রশস্ত করেছেন। যাইদ, আপনি তরুণ ও বৃদ্ধিমান। আপনি আল্লাহর রাসুলের সময়ে ওহি সংরক্ষণ করতেন। আর আপনার মর্যাদা সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই। তাই কুরআনের উদ্দেশ্যে ছোটেন এবং তা একত্র করেন।'
যাইদ ইবনু সাবিত বলেন, 'আল্লাহর শপথ! তারা (আবু বকর ও উমার) আমাকে যে অনুরোধ করলেন, এর বদলে পাহাড় সরাতে বললেও তা আমার কাছে এতটা ভারী মনে হতো না। আমি জানতে চাইলাম, আল্লাহর রাসুল যা করেননি, সেটি তারা কীভাবে করতে পারেন। কিন্তু আমাকে এর কল্যাণ ও বৈধতার ব্যাপারে জোর নিশ্চয়তা দিলেন আবু বকর ও উমার। সকল দ্বিধা-দ্বন্দ্বের অবসান না হওয়া পর্যন্ত তারা উভয়ে আমার জবাব দিয়ে গেলেন। এরপর আল্লাহ আমার মনকেও তাদের মতো এ কাজের (কুরআন সংকলনের) প্রতি ধাবিত করলেন।' [১]
সবকিছু বুঝে যাইদ ইবনু সাবিত তত্ত্বাবধায়ক কমিটির গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। আর আহ্বায়ক হিসেবে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করলেন উমার ইবনুল খাত্তাব। [২]

টিকাঃ
১. সহিহুল বুখারি: ৪৬৭৯, ৪৯৮৬, ৭১৯১; সুনানুত তিরমিযি: ৩১০৩; সহিহ ইবনি হিব্বান: ৪৫০৬, ৪৫০৭; মুসনাদু আহমাদ: ৭৬; মুসনাদু আবি ইয়ালা: ৬৪, ৭১, ৯১
২. ইবনু আবি দাউদ, আল-মাসাহিফ, পৃষ্ঠা: ৬

📘 কুরআন সংকলনের ইতিহাস > 📄 যাইদ ইবনু সাবিতের পরিচিতি

📄 যাইদ ইবনু সাবিতের পরিচিতি


সৌভাগ্যক্রমে যাইদ ইবনু সাবিত রাযিয়াল্লাহু আনহুর বসবাস নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাসস্থানের নিকটেই ছিল। তাই নবিজির নিয়মিত ওহি লেখকদের মাঝে তিনি ছিলেন অন্যতম। তাকে 'কাতিবুন নবি' হিসেবে আখ্যায়িত করা হতো। তিনি তখন ২০ বছর বয়সী উঠতি তরুণ এবং (পূর্ণাঙ্গ কুরআনের) হাফিজ। এরকম সুবিশাল যোগ্যতার কারণে কুরআন সংকলনের কাজে তিনি একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে পরিগণিত হন। এ কারণেই উপরিউক্ত বর্ণনায় তার মর্যাদার প্রতি খলিফা আবু বকর রাযিয়াল্লাহু আনহুর স্তুতি পরিলক্ষিত হয়।
এখান থেকে কিছু বিষয় খেয়াল করি—
> তার তারুণ্য। তেজস্বিতা ও কর্মশক্তিতে তিনি ছিলেন ভরপুর।
> তার নিখুঁত আখলাক। আবু বকর রাযিয়াল্লাহু আনহু বিশেষভাবে তাই বলেছেন, 'আপনার বিরুদ্ধে কোনো অনাচারের অভিযোগ আমরা করি না।'
» তার বুদ্ধিমত্তা। এখানে তার যোগ্যতা ও সচেতনতার প্রতি ইঙ্গিত পাওয়া যায়।
» 'কাতিবুল ওহি' হিসেবে ওহি লিপিবদ্ধ করার পূর্ব অভিজ্ঞতা।[১]
তিনি আরেকটি অনন্য যোগ্যতার অধিকারী। রামাদান মাসে জিবরিল ও নবিজির সাথে তিলাওয়াতে যোগদানকারী মহাসৌভাগ্যবান সাহাবিদের মাঝে তিনি একজন।[২]

