📄 সদকার পরিমাণ হিসেব রাখা ঠিক নয়
আসমা' রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
﴿لَا تُحْصِي فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ﴾
"তুমি হিসেব করে সদকা দিও না। তা হলে আল্লাহ তা'আলাও তোমাকে হিসেব করে সাওয়াব দিবেন"। ³⁹
টিকাঃ
³⁹ সহীহ বুখারী, হাদীস নং ১৪৩৩; সহীহ মুসলিম, হাদীস নং ১০২৯
📄 যা পারেন সদকা করুন; টাকা-পয়সা সর্বদা পকেটে পুরে রাখবেন না
আসমা' রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
﴿لَا تُوْعِي فَيُوْعِيَ اللهُ عَلَيْكِ، ارْضَنِي مَا اسْتَطَعْتِ﴾
"টাকা-পয়সা ধরে রেখো না তা হলে আল্লাহ তা'আলাও তাঁর নি'আমতসমূহ ধরে রাখবেন। যা পারো দান করতে থাকো"। ⁴⁰
টিকাঃ
⁴⁰ সহীহ বুখারী, হাদীস নং ১৪৩৪; সহীহ মুসলিম, হাদীস নং ১০২৯
📄 সদকা লুকায়িতভাবে এবং ডান হাতে দেওয়াই উত্তম
আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«سَبْعَةٌ يُظِلُّهُمُ اللهُ تَعَالَى فِي ظِلِهِ يَوْمَ لَا ظِلَّ إِلا ظِلُّهُ: إِمَامٌ عَدْلٌ، وَشَابٌ نَشَأَ فِي عِبَادَةِ اللهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقُ فِي المَسَاجِدِ، وَرَجُلانِ تَحَابًا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ
"সাত শ্রেণীর লোককে আল্লাহ তা'আলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন যে দিন আর কোনো ছায়া থাকবে না। প্রথম শ্রেণী হচ্ছে এমন রাষ্ট্রপতি যিনি সর্বদা ইনসাফের উপরই প্রতিষ্ঠিত। দ্বিতীয় শ্রেণী হচ্ছে এমন যুবক যে ছোট থেকেই আল্লাহ তা'আলার ইবাদতের উপর বেড়ে উঠেছে। তৃতীয় শ্রেণী হচ্ছে এমন ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথেই লাগানো। চতুর্থ শ্রেণী হচ্ছে এমন দু' ব্যক্তি যারা একমাত্র আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্যই একে অপরকে ভালোবেসেছে। আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্যই তারা পরস্পর একত্রিত হয় এবং তাঁরই সন্তুষ্টির জন্য তারা পরস্পর বিচ্ছিন্ন হয়।
পঞ্চম শ্রেণী হচ্ছে এমন পুরুষ যাকে কোনো প্রভাবশালী সুন্দরী মহিলা ব্যভিচারের জন্য ডাকছে; অথচ সে বলছে, আমি তা করতে পারবো না। নিশ্চয় আমি আল্লাহ তা'আলাকে ভয় পাচ্ছি। ষষ্ঠ শ্রেণী হচ্ছে এমন ব্যক্তি যে এরূপ লুকায়িতভাবে সদকা করেছে যে, তার বাম হাত জানছে না তার ডান হাত কি সদকা করছে। সপ্তম শ্রেণী হচ্ছে এমন ব্যক্তি যে একাকীভাবে আল্লাহ তা'আলার কথা স্মরণ করে দু' চোখের পানি প্রবাহিত করছে"। ⁴²
টিকাঃ
⁴² সহীহ বুখারী, হাদীস নং ১৪২৩
📄 সদকা করতে মনে চাইলেই সাথে সাথে তা সদকা করুন
'উকবাহ ইবন হারিস্ রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে আসরের সালাত পড়েই ঘর অভিমুখে খুব দ্রুত রওয়ানা করলেন। ঘরে ঢুকেই একটু পর আবার বেরিয়ে আসলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন,
كُنْتُ خَلَّفْتُ فِي الْبَيْتِ تِبْرًا مِّنَ الصَّدَقَةِ فَكِرِهْتُ أَنْ أُبَيِّتَهُ فَقَسَمْتُهُ
"আমি সদকা দেওয়ার জন্য কিছু স্বর্ণ বা রূপার টুকরো ঘরে রেখে এসেছিলাম। আমি চাচ্ছিলাম না যে, একটি রাতও এগুলো আমার নিকট থাকুক। তাই আমি সেগুলো গরিবদের মাঝে বন্টন করে দিলাম"। ⁴³
টিকাঃ
⁴³ সহীহ বুখারী, হাদীস নং ১৪৩০