📄 তায়করীরি- আইযাযমিয়াহ
এভাবে অনুগত বান্দাদের পুরুষ্কার ও বিদ্রোহী বান্দাদের শাস্তিদানের ব্যাপারে আল্লাহর তরফ থেকে যা কিছু দেখা দিয়েছিল, সেগুলোর ভেতরেও কুরআনে এমন সব ঘটনা বেছে নেয়া হয়েছে, যেগুলো মানুষ শুনতে অভ্যস্ত ছিল। মোটামুটিভাবে সেগুলো আগে থেকেই তারা শুনে আসছিল। যেমন, নূহ (আঃ)-এর সম্প্রদায় ও আদ সামুদ সম্প্রদায়ের কাহিনী তারা পুরুষানুক্রমেই শুনে আসছিল। তেমনি হযরত ইব্রাহীম (আঃ) ও বনী ইস্রাঈলী নবীদের কাহিনীগুলি আরবরা ইয়াহুদীদের সংস্পর্শে থেকে যুগ যুগ ধরে শুনছিল। বস্তুত কুরআনে সে সব ঘটনাই বারংবার বলা হয়েছে। পক্ষান্তরে যেসব ঘটনা আরববাসী কমই শুনেছে কিংবা ইরান বা ভারতের যে সব ঐতিহাসিক কাহিনীর সাথে তাদের কোনই সংশ্রব ছিল না, সেগুলোর উল্লেখ তাতে নেই।
📄 কুরআনের ঘটনা বিন্যাস
কুরআনে যেভাবে কোন নতুন ও অদ্ভুত ঘটনার সমাবেশ ঘটানো হয়নি, তেমনি সমগ্র ঘটনার চুলচেরা আলোচনাও পরিহার করা হয়েছে। বরং ঘটনাটির শুধু সে অংশটুকু নির্বাচন করা হয়েছে, উদ্দেশ্য অর্জনের জন্য যেটুকুর প্রয়োজন দেখা দিয়েছে। এ ধরনের ঘটনাবলীর ভেতরে কৌশল ও কল্যাণধর্মিতা হল এই যে, জনসাধারণ যখনই কোন নয়া ও অদ্ভুত কাহিনী শোনে কিংবা তাদের সামনে সবিস্তারে কাহিনীটি তুলে ধরা হয়, তখনই তারা কাহিনীর ভেতরে নিজেদের হারিয়ে ফেলে এবং কাহিনীটি বর্ণনার মূল উদ্দেশ্য বিলোপ হয়।
বিখ্যাত এক তাপস বলেছেন, যেদিন থেকে মানুষ কুরআনের 'তাজবীদ' (উচ্চারণ তত্ত্ব) শিখল, সেদিন থেকেই নামাযের ভেতরে তন্ময়তা হারিয়ে বসল। আর যখন থেকে কুরআনের ব্যাখ্যাদাতারা কুরআন ব্যাখ্যার সূক্ষ্মাতিসূক্ষ্ম তত্ত্ব ও দূর-দূরান্তের সম্ভাবনার আলোচনা শুরু করল, ইলমে তাফসীর তখন থেকেই প্রায় লোপ পেল। কুরআনে কাহিনী বিন্যাসের ক্ষেত্রে এ সত্যটিই সামনে রাখা হয়েছে। কারণ যখনই মানুষ কাহিনী শোনার আনন্দে গা ভাসিয়ে দেয়, তখন তার মূল লক্ষ্য ভ্রষ্ট হয়। নিম্নের এরূপ ঘটনাবলী ও কাহিনীগুলো কুরআনে বারংবার বিভিন্ন পন্থায় উল্লেখ করা হয়েছে।
১। হযরত আদমকে (আঃ) মাটি দিয়ে সৃষ্টি করা, ফেরেস্তাদের সিজদা দান ও শয়তানের অহমিকাপূর্ণ অস্বীকার এবং তার মালউন (অভিশপ্ত) খেতাব লাভ ও আদমকে বিভ্রান্ত করার জন্য তার প্রয়াসের কাহিনী এসব এক ধরনের ঘটনাবলী।
