📄 মুখবন্ধ
এ অক্ষম বান্দার ওপরে আল্লাহ তায়ালার অশেষ কৃপা ও অনুকম্পা রয়েছে। তার ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ হল মহাগ্রন্থ কুরআন বুঝবার ক্ষমতা দান। আল্লাহর রসূলের ও অশেষ ঋণ রয়েছে এ নগন্যের ওপরে। তার ভেতরে সর্বাধিক উল্লেখযোগ্য হচ্ছে, পবিত্র কুরআন প্রচারের ব্যবস্থা। রসূলুল্লাহ (সঃ) স্বয়ং প্রাথমিক যুগের মুসলিমদের কুরআন শিখিয়েছেন। তাঁরা পরবর্তী যুগের লোকের কাছে তা পৌছিয়ে গেলেন। এভাবেই কুরআন প্রচারের ধারা অব্যাহত থাকে। এমনকি মৌখিক বর্ণনা ছাড়া লেখনীর ধারা বয়েও তা এ দীন বান্দা পর্যন্ত পৌছে গেছে।
اللَّهُمَّ صَلِّ عَلَى هَذَا النَّبِيِّ الْكَرِيمِ سَيِّدِنَا وَمَوْلَنَا وَشَفِيعِنَا أَفْضَلَ صَلُو اتِكَ وَأَيْمَنَ بَرَكَاتِكَ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَعُلَمَاءِ أُمَّتِهِ أَجْمَعِينَ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ
“হে আল্লাহ্! তোমার সেরা অনুগ্রহ ও কল্যাণের প্রতিভূ এবং আমাদের শাফায়াতকারী ও নেতা মহানবীর উপরে অনুগ্রহ বর্ষণ কর। তেমনি তাঁর ছাহাবা, বংশধর ও উম্মতের সব আলেমদের ওপরে অনুগ্রহ বর্ষণ কর। হে শ্রেষ্ঠতম দয়ালু। তোমার অসীম দয়ায় তা কর।”
আল্লাহর হামদ্ ও রসূলের ওপর দুরূদ পাঠের পরে আবদুর রহীম তনয় দীন ওয়ালিউল্লাহ্ বক্তব্য এই: আল্লাহ তাআলা যখন তাঁর পাক কালাম বুঝবার দ্বার আমার জন্যে মুক্ত করেছেন, তখন আমি এমন কয়েকটি জরুরী নিয়ম নীতি সম্বলিত একখানা বই লেখার সংকল্প নিলাম যেন আল্লাহর কৃপায় সেই কয়েকটি মাত্র নিয়ম-নীতি অনুসরণ করেই কুরআন বুঝতে ইচ্ছুকদের পথ সুগম হয়ে যায়। যদিও আজ পর্যন্ত অনেকে কুরআন অধ্যয়নে জীবনপাত করেছে, এমনকি বিজ্ঞ ব্যাখ্যাকারকদেরও অনেকে সাহায্য নিয়েছে, তথাপি তাদের খুব কম লোকেরই এসব নিয়ম নীতি জানা থাকার কথা।
আমি এ পুস্তিকাটির নাম দিলাম, 'আল-ফাউযূল কবীর ফী উসুলিত তাফসীর' (কুরআন ব্যাখ্যার মুলনীতিতে বিরাট সাফল্য)।
সব ব্যাপারেই আমরা আল্লাহ্র কাছ থেকে শক্তি পেয়ে থাকি। তাই তাঁর ওপরেই আমি নির্ভর করছি। তিনিই আমার উত্তম অভিভাবক এবং তিনিই আমার জন্যে যথেষ্ট।
معنى التفسير : তফসির এর আভিধানিক অর্থ আলোকিত করা ও ব্যাখ্যা করা। পরিভাষায় "তফসির" ঐ জ্ঞান এর নাম যাহাতে কুরআন শরীফে আল্লাহ তায়ালার উদ্দেশ্য বিকাশ নিয়ে আলোচনা করা হয়। মানুষের সাধ্য-সমর্থ অনুপাতে।
موضوع : 'কালামুল্লাহ' আল্লাহ তায়ালার উদ্দেশ্য ও ইচ্ছা বুঝান হিসাবে।
غرض : আল্লাহ প্রদত্ত্ব দিশা অনুযায়ী চলা, মজবুত রশী দৃঢ়ভাবে আকড়ে ধরা এবং চরম ও চিরস্থায়ী সফলতা অর্জন করা।