টিকাঃ
১. সহিহুল বুখারি: ৪৯৮৬; ইবনু আবু দাউদ, আল মাসাহিফ, পৃষ্ঠা: ৮
২. তাহির আল-জাযায়িরি, আত-তিবইয়ান, পৃষ্ঠা: ১২৬; আর্থার জেফরি সম্পাদিত, আল-মাবানি, পৃষ্ঠা: ২৫

📘 কুরআন সংকলনের ইতিহাস > 📄 যাইদ ইবনু সাবিতের প্রতি খলিফার নির্দেশনা

📄 যাইদ ইবনু সাবিতের প্রতি খলিফার নির্দেশনা


আবু বকর সিদ্দিক রাযিয়াল্লাহু আনহুর খিলাফতকালীন একটি ঘটনা বর্ণনা করছি। একজন বৃদ্ধা তার মৃত পৌত্রের সম্পত্তির উত্তরাধিকারের দাবি নিয়ে আসে। কিন্তু তার দাবির পক্ষে কুরআনের কোনো বর্ণনা বা নবিজির কোনো হাদিস মনে পড়ছে না বলে জানান আবু বকর। উপস্থিত সাহাবিদের কাছে জানতে চাওয়া হলে মুগিরা ইবনু শুবা দাঁড়িয়ে বললেন, 'আল্লাহর রাসুলের ভাষ্যমতে, ওই বৃদ্ধা পাবে ছয়ভাগের একভাগ।' তিনি নিজে নবিকে এ বিধান বলতে শুনেছেন। আর কেউ মুগিরার কথাকে সমর্থন করে কি না, আবু বকর তা জানতে চান। তখন এর পক্ষে সাক্ষ্য দেন মুহাম্মাদ ইবনু মাসলামা। সন্দেহ দূর করার জন্য মুগিরার বিবৃতিকে এভাবে যাচাই করে নেওয়ার প্রয়োজন ছিল।[১] সাক্ষ্যগ্রহণের ব্যাপারে কুরআনের বিধান তা-ই বলে। ভবিষ্যতে এটি আমরা উসমান রাযিয়াল্লাহু আনহুর ক্ষেত্রেও দেখব।
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنْتُمْ بِدَيْنِ إِلَى أَجَلٍ مُسَمًّى فَاكْتُبُوهُ وَلْيَكْتُبْ بَيْنَكُمْ كَاتِبُ بِالْعَدْلِ وَلَا يَأْبَ كَاتِبٌ أَنْ يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللَّهُ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلَا يَبْخَسُ مِنْهُ شَيْئًا فَإِنْ كَانَ الَّذِي عَلَيْهِ الْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لَا يَسْتَطِيعُ أَنْ يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُ بِالْعَدْلِ وَاسْتَشْهِدُوا شَهِيدَيْنِ مِنْ رِجَالِكُمْ فَإِنْ لَمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَامْرَأَتَانِ مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَاءِ أَنْ تَضِلُّ إِحْدَاهُمَا فَتُذَكَّرَ إِحْدَاهُمَا الْأُخْرَى وَلَا يَأْبَ الشُّهَدَاءُ إِذَا مَا دُعُوا