২। হযরত নূহ (আঃ) হযরত হূদ (আঃ), হযরত ছালিহ্ (আঃ), হযরত লূত (আঃ) ও হযরত শুআয়ব (আঃ)-এর আল্লাহর একত্ববাদ প্রচার ও সত্যের নির্দেশ ও অসত্যের প্রতিবাদের ব্যাপারে নিজ নিজ সম্প্রদায়ের সাথে বিতর্ক ও বিরোধের ঘটনাবলী, সে সব সম্প্রদায়ের নানা ধরনের অমূলক সন্দেহের সৃষ্টি ও সত্যকে অস্বীকার করার কাহিনী, নবীদের পক্ষ থেকে তাদের সব সন্দেহের জবাব দানের বিবরণ, সে সব হতভাগাদের উপরে আল্লাহর গযব নাযিলের ইতিবৃত্ত এবং আল্লাহ্ তরফ থেকে নবী ও তাঁদের অনুসারীদের সাহায্য ও সহায়তা লাভের কিস্সা - এসব বিশেষ এক ধরনের কাহিনী।
৩। হযরত মূসা (আঃ) এবং ফিরআউন ও তার সাথীদের ভেতরে অনুষ্ঠিত ঘটনাবলী, হযরত মূসা (আঃ) ও বনী ইস্রাঈলের ভেতরকার ব্যাপারগুলো, হযরত মূসা (আঃ) -এর সাথে সে সম্প্রদায়ের বাড়াবাড়ি ও জবরদস্তি, সে হতভাগাদের ওপর আল্লাহ্র গযব নাযিল হবার সম্ভাবনা এবং হযরত মূসা (আঃ)-এর কয়েকবার বিভিন্ন সময়ে তাদের সাহায্যে এগিয়ে আসা এ সব বিশেষ এক ধরনের কাহিনী।
৪। হযরত দাউদ (আঃ) ও হযরত সুলায়মান (আঃ)-এর ইতিবৃত্ত, তাঁদের মর্তবা ও নিদর্শনের উল্লেখ, হযরত আইয়ুব (আঃ) ও হযরত ইউনুস (আঃ)-এর বিপদ ও পরে তাঁদের ওপরে আল্লাহ্র অনুগ্রহ, হযরত যাকারিয়া (আঃ)-এর দোয়া আল্লাহ্র দরবারে কবুল হবার বিবরণ, হযরত ঈসা (আঃ)-এর জন্মলাভের বিস্ময়কর ঘটনা ও তাঁর বাপ ছাড়া পয়দা হওয়ার ব্যাপার, মাতৃক্রোড়েই তাঁর কথাবার্তা বলা এবং তাঁর থেকে নানা ধরনের আলৌকিক ব্যাপারের প্রকাশ এক ধরনের কাহিনী। সেগুলোকে অবস্থাভেদে কখনও মোটামুটিভাবে, কখনও কিছুটা বিশদভাবে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে আলোচনা করা হয়েছে।
নীচের কিস্সাগুলো কুরআনে কেবল দু-একবার বলেই শেষ করা হয়েছে:
১। হযরত ইদরীস (আঃ) কে আকাশে তুলে নেয়ার ঘটনা。
২। নমরূদের সাথে হযরত ইব্রাহীম (আঃ)-এর বিতর্ক, হত্যার পরে পাখিদের আবার জীবিত করার ঘটনা ও ইসমাঈল (আঃ)-এর আত্মদানের ইতিবৃত্ত।
৩। হযরত ইউসূফ (আঃ)-এর কিস্সা।
৪। হযরত মূসা (আঃ)-এর জন্ম লাভ, তাঁকে নীল নদীতে ভাসিয়ে দেয়া, তাঁর একজন কিবতীকে হত্যা করা, তাঁর মাদায়েন সফর ও মাদায়েনে বিবাহ করা, গাছের উপরে আগুনের শিখা দেখা, সে আগুন থেকে কথা শুনতে পাওয়া, গাভী যবেহ করার বৃত্তান্ত।
৫। বিলকীসের কিস্সা, যুল-কারনায়নের কিস্সা, আসহাবের কাহাফের কিস্সা, পরস্পর কথোপকথনে লিপ্ত দুব্যক্তির কিস্সা, জান্নাতবাসীদের কিস্সা এবং আসহাবে ফীলের (গজারোহীদল) কিস্সা।
