📄 মু’জিযা কী?
মু’জিযা (معجزة) আরবি শব্দ। এটি এসেছে عجز (ইজ্য) এবং اعجاز (ইজায) শব্দদ্বয় থেকে। ইজ্য এবং ইজায মানে- অক্ষমতা, দুর্বলতা, অসহায়ত্ব; অলৌকিক এবং বিস্ময়কর কোনো কিছু। সুতরাং মু’জিযা মানে- এমন অলৌকিক ও বিস্ময়কর জিনিস, যার মতো করতে বা তৈরি করতে বা সৃষ্টি করতে বা ঘটাতে মানুষ সম্পূর্ণ অক্ষম এবং সম্পূর্ণ অসহায়।
মু’জিযা হলো আল্লাহর নির্দেশক্রমে নবী রসূলগণের এমন কোনো ঘটনা সংঘটিত করা, বা এমন কোনো জিনিস উপস্থাপন করা, বা কোনো অদৃশ্য কিংবা ভবিষ্যৎ ঘটনা বলে দেয়া, যা বিস্ময়কর এবং সম্পূর্ণ অলৌকিক; যা নবী রসূলগণ ছাড়া সাধারণ মানুষের পক্ষে সংঘটিত করা, উপস্থাপন করা, বা বলে দেয়া অসম্ভব। এ ধরনের অলৌকিকত্ব চ্যালেঞ্জ করতে মানুষ সম্পূর্ণ অসহায় ও ব্যর্থ।
পারিভাষিক দিক থেকে মু’জিযা শব্দটি শুধুমাত্র আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম এবং তাঁদের প্রতি অবতীর্ণ কিতাবের সাথে সম্পর্কিত, বিশেষভাবে আখেরি নবী মুহাম্মদ রসূলুল্লাহ সা. এবং তাঁর প্রতি অবতীর্ণ আল্লাহর কিতাব আল কুরআনের সাথে সম্পর্কিত।
নবী রসূলগণের মু’জিযাকে কুরআন মজিদে আয়াত (آية) বহুবচনে (آيات) বলা হয়েছে। আয়াত মানে নিদর্শন (sign)।
নবীগণ ছাড়া সমস্ত মানুষই মু’জিযা ঘটাতে অক্ষম এবং নবীগণের মু’জিযার সামনে মানুষ সম্পূর্ণ অসহায়। আর নবী রসূলগণও মু’জিযা আল্লাহর পক্ষ থেকে লাভ করে থাকেন। তাঁরা ইচ্ছা করলেই নিজেদের পক্ষ থেকে মু’জিযা সংঘটিত করতে পারেন না : وَمَا كَانَ لِرَسُولٍ أَنْ يَأْتِيَ بِآيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ . অর্থ : আল্লাহর অনুমতি ছাড়া আয়াত (মু’জিযা) উপস্থাপন করা কোনো রসূলের কাজ নয়। (সূরা ১৩ আর রা’দ: আয়াত ৩৮)
টিকাঃ
১. এটি ১৭ জুলাই ২০০৯ তারিখে রাজধানীর বিয়াম অডিটরিয়ামে বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি আয়োজিত মাসিক টট (TOT) ক্লাসের ২৫তম অধিবেশনে প্রদত্ত লেখকের বক্তব্য।
📄 মু’জিযার উদ্দেশ্য কী?
