📄 কুরআনের বিশেষ ব্যাপার
ইলমে তাফসীর সম্পর্কিত চতুর্থ সংশ্লিষ্ট বিদ্যাটি হল কুরআনের বিশেষ ব্যাপার গুলোর জ্ঞান। যদিও এর আগে একদল এ নিয়ে কলম ধরেছেন, কিন্তু এ বিষয়ে যা কিছু লিখেছেন, লাখো গুণে ভাল ছিল তা না লেখা। কারণ কুরআনের বিশেষ ব্যাপারের মূলে তাঁরা আঘাত হেনেছেন। কিছু লোক সেটাকে দোয়ায় পর্যবসিত করেছেন। আর কিছু লোক তাকে প্রায় যাদু ও তাবীয করে ছেড়েছেন।
কিন্তু আল্লাহ্ তা'আলা এ ব্যাপারে আমাকে আগেকার অনুসৃত পথ থেকে সরিয়ে নয়া এক পথের সন্ধান দিয়েছেন। তিনি পবিত্র নামাবলী, মহান আয়াত গুলো ও বরকতময় দোয়াগুলো এক সঙ্গে আমার আয়ত্বাধীন করে দিয়েছেন। আর এ দান আল্লাহ্ শুধু আমাকেই করেছেন। তাই এ ব্যাপারে আমি যা জানতে পেরেছি, তা সম্পূর্ণ পৃথক অনন্য ও উত্তম।
খাঁটি কথা তো এই, কুরআনের প্রতিটি আয়াত, আল্লাহ্র পবিত্র নামাবলীর ভেতরের প্রতিটি নাম এবং পাক কালামে প্রাপ্ত প্রতিটি দোয়া-এ সবের কয়েকটি শর্ত রয়েছে। অথচ সেগুলোর জন্যে কোন আইন কানুন প্রনয়ন করা চলে না। যদি কিছু করার থাকে তা হচ্ছে এই, 'অপেক্ষা কর ও দেখ যে, গায়েব থেকে কিছু প্রকাশ পায় কিনা? ইস্তেখারায় যেরূপ অপেক্ষা করে দেখতে হয় আল্লাহ্র তরফ থেকে কোন্ আয়াত বা নামের দিকে ইংগিত আসে, এও তেমনি। অবশ্য আয়াত ও উত্তম নামাবলী সম্পর্কে যদি নির্ধারিত রীতিনীতি অনুসারে কিছু বলতে হয়, তাহলে কোন বিশেষজ্ঞকে অনুসরণ করেই বলা উচিত।
এ বইয়ে এ বিষয় নিয়ে এর চাইতে বেশী কিছু বলা ঠিক মনে করি না। আমার যতটুকু বলার ছিল বলেছি।