📄 বান্দা তার পালনকর্তার নিকট একান্ত প্রার্থনায় তার প্রস্তুতি
মানুষ যখন পানি দ্বারা তার বাহ্যিক পবিত্রতা অর্জন করে এবং তাওহীদ ও ঈমান দ্বারা তার অন্তরকে পবিত্র করে তখন তার আত্মা বৈশিষ্ট্যমণ্ডিত হয় ও তার প্রাণ আনন্দিত হয়। এ ছাড়া তার অন্তর প্রাণবন্ত হয় তার রবের নিকট প্রার্থনার জন্য এবং বিশেষভাবে প্রস্তুত হয়। পবিত্র দেহ, পবিত্র অন্তর, পবিত্র কাপড়ে, পবিত্র স্থানে এটাই উচ্চসীমার শিষ্টাচার এবং রাব্বুল আলামীনের মর্যাদা ও সম্মানে অধিকতর গুরুত্বপূর্ণ। আর এর বিপরীত অবস্থায় ইবাদাতে দাঁড়ানো এক ধরনের মূখতা। এ এজন্যেই পবিত্রতাকে ঈমানের অর্ধাংশ বলা হয়েছে।
১. আল্লাহ তা'আলা ইরশাদ করেন- إِنَّ اللهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ.
"নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীগণ এবং পবিত্রতা অর্জনকারীগণকে ভালোবাসেন।” [সূরা-২ বাকারা: আয়াত-২২২]
২. আবু মালেক আশ'আরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলে করীম ﷺ বলেন: পবিত্রতা ঈমানের অর্ধাংশ এবং আলহামদুলিল্লাহ মিযানের পাল্লাকে পূর্ণ করে। (মুসলিম, হাদীস নং ২২৩)
📄 দেহ ও আত্মার সুস্থতা
আল্লাহ তা'আলা মানুষকে সৃষ্টি করেছেন আত্মা ও দেহ দুটির সমন্বয়ে। আর দেহের উপর পর্যায়ক্রমে দু'ভাবে অপরিচ্ছন্ন বা নোংরা প্রভাব ফেলে। অভ্যন্তর দিক দিয়ে যেমন: ঘাম এবং বহির্গত দিক দিয়ে যেমন: ধুলোবালি। তা থেকে মুক্ত থাকার জন্য দরকার বারবার ধৌত করা।
📄 আত্মা প্রভাবিত হওয়ার প্রকারভেদ
আত্মাও প্রভাবিত হয় দু'ভাবে
১. অন্তরের নানা রকম রোগব্যাধির মাধ্যমে যেমন: হিংসা এবং গর্ব বা অহংকার।
২. মানুষ বাহ্যিক বিভিন্ন গুনাহের কাজ লিপ্ত হওয়ার মাধ্যমে। যেমন: অত্যাচার ও ব্যভিচার করা। আত্মার সুস্থতার জন্য অবশ্যই অধিক পরিমাণে তওবা এবং ক্ষমা প্রার্থনা করতে হবে।
📄 সোনা ও রূপার বাসন-পাত্র ব্যবহারের হুকুম
নারী-পুরুষ সকলের ওপর স্বর্ণ ও রূপার বাসনে (পাত্রে) পানাহার করা হারাম এবং সকল ধরনের ব্যবহার হারাম। তবে নারীদের জন্য অলংকার হিসেবে ব্যবহার এবং পুরুষদের জন্য রূপার আংটি এবং যা অত্যন্ত প্রয়োজন যেমন: দাঁত এবং নাক বাঁধার ক্ষেত্রে ব্যবহার করা জায়েয।
১. হুযাইফা ইবনে ইয়ামান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করীম ﷺ-কে বলতে শুনেছি, তিনি বলেন: “তোমরা রেশমী পোশাক এবং রেশমীর বস্ত্র পরিধান করবে না এবং স্বর্ণ ও রূপার পাত্রে পান করবে না। আর স্বর্ণ ও রূপার বাসনে আহার করবে না; কেননা ঐগুলো তাদের (অর্থাৎ কাফেরদের) জন্য পৃথিবীতে এবং আমাদের (মুসলিমদের) জন্য পরকালে।” (বুখারী, হাদীস নং ৫৪২৬ ও মুসলিম, হাদীস নং ২০৬৭)
২. নবী করীম ﷺ-এর স্ত্রী উম্মু সালামাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলে করীম ﷺ ইরশাদ করেছেন: "যে ব্যক্তি রূপা নির্মিত পাত্রে পান করে নিশ্চয়ই সে তার পেটে টগবগ করে জাহান্নামের আগুন প্রবেশ করায়।” (বুখারী, হাদীস নং ৫৬৩৪ ও মুসলিম, হাদীস নং ২০৬৫)