📄 তাওহীদপন্থী মৃত ব্যক্তির সালাতুল জানাযায় অংশগ্রহণকারী ব্যক্তিগণ কর্তৃক তার জন্য সুপারিশ করা
৮১. আবু কিলাবা থেকে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু 'আনহা'র দুধভাই আবদুল্লাহ ইবন ইয়াযিদ রহ. থেকে বর্ণনা করেন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু 'আনহা থেকে বর্ণনা করেন, তিনি নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন: مَا مِنْ مَيِّتٍ يُصَلَّى عَلَيْهِ أُمَّةٌ مِنَ الْمُسْلِمِينَ يَبْلُغُونَ مِائَةً كُلُّهُمْ يَشْفَعُونَ لَهُ إِلَّا شُفَعُوا فِيهِ »। “কোনো মৃত ব্যক্তি, যার ওপর একদল মুসলিম ব্যক্তি জানাযার সালাত আদায় করবে, যাদের সংখ্যা একশ'তে পৌঁছবে এবং তাদের প্রত্যেকে তার জন্য সুপারিশ করবে, তবে তার ব্যাপারে তাদের সুপারিশ গ্রহণীয় হবে।"
৮২. শরীক ইবন আবদুল্লাহ ইবন আবি নমর থেকে বর্ণিত, তিনি আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু 'আনহু'র মাওলা কুরাইব রহ. থেকে বর্ণনা করেন, আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহu 'আনহু থেকে বর্ণিত আছে যে, তাঁর এক ছেলে কুদায়দ অথবা 'উসফান নামক স্থানে ইন্তিকাল করলেন; তখন তিনি বললেন, হে কুরায়ব! দেখ তো, তার জানাযার জন্য কি পরিমাণ মানুষ সমবেত হয়েছে? আমি দেখলাম, কিছু লোক সমবেত হয়েছে; আমি তাঁকে এ খবর দিলাম; তখন তিনি বললেন, তাদের সংখ্যা কি চল্লিশ হবে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন: মৃতদেহ বের কর। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: مَا مِنْ رَجُلٍ مُسْلِمٍ يَمُوتُ فَيَقُومُ عَلَى جَنَازَتِهِ أَرْبَعُونَ رَجُلاً لَا يُشْرِكُونَ بِاللَّهِ شَيْئًا إِلَّا شَفَعَهُمُ اللَّهُ فِيهِ»। "যখন কোনো মুসলিম মারা যায় এবং তার জানাযায় এমন চল্লিশজন লোক অংশ নেয়, যারা আল্লাহ তা'আলার সাথে কোনো কিছুকে শরীক করে না, তখন তার ব্যাপারে তাদের সুপারিশ গ্রহণযোগ্য হয়। "
৮৩. আবু সালেহ রহ. থেকে বর্ণিত, তিনি আবূ হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণনা করেন, তিনি নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: من صلى عليه مائة من المسلمين غفر الله له»। “যে ব্যক্তির ওপর একশত মুসলিম জানাযার সালাত আদায় করবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। "
৮৪. আবদুল্লাহ ইবন সালিত থেকে বর্ণিত, তিনি উম্মাহাতুল মুমিনীনের অন্যতম একজন মায়মুনা রাদিয়াল্লাহু 'আনহা থেকে বর্ণনা করেন, তিনি বলেন: আমাকে নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: «ما من ميت يصلي عليه أمة من الناس إلا شفعوا فيه» فسألت أبا المليح عن الأمة قال أربعون»। “যে কোনো মৃত ব্যক্তির জানাযায় মানুষের মধ্য থেকে একদল অংশগ্রহণ করবে, তারা তার ব্যাপারে সুপারিশ করবে।" (অতঃপর আমি আবূল মালিহকে ‘উম্মত' বা দল সম্পর্কে জিজ্ঞাসা করলাম? জবাবে তিনি বললেন: চল্লিশ। অপর এক বর্ণনায় আছে: ‘উম্মত' বা দল বলতে চল্লিশ থেকে একশ'র মধ্যকার যে কোনো পরিমাণ লোক সংখ্যাকে বুঝায়)।
