📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় > 📄 জীবের প্রতি দয়া দেখানো

📄 জীবের প্রতি দয়া দেখানো


ইসলাম শুধু মানবজীবনের প্রতিই দয়ার্দ্র হতে বলেনি, অন্যান্য জীবের প্রতিও দয়া দেখাতে উৎসাহ দিয়েছে। যে কোন জীবের প্রতি দয়া প্রদর্শন করলে পাপ মাফ হয়ে যাওয়ার আশা করা যায়। কুকুরের মত প্রাণীকে পানি পান করানোর কারণে একজন যেনাকারিণী মহিলাকে মাফ করে দেয়া হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন:
بَيْنَمَا كَلْبٌ يُطِيفُ بِرَكِيَّةٍ قَدْ كَادَ يَقْتُلُهُ الْعَطَشُ إِذْ رَأَتْهُ بَغِيٌّ مِنْ بَغَايَا بَنِي إِسْرَائِيلَ فَنَزَعَتْ مُوقَهَا فَاسْتَقَتْ لَهُ بِهِ فَسَقَتْهُ إِيَّاهُ فَغُفِرَ لَهَا بِهِ
"কোন এক সময় একটি কুকুর একটি কূপের চারপাশে ঘোরা-ফিরা করছিল। পিপাসা তাকে মৃতপ্রায় করে তুলেছিল। (এই অবস্থায়) হঠাৎ বনী ইসরাঈলের বেশ্যাদের মধ্যে এক বেশ্যা তাকে দেখতে পেল। অতঃপর সে তার চামড়ার মোজা খুলে (কূপ থেকে) পানি উঠিয়ে তাকে পান করাল। এই 'আমলের কারণে তাকে ক্ষমা করা হল।"৪০৪
আবূ হুরায়রাহ্ থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ বলেছেন:
بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقِ اشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ فَوَجَدَ بِتْرًا فَنَزَلَ فِيهَا فَشَرِبَ ثُمَّ خَرَجَ فَإِذَا كَلْبٌ يَلْهَتُ يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ فَقَالَ الرَّجُلُ لَقَدْ بَلَغَ هُذَا الْكَلْبَ مِنَ الْعَطَشِ مِثْلُ الَّذِي كَانَ بَلَغَ مِنِّي فَنَزَلَ الْبِئْرَ فَمَلَأَ خُفَّهُ مَاءً ثُمَّ أَمْسَكَهْ بِفِيهِ حَتَّى رَبِّي فَسَقَى الْكَلْبَ فَشَكَرَ اللهُ لَهُ فَغَفَرَ لَهُ». قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَإِنَّ لَنَا فِي هُذِهِ الْبَهَائِمِ لِأَجْرًا فَقَالَ فِي كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ».
এক ব্যক্তি কোন পথ ধরে চলছিল, এমতাবস্থায় তার খুব পিপাসা পেল। সে একটি কূপ দেখতে পেয়ে তাতে নেমে পড়ল এবং পানি পান করল। এরপর সে বেরিয়ে এল। তখন সে দেখতে পেল যে, একটি কুকুর (পিপাসায়) জিব বের করে হাঁপাচ্ছে আর মাটি চাঁছে। লোকটি (মনে মনে) বলল, কুকুরটির আমার মত তীব্র পিপাসা পেয়েছে। তখন সে কুয়ায় নামল এবং তার (চামড়ার) মোজায় পানি ভরল পরে সে তার মুখ আটকে ধরে উপরে উঠল এবং কুকুরটিকে পান করালো, মহান আল্লাহ তার (এ 'আমলে) সন্তুষ্ট হলেন এবং তাকে মাফ করে দিলেন। (সাহাবীগণ) জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! তা হলে কি আমাদের জন্য এসব প্রাণীর ব্যাপারে (সদাচরণে)-ও সাওয়াব রয়েছে? তিনি বললেন, প্রতিটি তাজা কলিজায় (প্রাণধারীতে) সাওয়াব রয়েছে। ৪০৫

টিকাঃ
৪০৪. সহীহুল বুখারী: ৩৪৬৭; সহীহ মুসলিম: ৫৯৯৮।
৪০৫. সহীহুল বুখারী: ৬০০৯; সহীহ মুসলিম: ৫৯৯৬।

📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় > 📄 মানুষের কল্যাণ করা বা মানুষের কষ্ট দূর করা