মুমিনগণ, যখন তোমরা কোনো নির্দিষ্ট সময়ের জন্যে ঋণের আদান-প্রদান করো, তখন তা লিপিবদ্ধ করে নাও এবং তোমাদের মধ্যে কোনো লেখক ন্যায়সঙ্গতভাবে তা লিখে দেবে; লেখক লিখতে অস্বীকার করবে না। আল্লাহ তাকে যেমন শিক্ষা দিয়েছেন, তার উচিত তা লিখে দেওয়া। ঋণগ্রহীতা যেন লেখার বিষয় বলে দেয় এবং সে যেন নিজের রব আল্লাহকে ভয় করে আর লেখার মধ্যে বিন্দুমাত্রও বেশ কম না করে। অতঃপর ঋণগ্রহীতা যদি নির্বোধ হয় কিংবা দুর্বল হয় অথবা নিজে লেখার বিষয়বস্তু বলে দিতে অক্ষম হয়, তবে তার অভিভাবক ন্যায়সঙ্গতভাবে লেখাবে। দুজন সাক্ষী করো, তোমাদের পুরুষদের মধ্যে থেকে। যদি দুজন পুরুষ না হয়, তবে একজন পুরুষ ও দুজন নারী। ওই সাক্ষীদের মধ্য থেকে যাদের তোমরা পছন্দ করো, যাতে একজন যদি ভুলে যায়, তবে একজন অন্যজনকে স্মরণ করিয়ে দেয়। সাক্ষীরা যেন অস্বীকার না করে, যখন তাদের ডাকা হয়।[২]
সাক্ষ্য সম্বন্ধীয় এ বিধান কুরআন সংকলন এবং হাদিসশাস্ত্রের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছে। যাইদ ইবনু সাবিতের প্রতি আবু বকরের নির্দেশনার ভিত্তিও এটি। ইবনু হাজারের সূত্রে পাওয়া যায়—
উমার ইবনুল খাত্তাব এবং যাইদ ইবনু সাবিতকে আবু বকর সিদ্দিক বললেন, মসজিদের একদম প্রবেশমুখে বসবেন। কেউ আল্লাহর কিতাবের কোনো অংশ দুজন সাক্ষীসহ নিয়ে এলে তা লিপিবদ্ধ করবেন।[৩]
সাক্ষ্য বলতে খলিফা কী বুঝিয়েছেন, এর ব্যাখ্যায় ইবনু হাজার বলেছেন, 'দুজন সাক্ষী দ্বারা তাদের সংরক্ষিত স্মৃতি এবং এর সপক্ষে লিখিত বাণী বোঝানো হয়েছে। অথবা আয়াতটি নবিজির উপস্থিতিতে অক্ষরে অক্ষরে লেখা হয়েছে—এই সাক্ষ্যপ্রদান বোঝানো হয়েছে। কিংবা এ আকারেই কুরআন অবতীর্ণ হয়েছে এর সাক্ষ্য দেবে। মোটকথা শুধু স্মৃতির ওপর ভরসা করা নয়; বরং নবিজির উপস্থিতিতে যা লেখা হয়েছে শুধু সেটা গ্রহণ করাই মূল উদ্দেশ্য।'[৪]
আমার কাছে দ্বিতীয় মতটি সর্বাধিক গ্রহণযোগ্য মনে হয়। শুধু সেসব আয়াতই গ্রহণ করা, যেগুলো দুজনের সাক্ষ্য অনুযায়ী নবিজির সম্যক উপস্থিতিতে লিপিবদ্ধ করা হয়েছিল। ইবনু হাজারের আরেকটি বর্ণনা এ মতের সপক্ষে আসে-
কোনো ব্যক্তি স্বয়ং নবিজির কাছ থেকে লিপিবদ্ধ করেছে এবং এর পক্ষে দুজন সাহাবি সাক্ষ্য দিয়েছে—এমনটি ছাড়া যাইদ ইবনু সাবিত অন্য কোনো প্রকার লিখিত আয়াত গ্রহণের ব্যাপারে আগ্রহী ছিলেন না।[৫]
অধ্যাপক শাওকি দাইফের মতে, বিলাল ইবনু রাবাহ মদিনার পথে পথে হেঁটে স্বয়ং নবিজির মুখ থেকে শুনে আয়াত লিপিবদ্ধ করা সাহাবিদের উপস্থিত হতে অনুরোধ জানিয়েছিলেন।[৬]

