📄 কেউ সদকা করলে তার জন্য দো‘আ করতে হয়
আব্দুল্লাহ্ ইবন আবু আওফা রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কেউ সদকা নিয়ে আসলে তিনি বলতেন, হে আল্লাহ, আপনি অমুক বংশের উপর রহমত বর্ষণ করুন। বর্ণনাকারী বলেন, একদা আমার পিতা তাঁর নিকট সদকা নিয়ে আসলে তিনি বলেন,
«اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى»
“হে আল্লাহ, আপনি আবু আওফার বংশের উপর রহমত বর্ষণ করুন"। ⁴⁸
টিকাঃ
⁴⁸ সহীহ বুখারী, হাদীস নং ১৪৯৭; মুসলিম, হাদীস নং ১০৭৮; সুনান আবু দাউদ, হাদীস নং ১৫৯০
📄 সদকা প্রার্থীকে যথাসাধ্য সন্তুষ্ট রাখতে চেষ্টা করা
জারীর ইবন আব্দুল্লাহ্ রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: একদা কিছু গ্রাম্য লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললো: হে আল্লাহর রাসূল! কিছু সংখ্যক সদকা উসুলকারী আমাদের উপর যুলুম করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন: তোমরা সদকা উসুলকারীদেরকে সন্তুষ্ট রাখবে। তারা বললো: হে আল্লাহর রাসূল! যদিও তারা আমাদের উপর যুলুম করে তারপরও আমরা তাদেরকে সন্তুষ্ট রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন:
أَرْضُوا مُصَدِّقِيْكُمْ وَفِي رِوَايَةٍ: وَإِنْ ظُلِمْتُمْ
"তোমরা সদকা উসুলকারীদেরকে সন্তুষ্ট রাখবে। অন্য বর্ণনায় রয়েছে, যদিও তোমাদের উপর যুলুম করা হয়"। ⁴⁹
অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
إِذَا أَتَاكُمُ المُصَدِّقُ فَلْيَصْدُرُ عَنْكُمْ وَهُوَ عَنْكُمْ رَاضٍ
"যখন তোমাদের নিকট কোনো সদকা উসুলকারী আসে তখন সে যেন তোমাদের কাছ থেকে সন্তুষ্ট চিত্তেই বিদায় নেয়"। ⁵⁰
জারীর ইবন আব্দুল্লাহ্ রাদিয়াল্লাহু 'আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এর উক্ত হাদীস শোনার পর কোনো সদকা উসুলকারী আমার উপর সন্তুষ্ট না হয়ে বিদায় নেয়নি।
টিকাঃ
⁴⁹ সহীহ মুসলিম, হাদীস নং ৯৮৯; সুনান আবু দাউদ, হাদীস নং ১৫৮৯
⁵⁰ সহীহ মুসলিম, হাদীস নং ৯৮৯
📄 একমাত্র হালাল ও উত্তম বস্তুই সদকা করতে হয়
আল্লাহ তা'আলা বলেন,
﴿يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَنفِقُواْ مِن طَيِّبَـٰتِ مَا كَسَبْتُمْ وَمِمَّآ أَخْرَجْنَا لَكُم مِّنَ ٱلْأَرْضِ وَلَا تَيَمَّمُواْ ٱلْخَبِيثَ مِنْهُ تُنفِقُونَ وَلَسْتُم بِـَٔاخِذِيهِ إِلَّآ أَن تُغْمِضُواْ فِيهِ وَٱعْلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ غَنِىٌّ حَمِيدٌ ﴾ [البقرة: ٢٦٧]
"হে ঈমানদারগণ! তোমরা যা উপার্জন করেছো এবং যা আমি তোমাদের জন্য জমিন থেকে উৎপন্ন করেছি তা থেকে শুধু পবিত্র ও উন্নত বস্তুই আল্লাহ তা'আলার পথে সদকা করো। কোনো অপবিত্র বা অনুন্নত বস্তু তাঁর পথে সদকা করো না যা তোমরা নিজেও গ্রহণ করবে না চোখ বন্ধ করা ছাড়া। জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তা'আলা (এ জাতীয় সদকা থেকে) অমুখাপেক্ষী এবং সুপ্রশংসিত।” [সূরা আল-বাকারা, আয়াত: ২৬৭]
বারা' ইবন 'আযিব রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উক্ত আয়াত আনসারীদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। তাঁরা খেজুর কাটার সময় হলে কাঁচা-পাকা খেজুরের থোকাসমূহ মসজিদে নববীর দু'পিলারের মাঝখানে রশি টাঙ্গিয়ে তাতে ঝুলিয়ে রাখতেন। এতে করে গরিব মুহাজিরগণ তা থেকে কিছু খেজুর আহার করে খাদ্যের কাজ সেরে নিতেন। একদা জনৈক আনসারী সাহাবী নিম্ন মানের একটি খেজুর থোকা সে রশিতে টাঙ্গিয়ে রাখলেন। তখনই উক্ত আয়াত নাযিল হয়। ⁵²
টিকাঃ
⁵² ইবন মাজাহ, হাদীস নং ১৮৪৯