📘 কুরআন ও হাদীসের মানদণ্ডে সূফীবাদ 📄 ভূমিকা

📄 ভূমিকা


ইসলামের প্রথম যুগে মুসলমানগণ নিঃশর্তভাবে কুরআন ও সুন্নাহর অনুসরণ করে চলতেন। তারা নির্দিষ্ট কোন মাজহাব, তরীকা বা মতবাদের দিকে নিজেদেরকে নিসবত (সম্পৃক্ত) করতেন না। সকলেই মুসলিম বা মুমিন হিসেবে পরিচয় দিতেন। তবে বদরের যুদ্ধ যেহেতু ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল এবং তাতে অংশগ্রহণ করা বিশেষ একটি ফজীলতের কাজ ছিল, তাই যারা বদরের যুদ্ধে শরীক হয়েছেন তাদেরকে বদরী সাহাবী, যারা বাইআতে রিযওয়ানে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আসহাবে বাইআত এবং দ্বীনী ইলম শিক্ষায় সর্বক্ষণ আত্মনিয়োগকারী সুফফাবাসী কতিপয় গরীব সাহাবীকে আসহাবে সুফফা বলা হত। কিন্তু পরবর্তীতে মুসলমানগণ রাজনৈতিক, ধর্মীয় ও অন্যান্য কারণে বিভিন্ন দলে ও উপদলে বিভক্ত হয়ে যায়।

মুসলমানদের মাঝে আত্মপ্রকাশ করে শিয়া, খারেজী, মুতাজেলা, কদরীয়া, আশায়েরা, জাহমেয়ী এবং আরও অসংখ্য বাতিল ফির্কা ও মতবাদ। এরই ধারাবাহিকতায় সুফীবাদও একটি ধর্মীয় মতবাদ হিসেবে মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করে।

সুফী মতবাদ কখন থেকে ইসলামের মধ্যে প্রবেশ করে, তার সঠিক সময় নিধারণ করা কঠিন। তবে সঠিক কথা হচ্ছে এ মতবাদটি হিজরী তৃতীয় শতকে ইসলামী জগতে ছড়িয়ে পড়ে। তখন শুধু কতিপয় লোকের ব্যক্তিগত প্রবণতা, আচরণ ও আগ্রহের মধ্যেই এটি সীমিত ছিল। কতিপয় ব্যক্তি কর্তৃক দুনিয়ার ভোগবিলাস ও আরাম-আয়েশ পরিহার করে ইবাদতে মশগুল হওয়ার আহবান জানানোর মাধ্যমে এ পথের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ব্যক্তিগতভাবে গড়ে উঠা আচরণগুলো উন্নতি লাভ করে একটি মতবাদে পরিণত হয় এবং সুফীবাদের নামে বিভিন্ন তরীকার আবির্ভাব ঘটে। এবাদত-বন্দেগীতে মশগুল থাকা, আত্মাকে হিংসা-বিদ্বেষ থেকে পরিশুদ্ধ করা, আল্লাহর ভয় দিয়ে অন্তর পরিপূর্ণ রাখা, তাওবা-ইস্তেগফার ও যিকির-আযকারের মাধ্যমে কলব পরিস্কার রাখার প্রতি সুফীরা আহবান জানায়।

নিঃসন্দেহে এ কাজগুলোর প্রতি ইসলাম বিশেষ গুরুত্ব প্রদান করেছে। এগুলো ইসলামের মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত। তবে পার্থক্য হচ্ছে সুফীরা আত্মশুদ্ধি অর্জন ও আত্মার উন্নতির মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে পৌঁছার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রদর্শিত পথ বাদ দিয়ে কাশফ এবং মুশাহাদার আশ্রয় নিয়ে থাকেন। কুরআন ও সুন্নাহর পথ বাদ দিয়ে ভিন্ন পথ অবলম্বন করার কারণে সুফীবাদের মধ্যে ইউনানী, পারস্য, বৌদ্ধ এবং অন্যান্য দর্শন প্রবেশ করে। পরিণামে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সুফীবাদের সূচনা হয় কালের পরিক্রমায় তা কুরআন ও সুন্নাহর আলোকে একটি অগ্রহণযোগ্য মতবাদে পরিণত হয়। তাতে প্রবেশ করে ইসলাম ধ্বংসকারী বিভিন্ন শির্ক ও বিদআত। পরিস্থিতি যখন এরূপ ভয়াবহ আকার ধারণ করল, তখন উম্মাতের আলেমগণ লেখনী ও ভাষণ-বক্তৃতার মাধ্যমে এ মতবাদের কঠোর প্রতিবাদ করেছেন এবং মুসলমানদেরকে সুফী ও তাদের মতবাদ থেকে দূরে থাকার আহবান জানিয়েছেন। আল্লামা ইবনে তাইমীয়ার ভূমিকা এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। পরবর্তীতে ভারতীয় উপমহাদেশেও সুফীবাদের অনুপ্রবেশ ঘটে।

