📄 অধিক গরিব ও আত্মসম্মানী ব্যক্তিকে সদকা করা উচিত
আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
لَيْسَ المِسْكِينُ بِهَذَا الطَّوَّافِ الَّذِي يَطُوفُ عَلَى النَّاسِ، فَتَرُدُّهُ اللُّقْمَةُ وَاللُّقْمَتَانِ، وَالتَّمْرَةُ وَالتَّمْرَتَانِ، قَالُوا: فَمَا الْمِسْكِينُ يَا رَسُولَ اللهِ ؟ قَالَ: الَّذِي لَا يَجِدُ غِنَّى يُغْنِيهِ وَلَا يُفْطَنُ لَهُ، فَيُتَصَدَّقَ عَلَيْهِ، وَلَا يَسْأَلُ النَّاسَ شَيْئًا»
"সত্যিকারের গরিব সে নয় যে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। অতঃপর এক-দু' গ্রাস অথবা এক-দু'টা খেজুর পেলে সে চলে যায়। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! তা হলে সত্যিকারের গরিব কে? তিনি বললেন, সত্যিকারের গরিব সে ব্যক্তি যে ধনী নয় ঠিকই। তবে তাকে দেখলে তা সহজেই বুঝা যায় না। যার দরুন কেউ তাকে সদকা দেয় না এবং সেও কারোর কাছে কিছু চায় না"। ⁵⁸
টিকাঃ
⁵⁸ সহীহ মুসলিম, হাদীস নং ১০৩৯
📄 কোনো মৃত ব্যক্তির জন্য সদকা করলে তা তার আমলনামায় পৌঁছায়
'আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলে,
يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُتِي افْتُلِتَتْ نَفْسُهَا وَلَمْ تُوْصِ، وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ، أَفَلَهَا أَجْرُ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا؟ قَالَ: نَعَمْ»
“হে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম! আমার মা মৃত্যুবরণ করেছেন; অথচ তিনি অসিয়ত করার কোনো সুযোগই পাননি। আমার মনে হয়, তিনি কথা বলতে পারলে অবশ্যই সদকা করতেন। অতএব আমি তাঁর পক্ষ থেকে কোনো কিছু সদকা করলে এতে তাঁর কোনো সাওয়াব হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই”।⁶²
টিকাঃ
⁶² সহীহ মুসলিম, হাদীস নং ১০০৪
📄 নিজ স্ত্রী-সন্তানের খরচ চালানোের মধ্যেও সদকার সাওয়াব রয়েছে
আবু মাসউদ বাদ্রী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
إِنَّ الْمُسْلِمَ إِذَا أَنْفَقَ عَلَى أَهْلِهِ نَفَقَةٌ وَهُوَ يَحْتَسِبُهَا كَانَتْ لَهُ صَدَقَةٌ
"কোনো মুসলিম যদি সাওয়াবের নিয়্যাতে তার পরিবারের প্রয়োজনীয় খরচাদি চালিয়ে যায় তাতেও তার সদকার সাওয়াব রয়েছে"। ⁶³
উম্মু সালামাহ্ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম! আমি তো আবু সালামাহ্'র সন্তানগুলোকে এমন অবহেলায় ছেড়ে দিতে পারি না। কারণ, তারা তো আমারও সন্তান। অতএব আমি তাদের খরচাদি চালিয়ে গেলে তাতে আমার কোনো সাওয়াব হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন,
نَعَمْ، لَكِ فِيهِمْ أَجْرُ مَا أَنْفَقْتِ عَلَيْهِمْ
"হ্যাঁ, তুমি তাদের জন্য যাই খরচ করবে তাতে সদকার সাওয়াব পাবে"। ⁶⁴
আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
دِينَارُ أَنْفَقْتَهُ فِي سَبِيلِ اللهِ، وَدِينَارٌ أَنْفَقْتَهُ فِي رَقَبَةٍ، وَدِيْنَارُ تَصَدَّقْتَ بِهِ عَلَى مِسْكِينٍ، وَدِيْنَارُ أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ، أَعْظَمُهَا أَجْرًا الَّذِي أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ»
"যে (দীনার) টাকাটি তুমি আল্লাহ তা'আলার পথে খরচ করলে এবং যে (দীনার) টাকাটি তুমি গোলাম-বান্দির উপর খরচ করলে এবং যে (দীনার) টাকাটি তুমি কোনো দরিদ্রকে সদকা হিসেবে দিলে এবং যে (দীনার) টাকাটি তুমি নিজ পরিবারের জন্য খরচ করলে তার মধ্যে সব চাইতে বেশি সাওয়াবের হচ্ছে সে (দীনার) টাকাটি যা তুমি নিজ পরিবারের জন্য খরচ করলে"। ⁶⁵
