📄 ইসলাম গ্রহণ করা
কোন অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে তখন তার পূর্বের সকল গুনাহ ধ্বংস হয়ে যায়। আল্লাহ তা'আলা বলেন :
قُلْ لِلَّذِينَ كَفَرُوا إِنْ يَنْتَهُوا يُغْفَرْ لَهُمْ مَا قَدْ سَلَفَ وَإِنْ يَعُودُوا فَقَدْ مَضَتْ سُنَّتُ الْأَوَّلِينَ)
"যারা কুফরী করেছে তুমি তাদেরকে বল, যদি তারা বিরত হয় তাহলে অতীতে যা হয়েছে তাদেরকে তা ক্ষমা করা হবে। আর যদি তারা পুনরায় করে তাহলে পূর্ববর্তীদের (ব্যাপারে আল্লাহর) রীতি তো গত হয়েছে।"৩১৫
আবূ সা'ঈদ আল খুদরী বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ -কে বলতে শুনেছেন,
إِذَا أَسْلَمَ الْعَبْدُ فَحَسُنَ إِسْلَامُهُ يُكَفِّرُ اللهُ عَنْهُ كُلَّ سَيِّئَةٍ كَانَ زَلَفَهَا وَكَانَ بَعْدَ ذَلِكَ الْقِصَاصُ الْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ وَالسَّيِّئَةُ بِمِثْلِهَا إِلَّا أَنْ يَتَجَاوَزَ اللَّهُ عَنْهَا»
“বান্দা যখন ইসলাম গ্রহণ করে এবং তার ইসলাম উত্তম হয়, আল্লাহ তা'আলা তার আগের সব গুনাহ মাফ করে দেন। এরপর শুরু হয় প্রতিদান; একটি সৎ কাজের বিনিময়ে দশ গুণ থেকে সাতশ গুণ পর্যন্ত; আর একটি মন্দ কাজের বিনিময়ে ঠিক ততটুকু মন্দ প্রতিফল হয় (তার বেশি নয়)। অবশ্য আল্লাহ যদি মাফ করে দেন তবে ভিন্ন কথা।"৩১৬
'আম্র ইবনুল 'আস-এর ইসলাম গ্রহণের ঘটনায় এ বিষয়টি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। তিনি নিজেই বলেন,
أَتَيْتُ النَّبِي فَقُلْتُ : ابْسُطُ يَمِينَكَ فَلأُبَايِعْكَ. فَبَسَطَ يَمِينَهُ. قَالَ فَقَبَضْتُ يَدِي. قَالَ : مَا لَكَ يَا عَمْرُو؟ قَالَ قُلْتُ : أَرَدْتُ أَنْ أَشْتَرِطَ. قَالَ : تَشْتَرِطُ بِمَاذَا؟ قُلْتُ : أَنْ يُغْفَرَ لِي. قَالَ : أَمَا عَلِمْتَ أَنَّ الإِسْلَامَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ؟ وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلَهَا؟ وَأَنَّ الْحَجِّ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ ؟
আমি রাসূলুল্লাহ-এর নিকটে উপস্থিত হয়ে অনুরোধ জানালাম যে, আপনার ডান হাত বাড়িয়ে দিন, আমি বায়'আত করতে চাই। রাসূলুল্লাহ তাঁর ডান হাত বাড়িয়ে দিলেন, তখন আমি আমার হাত টেনে নিলাম। রাসূলুল্লাহ বললেন, 'আম্র, কী ব্যাপার? আমি বললাম, পূর্বে আমি শর্ত করে নিতে চাই। তিনি জিজ্ঞেস করলেন, কী শর্ত করবে? আমি উত্তর করলাম, আল্লাহ যেন আমার সব গুনাহ মাফ করে দেন। তিনি বললেন, 'আম্র! তুমি কি জানো না যে, ইসলাম পূর্ববর্তী সকল অন্যায় মিটিয়ে দেয়। হিজরত পূর্বেকৃত গুনাহসমূহ মিটিয়ে দেয় এবং হাজ্জ ও পূর্বের সকল গুনাহ মিটিয়ে দেয়। ৩১৭
অন্য যে কোন ধর্ম বা নাস্তিক্যবাদ ছেড়ে কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার পূর্বের সকল ছোট-বড় সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তা কুফরী হোক, শির্ক হোক, যা-ই হোক না কেন। ইমাম নাবাবী (রহিমাহুল্লাহ) বলেন:
فيه عظم موقع الإسلام والهجرة والحج، وأن كل واحد منها يهدم ما كان قبله من المعاصي"
টিকাঃ
৩১৫. সূরা আল আনফাল ০৮ : ৩৮।
৩১৬. সহীহুল বুখারী: ৪১।
৩১৭. সহীহ মুসলিম: ৩৩৬।
📄 হিজরত করা
হিজরত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ যেমন মক্কা থেকে মদীনায় হিজরত করেছেন তেমনি অসংখ্য সাহাবী মক্কা থেকে হাবাশায় এবং মদীনায় হিজরত করেছেন। হিজরতও পূর্বের গুনাহ ধ্বংস করে দেয়। 'আমর ইবনুল 'আস হতে বর্ণিত, নাবী বলেছেন:
وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلَهَا»
“হিজরত তার পূর্বের গুনাহসমুহ মুছে দেয়।”৩১৯
টিকাঃ
৩১৮. শারহু সহীহ মুসলিম, খ. ২, পৃ. ৩১৮।
৩১৯. সহীহ মুসলিম: ৩৩৬।
📄 হজ্জ করা
হিজরতের মত হজ্জও এর পূর্বের গুনাহ মাফ করিয়ে দেয়। 'আম্র ইবনুল 'আস হতে বর্ণিত, নাবী বলেছেন:
وَأَنَّ الْحَجَّ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ»
“হজ্জও পূর্বের সকল গুনাহ মিটিয়ে দেয়।”৩২০
টিকাঃ
৩২০. সহীহ মুসলিম: ৩৩৬।
📄 খাওয়া দাওয়ার পর নির্দিষ্ট দু'আ পাঠ করা
খাওয়া-দাওয়ার পর হাদীসে বর্ণিত নির্দিষ্ট দু'আ পাঠ করলে বিগত জীবনের সকল পাপ মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ বলেন :
مَنْ أَكَلَ طَعَامًا ثُمَّ قَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هُذَا الطَّعَامَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّي وَلَا قُوَّةٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ»
"যে ব্যক্তি খাওয়া শেষে এই দু'আ পড়বে:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هُذَا الطَّعَامَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّي وَلَا قُوَّةٍ
উচ্চারণ: আল্হাম্মদুলিল্লা-হিল্লাযী আত্' আমানী হা-যাত্ব ত্ব'আ-মা ওয়া রযাক্বানীহি মিন গইরি হাওলিম্ মিন্নী ওয়ালা- ক্যুওয়াহ্।
অর্থ: সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাকে এই খাদ্য খাওয়ালেন এবং জীবিকা দান করলেন, আমার কোন উপায় ও সামর্থ্য ছাড়াই।
সে ব্যক্তির পূর্বের সমস্ত পাপ মাফ করে দেয়া হবে।"৩২১
টিকাঃ
৩২১. সুনান 'আবূ দাউদ: ৪০২৫, শু'আবুল ঈমান ৬২৮৫, মুসনাদ আহমাদ, তিরমিযী, ইবনু মাজাহ-এর বর্ণনায় শেষ শব্দ "ওয়ামা তাআখারা" নেই।