📘 কুরআন গবেষণার মূলনীতি > 📄 একটি লক্ষ্যণীয় বিষয়

📄 একটি লক্ষ্যণীয় বিষয়


এক্ষেত্রে হেকমতের মাহাত্ম্য ও গুরুত্ব উপলব্ধি করার জন্য একটি প্রয়োজনীয় তাৎপর্য বুঝে নেয়া বাঞ্ছনীয়। তাতে প্রসংগক্রমে তওরাত এবং কোরআন মজীদের পারস্পরিক পার্থক্যটাও পরিষ্কার হয়ে যাবে।
কোরআন মজীদে তওরাতের যেসব গুণ-বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে, তাতে কোথাও হেকমতের উল্লেখ নেই। বরং কোন কোন জায়গায় পরিষ্কারভাবে বলা হয়েছে যে, তওরাত হচ্ছে সংবিধান আর ইঞ্জীল হেকমত। অবশ্য কোন কোন ক্ষেত্রে তার উপদেশ সম্বলিত হওয়ার কথাও বলা হয়েছে। যেমন:
وَكَتَبْنَا لَهُ فِي الْأَلْوَاحِ مِنْ كُلِّ شَيْءٍ مَوْعِظَةٌ وَ تَفْصِيلًا لِكُلِّ شَيْءٍ . (اعراف - ١٤٤)
আমি তার জন্যে লওহ্ তথা পটের ওপর সমস্ত বিষয় উৎকীর্ণ করে দিয়েছি। উপদেশবাণী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত (বিবরণ)।
এখন প্রশ্ন হচ্ছে, 'উপদেশবাণী' কি? আমরা যতটা লক্ষ্য করেছি, উপদেশও ' হেকমতেরই একটি শাখা; সরাসরি হেকমত নয়। হেকমত বা অভিজ্ঞান উপদেশ অপেক্ষা অনেক ঊর্ধ্বের বিষয়। আর আল্লাহ্ তাআলার পক্ষ থেকে এ বিষয়টি সব ব্যক্তি কিংবা দলসমূহকেই দেয়া হয়, যারা বুদ্ধির পরিপক্বতায় পৌঁছতে পারে। যে পর্যন্ত কোন জাতি মেধার দিক দিয়ে শৈশবের পর্যায়ে অবস্থান করে, আল্লাহ্ তাআলা তাদেরকে হেকমতের দ্বারা ভূষিত করেন না, বরং জীবনকে সঠিকভাবে পরিচালিত করার জন্য তাদেরকে দেয়া হয় একটি শরীয়তী নীতিমালা। আর চিন্তা-ভাবনার সাধারণ ত্রুটি-বিচ্যুতি থেকে আত্মরক্ষার জন্য সাধারণ বুদ্ধি ও যুক্তিগ্রাহ্য উপদেশাবলী দান করা হয়েছে। সূরা আ'রাফের এক আয়াতে এই বাস্তবতার প্রতিই ইঙ্গিত করা হয়েছে। হযরত মূসা (আঃ) যখন 'তুর' পর্বতে গিয়ে উপস্থিত হন, তখন তিনি আল্লাহকে দেখার আগ্রহ ব্যক্ত করেন। তাতে আল্লাহ্ উত্তর দেন, "তুমি আমাকে দেখতে পারবে না, আমার জ্যোতির ছটা পাহাড় পর্যন্ত সহ্য করতে পারে না; আর মানুষের তো কোন প্রশ্নই ওঠে না।" অতএব, আল্লাহ্ যখন নিজের নূরের ছটা পাহাড়ের ওপর নিক্ষেপণ করলেন, পাহাড় খন্ড-বিখন্ড হয়ে গেল আর হযরত মূসা (আঃ) অজ্ঞান হয়ে পড়লেন। তারপর যখন জ্ঞান ফিরে এল, সাথে সাথে তিনি তওবা করলেন-
قَالَ سُبْحَانَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَا أَوَّلُ الْمُؤْمِنِينَ .
বললেন, হে আমার পরওয়ারদেগার! এখন আমি তোমার দিকে ফিরে এসেছি। আমি প্রথম অনুগত বান্দায় পরিণত হচ্ছি।
আল্লাহ বললেন-
يَا مُوسَى إِنِّي اصْطَفَيْتُكَ عَلَى النَّاسِ بِرِسَالَتِي وَبِكَلَامِي فَخُذْ مَا أَتَيْتُكَ وَكُنْ مِنَ الشَّاكِرِينَ .
হে মূসা! আমি আমার পয়গাম এবং আমার বাক্যের দ্বারা তোমাকে মানুষের মধ্যে বিশিষ্টতা দান করলাম। সুতরাং আমি যা দিলাম তা গ্রহণ কর এবং কৃতজ্ঞতা প্রকাশ কর।
فَخُذْ مَا أَتَيْتُكَ وَكُنْ مِنَ الشَّاكِرِينَ -
এবং কৃতজ্ঞতা প্রকাশ কর- এর শব্দগুলোর প্রতি লক্ষ্য করে দেখুন। বর্ণনারীতিতে পরিষ্কার বুঝা যায়, হযরত মূসা (আঃ) পরিপূর্ণ জ্ঞান লাভের অভিলাষ ব্যক্ত করেছিলেন। কিন্তু আল্লাহ্ বললেন, এমন অভিলাষ করো না; পরিপূর্ণ পরিচয়ের চাপ পাহাড়-পর্বতও সহ্য করতে পারে না। তা তুমি কেমন করে সহ্য করবে? কাজেই যেটুকু পেলে তাইতে সন্তুষ্ট থাক আর আল্লাহ্র শুকরিয়া আদায় করা।
বিষয়টিতে সে সত্যের প্রতিই ইংগিত করা হয়েছে যে, হযরত মূসা (আঃ)-এর জাতি পরিপূর্ণ হেকমত লাভের যোগ্য হতে পারেনি। তাদেরকে শুধু সংবিধান এবং উপদেশ দেয়া হয়েছে। কারণ, তাদের মন-মস্তিষ্কের ধারণ ক্ষমতা তার বেশী সহ্য করার উপযোগী ছিল না। হযরত মূসা (আঃ)-এর পর যেসব নবী আগমন করেন, তাঁরা ধীরে ধীরে বনী ইসরাঈলকে হেকমতের সাথে কিছুটা পরিচিত করাতে চাইলেন, কিন্তু তারা তার এতটুকু মর্যাদা দেয়নি। এমনকি হযরত ঈসা (আঃ) এলেন। তাঁকে আল্লাহ্ তাআলা হেকমত সম্বলিত কিতাব দান করলেন। কিন্তু স্বয়ং ঈসা (আঃ)-এর বর্ণনা অনুসারে তখনও পর্যন্ত বনী ইসরাঈলের মেধাগত সামর্থ্য পরিপূর্ণ হেকমত বা অভিজ্ঞতা ধারণ করার যোগ্যতা অর্জন করতে পারেনি। ফলে তিনি বললেন, "তোমাদের প্রতি আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু তোমরা সেসব বিষয় সহ্য করতে পারবে না।" অতঃপর তিনিও পরিপূর্ণ হেকমত শিক্ষাদানের বিষয়টি উত্তরসুরির দায়িত্বে রেখে দুনিয়া থেকে অন্তর্হিত হলেন।
এই উত্তরসুরি যখন এলেন, তখন আল্লাহ্ তাঁকে এমন এক গ্রন্থ দান করলেন, যা তওরাতের মত শুধু সংবিধানই নয়, বরং ইঞ্জীলের মত হেকমত এবং উপদেশও বটে। তদুপরি হেকমতের সে অংশটিও এতে রয়েছে যার শিক্ষাকে হযরত মসীহ নিজের জাতির অযোগ্যতার দরুন মুলতবী রেখে দিয়েছিলেন। কিতাব ও হেকমতের এই হচ্ছে সমন্বয়, যাকে আমরা 'কোরআন' নামে অভিহিত করি। যেহেতু এ গ্রন্থটি পরিপূর্ণ হেকমতে ভরপুর, কাজেই এতে সম্যক পরিচয় লাভের সে সকল দ্যুতিও সংরক্ষিত, যার অতি সামান্য বিকিরণে গোটা 'তুর' পর্বত খণ্ড-বিখণ্ড হয়ে গিয়েছিল, হযরত মূসা (আঃ)-কে জ্ঞান হারাতে হয়েছিল। কিন্তু আল্লাহ্ যখন চাইলেন, এমন একজন মানুষ জন্মিয়ে দিলেন, যিনি সে দায়িত্বের বোঝা তুলে নিলেন, যার চাপ সহ্য করা তুরের পক্ষেও সম্ভব হয়নি। সূরা হাশরের নিম্ন আয়াতে কোরআনে হাকীমের এই বাস্তব সত্যটির প্রতিই ইংগিত করা হয়েছে-
لَوْ أَنْزَلْنَا هُذَا الْقُرْآنَ عَلَى جَبَلٍ لَّرَأَيْتَهُ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللَّهِ .
আমি যদি কোরআনকে পাহাড়ের ওপর অবতীর্ণ করতাম, তা হলে তোমরা তাকে দেখতে সে নুয়ে পড়ত এবং আল্লাহর ভয়ে খণ্ড-বিখণ্ড হয়ে যেত।
এই হল রহস্য যে, তওরাতের পক্ষে একইবারে অবতীর্ণ হওয়া সম্ভব হয়েছে, কিন্তু কোরআনে হাকীমের অবতরণ একইবারে হয়নি, বরং অল্প অল্প করে অবতীর্ণ হয়েছে যাতে করে মানুষ ক্রমান্বয়ে প্রশিক্ষণের মাধ্যমে ধীরে ধীরে সেই বিদ্যুচ্ছটাগুলো সহ্য করে নেয়ার যোগ্য হয়ে ওঠে এবং সেগুলোকে ধারণ করতে পারে। কাফের-মুশরিকরা ইহুদীদের প্ররোচনায় মহানবী (সঃ)-এর প্রতি প্রশ্ন তুলত যে, কোরআন মজীদ তওরাতের মত গোটাটাই একইবারে নাযিল হয় না কেন? এর উত্তরে আল্লাহ্ বললেন لِنُثَبِّتَ بِهِ فُؤَادَكَ এর কারণ, যাতে করে একে বহন করার জন্য আমি তোমাদের মন-মস্তিষ্ককে সমর্থ করে তুলতে পারি।) লক্ষ্য করার বিষয়, যে পবিত্র বক্ষ اَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ -এর নূরের জ্যোতিতে পরিপূর্ণ ছিল, তাঁর পক্ষেও কোরআনকে বহন করা সহজ কাজ ছিল না। তা হলে সাধারণ মানুষের অবস্থাটা কি দাঁড়াত, যাদের যোগ্যতা এবং নবীর যোগ্যতায় আকাশ-পাতাল পার্থক্য?