আমাদের মাতৃভূমি বাংলাদেশেও রয়েছে অসংখ্য সুফী তরীকা ও মতবাদ। মুসলমানদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবে আমি এ প্রবন্ধে প্রচলিত সুফীবাদের কিছু আকীদা-বিশ্বাস, আমল ও মূলনীতি বর্ণনা করবো। যাতে একজন মুসলিম এ সম্পর্কে সচেতন হতে পারেন এবং যারা সুফী দর্শনে বিশ্বাসী তারাও যেন সুফীবাদের সমস্যাগুলো জানতে পারেন এবং প্রচলিত সুফীবাদের বিশ্বাস, কথা ও কাজগুলো কুরআন ও হাদীসের কতটুকু কাছে বা তা থেকে কতটুকু দূরে তাও অনুমান করতে পারেন। মহান আল্লাহ যেন আমাদেরকে সঠিক কথা শুনা ও তা মানার তাওফীক দেন। আমীন।
আব্দুল্লাহ্ শাহেদ আল-মাদানী
ashahed1975@gmail.com

টিকাঃ
১ - কাশফ্ ও মুশাহাদা এ দু'টি সুফীদের অন্যতম পরিভাষা। এর সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে সুফী সাধকরা যখন মারেফত অর্জনে সক্ষম হন তখন তাদের সামনে মহা বিশ্বের সকল রহস্য উন্মুক্ত হয়ে যায়। তখন ধ্যানের মাধ্যমে তারা আসমান, জমিন, লাওহে মাহফুজ এবং আরশের গোপন খবরও জানতে পান।

📘 কুরআন ও হাদীসের মানদণ্ডে সূফীবাদ 📄 সুফীবাদের পরিভাষায় সুফী কাকে বলে?

📄 সুফীবাদের পরিভাষায় সুফী কাকে বলে?


১. সুফী শব্দটি صوف (পশম) থেকে উদগত হয়েছে। কারণ, সুফীরা সহজ সাধারণ জীবন যাপনের অংশ হিসাবে পশমী কাপড় পরিধান করতেন।
২. মোল্লা জামী বলেন, শব্দটি صفاء (পবিত্রতা ও স্বচ্ছতা) থেকে নির্গত হয়েছে। কেননা তারা পূতপবিত্র ও স্বচ্ছ জীবন যাপন করতেন। সুফীর সংজ্ঞায় বর্ণিত এ কথাটি ঠিক নয়। কারণ সুফীরা নিজেদেরকে صوفي বলে উল্লেখ করেন। صفاء শব্দ থেকে সুফীর উৎপত্তি হয়ে থাকলে তারা নিজেদেরকে صفائي সাফায়ী বলতেন। অথচ এ মতবাদে বিশ্বাসী কোন লোক নিজেকে সাফায়ী বলেন না। বরং সুফী বলেন। এ থেকে আমরা বুঝতে পারি, সুফী হচ্ছেন ঐ ব্যক্তি, যিনি পশমী ও মোটা কাপড় পরিধান করেন এবং দুনিয়ার ভোগ-বিলাস পরিহার করে সরল সোজা ও সাদামাটা জীবন যাপন করেন।

📘 কুরআন ও হাদীসের মানদণ্ডে সূফীবাদ 📄 সুফীবাদের বিভিন্ন তরীকার বিবরণ

📄 সুফীবাদের বিভিন্ন তরীকার বিবরণ


সুফীদের রয়েছে বিভিন্ন তরীকা। স্থান ও কাল অনুযায়ী অসংখ্য সুফী তরীকা আত্ম প্রকাশ করার কারণে এর সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন। আমাদের ভারতীয় উপমহাদেশে অসংখ্য সুফী তরীকা আত্ম প্রকাশ করেছে। তার মধ্যে নিম্নের কয়েকটি তরীকা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রায়ই সুফী তরীকার পীর ও মুরীদদের মুখে এ সমস্ত তরীকার নাম উচ্চারণ করতে শুনা যায়। এ সমস্ত তরীকা হচ্ছেঃ

