📄 শিক্ষকের প্রস্তুতি
শিক্ষা দানের জন্যে শিক্ষকের প্রথম কাজ হলো নিজের প্রস্তুতি। আর রসূল যেহেতু জ্ঞান এবং জ্ঞানের বাস্তবরূপ অর্থাৎ চরিত্রেরও শিক্ষক ছিলেন, সে জন্যে উভয় প্রকার প্রস্তুতি গ্রহণও ছিলো তাঁর জন্যে অপরিহার্য। শুধু প্রস্তুতিই নয়, বরং শিক্ষককে তো হতে হবে মডেল। জ্ঞানের দিক থেকে পরিপূর্ণ বুঝ এবং চরিত্রের নিখুঁত পূর্ণতা শিক্ষকের জন্যে অপরিহার্য। আর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন কিয়ামত পর্যন্তকার গোটা বিশ্বমানবতার মূল শিক্ষক, সে জন্যে তাঁর প্রস্তুতিরও প্রয়োজন ছিলো সর্বাধিক। আর বাস্তবেও তাঁর উভয় প্রকার প্রস্তুতিতে কোনো প্রকার ঘাটতি ছিলোনা। জ্ঞান বৃদ্ধির জন্যে আল্লাহ্র নির্দেশে তিনি দোয়া করতেন:
رَبِّ زِدْنِي عِلْمًا - (طُهُ : ١١٤)
"প্রভু! আমাকে আরো অধিক জ্ঞান দান করো।" [সূরা তোয়াহা: ১১৪]
জ্ঞানের প্রতি তাঁর এতোই আকর্ষণ ছিলো যে, যখনই অহী নাযিল হতো, তিনি তা দ্রুত মুখস্ত করে নেয়ার জন্যে ঘন ঘন ঠোঁট নাড়তে থাকতেন। এমন কি তাঁর এ অবস্থাকে অহীর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয়েছিল:
لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ - (القيامه : (١٦)
"অহী দ্রুত মুখস্ত করার জন্যে তোমার যবানকে আন্দোলিত করোনা।" [সূরা কিয়ামাহ: ১৬]
তবে অধ্যয়নের ব্যাপারে আসমানি তাকীদ অব্যাহত ছিলো:
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا - (المزمل : ٤)
"কুরআন পাঠ করতে থাকো ধীরে সুস্থে।" [সূরা মুজ্জাম্মিল: ৪]
اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ (العنكبوت : (٤٥)
"তোমার কাছে প্রেরিত কিতাব পাঠ করতে থাকো।" [আনকাবূত : ৪৫]
গুরুদায়িত্ব পালনের জন্যে তিনি নিজেকে তৈরি করেছিলেন পূর্ণমাত্রায়। স্বয়ং তাঁর প্রভু তাঁর প্রস্তুতির স্বীকৃতি দিয়েছেন:
إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَى مِنْ ثُلُثَيِ اللَّيْلِ وَنِصْفَهُ وَثُلُثَة (المزمل : ২০)
"তোমার প্রভু জানেন, তুমি কখনো রাতের দুই তৃতীয়াংশ, কখনো অর্ধরাত, আবার কখনো রাতের এক তৃতীয়াংশ সালাতে দাঁড়িয়ে থাকো।" [সূরা মুয্যাম্মিল: ২০]