সে জন্যই জ্ঞান-বুদ্ধি এবং মন-মস্তিষ্কের নিম্নলিখিত যোগ্যতা প্রয়োজন।

📘 কুরআন গবেষণার মূলনীতি > 📄 কোরআন মজীদ চিন্তা-গবেষণার ক্ষেত্র

📄 কোরআন মজীদ চিন্তা-গবেষণার ক্ষেত্র


এই সবিস্তার আলোচনার সার-সংক্ষেপ এই দাঁড়াচ্ছে যে, কোরআন মজীদ সম্পর্কে এমন ধারণা পোষণ করা একান্তই ভুল যে, তা শুধুমাত্র আইন-কানুন ও সংবিধানের একটা সংকলন এবং সেই বাক্যশ্রেণীভুক্ত, যা বুঝার জন্য বিশেষ কোন মানসিক প্রচেষ্টা কিংবা চিন্তা-গবেষণার আদৌ প্রয়োজন নেই। যে কেউ আরবী কোন রচনার শুদ্ধাশুদ্ধ তরজমা করতে পারবে সে-ই কোরআন মজীদেরও তফসীর বা ব্যাখ্যা-বিশ্লেষণ করতে পারে। এতে কোন সন্দেহ নেই যে, সাধারণ শিক্ষার দিক দিয়ে কোরআন একান্তই পরিষ্কার ও সহজ। প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এর দ্বারা উপকৃত হতে পারে। জীবনকে যে গতিতে অতিবাহিত করতে হবে, কোরআন প্রথম দৃষ্টিতেই সেদিকে দিশা দেয়। করার মত যাবতীয় বিষয় এবং না করার মত প্রতিটি কাজ সম্পর্কে কোন রকম জটিলতা না রেখে অত্যন্ত পরিষ্কার ভাষায় বাতলে দেয়। হারাম-হালাল বা বৈধ-অবৈধের সীমানা সুনির্দিষ্ট শব্দ ও অতি সাধারণ বাক্যের মাধ্যমে নির্ধারণ করে দেয়। কিন্তু এরই সঙ্গে সঙ্গে সে নিজের অভ্যন্তরে এক সুগভীর দর্শন-অভিজ্ঞানও নিহিত রাখে। যার গভীরতা অথৈ, যার বিস্তৃতি অনন্ত। আর সে গভীরতায় পৌঁছার জন্যে শুধুমাত্র আরবী ভাষাজ্ঞানই যথেষ্ট নয়; বরং সুগভীর চিন্তা-গবেষণারও প্রয়োজন। শুধুমাত্র সাঁতরানোই যথেষ্ট নয়; বরং তলিয়ে দেখারও প্রয়োজন। সাধারণ পথিকের মত শুধু হেঁটে যাওয়া উচিত নয় বরং প্রতিটি পদক্ষেপে বিরতি নিয়ে প্রতিটি রন্ধ্রের অনুসন্ধান করে দেখা প্রয়োজন। তাও শুধু একবার নয় বরং যেমন হাদীসে বর্ণিত রয়েছে, 'বারবার দেখা কর্তব্য'। এটি উপর্যুপরি পর্যালোচনা আর ক্রমাগত চিন্তা-গবেষণারই বিষয়। মহানবী (সঃ) এরশাদ করেছেনঃ
تعاهدوا هذا القرآن فوالذي نفس محمد بيده لهو اشد تفلنا من الابل في عنقها (للشيخين)
এজন্যেই কোরআনের নিগূঢ় তত্ত্ব-রহস্যের ওপর চিন্তা-গবেষণার জন্য অত্যন্ত বিচক্ষণ ও মেধাবী সাহাবায়ে কেরাম (রাঃ) সমন্বয়ে বিভিন্ন পরিষদ কায়েম করা হয়েছিল। হুযুরে আকরাম এ ধরনের পরিষদ গঠনের জন্যে অত্যন্ত বলিষ্ঠ ভাষায় মানুষকে উৎসাহিত করতেন। আবু দাউদ গ্রন্থে উদ্ধৃত রয়েছে-
ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم الا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملئكة وذكرهم الله فيمن عنده .
যারা কোন জায়গায় একত্রিত হয়ে আল্লাহর কিতাব পাঠ করে এবং পরস্পরে কোরআনের পর্যালোচনার জন্য বিভিন্ন মজলিস স্থাপন করে, তাদের ওপর আল্লাহর তরফ থেকে শান্তি ও রহমতের বৃষ্টি বর্ষিত হয়। ফেরেশতারা তাদেরকে চারদিক থেকে পরিবেষ্টন করে থাকেন এবং আল্লাহ তাআলা নিজের ঘনিষ্ঠদের মাঝে তাদের নিয়ে আলোচনা করেন।
এ হাদীসটির দ্বারা শুধু এ কথাই বুঝা যায় না যে, এ ধরনের মজলিস গঠনে বিরাট বরকত রয়েছে, বরং সাথে সাথে এ কথাও প্রতীয়মান হয় যে, মহানবী (সঃ)-এর আমলেও এ বিষয়টির ব্যাপক প্রচলন ছিল। তখনও কোরআন মজীদের আলোচনা-পর্যালোচনার উদ্দেশে জায়গায় জায়গায় মজলিস অনুষ্ঠিত হত। তাতে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করতেন। কোরআনের আয়াত ও তার বক্তব্য নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করতেন। হুযুরে আকরাম (সঃ) নিজেও কোন কোন সময় এসব মজলিসে অংশগ্রহণ করতেন। এমনকি কোন কোন রেওয়ায়েতের দ্বারা বুঝা যায়, হুযুর (সঃ) এসব আলোচনা সভাকে যিকির-আযকারের মজলিস অপেক্ষা বেশী গুরুত্ব দিয়েছেন এবং আবেদ-যাহেদের কোন এক মজলিস ছেড়ে তিনি জ্ঞানচর্চার মজলিসে এ কথা বলে গিয়ে বসেছিলেন যে, "আমি প্রশিক্ষক নিযুক্ত করে প্রেরিত হয়েছি।"
চিন্তা করার বিষয়, সাহাবায়ে কেরাম কিসের চিন্তা-ভাবনা করতেন? কোরআনের ভাষা ছিল তাঁদের নিজেদেরই ভাষা; তাতে তার বর্ণনাভঙ্গি ও তার রীতি-পদ্ধতিও তাঁদেরই; আলোচনার বিষয়টি নিশ্চয়ই চিন্তা-ভাবনা কিংবা বিতর্কানুষ্ঠানের মত ছিল না। কোরআন যেসব অবস্থা ও ঘটনার ওপর অবতীর্ণ হত, সেগুলোও ছিল তাঁদেরই নিজস্ব বিষয়। সেগুলো জানার জন্য তাঁদের গভীর চিন্তা-ভাবনা কিংবা চেষ্টা-চরিত্রের প্রয়োজন হওয়ারও কথা নয়। ইশারা-ইঙ্গিতের সম্পর্কও সেসব বিষয়ের প্রতিই হত, যা নিয়ে তাঁরা দৈনন্দিন বিস্তারিত আলাপ-আলোচনা করতেন। এক কথায় সংস্কার, বিশ্বাস, কাজকর্ম এবং ভাল-মন্দ যেসব বিষয়ে কোরআন আলোচনা করত, তার সবই ছিল তাঁদের নিজেদেরই উপাখ্যান। বিগত জাতিসমূহের ইতিহাসের ওপর কোরআনে যা কিছু বর্ণিত হয়েছে, সেসবও ছিল তাঁদের দৈনন্দিনের চর্চা। ইহুদী-নাসারাদের ধারণা, বিশ্বাস কিংবা ঘটনা প্রভৃতির বিষয়ে কোরআন যে ইঙ্গিত করেছে, তার সাথেও তাঁরা একান্ত সম্পর্কের পর্যায়ে যথাযথভাবেই ওয়াকিফহাল ছিলেন। তা হলে কোরআনে এমন কোন্ বিষয়টি ছিল, যার ওপর তাঁদেরকে চিন্তা-ভাবনা ও গবেষণা করতে হত? বাস্তবে পর্যালোচনা করলে বুঝা যায়, তাঁরা চিন্তা-ভাবনা করতেন এবং তা সাধারণ চিন্তা-ভাবনা নয়, বরং এমন চিন্তা-ভাবনা, যার কোন দৃষ্টান্ত বর্তমান গবেষণা পর্যালোচনার যুগেও অল্পই পাওয়া যেতে পারে। সুতরাং 'মোয়াত্তা' গ্রন্থে উদ্ধৃত এক রেওয়ায়েতে আছে-
ان عبد الله ابن عمر مكث على سورة البقرة ثماني سنين تعليمها
অর্থাৎ, হযরত আবদুল্লাহ ইবনে ওমর ক্রমাগত আট বছর যাবত সূরা বাকারার ওপর গবেষণা করেছেন।
হযরত আবদুল্লাহ ইবনে ওমরকে ওসব উপত্যকার একটিও পাড়ি দেয়ার প্রয়োজন ছিল না, বর্তমানে কোরআন মজীদের প্রতিটি শিক্ষার্থীকে যা অতিক্রম করতে হয়। তাঁর পথ ছিল অত্যন্ত সহজ ও পরিষ্কার। কোরআন মজীদের জ্ঞান-গবেষণার জন্য যেসব বিষয়ের আমরা মুখাপেক্ষী, সেসবগুলো থেকে না হলেও অধিকাংশগুলো থেকেই তিনি ছিলেন সম্পূর্ণ মুক্ত। তাঁর চিন্তা-গবেষণার বিষয় ছিল শুধুমাত্র কোরআনের তত্ত্ব রহস্য ও হেকমত বা অভিজ্ঞান। আমাদের প্রচলিত বিদ্যা ও কলাকৌশলের এসব আবেষ্টনীও তাঁর চারপাশে ছিল না। শুধু একটি মাত্র গ্রন্থ ছিল, যার জ্ঞান-অনুশীলন, পর্যালোচনা ও শিক্ষাদানই তাঁর জীবনের এবং জীবনের সমস্ত উৎসাহ-উদ্দীপনার কেন্দ্রবিন্দু ছিল। তথাপি সবাই দেখলেন, তিনি কোরআন মজীদের একেকটি সূরার ওপর আট আট বছর ধরে গবেষণা চালিয়েছেন। তাঁকে না শিখতে হয়েছিল কোরআনের ভাষা, না জড়াতে হয়েছিল তার শানে নযুল এবং নাসেখ-মসুখ (রহিত ও রহিতকারী) আয়াতের বিতর্কে। ভাষা ছিল তাঁরই ভাষা। তাঁরই ছিল রুচি। ধারণা-কল্পনা তাঁরই। অবস্থা, বিষয়-আসয়, আচার-অনুষ্ঠান, বিশ্বাস ও কার্যকারণ সবই ছিল তাঁদেরই।
তথাপি একেকটি সূরার ওপর আট আট বছর চিন্তা-গবেষণা করার পরও তিনি পরিতৃপ্ত হতেন না। এমতাবস্থায় আমাদের পক্ষে— যারা কোরআনের প্রতিটি বিষয় সম্পর্কে অপরিচিত এবং যাদের তার সাথে পরিচিত হওয়ার জন্য শতাধিক বিষয় সম্পর্কে জানতে হয়, এমন ধারণা করা কেমন করে বৈধ হতে পারে যে, কোরআন মজীদ একটা খোলা গ্রন্থ; যা বুঝার জন্য কোন বিশেষ প্রচেষ্টা কিংবা ব্যবস্থার প্রয়োজন নেই?