টিকাঃ
১৪১. সহীহ মুসলিম, জানাযা অধ্যায়, পরিচ্ছেদ: যে ব্যক্তির ওপর একশত ব্যক্তি জানাযার সালাত আদায় করবে, তার ব্যাপারে তাদের সুপারিশ গ্রহণীয় হবে হাদীস নং ২২৪১।
১৪২. সহীহ মুসলিম, জানাযা অধ্যায়, পরিচ্ছেদ: যে ব্যক্তির উপর চল্লিশ ব্যক্তি জানাযার সালাত আদায় করবে, তার ব্যাপারে তাদের সুপারিশ গ্রহণীয় হবে হাদীস নং ২২২২।
১৪৩. ইবন মাজাহ (১/৪৭৭), তার সনদ সহীহ; আলবানী তাকে সহীহ বলেছেন।
১৪৪. নাসাঈ (৪/৬২); সহীহ বুখারী, আল-কাবীর (৫/১১২); আহমদ (৬/৩৩১); ইবন আবি শায়বা, আল-মুসান্নাফ (৩/৩২১)। অন্য বর্ণনার সমর্থনের কারণে এই হাদীসটি হাসান পর্যায়ের ইনশাআল্লাহ।
📄 বিভিন্ন প্রকার কর্মকাণ্ড শাফা‘আতের উপলক্ষসমূহের অন্তর্ভুক্ত
৮৫. বনী মাখযুমের আযাদকৃত গোলাম যিয়াদ ইবন আবি যিয়াদ রহ. থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের খাদেম কোনো পুরুষ অথবা নারী থেকে বর্ণনা করেন, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তাঁর খাদেমকে উদ্দেশ্য করে বলতেন: «أَلَكَ حَاجَةً؟ قَالَ: حَتَّى كَانَ ذَاتَ يَوْمٍ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ حَاجَتِي أَنْ تَشْفَعَ لِي يَوْمَ الْقِيَامَةِ ، قَالَ: وَمَنْ دَلَّكَ عَلَى هَذَا ؟ قَالَ: رَبِّي عز وجل، قَالَ: أما لا فَأَعِنِّى بِكَثْرَةِ السجود»।
তোমার কি কোনো কিছুর প্রয়োজন আছে? তিনি বলেন: শেষ পর্যন্ত সে কোনো একদিন বলে বসলেন: হে আল্লাহর রাসূল! আমার প্রয়োজন হলো আপনি কিয়ামতের দিনে আমার জন্য সুপারিশ করবেন; তিনি বললেন: এই ব্যাপারে তোমাকে কে নির্দেশনা দিয়েছে? সে বলল: আমার প্রতিপালক আল্লাহ তা'আলা; তিনি বললেন: কেন সুপারিশ করব না, তবে তুমি (আল্লাহকে) বেশি বেশি সাজদাহ করার মাধ্যমে আমাকে সহযোগিতা কর।
৮৬. মুস'আব আল-আসলামী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: انطلق غلام منا، فأتى النبي صلى الله عليه وسلم ، فقال: أسألك أن تجعلني ممن تشفع له يوم القيامة ، قال: من أمرك أو علمك، أو دلك؟ قال : ما أمرني بها إلا نفسي، قال: إني أشفع لك، ثم رده فقال: أعني على نفسك بكثرة السجود»।
"আমাদের কাছ থেকে কোনো এক গোলাম চলে গেল; তারপর সে নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের কাছে আসল, অতঃপর সে বলল: আমি আপনার নিকট চাই যে, আপনি আমাকে সেই ব্যক্তির অন্তর্ভুক্ত করবেন, যার জন্য কিয়ামতের দিনে আপনি সুপারিশ করবেন; তিনি বললেন: কে তোমাকে নির্দেশ দিয়েছে অথবা কে তোমাকে শিখিয়ে দিয়েছে অথবা কে তোমাকে নির্দেশনা দিয়েছে? জবাবে সে বলল: আমার মনই আমাকে নির্দেশ দিয়েছে। তিনি বললেন: আমি তোমার জন্য সুপারিশ করব, অতঃপর তিনি তার কথা প্রত্যাহার করে নিলেন এবং বললেন: তুমি তোমার নিজের ব্যাপারে (আল্লাহকে) বেশি বেশি সাজদাহ করার মাধ্যমে আমাকে সহযোগিতা কর।"
টিকাঃ
১৪৫. আহমদ (৩/৫০০); হাইছামী তার 'মাজমা'উয যাওয়ায়েদ' (مجمع الزوائد)-এর ২য় খণ্ডের ২৪৯ পৃষ্ঠায় বলেন, তার বর্ণনাকারীগণ বিশুদ্ধ হাদীসের বর্ণনাকারী।
