📄 তায়াম্মুম
তায়াম্মুম: সালাত ইত্যাদি আদায় করার জন্য পবিত্রতার নিয়তে পবিত্র মাটির উপর দু' হাত মেরে চেহারা ও হাতের পাঞ্জাদ্বয়ের উপর মাসেহ করা।
📄 তায়াম্মুমের হুকুম
তায়াম্মুম মুসলিম উম্মাহর অন্যতম বৈশিষ্ট্য। এটি পবিত্রতা অর্জনের ক্ষেত্রে পানির পরিবর্তে ব্যবহৃত হয়। ছোট-বড় অপবিত্রতার জন্য (ওযু ও গোসলের পরিবর্তে) তায়াম্মুম করা জায়েয। এটি পানি ব্যবহারে অপারগ হলে জায়েয। আর তা পানি না থাকার কারণে বা ব্যবহারে ক্ষতির আশংকার কারণে কিংবা ব্যবহার করতে অপারগতার কারণে হোক।
আল্লাহ তা'আলা ইরশাদ করেন-
وَإِنْ كُنْتُمْ مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الْغَاﺋِطِ أَوْ لَمَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُজُوهِكُمْ وَأَيْدِيكُمْ مِنْهُ ، مَا يُرِيدُ اللَّهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِنْ حَرَجٍ وَلَكِنْ يُرِيدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ.
“আর যদি তোমরা রোগাক্রান্ত হও কিংবা সফরে থাক অথবা তোমাদের কেউ পায়খানা থেকে আসে অথবা তোমরা স্ত্রীদেরকে স্পর্শ কর (তাদের সাথে সহবাস কর)। অতঃপর পানি না পাও, তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম কর, তোমরা তা দ্বারা তোমাদের চেহারা ও হাতদ্বয় মাসেহ কর। আল্লাহ তা'আলা তোমাদের ওপর কোন সংকীর্ণতা করতে চান না; বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান এবং তোমাদের ওপর তাঁর নে'আমত পরিপূর্ণ করতে চান; যেন তোমরা শুকরিয়া আদায় কর।” [সূরা-৫ মায়েদা : আয়াত-৬]
📄 যা দ্বারা তায়াম্মুম করা বৈধ
মাটি বা মাটি জাতীয় যে কোন পবিত্র জিনিস দ্বারা তায়াম্মুম করা জায়েয। যেমন: সাধারণ মাটি, বালু, পাথর, ভিজা বা শুকনা মাটি।
📄 তায়াম্মুমের নিয়ম
পবিত্রতার নিয়ত করে দু' হাতের তালু মাটিতে একবার মারবে। অতঃপর তা দ্বারা চেহারা ও দু' হাতের পাঞ্জার উপরিভাগ মাসেহ করবে। প্রথমে বাম হাতের পেট দ্বারা ডান হাতের পাঞ্জার উপর এবং অনুরূপভাবে ডান হাতের পেট দ্বারা বাম হাতের পাঞ্জার উপরিভাগ মাসেহ করবে। (মাটিতে হাত দু'বার মারা ও কনুই পর্যন্ত মাসেহ করার হাদীস দুর্বল গ্রহণযোগ্য নয়।) আর কখনো দুই হাত প্রথমে ও চেহারা পরে মাসেহ করবে।
১, এক ব্যক্তি ওমর বিন খাত্তাব (রা)-এর নিকট এসে বললেন: আমার গোসল ফরজ হয়েছে কিন্তু আমি পানি পাইনি। অতঃপর (তা শ্রবণ করে) আম্মার বিন ইয়াসির (রা) ওমর বিন খাত্তাব (রা)-কে বললেন: আপনার মনে আছে যে, আমি আর আপনি সফরে ছিলাম (অতঃপর গোসল ফরজ হওয়ার পর পানি না পাওয়াতে) আপনি সালাত আদায় করলেন না, আর আমি মাটিতে গড়াগড়ি দিয়ে সালাত আদায় করলাম। তারপর আপনি নবী করীম ﷺ-কে ঘটনা উল্লেখ করলে তিনি বললেন: এ রকম তোমার জন্য যথেষ্ট ছিল। অতঃপর তিনি দু'হাতের তালু দিয়ে মাটিতে একবার মারলেন এবং তালুদ্বয়ে ফুঁ দিলেন। এরপর দু' তালু দিয়ে চেহারা ও দু' হাত মাসেহ করলেন।" (বুখারী, হাদীস নং ৩৩৮, মুসলিম, হাদীস নং ৩৬৮)
২. আম্মার বিন ইয়াসির (রা) থেকে তায়াম্মুমের বর্ণনায় এসেছে যে, নবী করীম ﷺ বললেন: "এ রকম করাই তোমার জন্য যথেষ্ট ছিল। অতঃপর তিনি দু'হাতের তালু দিয়ে মাটিতে একবার মারলেন এবং তা ঝাড়লেন। এরপর বাম হাত দিয়ে (ডান) হাতের পিঠ এবং (ডান) হাত দিয়ে বাম হাতের পিঠ মাসেহ করলেন। অতঃপর চেহারা মাসেহ করলেন।" (বুখারী, হাদীস নং ৩৪৭, মুসলিম, হাদীস নং ৩৬৮)