📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 রোযাদার হলেও দাওয়াতে অংশগ্রহণ করতে হবে

📄 রোযাদার হলেও দাওয়াতে অংশগ্রহণ করতে হবে


রোযাদার হলেও দাওয়াতে যাওয়া আবশ্যক। নবী করীম বলেছেন- "যখন তোমাদের কাউকে কোন খাবারের জন্য দাওয়াত দেয়া হয়, তখন সে যেন তাতে হাজির হয়। যদি রোযাদার না হয় তাহলে যেন আহার করে। আর যদি রোযাদার হয় তাহলে যেন দোয়া করে। (মুসলিম, ৪/১৫৩; নাসাঈ, ৬৩/২; আহমদ, ২/৫০৭; বায়হাকী, ৭/২৬৩)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 মেহমানের জন্য ইফতারের আয়োজন করা

📄 মেহমানের জন্য ইফতারের আয়োজন করা


দাওয়াতকৃত ব্যক্তি যে কোন নফল রোযা রাখলে ইফতার করতে পারে। বিশেষ করে যখন মেযবান পীড়াপীড়ি বা অনুনয় করে তখন রোযা ভাঙ্গা জায়েয। এ বিষয়ে অনেক হাদীস বর্ণিত আছে।

প্রথম হাদীস- যদি তোমাদের কাউকে কোন খাবারের দাওয়াত দেয়া হয় তাহলে সে যেন তাতে উপস্থিত হয়। যদি ইচ্ছা হয় ভক্ষণ করবে, আর যদি ইচ্ছা না হয় খাওয়া থেকে বিরত থাকবে। (মুসলিম, আহমদ, ৩/৩৯২)

দ্বিতীয় হাদীস- নফল রোযাদার নিজের প্রতিনিধি। ইচ্ছা করলে রোযা রাখবে আর ইচ্ছা করলে রোযা ভেঙে ফেলবে। (নাসাঈ, ৬৪/৪; হাকিম, ১/৪৩৯; বায়হাকী, ৪/২৭৬)

তৃতীয় হাদীস: আয়েশা সিদ্দীকা (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন, "একদিন রাসূলে করীম আমার নিকট এসে বললেন, তোমাদের নিকট কিছু খাবার আছে কি? আমি বললাম, না। তিনি বললেন, তাহলে আমি রোযা রাখলাম। পুনরায় ঐ দিনের পর আমার নিকট দিয়ে তিনি গেলেন। আর আমাকে হাইস (খেজুর, পনির ও ঘি মিশ্রিত খাবার) হাদিয়া দেয়া হয়েছে। তা থেকে কিছু তার জন্য উঠায়ে রাখলাম। আর তিনি হাইস খুবই পছন্দ করতেন। আয়েশা (রা) বললেন, হে আল্লাহর রাসূল! আমাকে হাইস হাদিয়া দেয়া হয়েছে। তা থেকে আপনার জন্য কিছু রেখে দিয়েছি। তিনি বললেন, আমার নিকটে নিয়ে আস, আমি কিন্তু রোযা অবস্থায় সকাল অতিবাহিত করেছি। অতঃপর তিনি তা থেকে ভক্ষণ করলেন, এরপর বললেন, নফল রোযাদারের উদাহরণ ঐ ব্যক্তির মতো যে ব্যক্তি তার মাল থেকে সাদকা আদায় করে দেয়। যদি ইচ্ছা হয় তা সম্পাদন করবে (দান করবে) আর যদি ইচ্ছা হয় তার নিকটেই রেখে দিবে তাহলে রাখতে পারবে। (নাসাঈ)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 নফল রোযা কাযা করা ওয়াজিব নয়

📄 নফল রোযা কাযা করা ওয়াজিব নয়


দাওয়াতের উদ্দেশ্যে ভঙ্গকৃত ঐ দিনের নফল রোযা পরবর্তীতে আদায় করা ওয়াজিব নয়, এ বিষয়ে দু'টি হাদীস নিম্নে পেশ করা হলো।