১৪৬. তাবারানী, বাগবী ও আল-বাযার; হাইছামী বলেন, তাবারানী বর্ণনা করেন এবং তার বর্ণনাকারীগণ বিশুদ্ধ হাদীসের বর্ণনাকারী। পূর্ববর্তী হাদীসটি তার সমর্থক এবং ফাতিমা বিনতে হোসাইনের বর্ণিত মুরসাল হাদীসটিও তার সমর্থক; ইবনুল মুবারক, আয-যুহুদ (الزهد), পৃ. ৪৫৫।
📄 যে মুসলিম ব্যক্তির সুপারিশ (শাফা‘আত) গ্রহণ করা হবে না
৮৭. উম্মু দারদা থেকে বর্ণিত, তিনি আবু দারদা রাদিয়াল্লাহu 'আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: «إِنَّ اللَّعَانِينَ لَا يَكُونُونَ شُهَدَاءَ وَلَا شُفَعَاءَ يَوْمَ الْقِيَامَةِ»।
“নিশ্চয় কিয়ামতের দিন অভিশাপ দানকারীগণ সাক্ষী ও সুপারিশকারী হবে না।”
টিকাঃ
১৪৭. সহীহ মুসলিম (৪/২০০৬)।
📄 দুনিয়াবী শাফা‘আত
দুনিয়াবী শাফা'আতসমূহ থেকে কিছু শরী'আতসম্মত এবং কিছু শরী'আতসম্মত নয়; আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন:
﴿مَن يَشْفَعُ شَفَعَةً حَسَنَةً يَكُن لَّهُ نَصِيبٌ مِّنْهَا وَمَن يَشْفَعُ شَفَعَةً سَيِّئَةً يَكُن لَّهُ كِفْلٌ مِّنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُّقِيتًا﴾ [النساء: ৮৫]
"কেউ কোনো ভালো কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে এবং কেউ কোনো মন্দ কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে। আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন।” [সূরা আন-নিসা, আয়াত: ৮৫]
হাফেয ইবন কাসীর রহ. বলেন: আর আল্লাহ তা'আলার বাণী: ﴿مَن يَشْفَعْ شَفَعَةً حَسَنَةً يَكُن لَّهُ نَصِيبٌ مِّنْهَا "কেউ কোনো ভালো কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে” অর্থাৎ যে ব্যক্তি কোনো বিষয়ে চেষ্টা-সাধনা করে, অতঃপর তার ওপর ভালো কিছু গড়ে উঠে, তাহলে তার জন্য এর থেকে অংশ থাকবে।
﴿وَمَن يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُن لَّهُ كِفْلٌ مِّنْهَا "আর কেউ কোনো মন্দ কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে।” অর্থাৎ ঐ কাজের দায়ভার তার ওপর চেপে বসবে, যা তার চেষ্টা-সাধনা ও পরিকল্পনার ওপর ভিত্তি করে উদ্ভূত হয়েছে; যেমনটি সহীহ হাদীসের মধ্যে সাব্যস্ত হয়েছে, নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«اشفعوا تؤجروا ويقضي الله على لسان نبيه صلى الله عليه وسلم ما شاء»।
"তোমরা সুপারিশ কর, তোমাদেরকে সাওয়াব দেওয়া হবে, আর আল্লাহ যেন তাঁর ইচ্ছা নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের মুখে চূড়ান্ত করেন"।
আর শাফা'আতের মধ্য থেকে যা বৈধ এবং যা হারাম বা অবৈধ, পবিত্র সুন্নাহ তার বর্ণনা নিয়ে এসেছে।
৮৮. আবূ মূসা আল-আশ'আরী রাদিয়াল্লাহu 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: «كان رسول الله صلى الله عليه وسلم إذا جاءه السائل أو طلبت إليه حاجة قال: اشفعوا تؤجروا ويقضي الله على لسان نبيه صلى الله عليه وسلم ما شاء»। “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের নিকট কেউ কিছু চাইলে বা প্রয়োজনীয় কিছু চাওয়া হলে তিনি বলতেন: তোমরা সুপারিশ কর, তোমাদেরকে সাওয়াব দেওয়া হবে, আর আল্লাহ যেন তাঁর ইচ্ছা নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের মুখে চূড়ান্ত করেন”।
