📄 গর্ভবতী নারী
স্বামীর মৃত্যু, তালাক ও বিবাহ বিচ্ছেদ থেকে সন্তান প্রসব পর্যন্ত হলো গর্ভধারিণীর ইদ্দত, যার সর্বনিম্ন সময় হলো ছয় মাস আর সর্বোচ্চ নয় মাস। আল্লাহ তা'আলা ঘোষণা করেন- "গর্ভবতী মহিলাদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত।" [সূরা তালাক : আয়াত-৪]
📄 বিধবা মহিলা
স্বামীর মৃত্যুর সময় যদি গর্ভবতী হয় তাহলে সন্তান প্রসব পর্যন্ত তার ইদ্দত। আর যদি গর্ভবতী না হয় তাহলে চার মাস দশ দিন তার ইদ্দত। অবশ্য এ সময়ের মধ্যে তার গর্ভবতী হওয়া ও না হওয়া স্পষ্ট হয়ে যাবে।
আল্লাহ তা'আলা ইরশাদ করেন- "আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীদের ছেড়ে যাবে, তখন সে স্ত্রীদের দায়িত্ব হলো, নিজেদেরকে চারমাস দশদিন পর্যন্ত অপেক্ষা করা।” [সূরা বাকারা : আয়াত-২৩৪]
📄 তালাকপ্রাপ্তা মহিলা
যদি গর্ভবতী না হয় তাহলে তার ইদ্দত হলো তিন হায়েয পর্যন্ত। আর যদি তালাক ব্যতীত অন্য কোন ভাবে বিবাহ বিচ্ছেদ হয় যেমন : খোলা তালাক, লি'আন ইত্যাদি তাহলে ইদ্দত হলো এক হায়েয।
আল্লাহ তা'আলা ঘোষণা করেন: "আর তালাকপ্রাপ্তা মহিলা নিজেকে অপেক্ষায় রাখবে তিন হায়েয পর্যন্ত।" [সূরা বাকারা: ২২৮]
📄 অপ্রাপ্ত বয়স্কা কিংবা বয়োবৃদ্ধা মহিলা
যাদের হায়েয বন্ধ হয়ে গেছে কিংবা শুরু হয়নি তাদের স্বামীর মৃত্যুবরণ ছাড়াই যদি বিবাহ বন্ধন (তালাক, খোলা ইত্যাদির মাধ্যমে) বিচ্ছিন্ন হয় তাদের ইদ্দত হলো তিন মাস।
আল্লাহ তা'আলা বলেন- "তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের হায়েয হওয়ার সম্ভাবনা নেই, তাদের প্রসঙ্গে সন্দেহ হলে তাদের ইদ্দত হবে তিন মাস। আর যারা এখনও ঋতুর বয়সে পৌঁছেনি, তাদেরও অনুরূপ ইদ্দতকাল হবে।” [সূরা তালাক: আয়াত-৪]