📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 সাধারণত নিজের সচ্ছলতা বজায় রেখে সদকা করা অধিক শ্রেয়

📄 সাধারণত নিজের সচ্ছলতা বজায় রেখে সদকা করা অধিক শ্রেয়


আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«إِنَّ خَيْرَ الصَّدَقَةِ مَا تَرَكَ غِنى، أَوْ تُصُدِّقَ بِهِ عَنْ ظَهْرِ غَنِّي، وَابْدَأُ بِمَنْ تَعُولُ»
"সর্বোত্তম সদকা হচ্ছে তা যার পরও সচ্ছলতা অবশিষ্ট থাকে অথবা সচ্ছলতা বজায় রেখেই যা সদকা করা হয়। তবে ব্যয় সর্বপ্রথম নিজ অধীনস্থ থেকেই শুরু করতে হবে যাদের ব্যয়ভার তুমিই বহন করছো"। ⁷⁰
আবু উমামাহ্ রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
يَا ابْنَ آدَمَ! إِنَّكَ أَنْ تَبْذُلَ الْفَضْلَ خَيْرٌ لَكَ، وَأَنْ تُمْسِكَهُ شَرُّ لَكَ، وَلَا تُلَامُ عَلَى كَفَافٍ
"হে আদম সন্তান! তুমি যদি তোমার নিতান্ত প্রয়োজনাতিরিক্ত সকল ধন-সম্পদ আল্লাহ তা'আলার পথে খরচ করে দাও তা হলে তা হবে তোমার জন্য সর্বোত্তম কাজ। আর যদি তা আল্লাহ তা'আলার পথে খরচ না করে নিজের জন্য সঞ্চয় করে রাখো তা হবে তোমার জন্য সর্বনিকৃষ্ট কাজ। তবে তুমি তোমার নিতান্ত প্রয়োজনীয় বস্তু থেকে সদকা না করলে তাতে তুমি নিন্দনীয় নও"। ⁷¹
তবে কারো ঈমান সবল হলে তার সামান্য আয় থেকেও কিছু সদকা করা তার জন্য অনেক ভালোঃ
আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রাসূল! কোন্ সদকা বেশি ভালো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«جُهْدُ المُقِلِ، وَابْدَأُ بِمَنْ تَعُولُ»
"ভালো সদকা হচ্ছে গরীবের সদকা। তবে ব্যয় সর্বপ্রথম নিজ অধীনস্থ থেকেই শুরু করতে হবে যাদের ব্যয়ভার তুমিই বহন করছো"। ⁷²
উমার ইবন খাত্তাব রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ তা'আলার পথে সদকা করতে আদেশ করেন। সে সময় আমার নিকট প্রচুর সম্পদও ছিলো। তখন আমি মনে মনে বললাম, আজ আমি বেশি সদকা করে আবু বকরকে হারিয়ে দিতে চাইলে হারিয়ে দিতে পারবো। তাই আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে আসলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন,
مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ ؟ قُلْتُ مِثْلَهُ، قَالَ: وَأَتَى أَبُو بَكْرٍ بِكُلِّ مَا عِنْدَهُ، فَقَالَ لَهُ رَسُوْلُ اللَّهِ : مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ ؟ قَالَ: أَبْقَيْتُ لَهُمُ اللهَ وَرَسُولَهُ، قُلْتُ: لَا أُسَابِقُكَ إِلَى شَيْءٍ أَبَدًا»
"তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসলে? আমি বললাম, এর সমপরিমাণ রেখে আসলাম। উমার বলেন, অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু 'আনহু তাঁর সবটুকু সম্পদই নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসলে? আবু বকর রাদিয়াল্লাহু 'আনহু বললেন, আমি আমার পরিবারের জন্য আল্লাহ তা'আলা ও তাঁর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে রেখে আসলাম। তখন আমি মনে মনে বললাম, আজ থেকে আর কোনো ব্যাপারেই তোমার সঙ্গে প্রতিযোগিতা করতে যাবো না"। ⁷³

টিকাঃ
⁷⁰ সুনান আবু দাউদ, হাদীস নং ১৬৭৬
⁷¹ সহীহ মুসলিম, হাদীস নং ১০৩৬
⁷² সুনান আবু দাউদ, হাদীস নং ১৬৭৭
⁷³ সুনان আবু দাউদ, হাদীস নং ১৬৭৮

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 যা সদকা-খয়রাত করা হয় তাই আসল সম্পদ