📄 মানুষের কল্যাণ করা বা মানুষের কষ্ট দূর করা


মানুষের কল্যাণ করলে বা মানুষের কষ্ট হয় এমন কিছু থেকে মানুষকে রক্ষা করলেও গুনাহ মাফ হয়। আবূ হুরায়রাহ্ থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ বলেছেন:
بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ فَأَخَرَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ
"একদিন এক ব্যক্তি রাস্তা চলছিল। সে রাস্তার উপর একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেল। অতঃপর সে তা সরিয়ে দিল। আল্লাহ তা'আলা তার প্রতি সন্তুষ্ট হলেন এবং তাকে ক্ষমা করে দিলেন।"৪০৬
আবূ হুরায়রাহ্ বলেন, নাবী বলেছেন:
مَرَّ رَجُلٌ مُسْلِمٌ بِشَوْكٍ فِي الطَّرِيقِ ، فَقَالَ : لَأُمِيطَنَّ هَذَا الشَّوْكَ ، لَا يَضُرُّ رَجُلًا مُسْلِمًا ، فَغُفِرَ لَهُ
“এক ব্যক্তি রাস্তা অতিক্রমকালে তাঁর পথে কাঁটা পড়ল। সে বলল, আমি অবশ্যই এই কাঁটা অপসারিত করব যাতে এটি কোন মুসলিমের কষ্টের কারণ হতে না পারে। তাঁকে এই জন্য ক্ষমা করা হল।”৪০৭

টিকাঃ
৪০৬. সহীহুল বুখারী: ৬৫২, ২৪৭২; সহীহ মুসলিম: ৫০৪৯, ৬৮৩৫।
৪০৭. মুসনাদ আহমাদ: ৮৪৯৮; আল আদাব আল মুফরাদ: ২২২, আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন।

📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় > 📄 একমাত্র আল্লাহ্র সন্তুষ্টির জন্য একত্র হয়ে আল্লাহকে স্মরণ করা

📄 একমাত্র আল্লাহ্র সন্তুষ্টির জন্য একত্র হয়ে আল্লাহকে স্মরণ করা


আল্লাহর যিক্র একটি পৃথক ‘ইবাদাত। বিভিন্নভাবে আল্লাহর যিক্র করা যায়। আল্লাহর যিক্র বা স্মরণ করার জন্য যদি কোথাও কিছু লোক একত্রিত হয় এবং সুন্নাহ্ সম্মত পদ্ধতিতে আল্লাহর যিক্র করে তাদের গুনাহ মাফ করে তাদের গুনাহগুলো সাওয়াব দ্বারা পরিবর্তন করে দেয়া হয়।
আনাস ইবনু মালিক হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি () বলেছেন:
مَا مِنْ قَوْمِ اجْتَمَعُوا يَذْكُرُونَ اللهَ لَا يُرِيدُونَ بِذَلِكَ إِلَّا وَجْهَهُ إِلَّا نَادَاهُمْ مُنَادٍ مِنْ السَّمَاءِ أَنْ قُومُوا مَغْفُورًا لَكُمْ قَدْ بُدِّلَتْ سَيِّئَاتُكُمْ حَسَنَاتٍ
“যখনই কিছু লোক কোথাও একত্র হয়ে একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে স্মরণ করে তখনই আকাশ থেকে একজন আহ্বানকারী তাদেকে ডাক দিয়ে বলেন, তোমরা ক্ষমাপ্রাপ্ত অবস্থায় উঠো, তোমাদের গুনাহগুলোকে সাওয়াব দ্বারা পরিবর্তন করে দেয়া হয়েছে।”৪০৮
তবে এর অর্থ সম্মলিতভাবে উচ্চৈঃস্বরে চিৎকার করা নয়। কেননা তা কুরআন ও হাদীস দ্বারা নিষিদ্ধ।
সুহায়ল ইবনু হানযালাহ্ হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন:
مَا جَلَسَ قَوْمٌ تَجْلِسًا يَذْكُرُونَ اللهَ عَزَّ وَجَلَّ فِيهِ فَيَقُوْمُونَ حَتَّى يُقَالُ لَهُمْ قُوْمُوا قَدْ غَفَرَ اللَّهُ لَهُمْ ذُنُوبَكُمْ وَبُدِلَّتْ سَيِّئَاتُكُمْ حَسَنَاتٍ»
“কিছু লোক একটি মজলিসে বসে যখন আল্লাহ তা'আলার স্মরণ করে তারপর উঠে চলে যায় তখন তাদেরকে বলা হয়, আল্লাহ তা'আলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন এবং তোমাদের গুনাহগুলোকে সাওয়াব দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে।”৪০৯

টিকাঃ
৪০৮. মুসনাদে আহমাদ: ১২৪৫৩, হাদীসটি হাসান।
৪০৯. আল মু'জামুল কাবীর: ৬০৩৯।

📘 কুরআন-হাদীসের আলােকে গুনাহ মাফের উপায় > 📄 বেশি বেশি আল্লাহ্র যিকর করা

📄 বেশি বেশি আল্লাহ্র যিকর করা


আল্লাহকে যারা অধিক স্মরণ করেন তাদের জন্য আল্লাহ তা'আলা ক্ষমার ব্যবস্থা রেখেছেন। আল্লাহ তা'আলা বলেন:
إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
“নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মু'মিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়াবনত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, সিয়ামপালনকারী পুরুষ ও নারী, নিজদের লজ্জাস্থানের হিফাযতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহ মাগফিরাত ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন।”৪১০

টিকাঃ
৪১০. সূরা আল আহ্যাব ৩৩: ৩৫।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00