📄 কাহিনীর উদ্দেশ্য
এ সব কিস্সা-কাহিনী বর্ণনার উদ্দেশ্য লোকদের কাহিনীগুলো সঠিক ভাবে শুনিয়ে দেয়া নয়; বরং এগুলো বর্ণনার মূল উদ্দেশ্য হল মানুষকে শির্ক ও মুশরিকের কিরূপ শোচনীয় পরিণতি দেখা দেয় এবং সে সবের জন্য কিভাবে আল্লাহ্ গযব নাযিল হয়, তা দেখানো। সঙ্গে সঙ্গে যেন তারা নিশ্চিত হতে পারে যে, আল্লাহ্ পাক তাঁর অনুগত খাঁটি বান্দাদের সর্বদা সহায়তা করে থাকেন।
📄 তায়কিরের বিল-মউত
কুরআনের এ অধ্যায়টিতে মৃত্যু ও তার পরবর্তীকালের ঘটনাবলী বর্ণনা করা হয়েছে। মরণকালে মানুষ কিরূপ অসহায় হয়ে যায়, মরণের পরে কিভাবে বেহেশত বা দোযখের পালা আসে, আযাবের ফেরেস্তারা কেমন করে এসে থাকে ইত্যাদি। তাছাড়া কিয়ামতের নিদর্শন যথা, হযরত ঈসা (আঃ)-এর আকাশ থেকে অবতরণ এবং দাজ্জাল ও ইয়াজুজ-মাজুজের অভিযান সম্পর্কিত ঘটনাও রয়েছে। এ প্রসংগে এও বলা হয়েছে, শিংগা কিভাবে ফু'কা হবে, পুণরুত্থান ও পূর্ণবিন্যাস কিভাবে ঘটবে, কিভাবে প্রশ্নোত্তর হবে, ইন্সাফের পাল্লা কেমন করে স্থাপিত হবে এবং আমলনামা কি করে ডান ও বাম হাতে দেয়া হবে। তৎসংগে মুমিনরা যে জান্নাতে আর কাফিররা জাহান্নামে প্রবেশ করবে, তাও বলা হয়েছে। কি করে সর্বসাধারণ জাহান্নামীরা সেখানে তাদের নেতাদের সাথে ঝগড়া করবে, তারা কি করে একে অপরের ওপরে দোষ চাপাবে, একে অপরকে গালি দেবে, মুমিনদের কেমন করে আল্লাহ্র সাথে দেখা হবে, কাফিরদের কিরূপ কঠিন শাস্তি দেয়া হবে, তারও উল্লেখ রয়েছে।
এ অধ্যায়ে আযাবের জন্যে নির্মিত আগুনের কড়া ও শিকল, আর আযাবের বিভিন্ন ধারা যথা, হামীম, গাস্সাক, যক্কুম ইত্যাদির বর্ণনা রয়েছে। জান্নাত ও সেখানকার নানারূপ নিয়ামত ও সুখ-শান্তি যথা হুর ও কুসূর, দুধ ও শরবতের নহর, উপাদেয় ও রুচিকর আহার্য, উত্তম ও আকর্ষণীয় পোশাক-পরিচ্ছদ এবং সুন্দরী নারীদের বর্ণনা রয়েছে। জান্নাতবাসীদের পারস্পরিক চিত্তাকার্ষী সম্পর্ক ও সুমধুর আলাপনের চিত্র আঁকা হয়েছে। আর এ সব কাহিনীগুলো বিভিন্ন সূরায় ভিন্ন ভিন্ন উপায়ে কোথাও ধারাবাহিক কোথাও বা এলোমেলোভাবে বলা হয়েছে। সূরা গুলোর আকৃতি-প্রকৃতি অনুসারে কোথাও সংক্ষেপে, কোথাও আবার ব্যাপ্তি সহকারে বলা হয়েছে। প্রত্যেক স্থানেই নতুন বর্ণনাভংগী অনুসৃত হয়েছে।