📄 টয়লেটে প্রবেশ ও বের হওয়ার সময় দু'আ পাঠ
১. টয়লেটে প্রবেশের সময় নিম্নোক্ত দোয়া পাঠ করে বাম পা দ্বারা প্রবেশ করা সুন্নাত।
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ.
[আল্লাহুম্মা ইন্নী আ'উযুবিকা মিনালখুবছি ওয়াল খাবায়িছ।] “হে আল্লাহ! আমি আপনার নিকট নাপাক জীন ও নারীর ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করছি।" (বুখারী, হাদীস নং ১৪২ ও মুসলিম, হাদীস নং ৩৭৫)
২. পায়খানা থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে নিম্নোক্ত দোয়াটি পাঠ করা সুন্নাত।
غُفْرَانَكَ
(গুফরানাকা) “(হে আল্লাহ!) আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি।" (হাদীসটি সহীহ: আবু দাউদ, হাদীস নং ৩০, তিরমিযী, হাদীস নং ৭)
📄 পেশাব-পায়খানা করার সময় কিবলাকে সামনে বা পেছনে করার হুকুম
পেশাব-পায়খানা অবস্থায় খোলা মাঠে বা ঘরে কিবলাকে সামনে বা পেছনে করা হারাম।
আবু আইয়ুব আনসারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী করীম ﷺ বলেছেন: “যখন তোমরা পায়খানায় প্রবেশ করবে তখন কিবলামুখী হয়ে ও কিবলাকে পেছন দিয়ে বসবে না। বরং তোমরা পূর্ব ও পশ্চিমমুখী হয়ে বসবে। (এ নির্দেশ মদীনাবাসীদের জন্য; কেননা তাদের কেবলা দক্ষিণ দিকে) আবু আইয়ুব বলেন: আমরা শামদেশে গমন করে সেখানকার পায়খানাগুলো কিবলামুখী পাওয়ার পর সেগুলো পরিবর্তন করে দেই এবং আল্লাহ তা'আলার নিকট ক্ষমা চাই।” (বুখারী, হাদীস নং ৩৯৪ ও মুসলিম, হাদীস নং ২৬৪)
📄 যেসব স্থানে পেশাব-পায়খানা করা নিষেধ
মসজিদ, রাস্তা, উপকারী ছায়া, ফলদার গাছ, ঘাট ও এ জাতীয় স্থান যেগুলোতে মানুষ সাধারণত বিচরণ করে থাকে এসব স্থানে পেশাব-পায়খানা করা হারাম।
📄 ঢিলা ব্যবহারের নিয়ম
■ ঢিলা ব্যবহারের জন্য পবিত্রকারী তিনটি পাথর বা ঢিলা যথেষ্ট। যদি তা দ্বারা পবিত্র না হয় তবে তার চেয়ে বেশি নিবে, তবে বেজোড় সংখ্যায় শেষ করা সুন্নাত। যেমন: তিন বা পাঁচ ইত্যাদি।
■ যা কিছু পেশাব-পায়খানার রাস্তা দিয়ে বের হবে তা পানি, পাথর, টিস্যু পেপার ইত্যাদি দ্বারা পরিষ্কার করা যায়। তবে পানি দ্বারা পরিষ্কার করাই ভালো। কেননা পরিষ্কারের জন্য পানিই শ্রেষ্ঠতর।
■ কাপড়ের অপবিত্র স্থানটুকু পানি দ্বারা ধৌত করা ওয়াজিব, তবে অপবিত্র স্থান যদি অজ্ঞাত থাকে, তাহলে সম্পূর্ণ কাপড় ধৌত করতে হবে।
■ ছেলে শিশু পেশাব করে দিলে পেশাবযুক্ত স্থানে পানির ছিটা দিতে হবে। আর মেয়ে শিশু হলে পেশাব অবশ্যই ধৌত করতে হবে। এ বিধান যে শিশু খাবার খায় না তার জন্য, তবে যদি খাদ্য খায় তবে সব শিশুর পেশাবই ধৌত করতে হবে।