📄 তায়াম্মুম দ্বারা যা দূর হবে
কয়েক প্রকার নাপাকী থেকে একই সাথে পাক হওয়ার নিয়ত করলে তাতে এক তায়াম্মুমই যথেষ্ট হবে। যেমন: পেশাব, পায়খানা, স্বপ্নদোষ (ইত্যাদি)।
* ওযু দ্বারা যে সকল কাজ বৈধ তা তায়াম্মুম দ্বারাও বৈধ। যেমন: সালাত আদায়, আল্লাহর ঘরের তওয়াফ করা, কুরআন শরীফ স্পর্শ করা ইত্যাদি।
📄 তায়াম্মুম নষ্টকারী জিনিসসমূহ
নিম্নের জিনিসগুলোর দ্বারা তায়াম্মুম নষ্ট হয়:
১. পানি পাওয়া গেলে।
২. অসুস্থতা বা বিশেষ প্রয়োজন ইত্যাদির ওজর দূর হয়ে গেলে।
৩. ওযু ভঙ্গের যে কোন কারণ পাওয়া গেলে।
যদি কেউ পানি ও মাটি কোনটাই না পায় অথবা এ দুটোর কোনটারই ব্যবহারের ক্ষমতা না থাকে তাহলে ওযু ও তায়াম্মুম ছাড়া ঐ অবস্থাতেই সালাত আদায় করবে এবং পরে তাকে এ সালাত পুনরায় আদায় করতে হবে না।
📄 যার জন্য তায়াম্মুম করা জায়েয
ছোট-বড় অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য তায়াম্মুম জায়েয। তবে দেহ ও পোশাক থেকে অপবিত্র জিনিস দূর করার জন্য তায়াম্মুম কোন কাজে আসবে না; বরং অপবিত্র জিনিস দূর করবে। আর তা সম্ভব না হলে ঐ ভাবেই সালাত আদায় করবে।
* কারো (ওযুর অঙ্গে) জখম হলে এবং পানি ব্যবহারে ক্ষতির সম্ভাবনা থাকলে ক্ষত অংশের উপর মাসেহ করবে। (অর্থাৎ ভিজা হাত বুলিয়ে দিবে) আর বাকি অংশ ধৌত করবে। তবে যদি মাসেহ করাতেও ক্ষতি হয় তাহলে ক্ষত স্থানের কারণে তায়াম্মুম করবে এবং বাকি অংশ ধৌত করবে।
📄 তায়াম্মুম করে সালাত আদায়ের পর পানি পাইলে করণীয়
عَنْ أَبِي سَعِيدِ الْخُدْرِيِّ (رضى) قَالَ خَرَجَ رَجُلَانِ فِي سَفَرٍ فَحَضَرَتْ الصَّلَاةُ وَلَيْسَ مَعَهُمَا مَاءً فَتَيَمَّمَا صَعِيدًا طَيِّبًا فَصَلِّيَاتُمْ وَجَدَا المَاءَ فِي الْوَقْتِ فَأَعَادَ أَحَدُهُمَا الصَّلَاةَ وَالْوُضُوءَ وَلَمْ يُعِدِ الْآخَرُ ثُمَّ أَنَيَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرًا ذَلِكَ لَهُ فَقَالَ لِلَّذِي لَمْ يُعِدُ : أَصَبْتَ السُّنَّةَ وَاجْزَاتُكَ صَلَاتُكَ وَقَالَ لِلَّذِي تَوَضًا وَأَعَادَ : لَكَ الْأَجْرُ مَرَّتَيْنِ.
আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত, তিনি বলেন, দুই ব্যক্তি সফরে বের হলে সালাতের ওয়াক্ত হয়, কিন্তু তাদের নিকট পানি না থাকায় পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করে নেয়। তারপর সে সময়েই তারা পানি পেয়ে যায়। অতঃপর তাদের একজন ওযু করে পুনরায় সালাত আদায় করে কিন্তু অপর জন তা করে না। এরপর উভয়েই নবী করীম ﷺ-এর নিকট এসে ঘটনা উল্লেখ করলে যে ব্যক্তি পুনরাবৃত্তি করেনি তাকে বলেন: “তুমি সুন্নাত পন্থায় কাজ করেছ এবং তোমার সালাত যথেষ্ট হয়েছে।" আর যে ব্যক্তি ওযু করে পুনরায় সালাত আদায় করে তাকে বলেন: "তোমার সওয়াব দুবার।" (হাদীসটি সহীহ, আবু দাউদ, হাদীস নং ৩৩৮; ও নাসাঈ হাদীস নং ৪৩৩)