টিকাঃ
১. সুনানু আবি দাউদ: ২৮৯৪; সুনানুত তিরমিযি: ২১০১; সুনানু ইবনি মাজাহ: ২৭২৪; সহিহ ইবনি হিব্বান: ৬০৩১; আস-সুনানুল কুবরা, বাইহাকি: ১২৩৩৭; হাদিসটি হাসান।
২. সুরা বাকারা, আয়াত: ২৮২
৩. ইবনু আবি দাউদ, আল-মাসাহিফ, পৃষ্ঠা: ৬; ইবনু হাজার, ফাতহুল বারি, খণ্ড: ৯, পৃষ্ঠা: ১৪
৪. ইবনু হাজার, ফাতহুল বারি, খণ্ড: ৯, পৃষ্ঠা: ১৪-১৫
৫. ইবনু হাজার, ফাতহুল বারি, খণ্ড: ৯, পৃষ্ঠা: ১৪; আয়াত সংগ্রহের উৎস সম্পর্কে জানতে সহিহ্বল বুখারির ৪৯৮৬ নং হাদিস দ্রষ্টব্য।
৬. Shauqi Daif, Kitab as-Sab'a of Ibn Mujahid, Introduction, p. 6.

📘 কুরআন সংকলনের ইতিহাস > 📄 লিখিত উপাদানের সদ্ব্যবহার

📄 লিখিত উপাদানের সদ্ব্যবহার


সাধারণভাবে পাণ্ডুলিপি একত্রীকরণের ক্ষেত্রে একজন সংকলক একই কাজের বিভিন্ন প্রতিলিপি যাচাই করে দেখেন। স্বাভাবিকভাবেই সবগুলো প্রতিলিপি সমমানের হবে না। তাই পাণ্ডুলিপির মান যাচাই করতে, ভালো-খারাপ মূল্যায়নের নিমিত্তে বার্গস্ট্রেসার কিছু নিয়ম অনুসরণ করতে বলেছেন। এর মধ্যে কয়েকটি হলো—
» সাধারণত নতুন প্রতিলিপির চেয়ে পুরোনো প্রতিলিপিগুলো অধিক নির্ভরযোগ্য হয়।
» মূল পাণ্ডুলিপিকে সামনে রেখে লিপিকারদের দ্বারা যাচাই-বাছাই ও সংশোধনকৃত প্রতিলিপির মান অন্যান্য প্রতিলিপির চেয়ে বেশি।[১]
» মূললিপি যদি বর্তমান থাকে, তবে এর যেকোনো প্রতিলিখন গুরুত্ব হারায়।[২] তৃতীয় পয়েন্টটিকে ব্লাশির (Blachere) এবং সাওভাজে (Sauvaget) পুনর্ব্যক্ত করেছেন। লেখকের মূললিপি অথবা লেখক কর্তৃক যাচাইকৃত কোনো প্রতিলিপি থাকলে বাকি সব অকার্যকর গণ্য হবে।[৩] একইভাবে যে অনুলিপির মূল প্রতিলিপি পাওয়া যায়, তা লেখকের মূললিপির অনুপস্থিতিতে বাতিল গণ্য হবে।
লেখকের মূলকপি
ক খ ট ঠ ড ঢ
চিত্র: লেখকের মূললিপির ধারা
উপরিউক্ত চিত্রানুসারে দুটি ব্যাপার চোখে পড়ে—
ধরা যাক, মূলকপি একটি। দ্বিতীয় কোনো সংস্করণ বা সংশোধন করা হলো না। এরপর এ কাজের মোট তিনটি পাণ্ডুলিপি পাওয়া গেল—১. মূলকপি, ২. মূলকপি থেকে প্রতিলিখিত পাণ্ডুলিপি (যেমন: ‘ক’), ৩. এমন পাণ্ডুলিপি, যা পরবর্তী সময়ে পাওয়া যায় (যেমন: ‘ট’)। তাহলে সংকলনের সময় ২ ও ৩ নং নিঃসন্দেহে বাদ পড়ে যাবে। কারণ এদের কোনোটিই মূলকপির সমমান নয়।