নবী রসূলগণকে প্রদত্ত আয়াত বা মু'জিযার উদ্দেশ্য ও লক্ষ্য হলো, নবী রসূলগণ যে আল্লাহ কর্তৃক মনোনীত, সে বিষয়ে অবিশ্বাসীদের আশ্বস্ত করা এবং তারা যেনো ঈমান আনার মাধ্যমে আল্লাহ প্রদত্ত হিদায়াতের অনুসারী হয় সে চেষ্টা করা। মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বলেছিলেন:
قَدْ جَئْتُكَ بِآيَةٍ مِنْ رَبِّكَ ، وَالسَّلِّمُ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى
অর্থ: (মূসা এবং হারুণ ফেরাউনকে আরো বলেছিল) আমরা তোমার প্রভুর পক্ষ থেকে আয়াত (মু'জিযা) নিয়ে এসেছি, সুতরাং হিদায়াতের অনুসারীই শান্তি লাভ করবে। (সূরা ২০ তোয়াহা: আয়াত ৪৭)
রসূলগণ অবিশ্বাসীদের দাবির প্রেক্ষিতে আল্লাহর নিকট মু'জিযার প্রার্থনা করেছেন। কিন্তু মু'জিযা প্রদর্শনের পর তারা ঈমান আনতে অস্বীকার করে এবং মু'জিযাকে ম্যাজিক বলে আখ্যায়িত করে।
রসূলগণ আশা করতেন, হয়তো তাদের দাবি অনুযায়ী মু'জিযা প্রদর্শন করলে তারা ঈমান আনবে, তাই তারা আল্লাহর কাছে মু'জিযার প্রার্থনা করতেন। আল্লাহ তায়ালা নবীগণের সান্ত্বনার জন্যে মু'জিযা প্রদান করতেন, তবে বলে দিতেন:
وَإِن يَرَوْا كُلَّ آيَةٍ لَا يُؤْمِنُوا بِهَا جِ
অর্থ: তারা সব আয়াত (মু'জিযা) দেখলেও তাতে ঈমান আনবেনা। (সূরা ৭ আ'রাফ: আয়াত ১৪৬)
📄 মু’জিযার প্রকারভেদ
নবী রসূলগণকে প্রদত্ত আয়াত বা মু'জিযা প্রধানত তিন প্রকার। সেগুলো হলো: ১. কোনো অলৌকিক ঘটনা সংঘটিত করা, ২. গায়েব-এর সংবাদ বলা এবং ৩. আল্লাহর বাণী।
অতীতের রসূলগণকে আল্লাহ পাক অলৌকিক ঘটনা সংঘটিত করার মু'জিযা বেশি বেশি প্রদান করেন। তিনি মূসা আলাইহিস সালামকে নয়টি সুস্পষ্ট মু'জিযা প্রদান করেন।২ এর মধ্যে ছিলো লাঠির মু'জিযা, বগলে হাত ঢুকিয়ে জ্যোতির্ময় হাত বের করা, রক্ত বর্ষণ, ব্যাঙের উৎপাত ইত্যাদি। সালেহ আলাইহিস সালামকে দিয়েছিলেন উটনির মু'জিযা।৩ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক অলৌকিক ঘটনাবলী সংঘটিত করা এবং গায়েব-এর সংবাদ বলে দেয়ার মু'জিযা প্রদান করেছিলেন। ভূমিষ্ট হবার সাথে সাথে তিনি ইসরায়েলীদের নিকট নিজের নবুয়্যতের ঘোষণা প্রদান করেন।
টিকাঃ
২. সূরা ১৭ ইসরা: আয়াত ১০১; সূরা ৭ আ'রাফ: আয়াত ১৩৩।
৩. সূরা ১১ হুদ: আয়াত ৬৪।
📄 আল কুরআন : মুহাম্মদ রসূলুল্লাহর সা. মু’জিযা
মুহাম্মদ রসূলুল্লাহ সা.-কে ইন্দ্রীয় মু'জিযার পরিবর্তে জ্ঞানগত মু'জিযা প্রদান করা হয়েছে। তাহলো আল কুরআন। আল কুরআনের মু'জিযা হবার অর্থ- এ কিতাব অক্ষরে অক্ষরে আল্লাহর বাণী। কোনো মানুষের পক্ষে অনুরূপ কোনো গ্রন্থ রচনা করা, এমনকি এটির একটি ছোট অধ্যায়ের (সূরার) মতো কোনো অধ্যায় (সূরা) রচনা করাও একেবারেই অসম্ভব। এ ক্ষেত্রে কুরআনের মোকাবেলায় মানুষ সম্পূর্ণ অসহায় এবং কুরআনের প্রতিপক্ষ হতে মানুষ সম্পূর্ণ ব্যর্থ।