৮৯. মুয়াবিয়া রাদিয়াল্লাহu 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: «اشْفَعُوا تُؤْجَرُوا، فَإِنَّى لأُرِيدُ الأَمْرَ فَأُؤَخِّرُهُ كَيْمَا تَشْفَعُوا فَتُؤْجَرُوا, فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: «اشْفَعُوا تُؤْجَرُوا»। "তোমরা সুপারিশ কর, তোমাদেরকে সাওয়াব দেওয়া হবে। সুতরাং আমি কোনো বিষয়ে (ফয়সালা দিতে) বিলম্ব করি, যাতে তোমরা সুপারিশ কর এবং তোমাদেরকে সাওয়াব দেওয়া হয়। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 'তোমরা সুপারিশ কর, তোমাদেরকে সাওয়াব দেওয়া হবে'।"
৯০. 'আমর ইবন শো'আইব থেকে বর্ণিত, তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন, তাঁর পিতা তাঁর দাদা থেকে বর্ণনা করেন, তিনি বলেন: «شهدت رسول الله صلى الله عليه وسلم يوم حنين, وجاءته وفود هوازن فقالوا: يا محمد انا أصل وعشيرة فمن علينا من الله عليك, فإنه قد نزل بنا من البلاء مالا يخفي عليك, فقال: «اختاروا بين نسائكم وأموالكم وأبنائكم»। তারা বলল: আপনি আমাদেরকে আমাদের বংশ ও ধন-সম্পদের ব্যাপারে স্বাধীনতা দিয়েছেন, আমরা আমাদের সন্তানদেরকে বেছে নিচ্ছি। অতঃপর তিনি বললেন: তবে আমার এবং বনু আবদুল মুত্তালিবের জন্য যা রয়েছে, তা তোমাদের জন্য। সুতরাং আমি যখন যোহরের সালাত আদায় করব, তখন তোমরা বলবে: আমরা আমাদের নারী ও সন্তানগণের ব্যাপারে আল্লাহর রাসূলের মাধ্যমে মুমিনগণের নিকট সুপারিশ প্রার্থনা করব এবং মুমিনগণের মাধ্যমে আল্লাহর রাসূলের নিকট সুপারিশ প্রার্থনা করব।
তিনি বলেন: অতঃপর তারা তাই করল; তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন: আমার এবং বনু আবদুল মুত্তালিবের জন্য যা রয়েছে, তা তোমাদের জন্য। অতঃপর মুহাজিরগণ বলল: আমাদের জন্য যা রয়েছে, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর আনসারগণও অনুরূপ বলল। আর 'উয়াইনা ইবন বদর বলেন: তবে আমার ও বনু ফাযারা'র জন্য যা রয়েছে, তা নয়। আর আকরা' ইবন হাবেস বলেন: আর আমার ও বনু তামীমের জন্য যা রয়েছে, তা নয়। আর আব্বাস ইবন মিরদাস বলেন: আর আমার ও বনু সুলাইমের জন্য যা রয়েছে, তা নয়। অতঃপর দু'গোত্রের লোকেরা বলল: তুমি মিথ্যা বলেছ; বরং তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের জন্য।
অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহu 'আলাইহি ওয়াসাল্লাম বলেন: হে জনগণ! তোমরা তাদের নিকট তাদের নারী ও সন্তানদেরকে ফেরত দিয়ে দাও। সুতরাং এরপর এ 'ফায়' (যুদ্ধলব্ধ) সম্পদ যদি কারও কাছে থাকে তবে সে যেন তাও দিয়ে দেয়, অতঃপর প্রথম যে 'ফায়' সম্পদ আল্লাহ আমাদেরকে দান করবেন, তা থেকে আমি তাকে ছয়টি অংশ প্রদান করব।