টিকাঃ
⁶³ সহীহ মুসলিম, হাদীস নং ১০০২
⁶⁴ সহীহ মুসলিম, হাদীস নং ১০০১
⁶⁵ সহীহ মুসলিম, হাদীস নং ৯৯৫
📄 সাধারণত নিজের সচ্ছলতা বজায় রেখে সদকা করা অধিক শ্রেয়
আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«إِنَّ خَيْرَ الصَّدَقَةِ مَا تَرَكَ غِنى، أَوْ تُصُدِّقَ بِهِ عَنْ ظَهْرِ غَنِّي، وَابْدَأُ بِمَنْ تَعُولُ»
"সর্বোত্তম সদকা হচ্ছে তা যার পরও সচ্ছলতা অবশিষ্ট থাকে অথবা সচ্ছলতা বজায় রেখেই যা সদকা করা হয়। তবে ব্যয় সর্বপ্রথম নিজ অধীনস্থ থেকেই শুরু করতে হবে যাদের ব্যয়ভার তুমিই বহন করছো"। ⁷⁰
আবু উমামাহ্ রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
يَا ابْنَ آدَمَ! إِنَّكَ أَنْ تَبْذُلَ الْفَضْلَ خَيْرٌ لَكَ، وَأَنْ تُمْسِكَهُ شَرُّ لَكَ، وَلَا تُلَامُ عَلَى كَفَافٍ
"হে আদম সন্তান! তুমি যদি তোমার নিতান্ত প্রয়োজনাতিরিক্ত সকল ধন-সম্পদ আল্লাহ তা'আলার পথে খরচ করে দাও তা হলে তা হবে তোমার জন্য সর্বোত্তম কাজ। আর যদি তা আল্লাহ তা'আলার পথে খরচ না করে নিজের জন্য সঞ্চয় করে রাখো তা হবে তোমার জন্য সর্বনিকৃষ্ট কাজ। তবে তুমি তোমার নিতান্ত প্রয়োজনীয় বস্তু থেকে সদকা না করলে তাতে তুমি নিন্দনীয় নও"। ⁷¹
তবে কারো ঈমান সবল হলে তার সামান্য আয় থেকেও কিছু সদকা করা তার জন্য অনেক ভালোঃ
আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রাসূল! কোন্ সদকা বেশি ভালো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«جُهْدُ المُقِلِ، وَابْدَأُ بِمَنْ تَعُولُ»
"ভালো সদকা হচ্ছে গরীবের সদকা। তবে ব্যয় সর্বপ্রথম নিজ অধীনস্থ থেকেই শুরু করতে হবে যাদের ব্যয়ভার তুমিই বহন করছো"। ⁷²
উমার ইবন খাত্তাব রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ তা'আলার পথে সদকা করতে আদেশ করেন। সে সময় আমার নিকট প্রচুর সম্পদও ছিলো। তখন আমি মনে মনে বললাম, আজ আমি বেশি সদকা করে আবু বকরকে হারিয়ে দিতে চাইলে হারিয়ে দিতে পারবো। তাই আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে আসলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন,
مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ ؟ قُلْتُ مِثْلَهُ، قَالَ: وَأَتَى أَبُو بَكْرٍ بِكُلِّ مَا عِنْدَهُ، فَقَالَ لَهُ رَسُوْلُ اللَّهِ : مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ ؟ قَالَ: أَبْقَيْتُ لَهُمُ اللهَ وَرَسُولَهُ، قُلْتُ: لَا أُسَابِقُكَ إِلَى شَيْءٍ أَبَدًا»
"তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসলে? আমি বললাম, এর সমপরিমাণ রেখে আসলাম। উমার বলেন, অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু 'আনহু তাঁর সবটুকু সম্পদই নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসলে? আবু বকর রাদিয়াল্লাহু 'আনহু বললেন, আমি আমার পরিবারের জন্য আল্লাহ তা'আলা ও তাঁর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে রেখে আসলাম। তখন আমি মনে মনে বললাম, আজ থেকে আর কোনো ব্যাপারেই তোমার সঙ্গে প্রতিযোগিতা করতে যাবো না"। ⁷³
টিকাঃ
⁷⁰ সুনান আবু দাউদ, হাদীস নং ১৬৭৬
⁷¹ সহীহ মুসলিম, হাদীস নং ১০৩৬
⁷² সুনান আবু দাউদ, হাদীস নং ১৬৭৭
⁷³ সুনان আবু দাউদ, হাদীস নং ১৬৭৮