📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 ভূমিকা

📄 ভূমিকা


সমাজ নিয়ে যারা গবেষণা করেন এবং সমাজ-জমির বুক থেকে যারা আগাছা তুলে ফেলার চেষ্টা করেন, তাঁদের মধ্যে লেখক মুস্তাফিযুর রহমান মাদানী সাহেব একজন। হক জেনে ও মেনে নিয়ে তার প্রচার করার গুরুদায়িত্ব এবং তার পথে তাঁর অদম্য প্রয়াস ও প্রচেষ্টা আমাকে মুগ্ধ করেছে।
সমাজ-সংস্কারের কাজে তাঁর এ পুস্তিকাটিও একটি ভালো প্রচেষ্টা। সমাজে এত পাপ ও পাপীর দাপট যে, অনেকের সাপ থেকে বাঁচা সম্ভব, কিন্তু পাপ থেকে বাঁচা সহজ নয়। বিশ্বায়নের যুগে দীন-বিমুখ সমাজ বহুবিধ পাপের বন্যায় হাবুডুবু খাচ্ছে। তা দেখে-শুনে প্রত্যেক দায়িত্বশীলের যে কর্তব্য হওয়া উচিত, তার কিঞ্চিৎ বহিঃপ্রকাশ এই পুস্তিকার প্রণয়ন।
মহান আল্লাহর কাছে আকুল মিনতি, তিনি যেন আমাদেরকে ও লেখককে কলমের জিহাদ চালিয়ে যাওয়ার তাওফীক দিন। দেশে-বিদেশে ইসলামী পরিবেশ গড়ার মহান লক্ষ্যে পুস্তক রচনার কাজ চালিয়ে যাওয়ার তাওফীক দিন এবং পাঠক-পাঠিকাকে পুস্তিকার নির্দেশানুযায়ী আমল করার প্রেরণা এবং মুসলিম ঘর ও সমাজ গড়ার চেতনা দান করুন। আমীন।
বিনীত- আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী আল-মাজমাআহ, সউদী আরব/৩০/১১/১১ইং

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 লেখকের কথা

📄 লেখকের কথা


بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِحَمْدِهِ تَدُومُ النِعَمُ، وَالشُّكْرُ لِلَّهِ الَّذِي بِشُكُرِهِ تَزْدَادُ النِعَمُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى خَيْرٍ خَلْقِهِ أَجْمَعِينَ، نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ، وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّينِ.
সকল প্রশংসা আল্লাহ তা'আলার জন্য যাঁর প্রশংসা করলে নি'আমত স্থিতিশীল হয় এবং সকল কৃতজ্ঞতাও তাঁরই যাঁর কৃতজ্ঞতা জ্ঞাপনে নি'আমত ক্রমাগত বেড়ে যায়। সকল সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহ তা'আলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টির উপর যিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পরিবারবর্গ ও সকল সাহাবীয়ে কিরামের উপর। আরো বর্ষিত হোক ওঁদের উপর যারা কিয়ামত পর্যন্ত তাঁদের নিষ্ঠাবান অনুসারী।
যখন কাউকে ধর্মীয় কোনো কাজে দান বা সদকা করতে বলা হয় তখন সে মনে করে, আরে মাথার ঘাম পায়ে ফেলে যে পয়সা-কড়ি আমি দীর্ঘ দিন যাবত অর্জন করেছি কারোর সামান্য কথায় এমনিতেই আমি তা দিয়ে দেবো তা কি করে হয়? এ কষ্টের পয়সা বিনিয়োগের আগে সর্বপ্রথম আমাকে যে ব্যাপারে নিশ্চিত হতে হবে তা হচ্ছে, এতে আমার কি লাভ? এর বিনিময়ে দুনিয়া বা আখিরাতে আমি কি পাবো? ইত্যাদি ইত্যাদি।
উক্ত মানসিকতার দ্বিধা নিরসনের জন্যই অত্র পুস্তিকাটির অবতারণা।
পুস্তিকাটিতে সদকার কিছু ফযীলত ও বৈশিষ্ট্য উল্লিখিত হয়েছে।
অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে এই যে, এ পুস্তিকাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত যতগুলো হাদীস উল্লিখিত হয়েছে সাধ্যমত তার বিশুদ্ধতার প্রতি সযত্ন দায়িত্বশীল দৃষ্টি রাখা হয়েছে। এ ব্যাপারে নিদেনপক্ষে সর্বজনশ্রদ্ধেয় প্রখ্যাত হাদীস বিশারদ আল্লামা নাসেরুদ্দীন আলবানী রহ. এর হাদীস শুদ্ধাশুদ্ধ নির্ণয়ননীতি গ্রহণ করা হয়েছে। এতদসত্ত্বেও সকল যোগ্য গবেষকদের পুনর্বিবেচনার সুবিধার্থে প্রতিটি হাদীসের সাথে তার প্রাপ্তিস্থাননির্দেশ সংযোজন করা হয়েছে। তবুও সম্পূর্ণরূপে নির্ভুল হওয়ার জোর দাবি করার ধৃষ্টতা দেখাচ্ছি না।
শব্দ ও ভাষাগত প্রচুর ভুল-ভ্রান্তি বিজ্ঞ পাঠকবর্গের চক্ষুগোচরে আসা অস্বাভাবিক কিছু নয়। তবে ভুল যত সামান্যই হোক না কেন লেখকের দৃষ্টিগোচর করলে চরম কৃতজ্ঞতাপাশে আবদ্ধ থাকবো। যে কোনো কল্যাণকর পরামর্শ দিয়ে দাওয়াতী স্পৃহাকে আরো বর্ধিতকরণে সর্বসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ তা'আলা সবার সহায় হোন।
এ পুস্তিকা প্রকাশে যে কোনো ধরনের সহযোগিতার জন্য সবার সমুচিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইহপরকালে আল্লাহ তা'আলা প্রত্যেককে কামিয়াব করুন তাই হচ্ছে আমার সর্বোচ্চ আশা। আমীন, সুম্মা আমীন ইয়া রব্বাল 'আলামীন।
সর্বশেষে জনাব শাইখ আব্দুল হামীদ ফায়যী সাহেবের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ না করে পারছি না যিনি অনেক ব্যস্ততার মাঝেও আমার আবেদনক্রমে পান্ডুলিপিটি আদ্যপান্ত অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছেন এবং তাঁর অতীব মূল্যবান মতামত ব্যক্ত করেছেন। আল্লাহ তা'আলা তাঁকে এর উত্তম প্রতিদান দিন এবং তাঁর জ্ঞান আরো বাড়িয়ে দিন এ আশা রেখে এখানেই শেষ করলাম।
লেখক

