📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 সময় থাকতেই সদকা করুন

📄 সময় থাকতেই সদকা করুন


আল্লাহ তা'আলা বলেন,
﴿وَأَنفِقُوا مِن مَّا رَزَقْنَكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ ﴾ [المنافقون: ١٠]
"আমি তোমাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে তোমরা আল্লাহ তা'আলার পথে এখনই ব্যয় করো তোমাদের কারোর মৃত্যু আসার পূর্বেই; যাতে মৃত্যুর সময় আর বলতে না হয়, হে আমার প্রভু! তুমি যদি আমাকে আরো কিছুকাল সময় দিতে তা হলে আমি বেশি বেশি সদকা করতাম এবং সৎকর্মশীল হয়ে যেতাম”। [সূরা আল-মুনাফিকুন, আয়াত: ১০]
আল্লাহ তা'আলা আরো বলেন,
﴿يَأَيُّهَا الَّذِينَ ءَامَنُواْ أَنفِقُواْ مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيهِ وَلَا خُلَّةٌ وَلَا شَفَعَةٌ وَالْكَافِرُونَ هُمُ الظَّالِمُونَ ﴾ [البقرة: ٢٥٤]
"হে ঈমানদারগণ! আমি তোমাদেরকে যা দিয়েছি তা হতে আল্লাহ তা'আলার রাস্তায় খরচ করো এমন দিন আসার পূর্বে যে দিন কোনো ক্রয়-বিক্রয় চলবে না, না কোনো বন্ধুত্ব কাজে আসবে, না কারোর সুপারিশ ফায়দা দিবে। কাফিররা তো সত্যিই যালিম”। [সূরা আল-বাকারা, আয়াত: ২৫৪]
সময় থাকতেই সদকা করুন। কারণ, অচিরেই এমন একটি সময় আসবে। যখন সদকা গ্রহণ করার আর কেউই থাকবে না।
'হারিসা ইবন ওয়াহাব রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
تَصَدَّقُوْا، فَإِنَّهُ يَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ يَمْشِي الرَّجُلُ بِصَدَقَتِهِ فَلَا يَجِدُ مَنْ يَقْبَلُهَا، يَقُولُ الرَّجُلُ : لَوْ جِئْتَ بِهَا بِالْأَمْسِ لَقَبِلْتُهَا، فَأَمَّا الْيَوْمَ فَلَا حَاجَةَ لِي بِهَا»
"তোমরা সময় থাকতে সদকা করো। কারণ, অচিরেই এমন একটি সময় আসবে যখন ধনী ব্যক্তি সদকা হাতে নিয়ে ঘুরে বেড়াবে; অথচ সদকা নেয়ার মতো তখন সে আর কাউকে খুঁজে পাবে না। কারোর কাছে সদকা নিয়ে গেলে সে বলবে, গতকাল আসলে তা অবশ্যই গ্রহণ করতাম। কিন্তু আজ আমার কোনো প্রয়োজন নেই"। ²⁷
আবু মূসা আশ'আরী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ يَطُوفُ الرَّجُلُ فِيْهِ بِالصَّدَقَةِ مِنَ الذَّهَبِ ثُمَّ لَا يَجِدُ أَحَدًا يَأْخُذُهَا مِنْهُ، وَيُرَى الرَّجُلُ الْوَاحِدُ يَتْبَعُهُ أَرْبَعُوْنَ امْرَأَةً يَلُذْنَ بِهِ، مِنْ قِلَّةِ الرِّجَالِ وَكَثْرَةِ النِّسَاءِ»
"মানুষের মাঝে এমন একটি সময় আসবে যখন ধনী ব্যক্তি স্বর্ণের সদকা হাতে নিয়ে ঘুরে বেড়াবে; অথচ সদকা নেয়ার মতো তখন সে আর কাউকে খুঁজে পাবে না। তখন আরো দেখা যাবে যে, একজন পুরুষের অধীনে রয়েছে চল্লিশ জন মহিলা। যারা সরাসরি তারই আশ্রয় গ্রহণ করছে। কারণ, তখন পুরুষ থাকবে খুবই কম এবং মহিলা থাকবে অনেক বেশি”। ²⁸

টিকাঃ
²⁷ সহীহ বুখারী, হাদীস নং ১৪১১; সহীহ মুসলিম, হাদীস নং ১০১১
²⁸ সহীহ বুখারী, হাদীস নং ১৪১৪; সহীহ মুসলিম, হাদীস নং ১০১২

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 সম্পদের প্রয়োজন থাকা মুহূর্তে সামান্য সদকার অধিক সাওয়াব