📄 যা সদকা-খয়রাত করা হয় তাই আসল সম্পদ


'আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা একটি ছাগল যবেহ করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
مَا بَقِيَ مِنْهَا ؟ قَالَتْ: مَا بَقِيَ مِنْهَا إِلَّا كَتِفَهَا، قَالَ: بَقِيَ كُلُّهَا غَيْرَ كَتِفِهَا»
"ছাগলের আর কতটুকু বাকি আছে? 'আয়িশা বললেন, শুধু সামনের রানটিই বাকি আছে। আর অন্য সবগুলো সদকা করা হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে শুধু রানটি ছাড়াই তো আর সব কিছুই বাকি আছে"। ⁷⁴
আব্দুল্লাহ্ ইবন মাসউদ রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«أَيُّكُمْ مَالُ وَارِثِهِ أَحبُّ إِلَيْهِ مِنْ مَالِهِ؟ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَا مِنَّا أَحَدٌ إِلَّا مَالُهُ أَحَبُّ إِلَيْهِ، قَالَ: فَإِنَّ مَالَهُ مَا قَدَّمَ، وَمَالُ وَارِثِهِ مَا أَخَّرَ»
"তোমাদের মধ্যে এমন কে আছে যার ওয়ারিশের সম্পদ তার নিকট অধিক প্রিয় তার সম্পদের চাইতেও? সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! আমাদের সবার নিকটই তো তার নিজের সম্পদই বেশি পছন্দনীয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে তার সম্পদ তো শুধু তাইই যা সে সদকা-খয়রাত করে পরকালের জন্য আগেই পাঠিয়ে দিয়েছে। আর সে যা রেখে যাচ্ছে তা সবই তো তার ওয়ারিশের সম্পদ"। ⁷⁵
আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«يَقُولُ الْعَبْدُ: مَالِي مَالِي، وَإِنَّمَا لَهُ مِنْ مَالِهِ ثَلاثُ : مَا أَكَلَ فَأَفْنَى، أَوْ لَبِسَ فَأَبْلَ، أَوْ أَعْطَى فَاقْتَنَى، وَمَا سِوَى ذَلِكَ فَهُوَ ذَاهِبٌ وَتَارِكُهُ لِلنَّاسِ»
"প্রতিটি আল্লাহর বান্দাহ্ই বলেঃ আমার সম্পদ, আমার সম্পদ; অথচ সকল সম্পদই তার নয়। তার সম্পদ শুধু তিন ধরনের। যা খেয়ে সে নিঃশেষ করেছে। যা পরে সে পুরাতন করে ফেলেছে এবং যা সে আল্লাহর পথে দান করে পরকালের জন্য সংগ্রহ করেছে। এ ছাড়া আর বাকি যা রয়েছে তা সবই তার মৃত্যুর পর সে অন্য মানুষের জন্যই রেখে যাবে"। ⁷⁶

টিকাঃ
⁷⁴ সুনান তিরমিযী, হাদীস নং ২৪৭০
⁷⁵ সহীহ বুখারী, হাদীস নং ৬৪৪২
⁷⁶ সহীহ মুসলিম, হাদীস নং ২৯৫৯

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 সদকা দেওয়ার পর তা ফেরত আনা ঠিক নয়

📄 সদকা দেওয়ার পর তা ফেরত আনা ঠিক নয়


একদা উমার রাদিয়াল্লাহু 'আনহু আল্লাহ তা'আলার পথে যুদ্ধ করার জন্য জনৈক ব্যক্তিকে একটি ঘোড়া সদকা করলেন। অতঃপর তিনি দেখলেন, উক্ত ঘোড়াটি বাজারে বিক্রি হচ্ছে। তখন তিনি তা খরিদ করতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন,
«لَا تَعُدْ فِي صَدَقَتِكَ»
"তুমি তোমার সদকায় ফিরে যেও না।"⁷⁸

টিকাঃ
⁷⁸ সুনান তিরমিযী, হাদীস নং ৬৬৮

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 সঠিক পন্থায় সদকা উসুলকারীর সাওয়াব

📄 সঠিক পন্থায় সদকা উসুলকারীর সাওয়াব


রাফি' ইবন খাদীজ রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«الْعَامِلُ عَلَى الصَّدَقَةِ بِالْحَقِّ، وَفِي رِوَايَةٍ: لِوَجْهِ اللهِ كَالْغَازِي فِي سَبِيلِ اللَّهِ حَتَّى يَرْجِعَ إِلَى بَيْتِهِ»
"একমাত্র আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্য সঠিক পন্থায় সদকা উসুলকারী আল্লাহ তা'আলার পথে যুদ্ধ করার সাওয়াব পাবে যতক্ষণ না সে নিজ ঘরে ফিরে আসে।"⁷⁹

টিকাঃ
⁷⁹ সুনান তিরমিযী, হাদীস নং ৬৪৫; সুনান ইবন মাজাহ, হাদীস নং ১৮৩৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00