📘 কুরআন হিফজ করবেন যেভাবে > 📄 কী ঘটবে? শয়তানের অনুপ্রবেশ!

📄 কী ঘটবে? শয়তানের অনুপ্রবেশ!


মুমিন ব্যক্তিকে কল্যাণকর কাজ থেকে দূরে রাখতে শয়তান ধীরে ধীরে তার অন্তরে অনুপ্রবেশ করে। তার সামনে বিভিন্ন প্রতিকূলতা হাজির করে, বিবিধ সমস্যা উপস্থাপন করে; ফলে মুমিন ব্যক্তি সে-সকল কাজ থেকে দমে যায়, যেগুলোর প্রতি একসময় সে প্রবল আগ্রহ বোধ করত।
এ ক্ষেত্রে শয়তানকে প্রতিহত করার উত্তমতম পদ্ধতি হলো, হিফজুল কুরআনে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে আপনারা ভাই, বন্ধু বা পরিচিত ক-জন মিলে একজোট হয়ে যান। যেমন আল্লাহ তাআলা বলেন,
(وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى )
"সৎকর্ম ও খোদাভীতির ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করো।”
[সুরা মায়িদা: ২]
ফলে আপনার যখন অবসাদ আসবে—আর এটা আসবেই—তখন আপনার ভাই আপনাকে স্মরণ করিয়ে দেবে, আর যদি আপনার ভাইয়ের অবসাদ আসে, তখন আপনি তাকে স্মরণ করিয়ে দেবেন...। এভাবে আপনারা সৎকর্ম ও খোদাভীতির ক্ষেত্রে পরস্পর সহযোগী হয়ে উঠলেই শয়তান হবে পরাজিত।
উমর রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “শয়তান বিচ্ছিন্নজনের সাথে থাকে এবং দুজন হতে তুলনামূলক দূরে অবস্থান করে।” (৪৮)
তাই আপনি যখন হিফজের প্রতি সবলতা অনুভব করেন, পাশাপাশি যথেষ্ট অবসরও থাকে, তখন দুয়েকজন বন্ধুর সাথে জোট করে ফেলুন। কয়েকজন মিলে সুরা বাকারা হিফজ করে ফেলুন, আরেকজনের সাথে সুরা আরাফ মুখস্থ করে ফেলুন...।
তবে আমার একটি উপদেশ হচ্ছে, আপনি একসাথে বেশি অংশ হিফজ করতে যাবেন না। কেননা, এটি আপনার মধ্যে বিরক্তি ও অবসাদ তৈরি করতে পারে, আবার এতে হয়তো আপনার হিফজের আমল পুরোপুরি বন্ধও হয়ে যেতে পারে...। আর বাস্তবতা হচ্ছে, ধারাবাহিক স্বল্প কর্মও বিচ্ছিন্ন দীর্ঘ কর্মের চেয়ে উত্তম।
আয়েশা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা মধ্যমপন্থায় আমল করে যাও। জেনে রেখো, তোমাদের কাউকে তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো যা সদাসর্বদা নিয়মিত করা হয়-যদিও তা সামান্য হয়।” (৪৯)

টিকাঃ
৪৮. জামে তিরমিযি: ২১৬৫।
৪৯. সহিহ বুখারি: ৬৪৬৪, সহিহ মুসলিম: ২৮১৮।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00