📄 সম্পদের প্রয়োজন থাকা মুহূর্তে সামান্য সদকার অধিক সাওয়াব


আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন,
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الصَّدَقَةِ أَعْظَمُ أَجْرًا؟ قَالَ: «أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ شَحِيحٌ تَخْشَى الفَقْرَ، وَتَأْمُلُ الغِنَى، وَلَا تُمْهِلُ حَتَّى إِذَا بَلَغَتِ الحَلْقُومَ، قُلْتَ لِفُلانٍ كَذَا، وَلِفُلَانٍ كَذَا وَقَدْ كَانَ لِفُلَانٍ»
"জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম! কোন্ সদকাতে বেশি সাওয়াব? তিনি বললেন, তুমি যখন এমতাবস্থায় সদকা করবে যে, তুমি তখন সুস্থ, সদকা করতে মন চায় না, গরিব হয়ে যাওয়ার ভীষণ ভয় পাচ্ছো এবং আরো বড়ো ধনী হওয়ার তোমার খুবই আশা। তবে সদকা করতে দেরি করো না। যাতে এমন অবস্থার সৃষ্টি না হয় যে, তোমার প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম; অথচ তুমি বলছো, অমুকের জন্য এতো। আর অমুকের জন্য অতো। যখন সবই অন্যের জন্য। তোমার জন্য আর কিছুই নেই"। ³⁰
আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
سَبَقَ دِرْهَم مِئَةَ أَلْفِ دِرْهَم ، فَقَالَ رَجُلٌ : وَكَيْفَ ذَاكَ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ: رَجُلٌ لَهُ مَالٌ كَثِيرٌ، أَخَذَ مِنْ عُرْضِهِ مِئَةَ أَلْفِ دِرْهَم تَصَدَّقَ بِهَا، وَرَجُلٌ لَيْسَ لَهُ إِلَّا دِرْهَمَانِ فَأَخَذَ أَحَدَهُمَا فَتَصَدَّقَ بِهِ»
"একটি দিরহাম কখনো কখনো (সাওয়াবের দিক দিয়ে) এক লক্ষ দিরহামকে অতিক্রম করে যায়। জনৈক ব্যক্তি বললো, সেটা আবার কিভাবে হে আল্লাহর রাসূল! তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন, জনৈক ব্যক্তির রয়েছে অনেক অনেক সম্পদ। সে তার অনেক সম্পদের এক সাইড থেকে এক লক্ষ দিরহাম সদকা করে দিলো। অপর দিকে আরেক জনের শুধুমাত্র দু'টি দিরহামই আছে। সে তার একটিই আল্লাহর পথে সদকা করে দিলো"। ³¹

টিকাঃ
³⁰ সহীহ বুখারী, হাদীস নং ১৪১৯; সহীহ মুসলিম, হাদীস নং ১০৩২
³¹ সুনান নাসায়ী, হাদীস নং ২৫২৯; সহীহুত-তারগীবি ওয়াত-তারহীব, হাদীস নং ৮৭৩

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 অন্যকে দিয়ে সদকা করালেও সাওয়াবের ঘাটতি হবে না

📄 অন্যকে দিয়ে সদকা করালেও সাওয়াবের ঘাটতি হবে না


'আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
إِذَا أَنْفَقَتِ المَرْأَةُ مِنْ طَعَامِ بَيْتِهَا غَيْرَ مُفْسِدَةٍ كَانَ لَهَا أَجْرُهَا بِمَا أَنْفَقَتْ، وَلِزَوْجِهَا أَجْرُهُ بِمَا كَسَبَ، وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ، لاَ يَنْقُصُ بَعْضُهُمْ أَجْرَ بَعْضٍ شَيْئًا»
"কোনো মহিলা নিজ ঘরের কোনো খাদ্য সামগ্রী সদকা করলে (যাতে সংসারের কোনো ক্ষতি হয় না) সে সদকা করার সাওয়াব পাবে। তার স্বামী উপার্জনের সাওয়াব পাবে এবং সংরক্ষণকারী সংরক্ষণের সাওয়াব পাবে। কেউ কারোর সাওয়াব এতটুকুও কমিয়ে দিবে না"।³²

টিকাঃ
³² সহীহ বুখারী, হাদীস নং ১৪১৯; সহীহ মুসলিম, হাদীস নং ১০২৪

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 সদকা বণ্টনের দায়িত্ব পালন করলেও সাওয়াব পাওয়া যায়

📄 সদকা বণ্টনের দায়িত্ব পালন করলেও সাওয়াব পাওয়া যায়


আবু মূসা আশ'আরী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,
الْخَازِنُ الْمُسْلِمُ الْأَمِينُ الَّذِي يُنْفِذُ مَا أُمِرَ بِهِ كَامِلاً مُوَفَّرًا طَيِّبًا بِهِ نَفْسُهُ فَيَدْفَعُهُ إِلَى الَّذِي أُمِرَ لَهُ بِهِ أَحَدُ الْمُتَصَدِّقِينَ
"কোনো আমানতদার অন্যের সম্পদ সংরক্ষণকারী মুসলিম ব্যক্তি যদি তাকে যা দিতে বলা হয়েছে তা পরিপূর্ণভাবে সন্তুষ্ট চিত্তে যাকে দিতে বলা হয়েছে তাকে দিয়ে দেয় তা হলে তাকেও একজন সদকাকারী হিসেবে গণ্য করা হবে"। ³³
নিজের কাছে সদকা দেওয়ার মতো কোনো কিছু না থাকলেও অন্যকে সদকা দেওয়ার পরামর্শ দিলে তাতে সদকার সাওয়াব পাওয়া যায়:
আবু মূসা আশ'আরী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَاءَهُ السَّائِلُ أَوْ طُلِبَتْ إِلَيْهِ حَاجَةٌ قَالَ: اشْفَعُوا تُؤْجَرُوا، وَيَقْضِي اللَّهُ عَلَى لِسَانِ نَبِيَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا شَاءَ»
"রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কোনো ভিক্ষুক আসলে অথবা তাঁর নিকট কিছু চাওয়া হলে তিনি বলতেন, তোমরা এর জন্য সুপারিশ করো। সাওয়াব পাবে। আল্লাহ তা'আলা তো তাঁর নবীর মুখ দিয়ে যা ইচ্ছে তা ফায়সালা করবেনই"। ³⁴

টিকাঃ
³³ সহীহ বুখারী, হাদীস নং ১৪৩৮; সহীহ মুসলিম, হাদীস নং ১০২৩
³⁴ সহীহ বুখারী, হাদীস নং ১৪৩২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00