এটা সাহাবায়ে কেরামের জীবনের প্রকৃষ্ট সাক্ষ্য। তাছাড়া স্বয়ং কোরআন মজীদের প্রতি লক্ষ্য করলেও দেখা যায়, এতে এমন কোন সূরা খুঁজে পাওয়া দুষ্কর যাতে চিন্তা-ভাবনা আর গবেষণা-পর্যালোচনার জন্য আহ্বান জানানো হয়নি। প্রতি পদে পদে لَّكُمْ تَعْقِلُونَ (যাতে তোমরা বুঝ), কয়েক আয়াত পরে পরেই لَّكُمْ تَفَكَّرُونَ (যাতে তোমরা মনোনিবেশ সহকারে লক্ষ্য কর), لَّكُمْ تَذَكَّرُونَ (যাতে তোমরা স্মারক গ্রহণ কর), প্রভৃতি বিষয়ের আহ্বান ধ্বনিত হয়েছে।
সূরা 'ক্বাফ'-এ কোরআন মজীদকে উপলব্ধি করার জন্য শর্ত আরোপ করা হয়েছে -
إِنَّ فِي ذَلِكَ لَذِكْرَى لِمَنْ كَانَ لَهُ قَلْبُ أَو القَى السَّمْعَ وَ هُوَ شَهِيدٌ
নিঃসন্দেহে এতে স্মারকবাণী রয়েছে সে লোকের জন্য; যার প্রাণ আছে কিংবা মনোনিবেশ সহকারে কথা শোনে।
অর্থাৎ, কোরআন মজীদের দ্বারা উপকৃত হতে হলে প্রাথমিক শর্ত হচ্ছে, বুকের ভেতরে এমন একটি সজাগ অন্তর থাকবে, যা যাবতীয় জ্ঞানের উৎস। আর জাগ্রত অন্তর যদি নাও থাকে, অন্তত এমন শ্রবণশক্তি থাকবে যে, পরিপূর্ণ একাগ্রতা সহকারে মনোযোগ দিয়ে কোরআনের বাণীতে নিবিষ্ট হয়ে যায়, যাতে কোরআন যেন কর্ণকুহরে অন্তরের গভীরে প্রবেশ করতে পারে। যদি এগুলোর কোনটাই না থাকে, তবে এমন লোকের পক্ষে কোরআন দ্বারা উপকৃত হওয়া অসম্ভব। কোরআন বুঝার জন্যে; তা উপলব্ধি করার জন্যে এ দুটি বিষয়ের একটির উপস্থিতি অপরিহার্য- হয় মানুষের অন্তরের দুয়ার উন্মুক্ত থাকবে এবং জ্ঞান-দর্শনের আলো তার মধ্যে প্রজ্বলিত থাকবে, আর না হয় নিজের শ্রবণেন্দ্রিয়কে সে এ জন্যে উন্মুক্ত করে দেবে এবং পরিপূর্ণ আগ্রহের সাথে তাকে স্বাগত জানাবে।
যারা এ দুটি বিষয় থেকে বঞ্চিত তারা কোরআন মজীদের মহিমালাভেও বঞ্চিত।
সূরা মুহাম্মদের এক আয়াতে তাঁদেরই চিত্র এভাবে আঁকা হয়েছে-
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبِ أَقْفَالُهَا .
এরা কি কোরআনের ওপর চিন্তা করে না? নাকি এদের অন্তরে তালা লেগে রয়েছে?
এখানে মুনাফেকদের অবস্থা বর্ণনা করা হয়েছে। মুনাফেকরা কোরআন পড়ত, কিন্তু মনোনিবেশ কিংবা একাগ্রতার সাথে নয়, বরং ভাসা ভাসা ও কুটিল মন নিয়ে পড়ত। তারা কোরআনের আয়াতের ওপর থেকে অবহেলাভরে চোখ ঘুরিয়ে নিত। অথচ এর দ্বারা উপকৃত হতে হলে তার ওপর চিন্তা করা ছিল অপরিহার্য। ফলে কোরআন মজীদ তেলাওয়াত করার পরেও তারা অবিশ্বাস ও মন্দাচারে লিপ্ত রয়েছে।
প্রকৃতপক্ষে তাদের সামনে কোরআনের যথার্থ স্বরূপ উদঘাটিতই হয়নি। এ গ্রন্থের সবচাইতে বড় বৈশিষ্ট্যই হচ্ছে যে, এটা চিন্তা-গবেষণার জিনিস। বরং বলা যেতে পারে, এটা এমন এক গ্রন্থ যা মানুষকে চিন্তা করতে বাধ্য করে। এর বিতর্ক ও প্রমাণরীতি আমাদের নৈয়ায়িকদের বিতর্ক ও প্রমাণরীতি থেকে সম্পূর্ণ ভিন্নধর্মী। আরোহ ও অবরোহ পদ্ধতির ভিত্তিতে সিদ্ধান্ত বের করে শ্রোতাদেরকে হতবাক করে দেয়া কোরআনের রীতি নয়। কোরআন মজীদ দুনিয়ার মানুষকে হতভম্ব করে দেয়ার জন্যে আসেনি, বরং মানুষের বুদ্ধিবৃত্তি ও মন-মস্তিস্ককে উজ্জীবিত করার জন্যে এসেছে। সে মানুষের চিন্তা ও প্রমাণের ক্ষমতাগুলোকে প্রশস্ত করে। সেগুলোকে উদ্বুদ্ধ করে তোলে এবং অতপর সেগুলোকে সে পথে পরিচালিত করে যা প্রকৃতির পথ এবং যাতে কোন ঘুরপাক নেই। কোরআনের সাধারণ নিয়ম হচ্ছে যে, সে যুক্তি-প্রমাণ ও নিদর্শনসমূহের প্রতি অঙ্গুলি নির্দেশ করে দেয়। প্রমাণ করার কোন কোন দিককে কিছুটা যবনিকামুক্ত করে দেয় এবং ফলাফলের কোন কোন দিকের প্রতি ইঙ্গিত দিয়ে দেয়। যুক্তি শাস্ত্রীয় আরোহ অবরোহ পদ্ধতির সমন্বয় ঘটিয়ে তা থেকে একটা সিদ্ধান্ত বের করার কাজটা কোরআন নিজে করে না, বরং শ্রোতাদের ওপরই ছেড়ে দেয়, যাতে তারা চিন্তা-ভাবনা করে এবং নিজেই কোরআনের দিশা অনুসারে সিদ্ধান্ত নিতে পারে। সে কতিপয় জিনিসের নাম উল্লেখ করে এই বলে নীরবতা অবলম্বন করে যে, إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٌ (এরই মধ্যে নিহিত রয়েছে প্রমাণ।) সে দলিল-প্রমাণগুলো কি? সাধারণত সে এর বিস্তারিত কিছু বলে না; বরং এ কাজটি শ্রোতার ওপর ছেড়ে দেয়। তারপর শ্রোতাদের দায়িত্ব হচ্ছে চিন্তা-ভাবনা করে দলিল-প্রমাণ অনুসন্ধান করে নেয়া।
সূরা নাহলের একটি আয়াত গভীরভাবে লক্ষ্য করলেই কোরআন মজীদের প্রমাণরীতির যথার্থ তাৎপর্য পরিষ্কারভাবে বুঝা যেতে পারে। এরশাদ হয়েছেঃ
هُوَ الَّذِي أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً لَكُمْ مِنْهُ شَرَابٌ وَمِنْهُ شَجَرٌ فِيهِ تُسِيمُونَ يُنَبِّتُ لَكُمْ بِهِ الزَّرْعَ وَالزَّيْتُونَ وَالنَّخِيلَ وَالْأَعْنَابِ وَمِنْ كُلِّ الثَّمَرَاتِ ط إِنَّ فِي ذَلِكَ لَآيَةٌ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ ، وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٌ بِأَمْرِهِ - إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ - وَمَا ذَرَأَ لَكُمْ فِي الْأَرْضِ مُخْتَلِفًا أَلْوَانُهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَذَّكَّرُونَ -
তিনিই (সে মহান সত্তা) যিনি তোমাদের জন্যে মেঘমালা থেকে পানি বর্ষণ করেছেন। তার কিছু তোমাদের পানীয় হিসেবে কাজে লাগে, কিছু শস্যভূমিকে সরস করে। তাতে করে তরুলতা উৎপন্ন হয় আর তোমরা তাতে নিজেদের (পালিত) পশুদের চরাও। এই পানির দ্বারা তিনি তোমাদের জন্য শস্যও উৎপাদন করেন; জয়তুন, খেজুর এবং বিভিন্ন রকমের ফলমূলও।
নিশ্চয়ই বিষয়টিতে মানুষের জন্য একটা বিরাট নিদর্শন রয়েছে, যারা লক্ষ্য করে। আর তিনি রাত্র, দিন ও চন্দ্র-সূর্যকে তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন। আর তেমনি করে গ্রহ-নক্ষত্ররাজিও তোমাদেরই কাজে নিয়োজিত রয়েছে তাঁরই হুকুমে। এতে তাদের জন্যে মহা নিদর্শনসমূহ রয়েছে যারা বুদ্ধিবৃত্তিকে কাজে লাগায়। আর ভূপৃষ্ঠে তোমাদের জন্যে যে নানা রঙ্গেরশস্য সামগ্রী সৃষ্টি করে দিয়েছেন, নিঃসন্দেহে তাতে মানুষের জন্যে একটি নিদর্শন রয়েছে; যারা চিন্তাশীল, যারা ভাবুক তাদের জন্যে।
এখানে ধারাবাহিকভাবে তিনটি শব্দ ব্যবহৃত হয়েছে- لِقَوْمٍ يَتَفَكَّرُونَ (যারা গভীরভাবে চিন্তা করে তাদের জন্যে)। لِقَوْمٍ يَعْقِلُونَ (যারা বুদ্ধি বৃত্তিকে কাজে লাগায় তাদের জন্যে)। لِقَوْمٍ يَذَّكَّرُونَ (যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য)।
অতপর এক জায়গায় বলেছেন, إِنَّ فِي ذَلِكَ لَآيَةً (এতে একটি বিরট প্রমাণ রয়েছে। কি সে প্রমাণ? তা কিছুই বলা হয়নি। চিন্তা করলে বুঝা যাবে। অন্য জায়গায় বলেছেন, إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ (এতে প্রমাণসমূহ বিদ্যমান)। কি সেসব প্রমাণ এবং কিসের ওপর সে প্রমাণগুলো? এসব প্রশ্নের উত্তর দেননি, বরং বলে দিয়েছেন, যারা বুদ্ধিকে কাজে লাগায়, যারা বুদ্ধির সাহায্য নেয়, তারা নিজেরাই উত্তর পেতে পারবে। তারপর কোন কোন বস্তুর প্রতি ইঙ্গিত করে বলেছেন, إِنَّ فِي ذَلِكَ لَآيَةً (এতে একটি প্রমাণ বিদ্যমান)। কি সে প্রমাণটি? কোন্ বিষয়ের প্রমাণ? তার কোন উত্তর দেননি, যাতে করে শ্রোতার চিন্তা ও গবেষণা শক্তি সক্রিয় হয়ে ওঠে এবং নিজেই সে উত্তরটি বের করে নেয়।
দলিল-প্রমাণ ও হেকমতের বিষয় বিবৃত করতে গিয়ে কোরআনের সাধারণ ধারা তাই যা ওপরে বলা হল। সে হেকমতের (অভিজ্ঞানের) এক বিপুল, অন্তহীন ভান্ডার নিজের অভ্যন্তরে লুকিয়ে রাখে, যাতে করে মানুষ নিজে, আপন চেষ্টায় সে যবনিকা উন্মেচিত করে তা থেকে যতটা সম্ভব সংগ্রহ করে নেয়। আসল বিষয় হল হেকমত অনুসন্ধানের দক্ষতা সৃষ্টি করা। এই দক্ষতা কারো মাঝে সৃষ্টি হলে সে দেখতে পায়, কোরআন মজীদে লুক্কায়িত সে জ্ঞানভান্ডার কোন কালেই শেষ হওয়ার নয়। সুতরাং স্বয়ং কোরআন মজীদেরই ভাষ্য-
قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتٌ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا (الكهف
বলে দাও, আমার পরওয়ারদেগারের কালামসমূহের জন্যে (বাণীসমূহকে লেখার জন্যে) সাগর যদি কালিতে পরিণত হয়, তা হলে আমার পরওয়ারদেগারের বাণীগুলো শেষ হওয়ার আগেই সাগর শুকিয়ে যাবে, আরও এ পরিমাণ কালিও যদি আমরা অতিরিক্ত আনিয়ে দেই। তিরমিযীতে বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। রেওয়ায়েত করেছেন হারেস আওয়ার-
مررت في المسجد فاذا الناس يخوضون في الاحاديث فدخلت على على فاخير تهب فقال او قد فعلوها ؟ قلت نعم - قال اما اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الا انما ستكون فتنة - قلت فما المخرج منها يا رسول الله ؟ قال كتاب الله فيه بناء ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم هو الوصل لبس بالهزل من جبار قصمة الله ومن ابتغى الهدى فى غيره اضله الله وهو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم وهو الذي لا تزيغ به الاهواء ولا تلتبس به الا لسنة ولا تشبع منه العلماء ولا يخلق على كثرة الرد ولا تنقضي عجائبه وهو الذي لم تنته الجن اذا سمعته حتى قالوا انا سمعنا قرأنا عجبا يحدى الى الرشد فامنابه من قال به صدق من عمل به اجر، ومن حكم به عدل ومن دعا اليه هدى الى صراط مستقيم خذها اليك يا اعور -
আমি মসজিদে ঢুকে দেখলাম, কিছু লোক কোন একটা বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করছে। এমনি সময় হযরত আলী (রাঃ) এলে আমি বিষয়টি সম্পর্কে জানালাম। আলী বললেন, আচ্ছা, তাহলে এসব কথা হচ্ছে! আমি বললাম, জি-হাঁ। তিনি বললেন, মনে রেখো, বিষয়টি আমি হুযুরে আকরাম (সঃ)-এর কাছে শুনেছি; তিনি বলেছেনঃ শীঘ্রই একটা বিরাট ফেতনা মাথাচাড়া দিয়ে ওঠবে। আমি জিজ্ঞেস করলাম, কেমন করে তা থেকে মুক্তি পাওয়া যাবে, ইয়া রসূলাল্লাহ? তিনি বললেন, আল্লাহ্র কিতাব। এতে তোমাদের সকল সমস্যার কথাই রয়েছে। যা পরবর্তীকালে আসবে তার সংবাদ রয়েছে। আর যেসব বিষয় তোমাদের মাঝে সৃষ্টি হবে তার মীমাংসা এতে আছে এবং সেগুলোর দু-একটা অতি মোক্ষম কথা। যে উদ্ধত-অবাধ্য একে বর্জন করবে, আল্লাহ্ তার মেরুদন্ড ভেঙ্গে দেবেন। যে লোক এটাকে বাদ দিয়ে অন্য কোন কিছুকে হেদায়াতের অবলম্বন বানাবে, আল্লাহ্ তাকে গোমরাহ করে দেবেন। আল্লাহ্র সুদৃঢ় রশি এটাই। এটাই হেকমতে পরিপূর্ণ গ্রন্থ। এটাই আল্লাহ্র প্রকৃষ্ট পথ। এর বর্তমানে রিপুজনিত কামনা-বাসনা কাউকে পথভ্রষ্ট করে না, জিহ্বার স্খলন ঘটে না। জ্ঞানীরা এর পর্যালোচনা করে কখনও তৃপ্ত হন না। যতই পড়, পড়ার কোন শেষ নেই। এর জ্ঞান রহস্য কখনও ফুরাবে না। এর পাঠ শোনার সাথে সাথে জিনরা বলে ওঠেছে, ইন্না সামি'না কোরআনান্ আজাবান্ (আমরা এক আশ্চর্য কোরআন শুনেছি)। এর উদ্ধৃতি সহযোগে যে লোক কথা বলে, সত্য বলে। যে এর ওপর আমল করবে, প্রতিদান পাবে। যে এর সাহায্যে বিচার-মীমাংসা করবে, ন্যায় করবে। যে এর প্রতি আমন্ত্রণ জানিয়েছে, সে আমন্ত্রণ জানিয়েছে সরল-সহজ পথের। হে আ'ওয়ার! তুমি এ কথাগুলো ভাল করে আত্মস্থ করে রাখ।

📘 কুরআন গবেষণার মূলনীতি > 📄 এর যথার্থতা

📄 এর যথার্থতা


وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ সম্পর্কে আরেকটি কথা রয়ে গেছে। একদন্ড বিরতি দিয়ে সে বিষয়টির ওপরও চিন্তা করে নেয়া বাঞ্ছনীয়। যারা কোরআন মজীদকে চিন্তা-ভাবনার বিষয় বলে মনে করেন না, সাধারণত তাঁরা-
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرُ
(আমি কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্যে সহজ করেছি। তবে আছে কি কেউ, যে এর দ্বারা উপদেশ গ্রহণ করবে?) এ আয়াতটির দ্বারা প্রমাণ উত্থাপন করেন। এ আয়াতকে প্রমাণ হিসেবে দাঁড় করিয়ে তাঁরা বলেন, কোরআন মজীদ একটা সাদাসিধে, সহজ-সরল গ্রন্থ। ওয়ায-নসীহত সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলো এতে একান্ত সহজ ভাষায় বাতলে দেয়া হয়েছে। আল্লাহ্ তাআলা নিজেই এর প্রশংসা উপলক্ষে বলেছেন, 'আমি একে উপদেশ গ্রহণ করার জন্য অত্যন্ত সহজ করেছি।' তা হলে এর একেকটি সূরা নিয়ে আট আট বছর যাবত মাথা ঘামানোর কি প্রয়োজন ছিল? আরবী বাক্যের অর্থ বুঝতে পারে এমন যেকোন লোকই নির্বিঘ্নে কোরআন মজীদের আয়াতসমূহের অর্থ ও উদ্দেশ্য বুঝতে পারে। কেন খামাখা বিভিন্ন রেওয়ায়েত, উদ্ধৃতি, তফসীর, শানে নযুল প্রভৃতি বিষয়ের শরণাপন্ন হতে হবে? এই বিভ্রান্তি নিরসনের উদ্দেশে এখানে সংক্ষেপে-
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرْ
আয়াতটির যথার্থ মর্ম বলে দেয়া বাঞ্ছনীয় মনে করি।
কোরআন মজীদের সহজবোধ্যতা প্রমাণ করার উদ্দেশেই এ আয়াতটি উপস্থাপন করা হয়। কিন্তু আশ্চার্যের বিষয়, তারা নিজেরাও আয়াতটির প্রকৃত মর্ম সম্পর্কে গভীরভাবে লক্ষ্য করেননি। আয়াতটির যে অর্থ সাধারণভাবে প্রচলিত ও প্রসিদ্ধ তা হচ্ছে, কোরআন মজীদ উপদেশ গ্রহণ করার জন্যে খুবই সহজ গ্রন্থ। কথাটি স্বস্থানে যথার্থ। কিন্তু এ আয়াতের উদ্দেশ্য তা নয়। এতে সন্দেহ নেই যে, তফসীর গ্রন্থে এ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে এ ধরনের কিছু কিছু মতও উদ্ধৃত করা হয়েছে, যাতে ভুল বুঝাবুঝির উদ্ভব হতে পারে। যেমন, কেউ কেউ বলেছেন, কোরআন মজীদ মুখস্থ করার জন্যে সহজ। অবশ্য সঙ্গে সঙ্গে আয়াতটির ব্যাখ্যায় প্রাচীন মনীষীবৃন্দের এমন উদ্ধৃতির অবতারণাও করা হয়েছে যা প্রকৃত তত্ত্ব-তথ্যের প্রতি ইঙ্গিত করে। কিন্তু ভাষার দৈন্যের দরুন অধিকাংশ অনুবাদকই আয়াতটির প্রকৃত মর্ম তুলে ধরতে পারেননি। কারণ, অনেক সময় আরবী ভাষায় ছোট একটি শব্দ যে বিপুল ও বিস্তারিত অর্থ ব্যক্ত করে, অন্যান্য বহু ভাষার গোটা একটি বাক্যও তা প্রকাশ করতে পারে না। কাজেই এমন সব ক্ষেত্রে অনুবাদক- বৃন্দকে বাধ্য হয়েই এমন কোন শব্দ বেছে নিতে হয় যাতে মোটামুটিভাবে উদ্দেশ্যটা ধরে নেয়া যায়।
এ ধরনের একটা জটিলতা আলোচ্য আয়াতেও রয়েছে। অতএব এর দুটি শব্দ للذكر 3 يسرنا সম্পর্কে আমরা কোরআন ও আরবী অভিধানের আলোকে মোটামুটি বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব।
ব্যাখ্যাতাগণ يسرنا )ইয়াস্সারনা) শব্দটির মর্ম বিভিন্ন শব্দে ব্যক্ত করেছেন। মুজাহিদ هوناه )একে সহজ করে দিয়েছি) এবং ইবনে যায়েদ بیناه (একে বিকশিত করে দিয়েছি) বলেছেন। অন্য ভাষায় যারা অনুবাদ করেছেন তাঁরা বলেছেন, একে সহজ করে দিয়েছি। কিন্তু পন্ডিত মনীষীরা জানেন, এ সব' ব্যাখ্যাতার কোনটাই এমন নয়, যা এ শব্দটির প্রকৃত মর্ম তুলে ধরতে পারে কিংবা শব্দটির যাবতীয় দিকগুলো নির্দেশ করতে পারে। বেশীর চেয়ে বেশী এটুকু বলা যায় যে, এতে শব্দটির মর্মার্থ মোটামুটি ব্যক্ত হয়েছে।
بسر -এর মূল আভিধানিক অর্থ হচ্ছে কোমলতা ও আনুগত্য। এ থেকেই تيسر যার অর্থ, কোন বস্তুকে কোন উদ্দেশের জন্য সম্পূর্ণ উপযোগী, সুষম, বিন্যস্ত ও অনুকূল করে নেয়া। যেমন, বলা যাবে- يسر الفرس এর অর্থ হবে ঘোড়াটিকে গদি, রেকাব ও লাগাম প্রভৃতিতে সাজিয়ে আরোহণের সম্পূর্ণ উপযোগী করে ফেলেছে।
يسرناقته للسفر اذا ارحلها - ويسر الفرس للغز واذا اسرجه والجمه .