📘 কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা খয়রাত > 📄 অবতরণিকা

📄 অবতরণিকা


بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَالصَّلاةُ وَالسَّلامُ عَلَى سَيِّدِ المُرْسَلِينَ، نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ، وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّينِ.
সকল প্রশংসা একমাত্র আল্লাহ তা'আলার জন্য যিনি সর্ব জাহানের প্রতিপালক। সকল দরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলদের নেতা আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবারবর্গ ও সকল সাহাবায়ে কিরাম এবং কিয়ামত পর্যন্ত তাঁদের নিষ্ঠাবান সকল অনুসারীদের উপর।
গরিব ও দুস্থ মানুষের সহযোগিতা, তাদের মুখে হাসি ফুটানো, সমাজের অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ এবং পবিত্র ইসলামের প্রচার ও প্রসারে সদকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা সত্যিই অনস্বীকার্য। তাই তো আল্লাহ তা'আলা ইসলাম প্রচারে নিজের ধন-সম্পদ ব্যয় করাকে তাঁর পথে জিহাদ বলে আখ্যায়িত করেছেন।
আল্লাহ তা'আলা বলেন,
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ ءَامَنُواْ بِاللَّهِ وَرَسُولِهِ، ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُوْلَبِكَ هُمُ الصَّادِقُونَ ﴾ [الحجرات: ١٥]
"সত্যিকার মু'মিন ওরা যারা আল্লাহ তা'আলা ও তদীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান আনার পর আর কোনো সন্দেহ পোষণ করেনি এবং নিজ সম্পদ ও জীবন দিয়ে আল্লাহ তা'আলার পথে জিহাদ করেছে, তারাই সত্যনিষ্ঠ”। [সূরা আল-হুজুরাত, আয়াত: ১৫]
বরং আল্লাহ তা'আলা কুরআন মাজীদে যখনই জিহাদের কথা উল্লেখ করেছেন তখনই মালের জিহাদকে জানের জিহাদের আগেই উল্লেখ করেছেন। উপরোক্ত আয়াত এরই প্রমাণ বহন করে। তবে কুরআনের একটিমাত্র জায়গায় আল্লাহ তা'আলা জানের জিহাদকে মালের জিহাদের আগেই উল্লেখ করেন। যা নিম্নরূপ, আল্লাহ তা'আলা বলেন,
إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَلَهُم بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ ﴾ [التوبة: ١١١]
"নিশ্চয় আল্লাহ তা'আলা মু'মিনদের থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহ তা'আলার পথে যুদ্ধ করবে। তারা অন্যকে হত্যা করবে এবং পরিশেষে তারা নিজেরাও নিহত হয়ে যাবে। [সূরা আত-তাওবাহ, আয়াত: ১১১]
তাই নিম্নে সদকার কিছু গুরুত্বপূর্ণ ফযীলত বর্ণনা করা হলো। আশা করি মুসলিম জনসাধারণ এতে নিশ্চয় উদ্বুদ্ধ হবেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00