প্রথম হাদীস: আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ ﷺ এর জন্য খাবার প্রস্তুত করলাম। এরপর তিনি এবং তাঁর সাহাবীগণ আমার নিকট আসলেন। যখন তিনি খাবারে হাত রাখলেন। তখন দলের একজন বলল, আমি রোযাদার। তখন রাসূলুল্লাহ বললেন, তোমাদের ভাই তোমাদের দাওয়াত দিয়েছেন। তিনি তোমাদের জন্য পরিশ্রম করেছেন। এরপর রাসূলে করীম তাকে বললেন, রোযা ভেঙ্গে ফেল এবং পরিবর্তে যদি চাও একদিন রোযা রেখে নিও। (বায়হাকী, ৪/২৭৯; ফাতহুলবারী, ৪/১৭০)

দ্বিতীয় হাদীস : আবূ জুহাইফাহ থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ একদা সালমান ও আবু দারদার মাঝে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। তিনি বলেন, সালমান তার নিকট বেড়াতে আসল। তখন উম্মু দারদা ছদ্মবেশে ছিলেন। তখন তিনি বললেন, হে উম্মু দারদা! তোমার এ অবস্থা কেন? সে বলল, আপনার ভাই আবু দারদা রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে এবং দিনে রোযা রাখে। পার্থিব কোন কিছুর প্রতি তার কোন গুরুত্ব নেই। এরপর আবূ দারদা আগমন করল এবং সালমানকে স্বাগত জানাল এবং তার নিকট খাবার নিয়ে আসল। সালমান তাকে বলল, খাও? সে বলল, আমি রোযাদার; সালমান বলল, আমি তোমাকে কসম দিয়ে বলছি অবশ্যই তুমি ইফতার করবে। তুমি যতক্ষণ না খাবে আমি খাব না। তখন সে তার সাথে ভক্ষণ করল। এরপর তিনি তাঁর নিকট রাত যাপন করলেন। যখন রাত হল আবূ দারদা নফল আদায় করতে চাইলেন। সালমান তাকে নিষেধ করলেন এবং তাকে বললেন, হে আবূ দারদা! নিশ্চয় তোমার ওপর দেহের হক রয়েছে, তোমার উপর তোমার পালনকর্তার হক রয়েছে (তোমার মেহমানের তোমার ওপর হক আছে) তোমার স্ত্রীর তোমার ওপর হক আছে। রোযা রাখ, ভাঙ্গ, সালাত পড়, স্ত্রীর নিকট যাও এবং প্রত্যেক হকদারের হক আদায় করে দাও। যখন সে সুবহে সাদিকে উপনীত হল তখন সালমান তাঁকে বললেন, যদি চাও তো এখন সালাত আদায় করতে পার। বর্ণনাকারী বললেন, তাঁরা উভয়ে উঠলেন এবং অযু করলেন, অতঃপর সালাত আদায় করলেন। এরপর ফজর সালাত আদায়ের উদ্দেশ্যে বের হয়ে পড়লেন। সালমান আবু দারদাকে যে আদেশ করেছিল তা সংবাদ দেয়ার জন্য আবু দারদা রাসূলুল্লাহ-এর নিকট আগমন করলেন। তখন রাসূলুল্লাহ তাকে বললেন, হে আবু দারদা! নিশ্চয় তোমার দেহের উপর তোমার হক আছে। যেরূপ সালমান বলেছেন সেরূপ বললেন, অপর বর্ণনাতে আছে সালমান সত্যই বলেছে। (বুখারী, ৪/১৭০/১৭১; তিরমিযী, ৩/২৯০; বাইহাকী, ৪/২৭৬)

📘 কুরআন ও সহীহ হাদিসের আলোকে বিয়ে 📄 যে দাওয়াতে গুনাহের কাজ হয় তাতে হাজির না হওয়া

📄 যে দাওয়াতে গুনাহের কাজ হয় তাতে হাজির না হওয়া


ঐ দাওয়াতে হাজির হওয়া অবৈধ যা গুনাহের ও অবাধ্যচারিতার সাথে জড়িত। যদি সেটাকে অপছন্দ করে এবং তা প্রতিহত করার ইচ্ছা থেকে থাকে তাহলে যেতে বাধা নেই। যদি সম্ভব হয় সে গুনাহের কাজ বিদূরিত করতে চেষ্টা করবে। যদি না পারো তাহলে প্রত্যাবর্তন করা ওয়াজিব। এ বিষয়ে অনেক হাদীস আছে।

