📄 কিয়ামুল লাইল (তাহাজ্জুদ সালাত) আদায় করা
ক্বিয়ামুল লাইল বা রাতে দাঁড়িয়ে সলাত আদায় করা অর্থাৎ তাহাজ্জুদের সলাত আদায় করা খুবই ফযীলতের 'আমল। এটি রাসূলুল্লাহ -এর নিয়মিত অভ্যাস ছিল। পরবর্তীকালে সাহাবী, তাবি'ঈ, তাবে তাবি'ঈ ও সালাফে সালিহীনের নিয়মিত 'আমল ছিল। আর এটির অনেকগুলো উপকারিতার মধ্যে এটিও একটি যে, এই সলাত তার আদায়কারীর গুনাহ মাফের উপায় হয়। আবূ উমামাহ্ হতে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন:
عَلَيْكُمْ بِقِيَامِ اللَّيْلِ فَإِنَّهُ دَأْبُ الصَّالِحِيْنَ قَبْلَكُمْ وَهُوَ قُرْبَةٌ إِلَى رَبِّكُمْ وَمُكَفِّرَةٌ لِلسَّيِّئَاتِ وَمُنْهَاةٌ لِلْإِثْمِ»
"তোমরা ক্বিয়ামুল লাইল (রাতের সলাত/তাহাজ্জুদ) আদায় করো। নিশ্চয় এটি তোমাদের পূর্বেকার নেকাকার ব্যক্তিদের অভ্যাস। আর এটি তোমাদের রবের নৈকট্য অর্জনের মাধ্যম, গুনাহসমূহ মাফের উপায় ও গুনাহে লিপ্ত হওয়ার প্রতিবন্ধক।"৩৬৯
টিকাঃ
৩৬۹. জামি' আত্ তিরমিযী: ৩৫৪৯, হাদীসটি হাসান, ইরওয়াউল গালীল: ৪৫২।
📄 যে কোন সময় দুই রাক্'আত সালাত আদায় করা
মক্কার বায়তুল্লাহ ত্বওয়াফ করার পর মাকামে ইবরাহীম-এর পাশে বা অন্য কোথাও যে কোন দুই রাক'আত সলাত পূর্বের গুনাহ মাফ করে দেয়। সা'ঈদ ইবনু আবূ বুরদাহ্ হতে বর্ণিত তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি যে,
«أَنَّهُ شَهِدَ ابْنَ عُمَرَ وَرَجُلٌ يَمَانِي يَطُوفُ بِالْبَيْتِ ، حَمَلَ أُمَّةً وَرَاءَ ظَهْرِهِ ، يَقُولُ : إِنِّي لَهَا بَعِيرُهَا الْمُذَلَّلُ إِنْ أُذْعِرَتْ رِكَابُهَا لَمْ أُذْعَرٍ ثُمَّ قَالَ : يَا ابْنَ عُمَرَ أَتُرَانِي جَزَيْتُهَا ؟ قَالَ : لَا ، وَلَا بِزَفْرَةٍ وَاحِدَةٍ ، ثُمَّ طَافَ ابْنُ عُمَرَ ، فَأَتَى الْمَقَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ ، ثُمَّ قَالَ : يَا ابْنَ أَبِي مُوسَى ، إِنَّ كُلَّ رَكْعَتَيْنِ تُكَفِّرَانِ مَا أَمَامَهُمَا
ইবনু 'উমার একদিন জনৈক ইয়ামেনী যুবককে তার মাকে পিঠে নিয়ে ত্বওয়াফররত অবস্থায় দেখতে পেলেন। সে তখন নিম্নরূপ কবিতা আবৃত্তি করছিল: 'আমি তাঁর অনুগত উষ্ট্রের মতো। যদি তাঁর রেকাব (পা-দানী) দ্বারা আমি আঘাতপ্রাপ্ত হই, তবুও নিরুদ্বেগে তা সহ্য করে যাই।' অতঃপর সে বলল: আমি কি আমার প্রতিদান দিতে পেরেছি বলে আপনি মনে করেন? তিনি বললেন : না, তাঁর একটি দীর্ঘশ্বাসের প্রতিদানও তো হয়নি! অতঃপর ইবন উমর ত্বওয়াফ করলেন এবং মাকামে ইবরাহীমে পৌঁছে দুই রাক্'আত সলাত আদায় করলেন এবং বললেন: হে আবূ মূসার পুত্র! প্রত্যেক দুই রাক্'আত সলাত পূর্ববর্তী পাপের জন্য কাফ্ফারা স্বরূপ। ৩৭০
টিকাঃ
৩৭۰. আছারটি সহীহ; আল আযরাকী, আখবারে মাক্কাহ, খ. ১, পৃ. ৩১২; আলবানী তাখরীজ আল আদাব আল মুফরাদ গ্রন্থে বর্ণনাটিকে সহীহ বলেছেন, হাদীস নং ১১।
📄 গুনাহ্ করার পর সুন্দর করে উযূ করে দুই রাক্'আত সালাত আদায় করে ইস্তিগফার করা
'আলী বলেন, আমার নিকট আবূ বকর হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ -কে বলতে শুনেছি, তিনি বলেছেন,
مَا مِنْ رَجُلٍ يُذْنِبُ ذَنْبًا ثُمَّ يَقُومُ فَيَتَطَهَّرُ ثُمَّ يُصَلَّى ثُمَّ يَسْتَغْفِرُ اللَّهَ إِلَّا غَفَرَ لَهُ ثُمَّ قَرَأَ هَذِهِ الْآيَةَ وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ إِلَى آخِرِ الْآيَةِ
“কোন ব্যক্তি যদি গুনাহ করে, অতঃপর সেখান থেকে উঠে ভালোভাবে উযূ করে দুই রাক্'আত সলাত আদায় করে এবং ঐ নির্দিষ্ট গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চায় তাহলে আল্লাহ তাকে মাফ করে দেন।” তারপর রাসূলুল্লাহ এ আয়াতটি তিলাওয়াত করলেন:
وَالَّذِيْنَ إِذَا فَعَلُوْا فَاحِشَةً أَوْ ظَلَمُوْا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ ....