আ'রাজ মোআন্নার কবিতা:
قمت اليه با للجام ميسرا هنالك * يجريني الذي كنت اصنع .
আমি আমার ঘোড়াটির দিকে এগিয়ে গেলাম, তখন সে ছিল লাগাম দ্বারা সম্পূর্ণ তৈরী। এমনি সময়েও আমার সহানুভূতির প্রাপ্য পরিশোধ করল।
অর্থাৎ, যে বস্তুর দ্বারা যে কাজ করার কিংবা যে উদ্দেশ্য সাধন করার থাকে তাকে সে উদ্দেশে এমন উপযোগী ও অনুকূল করে নেয়া, যাতে কেউ তার দ্বারা উদ্দেশ্য আদায় করতে চাইলে উত্তমভাবে তা পেতে পারে। এমনি সে উদ্দেশ্য সাধনের জন্যে এর চাইতে কোন ভাল ও সহজ পন্থা আর একটিও থাকবে না। এখান থেকেই এ শব্দটিতে 'পারঙ্গম' ও বিচক্ষণ করে তোলার অর্থও সৃষ্টি হয়। মাদারিস ইবনে রুবাই-এর কবিতা:
. ونعين فاعلنا على ما نابه - حتى نيسره لفعل السيد .
আমাদের নেতাকে যেসব জটিলতার সম্মুখীন হতে হয়, আমরা সেগুলোর নিরসনে তাকে সাহায্য করি। এমনকি তাকে নেতৃত্বের কাজের জন্য পারঙ্গম ও বিচক্ষণ করে দেই।
للذكر অর্থ কোন কোন অনুবাদক 'উপদেশ গ্রহণ করার জন্যে' করেছেন। আবার অনেকে অর্থ করেছেন 'বুঝার জন্যে'। আমাদের মতে দ্বিতীয় অর্থটিই শব্দের প্রকৃত মর্মের সাথে বেশী ঘনিষ্ঠ। বলতে গেলে মূল শব্দের এটাই যথার্থ প্রতিশব্দ। ذکر (যিকর)-এর প্রকৃত অর্থ স্মরণ করা এবং বর্ণনা করা। কোরআন মজীদে শব্দটি আম্মানী গ্রন্থকে বুঝাবার জন্যও ব্যবহৃত হয়েছে। বলা হয়েছে, فَاسْتَلُوا أَهْلَ الذِّكْرِ (আসমানী গ্রন্থের যারা অধিকারী তাদেরকে জিজ্ঞেস কর)। স্বয়ং কোরআন মজীদের জন্যেও এর ব্যবহার দেখা যায়। যেমন- وَهُذَا ذِكْرٌ مُبَارَكَ أَنْزَلْنَاهُ (আর এটা হচ্ছে মহিমান্বিত ‘যিক্র,’ যা আমি অবতীর্ণ করেছি)। তাছাড়া কোরআন মজীদের গুণবাচক হিসেবেও ব্যবহৃত হয়। যেমন, বলা হয়েছে- الْقُرْآنَ ذِي الذِّكْرِ যিক্র সম্বলিত কোরআনের কসম।
কোরআনকে ذكر শব্দের দ্বারা বুঝাতে গিয়ে একটি বিশেষ তাৎপর্যের প্রতি ইংগিত করা উদ্দেশ্য।
আমরা ওপরে উল্লেখ করেছি যে, আল্লাহ্র শিক্ষা আপাদমস্তক মানব প্রকৃতিরই বর্ণনা ও বিকাশ। আল্লাহ্ আম্বিয়া ও রসূলগণের মাধ্যমে আসমানী গ্রন্থ -পুস্তিকা অবতরণ করে যে শিক্ষা দিয়েছেন তা এমন কোন বিষয় নয়, যা মানুষের ওপর চাপিয়ে দেয়া হয়ে থাকবে, বরং তা স্বয়ং মানুষের মনেরই প্রতিধ্বনি, তার আত্মারই সংগীত এবং মানুষের প্রকৃতিরই স্বীকৃতি। আর সেসব মৌলিক বাস্তবতাকেই আল্লাহ্ নবী-রসূলের মাধ্যমে বিকশিত করেছেন। সে কারণেই ফِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا (এই আয়াত)-কে مذکر (স্মারক দানকারী) এবং তাঁদের শিক্ষা ও আমন্ত্রণ-আহ্বানকে ذِكْرِى ও تَذْكِيرٌ (অর্থাৎ, স্মারক) শব্দের দ্বারা ব্যাখ্যা করা হয়েছে।
فَذَكِّرْ إِنْ نَفَعَتِ الذِّكْرَى (অতএব স্মরণ করিয়ে দাও যদিই বা এই স্মারক কোন উপকার সাধন করে)। কারণ, বাস্তবপক্ষে আল্লাহ্র শিক্ষা স্মারক ছাড়া আর কিছুই নয়। ধর্ম ও আদর্শের এই গোটা ব্যবস্থাটা মানুষের বাইরে থেকে অঙ্কুরিত হয়নি, বরং এর বীজ তাদের প্রকৃতিতেই প্রোথিত ছিল। আল্লাহ্ তাআলা তাঁর বিশেষ বান্দাদের মাধ্যমে তার সেচের ব্যবস্থা করেছেন আর তাতেই সেটা বিরাট মহীরুহে পরিণত হয়েছে। ভূমি যেমন প্রজনন ও প্রবর্ধনের সমস্ত ক্ষমতা সমৃদ্ধ, কিন্তু বৃষ্টির মুখাপেক্ষী; যা বর্ষিত হওয়ার সাথে সাথে তার সুপ্ত সমৃদ্ধি বিকশিত হয়ে ভূপৃষ্ঠে বিস্তৃত হয়ে পড়ে, তেমনিভাবে মানব প্রকৃতিও জ্ঞান-বিজ্ঞান এবং বুদ্ধি-বিবেচনার যাবতীয় গুণাবলীতে ভরপুর। কিন্তু তার বিকাশ ও ফলশ্রুতি একটি আসমানী বৃষ্টির মুখাপেক্ষী। যখন সে বৃষ্টি বর্ষিত হয়, তখন তার প্রতিটি অংশ স্বর্গের জন্যও ঈর্ষণীয় হয়ে দাঁড়ায়। পক্ষান্তরে এ বৃষ্টি না হলে মানব প্রকৃতি একটি মৃত ভূখন্ডের মতই হয়ে পড়ত। নৈতিক ও আত্মিক জীবনের সমস্ত নিদর্শন থেকে সম্পূর্ণ বঞ্চিত রয়ে যেত। এই আসমানী বৃষ্টিই হচ্ছে আল্লহ্ কর্তৃক অবতীর্ণ কিতাব কোরআনে হাকীম।
কোরআনের বিভিন্ন নামের মধ্যে تذکره এবং نور এমন দুটি নাম-যা অত্যন্ত পরিষ্কারভাবে সেই সত্যটির প্রতি ইঙ্গিত করে, যা ওপরে উল্লেখ করা হল।
تذکره অর্থ হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া। তার মানে কোরআনে হাকীম আমাদিগকে যাই কিছু শিক্ষা দেয়, তা সম্পূর্ণভাবে আমাদের প্রকৃতি মোতাবেক হওয়ার ফলে এমনভাবে মনে বসে যায়, যাতে মনে হয়, আমাদেরই বিস্তৃত পাঠ স্মরণ করিয়ে দিচ্ছে। এমন কোন কথাই সে বলছে না যা আমাদের জন্যে অদ্ভুত, বিরল কিংবা স্কুল।
'নূর' অর্থ হচ্ছে 'আলো' বা জ্যোতি। আলো বা জ্যোতি বস্তুকে দর্শনীয় করে তোলে। অন্য কথায় যার অর্থ দাঁড়ায়, মানব প্রকৃতির স্তরের পর স্তর পর্দার অন্তরালে প্রকৃত জ্ঞান ও দর্শনের যে মণি-মুক্তা, পদ্মরাগ লুকিয়ে আছে, আল্লাহ্ কিতাবের জ্যোতি বিকিরিত হয়ে সেগুলো চোখের সামনে তুলে ধরে।
এই ব্যাখ্যার দ্বারা প্রতীয়মান হয় যে, ذکر শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাই যাবতীয় জ্ঞান-দর্শনের উৎসমূল। শব্দটি এ সত্যের প্রতিই ইঙ্গিত করে যে, প্রকৃত জ্ঞান অর্জনের পথ হচ্ছে এই যে, মানুষ সে পাঠগুলোর যথাযথ অনুশীলন করে নেবে, যা তাদেরকে সৃষ্টিলগ্নে পড়ানো হয়েছে, কিন্তু তারা তা ভুলে রয়েছে। 'মারেফাত' বা আল্লাহ্র পরিচয় লাভ এবং হেকমত বা অভিজ্ঞানের সমস্ত রহস্য আল্লাহ্ আমাদের প্রকৃতির অভ্যন্তরে গচ্ছিত রেখেছেন, কিন্তু আমরা হয় সেগুলো বিস্মৃত হয়ে আছি, না হয় সেগুলো আমাদের দৃষ্টির অন্তরালে লুকিয়ে রয়েছে।
আমরা সেগুলো স্মরণ করতে অথবা নিজের স্মৃতির সামনে তুলে আনতে চেষ্টা করব। এই হচ্ছে সেগুলোকে ফিরে পাওয়ার পথ। এ কাজে আমাদের সাহায্য করার উদ্দেশে, আমাদেরকে পথ দেখাবার জন্যে আল্লাহ্ রাব্বুল আলামীন নবী-রসূল পাঠিয়েছেন, বিভিন্ন কিতাব নাযিল করেছেন এবং সব শেষে নাযিল করেছেন কোরআন মজীদ, যা স্মরণ করিয়ে দেয়ার উদ্দেশে সর্বাধিক উপযোগী, সবচেয়ে বেশী কার্যকর এবং সমস্ত গ্রন্থের শেষ গ্রন্থ। এদিক দিয়ে কোরআন মজীদ নিঃসন্দেহে অত্যন্ত সহজ গ্রন্থ। জ্ঞান ও দর্শনের সর্বোচ্চ শীর্ষে আরোহণ করার জন্য এর চাইতে সহজ-সরল পথ দ্বিতীয় একটি নেই। সবচাইতে বেশী নিকটবর্তী, সবচেয়ে বেশী সমতল, সবচেয়ে বেশী নিরাপদ পথ এটাই। অন্যান্য পথে রয়েছে ভ্রষ্টতা, রয়েছে গোলযোগ, রয়েছে দুর্গম গিরিসংকট, দূরতিক্রম্য সাগর-সমুদ্র, রয়েছে ভয়াবহ মরু-প্রান্তর। কিন্তু কোরআন মজীদের যে পথ, তা সম্পূর্ণ ভয়মুক্ত। আল্লাহ্ তাআলা পর্যন্ত পৌঁছার জন্যে আল্লাহ্ কর্তৃক উন্মোচিত পথ এটাই। সেজন্যে এতে কোনরকম বক্রতা নেই; এটাই সেরাতে মুস্তাকীম। এই হচ্ছে অমর ধর্ম। মানুষের অথবা শয়তানের কোন রকম হস্তক্ষেপই এর সরলতাকে বাঁকিয়ে দিতে পারে না; পারেনি, পারবে না। এ পথ যে অবলম্বন করবে আল্লাহ্র সান্নিধ্য সে পাবেই। কিন্তু এর অর্থ কখনো এই নয় যে, এ পথের পথিক দূরত্ব অতিক্রম করার এবং পাথেয় সাথে নেয়ার যে পরিশ্রম তা থেকেও অব্যাহতি পেয়ে যাবে এবং বিনা পদক্ষেপে, বিনা পরিশ্রমে আপন গন্তব্যস্থানে পৌঁছে যাবে।
এই ত সেদিনও সাগরে পালের নৌকা চলত এবং সাগরের যাত্রীরা জীবনবাজি রেখে এ যাত্রাপথ অতিক্রম করত। এখন সে জায়গাটি দখল করে নিয়েছে বাষ্পীয় জাহাজ। ফলে সামুদ্রিক সফরের অশেষ কষ্টের অনেকটা অবসান হয়েছে। কিন্তু সাগর তবুও সাগরই রয়ে গেছে; ডাঙ্গা হয়নি। এমনি অবস্থা আমাদের আত্মিক ও নৈতিক জগতের। কোরআন মজীদ অবতীর্ণ হওয়ার পূর্বে আমরা আল্লাহ্ মারেফাতের সাগর যেন পালের নৌকার সাহায্যে পাড়ি দিতাম এবং এ সফরে অসংখ্য ভয়-শঙ্কা, অগণিত বিপদাপদের সম্মুখীন হতে হত। কিন্তু কোরআন মজীদ নাযিল করে আল্লাহ্ এ সাগরের জন্যে এমন নৌযান পাঠিয়ে দিলেন, যা উৎকর্ষের সর্বশেষ নির্দশন। সে মহাদেশসমূহের সীমান্তগুলো মিশিয়ে দিয়েছে। সাগরের যাবতীয় ভয়-শঙ্কাকে জয় করে নিয়েছে। উত্তাল তরঙ্গমালা, প্রচন্ড ঝড়-জলোচ্ছ্বাস আর বরফের বিশাল চটানকে পরাজিত করেছে। এসব কিছুই হয়েছে, কিন্তু সাগর আজও সাগরই থেকে গেছে; নিজের বাড়ীর আংগিনা হয়ে যায়নি।
সুতরাং কোরআন মজীদের 'সহজ' হওয়ার অর্থ শুধু এই যে, কোন শিক্ষার্থী যদি এর নির্দেশানুযায়ী প্রকৃত সত্যে পৌঁছতে চায়, তা হলে আল্লাহ্ তাআলার তরফ থেকে সাহায্য পাবে। কারণ, সে যে পথ ধরেছে আল্লাহ্ নিজেই তার উন্মোচন করেছেন। তার চেয়ে সরল-সমতল পথ আর দ্বিতীয়টি নেই। হযরত কাতাদা (রাঃ) (هل من مدكر হাল মিম মুদ্দাকির)-এর ব্যাখ্যা প্রসংগে নিম্নলিখিত শব্দ সমষ্টিতে এ বাস্তবতার প্রতিই ইঙ্গিত করেছেন। هل من طالب علم فيعان عليها আছে কি এমন কোন জ্ঞান-সাধক যাকে সাহায্য করা যেতে পারে?
