📄 সদকা-খয়রাত আল্লাহর নৈকট্য লাভের একটি বিরাট মাধ্যম
আল্লাহ তা'আলা বলেন,
وَمِنَ الْأَعْرَابِ مَن يَتَّخِذُ مَا يُنفِقُ مَغْرَمًا وَيَتَرَبَّصُ بِكُمُ الدَّوَابِرَ عَلَيْهِمْ دَابِرَةُ السَّوْءِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ وَمِنَ الْأَعْرَابِ مَن يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَيَتَّخِذُ مَا يُنفِقُ قُرُبَاتٍ عِندَ اللَّهِ وَصَلَوَاتِ الرَّسُولِ أَلَا إِنَّهَا قُرْبَةٌ لَّهُمْ سَيُدْخِلُهُمُ اللَّهُ فِي رَحْمَتِهِ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ ﴾ [التوبة: ۹۸، ۹۹]
"মরুবাসীদের মধ্যে এমন লোকও রয়েছে যারা (আল্লাহ তা'আলার পথে) ব্যয় করাকে জরিমানা মনে করে এবং তোমাদের প্রতি কালের আবর্তন তথা বিপদাপদের অপেক্ষায় থাকে। বস্তুতঃ কালের অশুভ আবর্তন তথা বিপদাপদ তাদের উপরই বর্তাবে। আল্লাহ তা'আলা তো সবই শোনেন এবং সবই জানেন। পক্ষান্তরে মরুবাসীদের মধ্যে এমন লোকও রয়েছে যারা আল্লাহ তা'আলা ও পরকালের প্রতি পূর্ণ ঈমান রাখে এবং তারা (আল্লাহ তা'আলার পথে) ব্যয় করাকে তাঁর সান্নিধ্য ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এর দো'আ লাভের উপকরণ বলে মনে করে। জেনে রাখো, তাদের উক্ত ব্যয় নিঃসন্দেহে তাদের জন্য আল্লাহ তা'আলার নৈকট্য লাভের বিরাট একটি কারণ। অচিরেই আল্লাহ তা'আলা তাদেরকে নিজ রহমতে প্রবেশ করাবেন। নিশ্চয় আল্লাহ তা'আলা অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু"। [সূরা আত-তাওবা, আয়াত: ৯৮-৯৯]
📄 সদকা-খয়রাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল
উমার রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
«ذُكِرَ لِي: أَنَّ الْأَعْمَالَ تَبَاهَى، فَتَقُوْلُ الصَّدَقَةُ: أَنَا أَفْضَلُكُمْ»
"আমাকে বলা হয়েছে যে, আমলগুলো পরস্পর গর্ব করবে। তখন সদকা বলবে, আমি তোমাদের সবার চাইতে শ্রেষ্ঠ”। ¹⁹
টিকাঃ
¹⁹ সহীহুত-তারগীবি ওয়াত-তারহীব, হাদীস নং ৮৭৮
📄 সদকা-খয়রাতের পাল্লা হচ্ছে সবচাইতে বেশি ভারী
আব্দুল্লাহ্ ইবন মাসউদ রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
«إِنَّ رَاهِبًا عَبَدَ اللهَ فِي صَوْمَعَتِهِ سِتِّينَ سَنَةً، فَجَاءَتْ امْرَأَةٌ فَنَزَلَتْ إِلَى جَنْبِهِ، فَنَزَلَ إِلَيْهَا، فَوَاقَعَهَا سِتَّ لَيَالٍ، ثُمَّ سُقِطَ فِي يَدِهِ، فَهَرَبَ، فَأَتَى مَسْجِدًا فَأَوَى فِيْهِ ثَلَاثًا، لَا يَطْعَمُ فِيْهِ شَيْئًا، فَأُتِيَ بِرَغِيْفٍ، فَكَسَرَهُ، فَأَعْطَى رَجُلاً عَنْ يَمِينِهِ نِصْفَهُ، وَأَعْطَى آخَرَ عَنْ يَسَارِهِ نِصْفَهُ، فَبَعَثَ اللَّهُ إِلَيْهِ مَلَكَ الْمَوْتِ، فَقَبَضَ رُوْحَهُ، فَوُضِعَتِ السِّتُّونَ فِي كِفَةٍ، وَوُضِعَتِ السِّتُّ فِي كِفَةٍ، فَرَجَحَتِ السِّتُّ، ثُمَّ وُضِعَ الرَّغِيْفُ، فَرَجَحَ الرَّغِيْفُ»
"জনৈক খ্রিস্টান ধর্মযাজক ষাট বছর যাবত কোনো এক গির্জায় আল্লাহ তা'আলার ইবাদাত করছিলো। ইতোমধ্যে জনৈকা মহিলা তার পাশেই অবস্থান নিচ্ছিলো। এ সুযোগে সে তার সাথে ছয় রাত্রি ব্যভিচারে লিপ্ত হয়। অতঃপর তার হুঁশ ফিরে আসলে সে সেখান থেকে পালিয়ে যায়। পরিশেষে এক মসজিদে সে তিন দিনের জন্য অবস্থান নেয়। এ তিন দিন যাবত সে কিছুই খায়নি। ইতোমধ্যে তাকে একটি রুটি দেওয়া হলে সে তা দু' ভাগ করে এক ভাগ তার ডান পার্শ্বের লোকটিকে এবং আরেকটি টুকরো তার বাম পার্শ্বের লোকটিকে দেয়। অতঃপর আল্লাহ তা'আলা তার কাছে মৃত্যুর ফিরিশতা পাঠিয়ে তার মৃত্যু ঘটান। এরপর তার ষাট বছরের আমল এক পাল্লায় রাখা হয় এবং অন্য পাল্লায় রাখা হয় তার সে ছয় রাত্রির বদ আমল। এতে তার বদ আমলের পাল্লা ভারী হয়ে যায়। অতঃপর অন্য পাল্লায় তার সদকার রুটিটি রাখা হলে তা ভারী হয়ে যায়”। ²⁰
টিকাঃ
²⁰ সহীহুত-তারগীব ওয়াত-তারহীব, হাদীস নং ৮৮৫