📄 প্রাচ্যবিদদের উত্থাপিত দাবি প্রসঙ্গে দুটি কথা
কিছু প্রাচ্যবিদ কুরআনুল কারিমের ব্যাপারে এমন কিছু তত্ত্ব দাঁড় করিয়েছে, যেগুলোকে অদ্ভুত না বলে পারা যাচ্ছে না। যেমন: থিওডর নোয়েলডেকের দাবি অনুযায়ী, প্রথম দিকে আগত ওহিগুলো মুহাম্মাদ ভুলে গিয়েছিলেন। আবার রেভারেন্ড মিনগানার দাবি হলো, মুহাম্মাদ নিজে কিংবা মুসলিম সম্প্রদায়ের কেউই কুরআনকে তেমন একটা গুরুত্বের সাথে সংরক্ষণ করেনি। কিন্তু ইসলামি খিলাফত দ্রুত বাড়তে থাকায় তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা সংরক্ষণ করে যাওয়ার কথা চিন্তা করে। একটু যৌক্তিক দৃষ্টিকোণ দ্বারা বিচার করলেই উক্ত দাবিগুলোর আর কোনো ভিত্তি থাকে না।
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবি বলে মানা কিংবা না মানাও এখানে ধর্তব্য নয়। কারণ (নবি না হলেও) নিজের দাবি অনুযায়ীই ঐশী বাণীকে সংরক্ষিত রাখার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টাই করবেন। যুক্তি-বুদ্ধি তা-ই বলে। আর যদি তিনি আল্লাহর প্রেরিত রাসুলই হয়ে থাকেন, তাহলে তো এটিই স্বাভাবিক। আল্লাহর রাসুল হয়ে আল্লাহর বাণী সংরক্ষণ তার পবিত্র দায়িত্ব।
আগের আলোচনা থেকে জানতে পেরেছি, কুরআন হলো তার ওপর অবতীর্ণ হওয়া প্রথম এবং সর্ববৃহৎ মুজিযা বা অলৌকিক নিদর্শন। এর স্বরূপ দেখলেই বোঝা যায়— কোনো মানুষ তা রচনা করেনি। কাজেই তার আল্লাহর নবি হওয়ার সপক্ষে সবচেয়ে বড় এ দলিল উপেক্ষা করা ভীষণ বোকামি।
তবে তর্কের খাতিরে তাকে যদি ভণ্ড ধরেও নিই, কুরআনকে তার নিজের রচনা মনে করি, তাহলেও কি পরিস্থিতির কোনো পরিবর্তন হবে? অবশ্যই না। এরপরেও তিনি কুরআনকে গুরুত্বের সাথেই দেখবেন, সর্বোচ্চ সম্মান প্রদর্শনের ভান ধরবেন। নাহলে তার কপটতা ধরা পড়ে যাবে। আর এমন সাঙ্ঘাতিক ভুল জগতের কোনো নেতাই করতে যাবে না।
নবি হোক কিংবা না হোক, উভয় ক্ষেত্রে কুরআনের প্রতি তার আন্তরিকতা দেখাতেই হবে। এর প্রতি বিন্দু পরিমাণ উদাসীনতাও চরম অযৌক্তিক দাবি বলে সাব্যস্ত হবে। আল্লাহর নির্দেশ কিংবা নিজের স্বার্থ সংরক্ষণ না করে বিপরীতে যাওয়ার মতো এত বড় একটি কাজ নবি দাবিদার মুহাম্মাদ কেন করতে যাবেন? তত্ত্বপ্রণেতারা এর কোনো ব্যাখ্যা দিতে অপারগ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
📄 অধ্যায় শেষে
কুরআন হিফজ, শিক্ষাদান, সংরক্ষণ, সংকলন এবং ব্যাখ্যা করা ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রধান দায়িত্ব। কুরআনের প্রবল আকর্ষণে শোনার জন্য কান পেতে থাকত মুশরিকরা। নবিজি এবং প্রথম যুগের মুসলিম সমাজ কুরআনের অপরিবর্তিত এবং বিশুদ্ধরূপ নিশ্চিতকরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন। পরবর্তী অধ্যায়গুলোতে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব।