এ তাৎপর্যের প্রতিই তফসীরে কাশাফ প্রণেতা এভাবে ইঙ্গিত করেন-
يجوز ان يكون المعنى ولقد هياناه للذكر من يسر ناقته للسفر اذا رحلها يسر فرسه للغز واذا اسرجه والجمه .
অর্থাৎ, এর এ অর্থও হতে পারে যে, আমি যিকর (জ্ঞানার্জন)-এর জন্যে কোরআন মজীদকে উপযোগী করে দিয়েছি। যেমন, প্রচলিত বাগধারা রয়েছে- يسر ناقته للسفر ويسر فرسه )স উটনীকে সফরের জন্যে এবং ঘোড়াকে যুদ্ধ ক্ষেত্রের জন্য উপযোগী করেছে)।
বিস্তারিত এই বর্ণনার দ্বারা পরিষ্কার হয়ে যায় যে, সাধারণভাবে এ আয়াতের যে অর্থ করা হয় এবং তা থেকে যে মর্ম উদ্ধার করা হয়, তা সঠিক বা যথার্থ নয়। যে প্রেক্ষাপটে আয়াতটি উল্লেখ করা হয়েছে, তার প্রতি লক্ষ্য করলেও সে বাস্তবতাই প্রকাশ পায়, যে সম্পর্কে আমরা ইংগিত করেছি। আয়াতটি সূরা ক্বামারে বারংবার পুনরাবৃত্তি করা হয়েছে। সূরা ক্বামারে যে বিষয়টি বর্ণনা করা হয়েছে তা হল, কাফেররা আল্লাহ্ তাআলার কেয়ামত অনুষ্ঠান সংক্রান্ত ওয়াদাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং দাবী করে যে, আযাব যদি আসারই হয়ে থাকে তা হলে তার একটা নিদর্শন আমাদের কাছে আসুক; আমরা তাকে একটু চোখেই দেখে নিই! তারপরেই না হয় ঈমান আনব। এরই উত্তরে আল্লাহ্ তাআলা বললেন, ইতিপূর্বে বহু জাতি এমনিভাবে আযাব যাজ্ঞা করেছে এবং তাদেরকে ধ্বংস করে দেয়া হয়েছে। কারণ, আযাবের নিদর্শন দেখার পরেও ঈমান ও হেদায়াতের পথ তাদের জন্য উন্মুক্ত হয়নি। মানুষ নিজের বুদ্ধি-বিবেচনাকে কাজে লাগাবে, এই হল ঈমান ও হেদায়াতের পথ। যখন তারা জ্ঞান-বুদ্ধির নেতৃত্ব গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করল, তখন আর তাদের জন্য ঈমান ও সত্যের লক্ষ্যে পৌঁছার কোন পথই থাকেনি। বুদ্ধি-বিবেচনা অকেজো করে দেয়ার দরুনই তারা আসমান-যমীনের অসংখ্য নিদর্শনকেও মিথ্যা প্রতিপন্ন করেছে, অগণিত বিস্ময়কর বিষয়কে মিথ্যা জ্ঞান করেছে, সীমাহীন অলৌকিক মু'জেযা থেকে চোখ বন্ধ করে নিয়েছে। তা হলে যারা এমনি হাজারো প্রকৃষ্ট বিষয় অস্বীকার করেছে, কেমন করে তারা এটাকে মেনে নেবে? যে সুতীব্র আলোকচ্ছটায় ধাঁধিয়ে যাবার ফলে তারা সেগুলো অস্বীকার করেছিল সে ধাঁধার কারণেই এটাকেও অস্বীকার করবে। এ কারণে আয়াত ও মু'জেযাসমূহের দাবী সম্পূর্ণ নিরর্থক। তারা যদি ঈমান গ্রহণ করতে চায় আর এ ওয়াদা যদি শুধু উপহাস-কৌতুক না হয়ে সত্যিকারভাবে তাদের মনের স্বীকৃতি হয়, তা হলে জ্ঞান-বিবেচনার পথই গ্রহণ করে নিক। জ্ঞান অর্জনের জন্যে আমি কোরআন মজীদকে পূর্ণাংগ ও উপযোগী করেছি। তাতে যাবতীয় প্রশ্নের সমাধান রয়েছে। প্রতিটি সন্দেহ-সংশয়ের মীমাংসা রয়েছে। প্রতিটি মানসিক ব্যাকুলতার সান্ত্বনা রয়েছে। একে গ্রহণ করলেই সে প্রতিটি লক্ষ্যে পথ প্রদর্শন করবে, প্রতিটি জটিলতার সমাধান দেবে।

📘 কুরআন গবেষণার মূলনীতি > 📄 সহজতার কয়েকটি দিক

📄 সহজতার কয়েকটি দিক


'তাইসীর' ব সহজতার প্রকৃত তাৎপর্য সম্পর্কে অবহিত হয়ে যাবার পর এবার লক্ষ্য করা যেতে পারে, আল্লাহ্রাব্বুল আলামীন কোরআনকে জ্ঞান ও মারেফাত কিংবা আল্লাহ্ পরিচিতি লাভের জন্য কর্তভাবে উপযোগী করেছেন।
১. এ প্রসংগে সর্বপ্রথম উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কোরআন মজীদের প্রকৃষ্ট আরবী ভাষায় নাযিল হওয়া। আল্লাহ্ কোরআন মজীদের এ বৈশিষ্ট্য সম্পর্কে একাধিক জায়গায় আলোচনা করেছেন। সূরা ইউসুফে বলা হয়েছে: إِنَّا أَنْزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا আমি কোরআনকে আরবী কোরআন বানিয়ে অবতীর্ণ করেছি। كِتَابٌ فُصِّلَتْ آيَاتُهُ قُرْآنًا عَرَبِيًّا . (এমন গ্রন্থ, যার নিদর্শনগুলোকে আরবী কোরআন আকারে বিশ্লেষণ করা হয়েছে )1( وَهُذَا لِسَانَّ عَرَبِى تُمُبِينٌ )আর এটা প্রকৃষ্ট আরবী ভাষা।( - (সূরা নাহল)
কোরআনের সর্বপ্রথম লক্ষ্য ছিল আরবরা। তাদের জন্যে সবচেয়ে বেশী প্রয়োজন ছিল কোরআনের আরবী ভাষায় নাযিল হওয়া। তা না হলে কোরআনের দ্বারা উপকৃত হওয়া তাদের পক্ষে অত্যন্ত কঠিন হত। তখন এই প্রশ্ন হতে পারত, কোরআন মজীদকে তাদের জন্য পরিপূর্ণভাবে খুলে দেয়া হয়নি। কারণ, তার ভাষা আজমী অথচ তারা হল আরব, আরবী আর আজমীর কি সম্পর্ক? সূরা ফুসসিলাতে বর্ণিত হয়েছে- لَقَالُوا لَوْلَا فُصِّلَتْ آيَاتُهُ أَعْجَمِيٌّ وَعَرَبِي (তারা আপত্তি উত্থাপন করত যে, কোরআনের আয়াতগুলেকে কেন খুলে দেয়া হল না? ভাষণ আজমী ভাষায়, অথচ শ্রোতা আরবী!) সে জন্যেই কোরআন আরবী ভাষায় অবতীর্ণ হয়েছে। তাও এমন আরবী যা ‘মুবীন’ বা প্রকৃষ্ট। সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন। কোন রকমের জটিলতা নেই। যেকোন শ্রেণীর লোক অতি সহজে বুঝতে পারে। কোন সংকীর্ণতা বা সীমাবদ্ধতা নেই; কোন গোত্র, কোন দল কিংবা কোন শ্রেণীর বর্ণনারীতি, শব্দ, বাগধারার সাথে বিশেষভাবে যুক্ত নয়, বরং আরবের ভাষাবিদদের যে রীতি, কোরআন সেভাবেই অবতীর্ণ। যা সবাই বুঝতে পারত, যার বাগ্মিতা সম্পর্কে সবাই ছিল একমত। সুতরাং কোরআনের আরবী ভাষায় অবতীর্ণ হওয়াটা আরবদের হিসেবে অত্যন্ত প্রকৃষ্ট ও সহজ ছিল।
কোন কোন আয়াতে এরও ব্যাখ্যা রয়েছে। বলা হয়েছে-
فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِينَ - وَتُنْذِرَ بِهِ قَوْمًا لداً
অর্থাৎ, আমি তাকে উপযোগী বানিয়েছি তোমাদের ভাষায়, যাতে তোমরা তার মাধ্যমে আল্লাহভীরুদেরকে সুসংবাদ এবং হটকারীদেরকে অবহিত করে দিতে পার। সূরা জাসিয়ার এক আয়াতে এরশাদ হয়েছে-
فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
আর আমি তাকে তোমার রসনায় সুদৃঢ় করেছি, যাতে তারা স্মারক গ্রহণ করে।
