📄 আল্লাহ্ তা'আলার প্রতি ঈমানের ওয়াসলায় ক্ষমা প্রার্থনা করা
মহান রব আল্লাহর প্রতি ঈমানের ওয়াসীলা করে কেউ যদি ক্ষমা প্রার্থনা করে তাহলে আশা করা যায় আল্লাহ তাকে ক্ষমা করবেন। আল্লাহ তা'আলা বলেন:
﴿رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ﴾
“হে আমাদের রব! নিশ্চয় আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীকে, যে ঈমানের দিকে আহ্বান করে যে, 'তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো'। তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের রব আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং বিদূরিত করুন আমাদের ত্রুটি-বিচ্যুতি, আর আমাদেরকে মৃত্যু দিন নেককারদের সাথে'।” ২৫৮
টিকাঃ
২৫৮. সূরা আ-লি 'ইমরা-ন ০৩: ১৯৩।
📄 রাসূলুল্লাহ ﷺ-এর অনুসরণ করা
যারা আল্লাহকে ভালোবাসে এবং রাসূলুল্লাহ ﷺ-কে অনুসরণ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং তাদের গুনাহও মাফ করে দেন। আল্লাহ তা'আলা বলেন,
﴿ قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ﴾ ﴿ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ ﴾
"বল, 'যদি তোমরা আল্লাহকে ভালোবাস, তাহলে আমার অনুসরণ কর, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু'। "২৫৯
একদল জিন্ ইসলাম গ্রহণ করে তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে রাসূলুল্লাহ -এর প্রতি ঈমান আনার আহ্বান জানিয়েছিল। তাদের বক্তব্য উল্লেখ করে আল্লাহ তা'আলা বলেন,
﴿ يَا قَوْمَنَا أَجِيبُوا دَاعِيَ اللهِ وَآمِنُوا بِهِ يَغْفِرْ لَكُمْ مِنْ ذُنُوبِكُمْ وَيُجِرْكُمْ مِنْ ﴾ ﴿ عَذَابٍ أَلِيمٍ ﴾
"হে আমাদের ক্বওম! আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি ঈমান আন, আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। আর তোমাদেরকে যন্ত্রণাদায়ক 'আযাব থেকে রক্ষা করবেন'। "২৬০
টিকাঃ
২৫৯. সূরা আ-লি 'ইমরা-ন ০৩: ৩১।
২৬০. সূরা আল আহ্হ্বা-ফ ৪৬: ৩১।
📄 শিরক্মুক্ত থেকে সাধ্যানুযায়ী ‘আমল করা
শিকমুক্ত ঈমান ও 'আমলের গুরুত্ব সর্বাধিক। ঈমান ও 'আমলের কোথাও সামান্য শির্ক থাকলে আল্লাহ তা বরদাশত করবেন না। কিন্তু তিনি অন্য সকল কিছু মাফ করবেন বলে তিনি কুরআনেও ঘোষণা দিয়েছেন যা পূর্বে বিস্তরিত দলীলসহ আলোকপাত করা হয়েছে। শিরকমুক্তভাবে যতটুকু 'আমল করা হবে তা-ই আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য যথেষ্ট। তাই শির্ক থেকে মুক্ত থেকে সাধ্যানুযায়ী 'আমল করে যাওয়াই মু'মিনের দায়িত্ব। হাদীসে কুদসীতে এসেছে, আল্লাহ তা'আলা বলেন:
يَا ابْنَ آدَمَ مَهُمَا عَبَدْتَنِي وَرَجَوْتَنِي وَلَمْ تُشْرِكْ بِي شَيْئًا غَفَرْتُ لَكَ عَلَى مَا كَانَ مِنْكَ وَإِنِ اسْتَقْبَلْتَنِي بِمِلْءِ السَّمَاءِ وَالْأَرْضِ خَطَايَا وَذُنُوبًا اسْتَقْبَلْتُكَ بِمِلْئِهِنَّ مِنَ الْمَغْفِرَةِ وَأَغْفِرُ لَكَ وَلَا أُبَالِي
“হে আদম সন্তান! তুমি আমার যতটুকুই 'ইবাদাত করো এবং ভালো আশা করো যদি তুমি আমার সাথে কোনো কিছুকে অংশী স্থাপন না করো তাহলে তোমার 'আমল যা-ই হোক না কেন তোমাকে আমি ক্ষমা করে দেবো। তুমি যদি আসমান ও জমিন ভরা অপরাধ ও গুনাহ নিয়ে আমার সামনে উপস্থিত হও তাহলে আমিও আসমান ও জমিন ভরা ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হবো এবং আমি তোমাকে ক্ষমা করে দেবো, এতে আমি কাউকে পরোয়া করি না।”২৬১
অন্য একটি হাদীসে কুদসীতে আল্লাহ তা'আলা বলেন:
مَنْ عَلِمَ أَنِّي ذُوْ قُدْرَةٍ عَلَى مَغْفِرَةِ الذُّنُوبِ غَفَرْتُ لَهُ وَلَا أُبَالِي مَا لَمْ يُشْرِكْ بِي شَيْئًا»
"যে ব্যক্তি জানলো ও বিশ্বাস করলো যে আমি গুনাহ মাফ করার ক্ষমতা রাখি এবং আমার সাথে কোন কিছুকে শরীক স্থাপন করলো না তাহলে আমি তাকে ক্ষমা করে দিবো, এ ক্ষেত্রে আমি কারও পরোয়া করবো না।"২৬২
টিকাঃ
২৬১. সহীহ আল জামি: ৪৩৪১, হাদীসটি সহীহ।
২৬২. সহীহ আল জামি' : ৪৩৩০, হাদীসটি সহীহ।
📄 আল্লাহ্র সাথে ‘আমলে সালেহ্-এর ব্যবসা করা
দুনিয়ার লাভের জন্য ব্যবসা-বাণিজ্য তো আমরা অনেকেই করি। কিন্তু আখিরাতের ব্যবসা কয়জন করি? এ রকমেরই একটি ব্যবসার অফার আল্লাহ তা'আলা ঈমানদারদের দিয়েছেন। সে ব্যবসার মূলধন হচ্ছে আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এবং আল্লাহর পথে নিজ অর্থ-সম্পদ ও জীবন দিয়ে জিহাদ করা। এই ব্যবসার মুনাফা বা লাভ আল্লাহ দিবেন। আর তা হলো এসব ব্যবসায়ীদের গুনাহ মাফসহ অন্যান্য অনেক কিছু। এ প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলেন:
يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَى تِجَارَةٍ تُنْجِيكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ . تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ * يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ وَأُخْرَى تُحِبُّونَهَا نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ
“হে মু'মিনগণ! আমি কি তোমাদের এমন এক বাণিজ্যের সন্ধান দেব, যা তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে। তা হচ্ছে, তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন- সম্পদ ও জীবনপণ করে জিহাদ করবে; এটাই তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বোঝ। তিনি তোমাদের পাপরাশি ক্ষমা করবেন এবং তোমাদের এমন জান্নাতে দাখিল করবেন, যার পাদদেশে নদী প্রবাহিত এবং চিরস্থায়ী আবাসস্থল জান্নাতে অতি উত্তম ঘর তোমাদেরকে দান করবেন; এটা মহাসাফল্য। এবং আরও একটি অনুগ্রহ দেবেন যা তোমরা পছন্দ কর; আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয়; মু'মিনদেরকে এর সুসংবাদ দান করুন।”২৬৩
টিকাঃ
২৬৩. সূরা আস্ সফ্ ৬১: ১০-১৩।