📘 কুরআন সংকলনের ইতিহাস > 📄 শিক্ষকের দায়িত্বে সাহাবিগণ

📄 শিক্ষকের দায়িত্বে সাহাবিগণ


আব্দুল্লাহ ইবনু মুগাফফাল মুযানির বর্ণনা থেকে পাওয়া যায়, যখনই আরব গোত্রের কেউ মদিনায় হিজরত করত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জন্য একজন আনসার সাহাবিকে অভিভাবক হিসেবে নিয়োজিত করতেন। তিনি বলেন, 'আমার ক্ষেত্রেও তা-ই হয়েছিল। একজন আনসার সাহাবি আমাকে দ্বীন এবং কুরআন শিক্ষা দিয়েছেন।'[১] মদিনায় সাহাবিদের এই কার্যক্রমের অসংখ্য উদাহরণ রয়েছে। যথারীতি সবগুলো এখানে আলোচনা করা সম্ভব নয়। তাই যৎসামান্য কিছু বর্ণনা নিচে প্রমাণ হিসেবে উপস্থাপিত হলো-
> নবিজির জীবনকালেই উবাদা ইবনু সামিত কুরআনের পাঠদান করেছেন।[২]
> উবাই ইবনু কাবও মদিনায় কুরআন শিখিয়েছেন নবিজির জীবদ্দশায়।[৩] এমনকি একজন অন্ধ ব্যক্তিকে তার ঘরে গিয়ে নিয়মিত পাঠদান করে গেছেন।[৪]
> আবু সাইদ খুদরি একবার কয়েকজন মুহাজিরের সাথে ছিলেন। সেখানে তাদের কুরআন তিলাওয়াত করে শোনাচ্ছিলেন একজন কারি।[৫]
আমরা একে অপরকে কুরআন শোনাচ্ছিলাম, এমন সময় আল্লাহর রাসুল আমাদের কাছে এলেন...।- সাহল ইবনু সাদ আনসারির বর্ণনা।[৬]
উকবা ইবনু আমর বলেছেন, ‘মসজিদে আমরা পরস্পর কুরআন শিক্ষা করছিলাম। এমন সময় আল্লাহর রাসুল এলেন।’[৭]
জাবির ইবনু আব্দিল্লাহর বর্ণনা, ‘কুরআন তিলাওয়াত করছিলাম, এমন সময় আল্লাহর রাসুল আমাদের কাছে এলেন। সেই মজলিসে আরব, অনারব উভয়ই ছিল…’[৮]
আনাস ইবনু মালিক বলেছেন, ‘আরব-অনারব, সাদা-কালো সবাই আমরা তিলাওয়াত করছিলাম, এমন সময় আল্লাহর রাসুল এলেন।’[৯]
এছাড়াও মদিনা ছেড়ে অন্যত্র কুরআনের জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য সাহাবিদেরকে নির্দেশ দেওয়া হয়।
মুয়ায ইবনু জাবালকে প্রেরণ করা হয় ইয়েমেনে।[১০]
বিরে মাউনায় কুরআন শেখাতে যাওয়ার পথে অন্ততপক্ষে ৮০ জন সাহাবিকে চক্রান্ত করে শহিদ করা হয়।[১১]
নাজরানে পাঠানো হয় আবু উবাইদাকে।[১২]
ওয়াবরা ইবনু ইউহান্নাস সানআয় (ইয়েমেন) উম্মু সাইদ বিনতু বুজরুগকে কুরআন শিক্ষা দিয়েছেন। এটিও নবিজির জীবদ্দশায় [১৩]

টিকাঃ
১. ইবনু শাব্বা, তারিখুল মদিনা, পৃষ্ঠা: ৪৮৭
২. সুনানু আবি দাউদ: ৩৪১৬; মুসনাদু আহমাদ: ২২৬৮৯; হাদিসটি হাসান।
৩. আবু উবাইদ, ফাযায়িল, পৃষ্ঠা: ২০৭
৪. প্রাগুক্ত
৫. আল-খাতিব, আল-ফাকিহ, খণ্ড: ২, পৃষ্ঠা: ১২২
৬. আবু উবাইদ, ফাযায়িল, পৃষ্ঠা: ৬৮; আল-ফারয়াবি, ফাযায়িল, পৃষ্ঠা: ২৪৬
৭. আবু উবাইদ, ফাযায়িল, পৃষ্ঠা: ৬৯-৭০
৮. আল-ফারয়াবি, ফাযায়িল, পৃষ্ঠা: ২৪৪
৯. মুসনাদু আহমাদ: ১২৪৮৪; আল-ফিরয়াবি, ফাযায়িল, পৃষ্ঠা: ২৪৪-৪৫
১০. আল-খলিফা, তারিখ, পৃষ্ঠা: ৭২; দুলাবি, আল-কুনা, পৃষ্ঠা: ১৯
১১. আল-বালাযুরি, আনসাব, পৃষ্ঠা: ৩৭৫
১২. Ibn Sa’d, Tabaqat, vol: 3, part: 2, p. 299.
১৩. আর-রাযি, তারিখু মাদিনাতি সানআ, পৃষ্ঠা: ১৩১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00