কেউ হয়ত বলতে পারে, এই সহজবোধ্যতা আরবদের জন্যে হয়েছে আরবী ভাষায় কোরআন নাযিল হওয়ায়; অনারব আজমীদের তাতে কি ফায়দা হল? প্রশ্নটি যথার্থ। এই تیسیر বা সহজীকরণের ব্যাপারটি বিশেষ করে আরবদের সাথেই যুক্ত, যারা কোরআনের প্রাথমিক শ্রোতা বা লক্ষ্য এবং যাদেরকে আল্লাহ্ অন্যান্য জাতিসমূহের হেদায়াতের মাধ্যম বানিয়েছেন। কিন্তু বিষয়টিকে অন্য দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করলে বুঝা যাবে, কোরআনের আরবী ভাষায় অবতীর্ণ হওয়ার মধ্যে تیسیر সহজীকরণ-এর সাধারণ দিকটিও রয়েছে। এর বিশদ ব্যাখ্যা হচ্ছে এই যে, কোরআন মজীদের পক্ষে যেকোন দেশে অথবা যেকোন একটা জাতিতে কোন একটা বিশেষ ভাষায় অবতীর্ণ হওয়া ছিল অবশ্যম্ভাবী; অপরিহার্য। সরাসরি পৃথিবীর সমস্ত জাতির প্রতি এবং প্রচলিত সমস্ত ভাষায় অবতীর্ণ হওয়াটা কিছুতেই সম্ভব ছিল না। তা ছাড়া এমন হওয়াটা গোটা পৃথিবীর জন্য মঙ্গলকরও হত না। ইসলাম একটা বিশ্বজনীন একত্ববাদের আমন্ত্রণ জানায়। এতদুদ্দেশেই পৃথিবীর জন্য সর্বশেষ যে বিধান, যে বাণী, যে আহবান ঘোষণা করা হবে তার কেন্দ্র কোন একটা জাতি, কোন একটা স্থান, কোন একটা সত্তা এবং কোন একটা ভাষাকে করাই ছিল জরুরী। আল্লাহ্র অভিজ্ঞান জাতিসমূহের মধ্যে বনী ইসরাঈলকে, স্থানসমূহের মধ্যে ইবরাহীমের আবাসভূমিকে, লোকসমূহের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ্ (সঃ)-কে, ভাষাসমূহের মধ্যে প্রকৃষ্ট আরবী ভাষাকে নির্বাচিত করেছে। বস্তুত আজকের বিশ্ব এই সত্য অস্বীকার করতে পারে যে, এই নির্বাচন ছিল একান্ত উত্তম নির্বাচন। ধর্মের নিগূঢ় তত্ত্ব ও তথ্য, হেকমতের ধারা ও মর্ম এবং আলমে গায়েব (অদৃশ জগতের) গোপন রহস্য বর্ণনা করার জন্যে আরবী ভাষা ছাড়া আর কোন ভাষা এমন উপযোগী হতে পারত না। কাজেই কোরআনের আরবী ভাষায় অবতীর্ণ হওয়া যেমন আরবদের জন্যে রহমত বা অনুগ্রহ ছিল, তেমনিভাবে কোন কোন দিকের প্রেক্ষিতে গোটা বিশ্বের জন্যেই রহমত বটে।
২. تیسر বা সহজীকরণের দ্বিতীয় দিকটি হচ্ছে, কোরআন মজীদের অল্প অল্প করে নাযিল হওয়া। যদি গোটা কোরআন মজীদ একবারে নাযিল হয়ে যেত, তা হলে তার শিক্ষাসমূহ মানব মনে বদ্ধমূল হতে পারত না। অতি গভীর বিষয়সমূহ তখনই মনের গভীরে শিকড় গেড়ে নিতে পারে, যখন তা ধীরে ধীরে পাঠ করে শেখানো হয়। তেমনিভাবে তা মন-মস্তিষ্কে পরিপূর্ণভাবে বিস্তার লাভ করে এবং একেকটা বিষয় অনুশীলনের মাধ্যমে পরিপক্বতা লাভ করে। আল্লাহ তাআলা কোরআন মজীদের ব্যাপারে তাই করেছেন। তাকে একবারে নাযিল করেননি; বরং ধীরে ধীরে, সময় ও অবস্থার তাগিদ অনুসারে এবং প্রয়োজনের ভিত্তিতে নাযিল করেছেন। আর যখন কাফেররা প্রশ্ন তুলেছে যে, কোরআনও তওরাতেরই মত একবারেই নাযিল হয়ে যায় না কেন; অল্প অল্প করে কেন অবতীর্ণ হচ্ছে? তখন তাদের উত্তরে বলা হয়েছে- ذلِكَ لِنُثَبِّتَ بِهِ فُؤَادَكَ وَرَتَّلْنَاهُ تَرْتِيلًا - (فرقان) এমন হওয়ার কারণ হল, এভাবে আমি তোমাদের অন্তরকে দৃঢ় করে নিই এবং কোরআনকে থেমে থেমে অবতীর্ণ করি। সূরা বনী ইসরাঈলের এক আয়াতে বলা হয়েছে- لِتَقْرَأَهُ عَلَى النَّاسِ عَلَى مُكْرٍ - যাতে তুমি এটা মানুষকে থেমে থেমে শুনাতে পার।
প্রত্যেকেই বুঝতে পারে যে, যিক্‌র তথা জ্ঞানার্জনের সবচাইতে সহজ এবং যথার্থ পদ্ধতি এটাই। আর সেজন্যেই কোরআন মজীদেও সে পদ্ধতিই অবলম্বিত হয়েছে।
৩. সূরা হূদের শুরুতে কোরআন মজীদের সহজীকরণ বিষয়ে একটি অতি গুরুত্বপূর্ণ দিক এভাবে বর্ণনা করেছেন—
كِتَابٌ أُحْكِمَتْ آيَاتُهُ ثُمَّ فُصِّلَتْ مِنْ لَدُنْ حَكِيمٌ خَبِيرٍ
(এটা) এমন কিতাব, যার আয়াতসমূহকে পূর্বাহ্নে সুগঠিত করা হয়েছে। অতঃপর একজন অভিজ্ঞানসম্পন্ন, সর্ববিষয়ে পরিজ্ঞাত সত্তার পক্ষ থেকে তার বিশ্লেষণ করা হয়েছে।
এ আয়াতের দ্বারা বুঝা যায়, কোরআন মজীদ প্রথমে ঈমান ও ধর্মের মৌলনীতিসমূহের শিক্ষা দিয়েছে। অতঃপর দিয়েছে আনুষঙ্গিক বিষয়সমূহের বিস্তারিত বিবরণ। শিক্ষাদানের এই পদ্ধতি মানব প্রকৃতির জন্য সর্বাধিক অনুকূল। সেজন্য কোরআনও এ পদ্ধতিই গ্রহণ করেছে। মক্কায় অবতীর্ণ সূরাগুলোতে ধর্মের সমস্ত মৌলিক নীতিসমূহের শিক্ষা, তওহীদ, রেসালাত, আখেরাত প্রভৃতি বিষয় অতি সংক্ষিপ্তভাবে এবং ব্যাপক বাক্যের মাধ্যমে বলা হয়েছে। তখন এগুলোর সবিস্তার বিশ্লেষণের বাধ্যবাধকতা আরোপ করা হয়নি। এসব মৌলিক নীতিমালা মানুষের মন-মস্তিষ্কে বদ্ধমূল হয়ে যাওয়ার পরে এর আনুষঙ্গিক বিষয়ের প্রতি দৃষ্টি দেয়া হয় এবং মদীনায় অবতীর্ণ সূরাসমূহে সেগুলোর পরিপূর্ণ ব্যাখ্যা-বিশ্লেষণ একান্ত মানব প্রকৃতির জন্যে সম্পূর্ণ গ্রহণযোগ্য এবং ধর্মীয় বিধানসমূহের তত্ত্ব ও তথ্যসমূহ অতি উত্তমভাবে প্রকাশ করার মত করে অবতীর্ণ করা হয়েছে। এ কারণে এটাও সহজীকরণের অন্তর্ভুক্ত।
৪. تيسير বা সহজীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, একই বিষয়কে বিভিন্ন পদ্ধতিতে বলা, যাতে সে বিষয়টি উত্তমভাবে শ্রোতাদের মনে বসে যায়। কোরআন মজীদের পরিভাষায় একে تصریف آیات বলা হয়। কোরআন এ বিষয়টি একাধিক জায়গায় উল্লেখ করেছে। সূরা আনআমের এক আয়াতে বর্ণিত হয়েছে—
انْظُرْ كَيْفَ نُصَرِفُ الْآيَاتِ ثُمَّ هُمْ يَصْدِفُونَ
লক্ষ্য কর, আমি ঘুরিয়ে ফিরিয়ে নিজের প্রমাণগুলোকে কেমন করে বর্ণনা করি। তবুও তারা বিমুখতা অবলম্বন করে।
)انظر كَيْفَ نُصَرِفُ الْآيَاتِ لَعَلَّهُمْ يَفْقَهُونَ (انعام
লক্ষ্য কর, কেমন করে আমি আমার দলিল-প্রমাণসমূহকে ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি, যাতে করে তারা উপলব্ধি করে।
কোরআনের গবেষণা ও পর্যালোচনা দ্বারা تصریف ایات )তাসরীফে আয়াত( -এর এ অর্থ বুঝা যায় যে, কোন কোন সময় একই বিষয়কে বিভিন্ন পদ্ধতিতে এবং বিভিন্ন যুক্তি-প্রমাণের মাধ্যমে বর্ণনা করা এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রকাশ করাই 'তাসরীফে আয়াত'। আয়াতে কোরআনের ক্ষেত্রে শব্দটি تصريف رياح )তাসরীফে রিয়াহ্) থেকে নেয়া হয়েছে। তাহলে 'তাসরীফে রিয়াহ্'-এর তাৎপর্যটা কি? বায়ু একই, কিন্তু তার রূপধারণের কোন শেষ নেই। কখনও করুণা, কখনও শান্তি, কখনও মৃদুমন্দ চলে আর কাননে ফুল ফুটায়, ক্ষেতে ফসল পাকায়। কখনও লু হয়ে দেখা দেয় এবং পুষ্পোদ্যান আর শস্যভূমিকে ঊষর মরুভূমিতে পরিণত করে চলে যায়। কখনও মেঘমালাকে নিজের কাঁধে বয়ে নিয়ে আসে, যাতে খরাতপ্ত যমীন পানিতে থৈ থৈ করতে থাকে, কখনও সেগুলোকে হাঁকিয়ে নিয়ে যায় আর তাতেই কৃষকের, সাধারণ মানুষের তথা পৃথিবীবাসীর জন্যে থাকে অসংখ্য কল্যাণ। সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, আবার বছরের বিভিন্ন মাসে না জানি সে কতভাবে রূপ বদলায়! তার প্রতিটি রূপবদলই সৃষ্টি জগতের জীবন ও তার প্রবৃদ্ধির জন্যে একান্ত প্রয়োজন। কখনও সে হয় ঊষ্ণ, কখনও শীতল, কখনও শুষ্ক, কখনও আর্দ্র। কখনও প্রচন্ড ঝঞ্ঝা ও ঘূর্ণির ভয়ঙ্কর রুদ্রমূর্তিতে আত্মপ্রকাশ করে, কখনও প্রভাতীর মনোহারী সৌরভ হয়ে। পরওয়ারদেগারে আলম বায়ুর এই বিবর্তনের কথা বিভিন্ন স্থানে আলোচনা করেছেন। সূরা জারিয়াত ও সূরা মুরসালাতে তার এই বিবর্তন-বিস্ময়ের শপথও নিয়েছেন।