বিরুদ্ধবাদীরা মুহাম্মদ সা.-এর নিকট তাঁর নবুয়্যতের পক্ষে মু'জিযা দাবি করতো। রসূল সা. নিজেও ভাবতেন, ওদের দাবি অনুযায়ী কোনো মু'জিযা দেখিয়ে দিলে হয়তো লেঠা চুকে যাবে, তারা আমার নবুয়্যত মেনে নেবে। কিন্তু অতীতে কোনো নবীর বেলায় এমনটি হয়নি। তাদেরকে মু'জিযা দেয়া হয়েছিল, তারা তা জনসমক্ষে প্রদর্শন করেছেন। কিন্তু তারপরও বিরোধিতাকারীরা ঈমান আনেনি। তাঁর মু'জিযা সমূহের বিষয়ে কুরআন মজিদে বলা হয়েছে:৪
اَنِّىْ قَدْ جِئْتُكُمْ بِاٰيَةٍ মِّن রَّبِّكُمْ اَنِّىْ اَخْلُقُ لَكُمْ مِّنَ الطِّيْنِ كَهَيْئَةِ الطَّيْرِ فَانْفُخُ فِيهِ فَيَكُوْنُ طَيْرًا بِاِذْنِ اللّٰهِ، وَاُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ وَاُحْيِ الْمَوْتٰى بِاِذْنِ اللّٰهِ وَاُنَبِّئُكُمْ بِمَا تَاْكُلُوْনَ وَمَا تَدَّخِرُوْনَ لَا فِى بُيُوْتِكُمْ،
অর্থ: (ঈসা ইসরায়েলীদের বলেছিল:) আমি তোমাদের প্রভুর নিকট থেকে তোমাদের জন্যে আয়াত (মু'জিযা) নিয়ে এসেছি: আমি কাদামাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করে তাতে ফুঁ দেবো। ফলে আল্লাহর হুকুমে তা (জীবন্ত) পাখি হয়ে যাবে। আমি জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীকে নিরাময় করে দেবো এবং মৃতকে জীবিত করবো আল্লাহর হুকুমে। আর তোমরা ঘরে যা খাও এবং যা সঞ্চয় করো সে বিষয়ে তোমাদের খবর দেবো। (সূরা ৩ আলে ইমরান: আয়াত ৪৯)
তাই মুহাম্মদ সা.-কে জানিয়ে দেয়া হলো:
وَإِن يَرَوْا كُلَّ آيَةٍ لَّا يُؤْمِنُوا بِهَا جِ
অর্থ: তারা আমার প্রতিটি আয়াত (মু'জিযা) দেখলেও তাতে ঈমান আনবেনা। (সূরা ৭ আ'রাফ: আয়াত ১৪৬)
আল্লাহর পক্ষ থেকে রসূল সা.-কে জানিয়ে দেয়া হলো এবং পরামর্শ দেয়া হলো:
وَإِذَا لَمْ تَأْتِهِرْ بِآيَةٍ قَالُوا لَوْলَا اجْتَبَيْتَهَا ، قُلْ إِنَّمَا أَتَّبِعُ مَا يُوحَى إِلَى مِن ربِّي جَ هَذَا بَصَائِرُ مِنْ رَّبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ لِকَوْمٍ يُؤْمِنُونَ
অর্থ: তুমি যখন তাদের সামনে কোনো আয়াত (মু'জিযা) পেশ করছোনা, তখন তারা বলে: তুমি নিজের (নবুয়্যত প্রমাণের) জন্যে কোনো আয়াত বেছে নাওনি কেন? তুমি তাদের বলো: আমি তো কেবল অহির অনুসরণ করি, যা আমার প্রভু আমার কাছে পাঠান। এটি তো অন্তর্দৃষ্টির আলো তোমাদের প্রভুর পক্ষ থেকে এবং পথনির্দেশ ও অনুকম্পা তাদের জন্যে, যারা মেনে নেয়। (সূরা ৭: ২০৩)
أَوَلَمْ يَكْفِهِمْ أَنَّا أَنْزَلْنَا عَلَيْكَ الْكِتَبَ يُتْلَى عَلَيْهِمْ ، إِنَّ فِي ذَلِكَ لَرَحْمَةً وذِكْرَى لِقَوْمٍ يُؤْمِنُونَ
অর্থ: তাদের জন্যে কি (মু'জিযা হিসেবে) যথেষ্ট নয় যে, আমি তোমার প্রতি এই কিতাব (কুরআন) নাযিল করেছি, যা তাদের তিলাওয়াত করে শুনানো হয়। এতে অবশ্যি রয়েছে অনুকম্পা এবং উপদেশ তাদের জন্যে, যারা বিশ্বাস স্থাপন করে। (সূরা ২৯ আনকাবুত : আয়াত ৫১)
টিকাঃ
৪. দ্রষ্টব্য: সূরা ১৯ মরিয়ম: আয়াত ২৯-৩৫।