আবারও ধরা যাক, মূলকপি একটি। কিন্তু তা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সংকলক বাধ্য হয়ে ভিন্ন তিনটি পাণ্ডুলিপির ওপর নির্ভর করে। এর মধ্যে দুটি পাণ্ডুলিপি মূল লেখকের ছাত্রদের দ্বারা লিপিবদ্ধ (ক, খ)। আর তৃতীয়টি (ড) খ-থেকে অনুলিখিত। সুতরাং ড এখানে কার্যত মূল্যহীন হয়ে পড়ে। সংকলককে অবশ্যই ক, খ-এর ওপর নির্ভর করতে হবে। এক্ষেত্রে কোনোটিকেই বাদ দেওয়া যাবে না। কারণ উভয়টিই সমমান।
এগুলোই ছিল বিংশ শতাব্দীর প্রাচ্যবিদদের টেক্সচুয়াল ক্রিটিসিজম এবং সম্পাদনার মূলভিত্তি। অথচ ১৪ শ বছর আগে যাইদ ইবনু সাবিতও একই কাজ করেছিলেন। নবিজির জীবদ্দশায় পুরো মদিনা কুরআন-হাদিস সংরক্ষণে উঠেপড়ে লাগে। সাহাবিদের কাছে এমন অনেক আয়াতও সংরক্ষিত ছিল, যা তাদের বন্ধু কিংবা প্রতিবেশীদের কাছ থেকে সংগৃহীত। তাই যাইদ ইবন সাবিত শুধু সেসকল আয়াতই গ্রহণ করা শুরু করলেন, যা নবিজির প্রত্যক্ষ তত্ত্বাবধানে লিপিবদ্ধ করা হয়েছে। এভাবে মানের দিক থেকে সেগুলো ছিল সমপর্যায়ভুক্ত এবং বিশুদ্ধতার দিক দিয়ে সর্বোচ্চ স্তরের। তিনি নিজে ছিলেন কুরআনের হাফিজ এবং স্বয়ং নবিজির অধীন ওহি লেখক। আর এর দুটোই হলো সমমর্যাদার, কোনো দ্বিতীয় বা তৃতীয় স্তরের প্রতিরুপ নয়।[৪] সুতরাং সরাসরি মূল উৎস সংগ্রহের জন্য আবু বকর, উমার ও যাইদ ইবনু সাবিতের ঐকান্তিক প্রচেষ্টা এবং এর সপক্ষে দুজন সাক্ষীর উপস্থিতির দ্বারা সমমান নিশ্চিত করা হয়।
আহ্বানকারীদের উদ্দীপনায় অনুপ্রাণিত হয়ে পুরো ব্যাপারটি সত্যিকার অর্থে একটি জাতিগত কার্যক্রমে রূপ নেয়:
কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক উপযুক্ত ব্যক্তির উদ্দেশে খলিফা আবু বকর একটি সাধারণ আদেশনামা জারি করেন।
পুরো কার্যসূচি মসজিদে নববিতে অনুষ্ঠিত হয়, যা ছিল কেন্দ্রীয় জমায়েতের স্থান।
খলিফার নির্দেশানুযায়ী, উমার ইবনুল খাত্তাব মসজিদ-ফটকগুলোতে দাঁড়িয়ে ঘোষণা দিতে থাকেন। সরাসরি নবিজির কাছ থেকে লিখে নিয়েছে, এমন আয়াত সংগ্রহকারীরা ছিল তার উদ্দেশ্য। বিলালও মদিনার অলিতেগলিতে একইভাবে ঘোষণা দিতে থাকেন।

টিকাঃ
১. বার্গস্ট্রেসার, উসুলু নাকদিন নুসুস ওয়া নাশরিল কুতুব (আরবি), কায়রো, ১৯৬৯, পৃষ্ঠা: ১৪
২. প্রাগুক্ত, পৃষ্ঠা: ২০
৩. Blachere et J. Sauvaget, Regles pour editions et traductions de textes arabes. Arabic translation by al-Miqdad, p. 47.
৪. কোনো টেক্সটকে প্রামাণ্যরূপে প্রতিষ্ঠিত করতে চাইলে অসম মানের পাণ্ডুলিপির মধ্যে তুলনা অ্যাকাডেমিকভাবে গ্রহণযোগ্য নয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00