📄 বেশি বেশি আল্লাহ্র যিকর করা
আল্লাহকে যারা অধিক স্মরণ করেন তাদের জন্য আল্লাহ তা'আলা ক্ষমার ব্যবস্থা রেখেছেন। আল্লাহ তা'আলা বলেন:
إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
“নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মু'মিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়াবনত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, সিয়ামপালনকারী পুরুষ ও নারী, নিজদের লজ্জাস্থানের হিফাযতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহ মাগফিরাত ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন।”৪১০
টিকাঃ
৪১০. সূরা আল আহ্যাব ৩৩: ৩৫।
📄 নির্দিষ্ট যিকর ও তাসবীহ পাঠ করা
নির্দিষ্ট কিছু যিক্র রয়েছে যেগুলো পাঠ করলে গাছের পাতা ঝড়ার মত গুনাহগুলো ঝড়ে যায়। রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
إِنَّ سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ تَنْفُضُ الْخَطَايَا كَمَا تَنْفُضُ الشَّجَرَةُ وَرَقَهَا»
"নিশ্চয় সুবহা-নাল্লা-হ, আলহামদুলিল্লা-হ, লা- ইলা-হা ইল্লাল্লা-হ ও আল্লা-হু আকবার, গুনাহসমূহকে ঝরিয়ে দেয়, যেমন গাছ তার পাতাসমূহকে ঝরিয়ে দেয়।"৪১১
عن أَنَسٍ أَنَّ رَسُولَ اللهِ ﷺ مَرَّ بِشَجَرَةٍ يَابِسَةِ الْوَرَقِ فَضَرَبَهَا بِعَصَاهُ فَتَنَاثَرَ الْوَرَقُ فَقَالَ إِنَّ الْحَمْدُ لِلَّهِ وَسُبْحَانَ اللهِ وَلَا إِلَهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ لَتُسَاقِطُ مِنْ ذُنُوبِ الْعَبْدِ كَمَا تَسَاقَطَ وَرَقُ هُذِهِ الشَّجَرَةِ.
আনাস থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ ﷺ একবার একটি গাছের পাশ দিয়ে পথ অতিক্রম করছিলেন, এর পাতা ছিল শুষ্ক। তিনি তাঁর লাঠি দিয়ে এতে আঘাত করলেন, ফলে পাতা ঝরে পড়তে লাগল। এরপর তিনি বললেন, এই গাছটির পাতা যেভাবে ঝরে পড়ছে, তেমনিভাবে 'আলহামদুলিল্লা-হ, সুবহা-নাল্লা-হ, লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার' (পাঠের) দ্বারাও বান্দার গুনাহসমূহ ঝরে পড়ে। ৪১২
সা'দ ইবনু আবূ ওয়াক্কাস বলেন, একদিন আমরা আল্লাহর রাসূল ﷺ -এর নিকট উপস্থিত ছিলাম, তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি প্রতিদিন এক হাজার সাওয়াব অর্জন করতে অপারগ হবে কি? তাঁর সাথে বসা লোকেদের একজন জিজ্ঞেস করল, সে কীভাবে এক হাজার সাওয়াব অর্জন করবে? তিনি বললেন,
يُسَبِّحُ مِائَةَ تَسْبِيحَةٍ فَيُكْتَبُ لَهُ أَلْفُ حَسَنَةٍ أَوْ يُحَطَّ عَنْهُ أَلْفُ خَطِيئَةٍ
"সে একশ বার তাসবীহ (সুবহা-নাল্লা-হ) পড়বে এর ফলে তার জন্য এক হাজার সাওয়াব লেখা হবে অথবা এক হাজার গুনাহ মিটিয়ে দেয়া হবে। "৪১৩
টিকাঃ
৪১১. মুসনাদ আহমাদ: ১২৫৩৪, সিলসিলাহ্ আস-সহীহাহ্ : ৩১৬৮।
৪১২. জামি' অত্ তিরমিযী: ৩৪১১, হাদীসটি হাসান।
৪১৩. সহীহ মুসলিম: ৭০২৯।
📄 নির্দিষ্ট যিকর ১০০ বার পাঠ করা
নির্দিষ্ট একটি যিক্র ১০০ বার পাঠ করলে অন্যান্য ফযীলতের পাশাপাশি পাঠকারীর ১০০টি গুনাহ মাফ করা হয়। আবূ হুরায়রাহ্ হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন:
مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ فِي يَوْمِ مِائَةَ مَرَّةٍ كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابِ وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ وَكَانَتْ لَهُ حِرْزًا مِنْ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلَّا أَحَدٌ عَمِلَ أَكْثَرَ مِنْ ذَلِكَ»
"যে ব্যক্তি একশ'বার এ দু'আটি পড়বে:
لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ»
উচ্চারণ: লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা- শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া 'আলা- কুল্লি শাইয়িন ক্বদীর।
অর্থ: আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই; বাদশাহী একমাত্র তারই, সমস্ত প্রশংসাও একমাত্র তাঁরই জন্য, আর তিনি সকল বস্তুর উপর সর্বশক্তিমান।
তাহলে দশটি গোলাম আযাদ করার পরিমাণ সাওয়াব তার হবে। তার জন্য একশটি সাওয়াব লেখা হবে এবং আর একশটি গুনাহ মিটিয়ে দেয়া হবে। ঐদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে সুরক্ষিত থাকবে। কোন লোক তার চাইতে উত্তম সাওয়াবের কাজ করতে সক্ষম হবে না। তবে হ্যাঁ, ঐ ব্যক্তি সক্ষম হবে, যে এর চেয়ে ঐ দু'আটির 'আমল অধিক পরিমাণ করবে।"৪১৪
টিকাঃ
৪১৪. সহীহুল বুখারী: ৩২৯৩, ৬৪০৩, সহীহ মুসলিম: ৭০১৮।
📄 নির্দিষ্ট কয়েকটি বাক্য পাঠ করা
'আলী হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ আমাকে বলেছেন,
«أَلَا أُعَلِّمُكَ كَلِمَاتٍ إِذَا قُلْتَهُنَّ غُفِرَ لَكَ»
আমি তোমাকে কিছু শব্দ-বাক্য শিখিয়ে দিচ্ছি, তুমি সেগুলো পাঠ করলে তার বিনিময়ে তোমাকে মাফ করে দেয়া হবে। আর সেই শব্দ-বাক্যগুলো হলো:
لَا إِلَهَ إِلَّا اللهُ الْحَلِيمُ الْكَرِيمُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ سُبْحَانَ اللَّهِ رَبِّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
উচ্চারণ: লা- ইলা-হা ইল্লাল্লা-হুল হালীমুল কারীম লা- ইলা-হা ইল্লাল্লা-হুল 'আলিয়্যুল 'আযীম, সুবহা-নাল্লা-হি রব্বিস্ সামা-ওয়া-তিস্ সাব'ঈ ওয়া রব্বিল 'আরশিল 'আযীম, আল হামদুলিল্লা-হি রব্বিল 'আ-লামীন।
অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি সহনশীল ও সম্মানিত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি সুউচ্চ ও মহান। আল্লাহ পবিত্র, তিনি সাত আসমান ও মহান আরশের রব। সকল প্রশংসা আল্লাহর যিনি জগতসমূহের রব। ৪১৫
টিকাঃ
৪১৫. মুসনাদে আহমাদ: ৭১২, হাদীসটি হাসান।