এই অধ্যায় শেষ করার আগে বর্তমানের একটি বাস্তবতার দিকে তাকাই। চলমান যুগে কতটা সফলতার সাথে কুরআন শিক্ষার ধারা অব্যাহত আছে, তা খেয়াল করি। পৃথিবীজুড়ে মুসলিমরা ইতিহাসের অসহায়তম সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। এমন এক যুগ, যেখানে ধর্মবিশ্বাস টিকিয়ে রাখাই দায়। এরকম অবস্থার মাঝেও ছোট-বড়, নারী-পুরুষ, দেশ-জাতি নির্বিশেষে লক্ষ লক্ষ মুসলিম পরিপূর্ণভাবে কুরআন হিফজ করেছে।
এখন এর সাথে বাইবেলের তুলনা করা যাক। প্রায় ২ হাজার ভাষায় অনূদিত এই গ্রন্থ বিশদভাবে মুদ্রিত এবং বণ্টিত হচ্ছে। তাদের তহবিল দেখে তৃতীয় বিশ্বের রাষ্ট্রীয় বাজেটও লজ্জা পেয়ে যাবে। ফলে বাইবেল এমন এক বেস্টসেলার, যা কিনতে প্রচুর মানুষ আগ্রহী হলেও পাঠের ক্ষেত্রে খুব একটা নয়।[১] আর এমন ঔদাসীন্যের গভীরতার মাত্রা সাধারণ মানুষের চিন্তারও বাইরে।
১৯৯৭ সালের ২৬ জানুয়ারিতে The Sunday Times পত্রিকায় খ্রিষ্টানদের ঐশী ১০ আজ্ঞা বা Ten Commandments-এর ওপর করা একটি জরিপের ফলাফল ছাপা হয়। ২০০ এঙ্গলিকান পাদ্রির ওপর করা হয় সেই জরিপ। তারা কোনো ধর্মজ্ঞানহীন সাধারণ খ্রিষ্টান নন। অথচ জরিপ বলছে ব্রিটেনের দুই তৃতীয়াংশ যাজকও ঈশ্বরের ১০ আজ্ঞা সঠিকভাবে বলতে পারেননি! শ্লোকগুলো কিন্তু তাদের একদম মৌলিক নীতিগত বিধান। এই হলো ধর্মপ্রতিনিধিদের অবস্থা!
অন্যদিকে কুরআনের প্রতিটি আয়াত লক্ষ লক্ষ মানুষের স্মৃতিতে সম্পূর্ণরূপে সংরক্ষিত
আছে।[১] তাই নবিজি থেকে চলে আসা শিক্ষার এ সফলতার ধারা এবং কুরআনের প্রভাব কল্পনার সীমানাকেও হার মানায়।
টিকাঃ
১. যদিও ২৮৬টি (শেষ গণনা অনুযায়ী) ভাষায় বাইবেল অনুদিত হয়েছে এবং প্রচার-প্রকাশের এই যুগে তা বেস্টসেলের মর্যাদা লাভ করেছে, তবুও খুব কম লোকই তা পাঠ করতে আগ্রহী। সুপার মার্কেট, হোটেল, ক্যাসেট এবং প্রচলিত সমাজ-সংস্কৃতিতে তা সর্বব্যাপী ছড়িয়ে থাকলেও পড়ার ক্ষেত্রে ক্রেতাদের শতকরা পনেরো ভাগের মতো তা পাঠ করে থাকে। (Manfred Barthel, What Does the Bible Really Say?, England, Souvenir Press Ltd, 1982)
২. খ্রিস্টান ধর্মের প্রথম তিন-চার শতাব্দীতে যাজক হওয়ার ক্ষেত্রে প্রার্থীকে ধর্মগ্রন্থের নির্দিষ্ট কিছু অংশ মুখস্থ করতে হতো। তবে পরিমাণের মাত্রা ছিল একেক রকম। কোথাও যোহনের সুসমাচার, কোথাও সামসঙ্গীত বা তিমথির যেকোনো একটি বা উভয়টি মুখস্থ চাওয়া হতো। (Bruce Metzger, The Text of the New Testament, p. 87, footnote no.1) তবে ধর্মগুরু হয়ে কয়েকটি শ্লোক মুখস্থ করার সাথে মুসলিম শিশুদের গোটা কুরআন হিফয করার কোনো তুলনাই চলে না।