১) কাদেরীয়া তরীকাঃ আব্দুল কাদের জিলানীকে (মৃত ৫৬১ হিঃ) এ তরীকার প্রতিষ্ঠাতা হিসেবে সুফীরা দাবী করে থাকেন। কিন্তু নিরপেক্ষ বিশ্লেষণ ও তার জীবনী অধ্যয়ন করলে জানা যায় যে, তিনি কোন তরীকা প্রতিষ্ঠা করে যান নি। তার নামে যে সমস্ত কারামত বর্ণনা করা হয় তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।

২) নকশবন্দীয়া তরীকাঃ মুহাম্মাদ বাহাউদ্দীন নকশবন্দীকে (মৃত ৭৯১ হিঃ) এই তরীকার প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করা হয়।

৩) চিশতিয়া তরীকাঃ খাজা মঈন উদ্দীন চিশতীকে (মৃত ৬২০ হিঃ) এ তরীকার প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করা হয়। ভারতের আজমীরে তার মাজার রয়েছে। হিন্দু-মুসলিম সকলেই এ মাজার যিয়ারত করে থাকে।

৪) মুজাদ্দেদীয়া তরীকাঃ মুজাদ্দে আলফে ছানীকে (মৃত ১০৩৪ হিঃ) এই তরীকার প্রতিষ্ঠাতা হিসেবে দাবী করা হয়।

৫) সোহরাওয়ার্দী তরীকাঃ শিহাব উদ্দীন উমার সোহরাওয়ার্দীর (মৃত ৬৩২ হিঃ) নামে এই তরীকাটির নিসবত করা হয়। এই পাঁচটি তরীকার নামই আমাদের দেশের সুফীদের মুখে ব্যাপকভাবে উচ্চারণ করতে শুনা যায়।

📘 কুরআন ও হাদীসের মানদণ্ডে সূফীবাদ 📄 সুফীবাদের স্তর পরিক্রমা

📄 সুফীবাদের স্তর পরিক্রমা


ক) শরীয়তঃ ইসলামী জীবন ব্যবস্থার যাবতীয় বিধানকে শরীয়ত বলা হয়। সর্বপ্রথম শরীয়তের পূর্ণ অনুসারী হতে হয়। শরীয়তের যাবতীয় বিধানের মধ্য দিয়ে সুফী তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত করে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর অনুগত করেন। শরীয়তের পূর্ণ অনুসরণ ব্যতীত কেউ সুফী হতে পারবে না। সুফীরা এ কথাটি জোর দিয়ে বললেও তাদের আচার-আচরণ এর সম্পূর্ণ বিপরীত। কারণ অনেক সুফীকেই দেখা যায় তারা মারেফতের দোহাই দিয়ে শরীয়তের বিধান মানতে আদৌ প্রস্তুত নন।

খ) তরীকতঃ সুফীদের পরিভাষায় তরীকত হচ্ছে; শরীয়তের যাবতীয় বিধান অনুশীলনের পর তাকে আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন হতে হবে। এ পর্যায়ে তাকে বিনা প্রশ্নে গুরুর আনুগত্য করতে হবে।

গ) মারেফতঃ সুফীদের পরিভাষায় মারেফত হচ্ছে, এমন এক স্তর যার মধ্যে বান্দাহ উপনীত হলে সৃষ্টি রহস্য সম্পর্কে অবগত হতে পারে। এ স্তরে পৌঁছতে পারলে তার অন্তর আলোয় উদ্ভাসিত হয়ে উঠে। তখন তিনি সকল বস্তুর আসল তত্ত্ব উপলব্ধি করতে শুরু করেন। মানব জীবন ও সৃষ্টি জীবনের গুপ্ত রহস্য তার নিকট স্পষ্ট হয়ে ভেসে ওঠে।

ঘ) হাকিকতঃ সুফীদের ধারণায় তাদের কেউ এ স্তরে পৌঁছতে পারলে আন্তরিকভাবে আল্লাহর প্রেমের স্বাদ ও পরমাত্মার সাথে তার যোগাযোগ হয়। এটা হচ্ছে সুফী সাধনার চুড়ান্ত স্তর। এ স্তরে উন্নীত হলে সুফী ধ্যানের মাধ্যমে নিজস্ব অস্তিত্ব আল্লাহর নিকট বিলীন করে দেন।

উপরোক্ত নিয়মে ভক্তদের নামকরণ করা ও স্তরভেদ করা একটি বানোয়াট পদ্ধতি। ইসলামের প্রথম যুগে এগুলোর কোন অস্তিত্ব ছিল না। পরবর্তীতে সুফীরা এগুলো নিজের খেয়াল খুশী মত তৈরী করেছে।

ফন্ট সাইজ
15px
17px