📄 পীর বা ওয়ালী-আউলিয়া গায়েবের (অদৃশ্যের) জ্ঞান রাখে না
মহান আল্লাহ্ বলেন,
ক্বুল লা ইয়া'লামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ্বিল গইবা ইল্লাল্লাহু...
“আকাশ এবং পৃথিবীতে আল্লাহ্ ছাড়া কেউ গায়েবের জ্ঞান রাখেনা...” -সূরাহ্ নামল (২৭), ৬৫
মহান আল্লাহ্ আরো বলেন,
ক্বুল ... লা আ'লামুল গইবা ...
“বল; (হে মুহাম্মাদ)... আমি গায়েবের জ্ঞান রাখিনা..." -সূরাহ্ আন'আম (৬), ৫০
এ আয়াতে আল্লাহ্ বলেন, রসূলুল্লাহ্ ﷺ গায়েবের জ্ঞান রাখতেন না, সেখানে পীর বা ওয়ালী-আওলিয়ারা কিভাবে গায়েবের জ্ঞান রাখে? অতএব বুঝে নিতে হবে যে, যারা গায়েবের খবর রাখে বলে দাবি করবে, তারা মিথ্যুক, ভণ্ড ও প্রতারক।
📄 আল্লাহ্ ছাড়া কোনো পীর বা ওয়ালী-আউলিয়া আমাদেরকে সাহায্য করতে পারে না
মহান আল্লাহ্ বলেন,
... ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওালিয়্যিও ওয়ালা নাসীর।
“...আল্লাহ্ ছাড়া তোমাদের কোনো ওয়ালী নেই এবং সাহায্যকারীও নেই।” - সূরাহ্ শুরা (৪২), ৩১
📄 পীর বা ওয়ালী-আউলিয়া পরকালে কারো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে না
আমাদের মাঝে সবার চেয়ে বড় ওয়ালী হলেন রসূলুল্লাহ্ ﷺ। তাঁর সম্পর্কে মহান আল্লাহ্ বলেন, ক্বুল ইন্নী লা আমলিকু লাকুম দ্বররাও ওয়ালা রাশাদা। “বল (হে মুহাম্মাদ), আমি তোমাদের (পরকালে) ক্ষতি বা উপকার করার ক্ষমতা রাখিনা।” -সূরাহ্ জ্বীন (৭২), ২১
যেখানে রসূলল্লাহ্ আমাদের পরকালে উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখেন না সেখানে কোনো পীর বা কোনো ওয়ালী-আওলিয়া কিভাবে আমাদের পরকালে উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখতে পারে? তাই এ আয়াত থেকে বুঝা যায়, কোনো পীর বা ওয়ালী-আওলিয়া আমাদের পরকালে উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে না।
আবু হুরইরহ্ থেকে বর্ণিত, রসূলুল্লহ্ বলেছেন, … ইয়া ফাতিমাতু আনক্বিযী নাফ্সাকি মিনান নারি ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইয়ান গইরা … “...হে ফাতিমাহ্! জাহান্নাম থেকে তুমি নিজেকে বাঁচাও। কারণ আল্লাহ্'র (আযাব) থেকে রক্ষা করার ব্যাপারে আমার কোনো ক্ষমতা নেই...” -মুসলিম, অধ্যায় : ১, কিতাবুল ঈমান, অনুচ্ছেদ : ৮৯, মহান আল্লাহ্'র বাণী “তোমরা নিকট আত্মীয়দেরকে সতর্ক করে দাও” -সূরাহ্ শুয়ারা (২৬), ২১৪, হাদিস # ৩৪৮/২০৪।
যেখানে রসূলুল্লহ্ তাঁর মেয়ে ফাতিমাহ্ কে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখেন না, সেখানে পীর বা ওয়ালী-আওলিয়ারা কিভাবে তাদের মুরিদদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে? অর্থাৎ বুঝা গেলো, যে সকল পীর বা ওয়ালী-আওলিয়ারা মানুষদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে বলে আশ্বাস দেয় তারা হলো মহামিথ্যুক।
📄 পীর বা ওয়ালী-আউলিয়া কাউকে হেদায়েত দেয়ার ক্ষমতা রাখে না
মহান আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদী মান আহবাবতা ওয়ালা কিন্নাল্লাহা ইয়াহদী মাই ইয়াশাউ ওয়া হুয়া আলামু বিল মুহতাদীন। “(হে মুহাম্মাদ) তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত দিতে পারবে না। বরং আল্লাহ্ যাকে চান তাকেই হেদায়েত দান করেন। তিনি হেদায়েত প্রাপ্তদের সম্পর্কে জানেন।” -সূরাহ্ ক্বস্বস্ব (২৮), ৫৬
যেখানে স্বয়ং নাবী তাঁর প্রিয় ব্যক্তিকে হেদায়েত দানের ক্ষমতা রাখেন না, সেখানে পীর বা ওয়ালী-আওলিয়ারা কিভাবে হেদায়েত দেয়ার ক্ষমতা রাখে! নিশ্চয় যে সকল পীররা মানুষদেরকে হেদায়েত দানের দাবী করে তারা অবশ্যই-অবশ্যই ভণ্ড।