অতঃপর তিনি তাঁর বাহনে আরোহন করলেন এবং মানুষ তাঁর সাথে লেগে গেল, তারা বলল: আপনি আমাদের মধ্যে আমাদের ফায়ের সম্পদ বন্টন করে দিন, এমনকি তারা তাঁকে 'সামুরা' নামক বৃক্ষের নিকট আশ্রয় নিতে বাধ্য করল, অতঃপর তারা তাঁর চাদরও ছিনতাই করে নিল। অতঃপর তিনি বলেন: হে মানুষ সকল! তোমরা আমাকে আমার চাদরটি ফেরত দাও। কারণ, আল্লাহর শপথ! যদি তোমাদের জন্য মক্কা নগরীর গাছপালার সংখ্যা পরিমাণ উট অর্জিত হয়, তবে তা আমি তোমাদের মাঝে বন্টন করে দিব; অতঃপর তোমরা আমাকে কৃপণ, কাপুরুষ ও মিথ্যাবাদী হিসেবে পাবে না।
অতঃপর তিনি তাঁর উটের নিকটবর্তী হলেন এবং তার কুঁজের পশম ধরলেন, তারপর তা তাঁর তর্জনী ও মধ্যমা আঙুলের মাঝখানে রাখলেন; অতঃপর তিনি তা উঁচু করলেন এবং বললেনঃ হে মানুষ সকল! আমার জন্য এই ‘ফাই’ নামক সম্পদ ও এই (পশম) থেকে এক-পঞ্চমাংশ ব্যতীত আর কিছুই নেই, আর এক-পঞ্চমাংশও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়। সুতরাং তোমরা সুই-সুতা মত তুচ্ছ জিনিসও ফেরত দিয়ে দাও। কারণ, আত্মসাৎকৃত সম্পদ কিয়ামতের দিনে তার পরিবার- পরিজনের জন্য অপমান অথবা আগুন অথবা কলঙ্কজনক হবে। অতঃপর জনৈক ব্যক্তি দাঁড়ালেন, তাঁর সাথে ছিল এক গোছা চুল; তারপর সে বললঃ আমি এটা নিয়েছি এর দ্বারা আমার উটের গদি পরিষ্কার করব; তিনি বললেনঃ আমার এবং আবদুল মুত্তালিবের জন্য যা রয়েছে, তা তোমার জন্য। অতঃপর লোকটি বললঃ হে আল্লাহর রাসূল! অবশ্য যখন এ পর্যায়ে পৌঁছেছে যা আমি দেখছি, তখন তা আমার কোনো প্রয়োজন নেই।”
৯১. আবদুল্লাহ ইবন ‘আব্বাস রাদিয়াল্লাহu ‘আনহুমা থেকে বর্ণিত যে, বারীরার স্বামী ক্রীতদাস ছিল, তাকে মুগীস বলে ডাকা হত। আমি যেন তাকে এখনও দেখছি, সে বারীরার পিছনে কেঁদে কেঁদে ঘুরছে, আর তার দাড়ি বেয়ে অশ্রু ঝরছে; তখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ يا عباس ! ألا تعجب من حب مغيث بريرة ومن بغض بريرة مغيثا ؟. فقال النبي صلى الله عليه وسلم: لو راجعته. قالت يا رسول الله تأمرني ؟ قال: إنما أنا أشفع. قالت لا حاجة لي فيه»। “হে 'আব্বাস! বারীরার প্রতি মুগীসের ভালোবাসা এবং মুগীসের প্রতি বারীরার অনাসক্তি দেখে তুমি কি আশ্চর্যান্বিত হও না? এরপর নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন: (বারীরা) তুমি যদি তার কাছে আবার ফিরে যেতে! সে বলল: হে আল্লাহর রাসূল! আপনি কি আমাকে নির্দেশ দিচ্ছেন? তিনি বললেন: আমি সুপারিশ করছি মাত্র। সে বলল: আমার জন্য তার মধ্যে কোনো প্রয়োজন নেই।”
টিকাঃ
১৪৮. সহীহ বুখারী (৩/৩৯৯); সহীহ মুসলিম (৪/২০২৬)।
১৪৯. সহীহ বুখারী (৩/৩৯৯); সহীহ মুসলিম (৪/২০২৬)।
১৫০. আবু দাউদ (৫/৩৪৭); নাসায়ী (৫/৫৮); তার সনদ সহীহ।
১৫১. অনুরূপ রয়েছে 'আল-মুসনাদ' এর মধ্যে, ২য় খণ্ড, পৃ. ২১৮; সীরাতে ইবনে হিশাম, ২য় খণ্ড, পৃ. ৪৯২; আল-বিদায়া, ৪র্থ খণ্ড, পৃ. ৩৫৩।
১৫২. আহমদ (২/৫৮৪); ইবন ইসহাক, যেমন সীরাতে ইবন হিশামে (২/২/৪৮৯) রয়েছে; আর সনদে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ।
১৫৩. সহীহ বুখারী, তালাক অধ্যায়, পরিচ্ছেদ: বারীরার স্বামীর ব্যাপারে নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, হাদীস নং ৪৯৭৯।