প্রথম হাদীস: আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি খাবার প্রস্তুত করলাম। অতঃপর রাসূলে করীম-কে দাওয়াত দিলাম। তিনি আসলেন, এসে তিনি বাড়িতে ছবি দেখতে পেলেন। তখন তিনি আবার ফিরে গেলেন। আলী (রা) বললেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার মা-বাপ আপনার জন্য কুরবান হোক কোন জিনিস আপনাকে ফিরিয়ে দিয়েছে? নবী করীম বললেন, বাড়িতে এমন একটি পর্দা ঝুলানো আছে যাতে ছবি আছে। নিশ্চয় ফেরেশতাগণ ঐ ঘরে প্রবেশ করে না যে ঘরে কোন ছবি থাকে। (ইবনে মাযাহ, ২/৩২৩; মুসনাদে আবু ই'আলা, ৩১/১, ৩৮/১)

দ্বিতীয় হাদীস: আয়েশা সিদ্দীকা (রা) থেকে বর্ণিত, তিনি একটি গদি ক্রয় করেছিলেন, যাতে ছবি ছিল। যখন তা রাসূলে করীম ﷺ দেখলেন, দরজায় দাঁড়িয়ে রইলেন ঘরে প্রবেশ করলেন না। অতএব আমি তাঁর চেহারায় অসন্তুষ্টি ভাব বুঝতে পারলাম, তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল! আল্লাহ ও তাঁর রাসূলের নিকট তাওবা করছি, আমি কি গুনাহ করেছি? তখন নবী করীম ﷺ বললেন, এ গদিটির কি হল? আমি বললাম, আপনার বসা এবং বালিশ হিসেবে ব্যবহার করার জন্য আমি এটা খরিদ করেছি। তখন রাসূলে করীম ﷺ বললেন: নিশ্চয় এ ছবির মালিক, [অপর বর্ণনায় রয়েছে যারা এ ছবি নির্মাণ করে] শেষ বিচার দিবসে তাদেরকে শাস্তি দেয়া হবে এবং তাদেরকে বলা হবে তোমরা যা সৃষ্টি করেছ তাদের প্রাণ সঞ্চার করো। নিশ্চয় যে ঘরে (এরূপ) ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আয়েশা (রা) বলেন, আমি ছবি বের না করা পর্যন্ত তিনি ঘরে প্রবেশ করলেন না।

নবী করীম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন এমন দস্তরখানে না বসে যেখানে মদ আপ্যায়ন করা হয়। (মুসনাদে আহমদ, তিরমিযী)

আমরা যা বর্ণনা করলাম এর ওপরই সলফে সালিহীনদের (রা) আমল চলছে। এর অনেক দৃষ্টান্ত রয়েছে।
ওমরের গোলাম আসলাম থেকে বর্ণিত যে, ওমর বিন খাত্তাব (রা) যখন সিরিয়াতে গমন করলেন। তার জন্য এক খ্রিস্টান লোক খাবার প্রস্তুত করল। সে ওমর (রা)-কে বলল, আমি পছন্দ করি আপনি আমার বাড়িতে আগমন করবেন এবং আপনিও আপনার সাথীরা আমাকে সম্মানিত করবেন। এ লোক ছিল সিরিয়ার সম্মানিত ব্যক্তিবর্গের একজন। ওমর (রা) তাকে বললেন, আমরা তোমাদের গীর্জায় ছবি থাকার কারণে প্রবেশ করি না। (বাইহাকী, ۷/২৬৮)

আবু মাসউদ 'উকবাহ বিন আমর থেকে বর্ণিত, এক ব্যক্তি তার জন্য খাবার তৈরি করল। এরপর তাকে দাওয়াত দিল। অতঃপর তিনি বললেন, ঘরে কি কোন ছবি রয়েছে? সে বলল, হ্যাঁ আছে। তখন তিনি ঘরে প্রবেশ করতে অস্বীকার করলেন, এরপর ছবি ভেঙ্গে ফেলা হলে তিনি ঘরে প্রবেশ করলেন। (ফাতহুল বারী, ৯/২০৪)

ইমাম আওযায়ী বলেছেন, আমরা ঐ ওলীমাতে (বৌভাত) অনুষ্ঠানে গমন করি না যাতে তবলা ও বাদ্যযন্ত্র থাকে। (ফাওয়ায়িদুল মুনতাকাহ, ৪/৩/১)

ফন্ট সাইজ
15px
17px