হুবহু এমনি অবস্থা কোরআন মজীদে আল্লাহ্ তাআলার আয়াতসমূহেরও। কোন কোন সময় একই আয়াত এত বিবিধ দিক সংরক্ষণ করে যে, তার সবগুলো বক্তব্যে প্রকাশ করা সম্ভব নয়। আর একই বিষয় বা বক্তব্য এত বিভিন্নরূপে প্রকাশিত হয়েছে যা গুনে শেষ করা কঠিন হয়ে দাঁড়ায়। একে কোরআন মজীদ تصريف )তাসরীফ) বা বিবর্তন শব্দে প্রকাশ করেছে। এর একটা উদাহরণ দেয়া বাঞ্ছনীয়। সূরা আরাফের এক জায়গায় বৃষ্টির উদাহরণ দিয়েছেন:
هُوَ الَّذِي يُرْسِلُ الرِّيَاحَ بَشَرًا بَيْنَ يَدَى رَحْمَتِهِ -
আর তিনিই (সে সত্তা) যিনি বায়ুগুলোকে স্বীয় রহমতের পূর্বে পাঠান সুসংবাদ বানিয়ে।
আর বৃষ্টির এই একটা উদাহরণেই নিম্নোক্ত তিনটি বাস্তবতার প্রতি ইঙ্গিত করেছেন।
১. আশা-নিরাশায় শুধু আল্লাহকেই স্মরণ করা উচিত। তাঁর থেকে কখনও নিরাশ হওয়া উচিত নয়। তাঁর রহমত বা করুণা সর্বক্ষণ মানুষের অতি নিকটে। কখনও দেখা যায়, দীর্ঘ দিন বৃষ্টি হচ্ছে না। সারা শস্যক্ষেত্র জ্বলে যাচ্ছে; আকাশের দিকে তাকালে বৃষ্টির চিহ্নটি দেখা যায় না, হঠাৎ কোনখান থেকে ভেসে আসে একটা ছোট্ট মেঘখন্ড মুহূর্তে চারদিকে পানি থৈ থৈ করতে থাকে আর সমস্ত নিরাশা আশায় রূপান্তরিত হয়ে যায়। তাই বলা হয়েছে:
ادْعُوهُ خَوْفًا وَطَمَعًا إِنَّ رَحْمَةَ اللَّهِ قَرِيبٌ مِّنَ الْمُحْسِنِينَ .
আশা হোক, নিরাশা হোক, যেকোন অবস্থায় তাঁকেই ডাক। আল্লাহর রহমত তাঁর বান্দাদের নিকটেই রয়েছে।
২. কেয়ামতে যারা অবিশ্বাসী তারা অবাক যে, এটা কেমন করে হবে। মানুষ যখন পচে-গলে যাবে সে আবার কবর থেকে ওঠে আসবে! অথচ এতে এতটুকুও বিস্মিত হওয়ার কিছু নেই। আমরা অহরহ এরূপ প্রত্যক্ষ করি। গোটা শস্যক্ষেত্র জ্বলে-পুড়ে গেছে, ঘাসের একটা কুটোও কোথাও নজরে পড়ে না। এমনি সময় হঠাৎ বৃষ্টি হয়ে যায়, আর কয়েকদিনের মধ্যেই দেখা যায়, সমগ্র ভূমিতলে শ্যামল বনাত বিছিয়ে গেছে।
كَذَالِكَ سُقْتُهُ لِبَلَدٍ مَّيْتِ فَأَنْزَلْنَا بِهِ الْمَاءَ فَأَخْرَجْنَا بِهِ مِنْ كُلِّ الثَّمَرَاتِ نُخْرِجُ الْمَوْتَى .
আমি এই মেঘমালাকে কোন শুষ্ক ভূমির দিকে হাঁকিয়ে নিয়ে যাই এবং সেখানে পানি বর্ষাই। তারপর তা থেকে সৃষ্টি করে দেই সব রকমের ফল। এভাবেই মৃতকেও তুলে দাঁড় করাব।
বৃষ্টি হয় যমীনের সব অংশেই, কিন্তু তার ফলাফল ও ক্রিয়া সব জায়গায় একই রকম হয় না। পাঠকবৃন্দ হয়ত দেখে থাকবেন, যে ভূমি উর্বর ছিল, বৃষ্টির সাথে সাথে সেগুলো আপন বুকে লুকিয়ে রাখা সমস্ত ভান্ডার উজাড় করে দিয়েছে। আর যে যমীন ছিল লোনাযুক্ত, তাতে হয় কোন কিছু গজালই না, আর যদি গজিয়ে থাকেও তা এমন বস্তু নয়, মানুষ যার ফল-ফসল খাবে। বরং এমন জিনিসই সে বের করল যাতে মানুষকে দুঃখই পোহাতে হবে। এমন অবস্থা আকাশের আধ্যাত্মিক বৃষ্টিরও। যমীনের মওসুমের মতই তারও একটা মওসুম আসে। আর সে মওসুমে আল্লাহ্ আসমান থেকে হেদায়াত অবতীর্ণ করেন যার আবেদন সাধারণভাবে সবারই জন্যে হয়ে থাকে, কিন্তু তার কল্যাণ সবাই নিজ নিজ যোগ্যতা অনুসারেই প্রাপ্ত হয়। যার প্রকৃতি সৎ, সে ত এই বৃষ্টিতে যথার্থ আশীর্বাদ লাভ করে, কিন্তু যে লোক সৎপথ ভ্রষ্ট, এ বৃষ্টিতে তার সে ভ্রষ্টতায় স্ফীতি ঘটে। সুতরাং-
وَالْبَلَدُ الطَّيِّبُ يَخْرُجُ نَبَاتُهُ بِإِذْنِ رَبِّهِ وَالَّذِي خَبُثَ لَا يَخْرُجُ إِلَّا نَكِدًا -
- যে ভূমি উর্বর আল্লাহ্র কৃপায় তার চারা যথেষ্ট পরিমাণে গজায়। আর যে জমি খারাপ তাতে খুব কমই গজায়। লক্ষ্য করার বিষয়, বৃষ্টির একটিমাত্র উদাহরণে কেমন সব তাৎপর্য বেরিয়ে এসেছে। এসব ফলাফলের প্রতি ইঙ্গিত করার পর এরশাদ হচ্ছে-
كَذلِكَ نُصَرِّفُ الْآيَاتِ لِقَوْمٍ يَشْكُرُونَ
এমনি করে আমি আমার নিদর্শনসমূহকে বিবর্তিত করে ঘুরিয়ে ফিরিয়ে নানা প্রকারে বর্ণনা করি কৃতজ্ঞ লোকের জন্য। এই বিবর্তনের সম্পর্ক কোরআনের শিক্ষা কিংবা তার সহজবোধ্যতায় একান্ত পরিষ্কার। এ ব্যাপারে কোন বিশেষ আলোচনা নিষ্প্রয়োজন। এই বিবর্তন সম্পর্কে কোরআন মজীদের নিজের বিশ্লেষণ অনুযায়ী তার অর্থ হচ্ছে, লোকেরা যাতে বুঝে এবং স্মরণ করে সে জন্যেই এমন ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করা। বলা হয়েছে-
وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِيَذَّكَّرُوا وَمَا يَزِيدُهُمْ إِلَّا نُفُورًا -
আর আমি এই কোরআনে আমার প্রমাণগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করেছি, যাতে মানুষ স্মারক গ্রহণ করে। কিন্তু এ বিষয়টি তাদের ঘৃণাই বৃদ্ধি করেছে। আরো বলা হয়েছে-
انظر كيفَ نُصَرِّفُ الْآيَاتِ لَعَلَّهُمْ يَفْقَهُونَ .
লক্ষ্য কর, আমি কেমন করে নিজের নিদর্শনগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি, যাতে করে মানুষ বুঝে।
কোরআনের সহজীকরণের কয়েকটি দিক বর্ণিত হল। এগুলো ছাড়া আরও বহু বিষয় রয়েছে, যা কোরআন মজীদের ভেতর থেকে আহরণ করে নিয়ে তুলে দেয়া যেত, কিন্তু এর চাইতে বিস্তারিত আলোচনার জন্য এটা উপযুক্ত স্থান নয়।
যা হোক, বর্ণিত ব্যাখ্যা-বিশ্লেষণে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে যে, 'তাইসীরের' আয়াত দ্বারা সাধারণভাবে যে অর্থ নেয়া হয়, তা সঠিক নয়। জ্যামিতি এবং জ্যোতির্বিজ্ঞানের কোন গ্রন্থ সম্পর্কে যদি বলা হয় যে, বইটি জ্যামিতি ও জ্যোতির্বিজ্ঞান লেখার জন্য অত্যন্ত সহজ, তবে তার অর্থ এই নয় যে, জ্যামিতি ও জ্যোতির্বিজ্ঞানে আদপেই এখন আর কোন জটিলতা রইল না। বরং এর অর্থ হবে এই যে, এসব বিষয় শিক্ষাদানের উদ্দেশে ভালর চেয়ে ভাল যে পদ্ধতি অবলম্বন করা যেতে পারত, এ গ্রন্থটি সেসব নিয়ম-পদ্ধতিতে প্রণীত। এমনিভাবে কোরআন মজীদ সম্পর্কে যে কথাটি বলা হয়েছে, তা 'যিক্র' অর্থাৎ জ্ঞানার্জন, উপদেশ ও প্রমাণ গ্রহণের জন্যে অত্যন্ত সহজ। তার অর্থ এই নয় যে, এতে ধর্মীয় জ্ঞান জনের জন্য চিন্তা-ভাবনা; গবেষণা-পর্যালোচনার যেসব চেষ্টার প্রয়োজন ছিল, তা আর রইল না। বরং এর মর্ম হচ্ছে, এই মহান জ্ঞান অর্জন করার জন্যে এমন একটি গ্রন্থের আবির্ভাব ঘটেছে যা সর্বোত্তম নিয়ম-পদ্ধতির মাধ্যমে আল্লাহ্র বান্দাদেরকে আল্লাহ্ প্রদত্ত ধর্মের নিগূঢ় তাৎপর্য, তত্ত্ব ও তথ্যসমূহ শিক্ষা দেয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00