“আর যারা কখনো কোন অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজদের প্রতি জুলুম করে বসে এবং (পরক্ষণেই) আল্লাহকে স্মরণ করে...।”৩৭১
টিকাঃ
৩৭১. সূরা আ-লি 'ইমরা-ন ০৩: ১৩৫; সুনান আবূ দাউদ : ১৫২৩, জামি' আত্ তিরমিযী: ৩০০৬, সুনান ইবনু মাজাহ : ১৩৯৫, সহীহ আল জামি' : ৫৭৩৮, হাদীসটি সহীহ।
📄 আল্লাহ্র জন্য সাজদা প্রদান
সাজদাহ্ বিনয়ের সর্বোচ্চ প্রকাশ। তাই এই বিনয় প্রকাশক ভঙ্গিটি শুধু আল্লাহর জন্য নির্ধারিত। আর আল্লাহর সবচেয়ে কাছে যাওয়া যায় সাজদার মাধ্যমে। আবার এই সাজদার মাধ্যমে বান্দা তার গুনাহও মাফ পেতে পারেন। রাসূলুল্লাহ বলেছেন:
مَا مِنْ عَبْدٍ يَسْجُدُ لِلهِ سَجْدَةً إِلَّا رَفَعَهُ اللهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ»
“যখনই কোন বান্দা আল্লাহর উদ্দেশে সাজদাহ্ করে, তখনই এতে আল্লাহ তা'আলা তার দরজা উঁচু করে দেন এবং তার গুনাহ মাফ করে দেন।” ৩৭২
অন্য বর্ণনায় নাবী বলেছেন:
عَلَيْكَ بِكَثْرَةِ السُّجُودِ لِلَّهِ فَإِنَّكَ لَا تَسْجُدُ لِلَّهِ سَجَدَةً إِلَّا رَفَعَكَ اللَّهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْكَ بِهَا خَطِيئَةً»
“আল্লাহর উদ্দেশে অধিক সাজদাহ্ কর। কেননা, তুমি যখনই আল্লাহর উদ্দেশে একটি সাজদাহ্ করবে, তখন এ দিয়ে আল্লাহ তা'আলা তোমার মর্যাদা এক ধাপ বাড়িয়ে দিবেন এবং তোমার একটি পাপ মোচন করে দিবেন।” ৩৭৩
'উবাদাহ্ ইবনুস্ সামিত থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ -কে বলতে শুনেছেন,
مَا مِنْ عَبْدٍ يَسْجُدُ لِلهِ سَجْدَةً إِلَّا كَتَبَ اللَّهُ لَهُ بِهَا حَسَنَةً وَمَحَا عَنْهُ بِهَا سَيِّئَةً وَرَفَعَ لَهُ بِهَا دَرَجَةً فَاسْتَكْثِرُوا مِنْ السُّجُودِ
"যখনই কোন বান্দা আল্লাহর উদ্দেশে সাজদাহ্ করে, তখনই এর বিনিময়ে আল্লাহ তা'আলা তার 'আমলনামায় একটি সাওয়াব লিখে দেন, তার একটি গুনাহ মাফ করে দেন এবং তার মর্যাদার একটি স্তর উঁচু করে দেন এবং অতএব তোমরা আল্লাহর উদ্দেশে অধিক সাজদাহ্ কর।"৩৭৪
টিকাঃ
৩৭২. জামি' আত্ তিরমিযী: ৩৮৮, হাদীসটি সহীহ।
৩৭৩. জামি' আত্ তিরমিযী: ৩৮৮, হাদীসটি সহীহ।
৩৭৪. সুনান ইবনু মাজাহ: ১৪২৪, হাদীসটি সহীহ।