📘 পুণ্যবান বন্ধু জীবনসফরে উত্তম সহযাত্রী > 📄 লেখকের কথা

📄 লেখকের কথা


بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
اَلْحَمْدُ للهِ رَبِّ الْعَالَمِيْن وَالصَّلٰوةُ وَالسَّلَامُ عَلٰى أَشْرَفِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِيْن اَمَّا بَعْدُ:
সকল প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবি ও রাসুলের প্রতি...
ইসলাম ভালোবাসা ও বন্ধুত্বের ধর্ম। কুরআনের একাধিক আয়াত ও রাসুল -এর অসংখ্য হাদিসে পরস্পর ভালোবাসা ও বন্ধুত্বের সবক দেওয়া হয়েছে।
সম্মানিত পাঠকসমাজের প্রতি পারস্পরিক ভালোবাসা ও বন্ধুত্বের প্রকৃত স্বরূপ তুলে ধরার ইচ্ছা বহুদিনের— যেখানে বিশেষভাবে বর্তমান যুগে পারস্পরিক ভালোবাসা ও বন্ধুত্বের প্রয়োজনীয়তাও সুন্দরভাবে ফুটে উঠবে।
বক্ষ্যমাণ বইটি সে ইচ্ছারই বহিঃপ্রকাশ। এটি মূলত أَيْنَ نَحْنُ مِنْ هٰؤُلَاءِ (সালাফের পথ ছেড়ে কোথায় আমরা!?) সিরিজের চতুর্থ বই। বইটির নামকরণ করা হয়েছে ‘পুণ্যবান বন্ধু জীবনসফরে উত্তম সহযাত্রী’।
আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, তিনি যেন আমাদের প্রকৃত বন্ধুত্বের হক আদায় করার তাওফিক দান করেন এবং আমাদের ও আমাদের বন্ধুদের তাঁর আরশের ছায়াতলে আশ্রয় দেন। আমিন।
- আব্দুল মালিক বিন মুহাম্মাদ বিন আব্দুর রহমান আল-কাসিম

📘 পুণ্যবান বন্ধু জীবনসফরে উত্তম সহযাত্রী > 📄 প্রবেশিকা

📄 প্রবেশিকা


দুনিয়াতে মানুষ বসবাস করে এবং এখানেই সে তার জীবনসফর পাড়ি দেয়। এ জীবনসফরে মানুষ অনেক দুঃখ-বেদনা ও কষ্ট-মুসিবতের সম্মুখীন হয়। আবার আনন্দ-খুশি ও সুখ-শান্তির উপলক্ষও তার সামনে আসে। সুতরাং মানুষকে তার দুঃখ-বেদনা ও কষ্ট-মুসিবত শেয়ার করতে এবং আনন্দ-খুশি ও সুখ-শান্তি ভাগাভাগি করে নিতে এমন কিছু সঙ্গীর প্রয়োজন, যারা তার ব্যথায় ব্যথিত হবে এবং সান্ত্বনার সুমিষ্ট বাণী শুনিয়ে তাকে ধৈর্য ধরার সাহস জোগাবে। তার আনন্দে আনন্দিত হবে এবং সুখ ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।
তাই সঙ্গী হিসেবে পূর্ণ দ্বীনদার ও উত্তম চরিত্রের অধিকারী লোকদের বেছে নেওয়া আবশ্যক। বলা বাহুল্য, পূর্ণাঙ্গ দ্বীন ও উত্তম চরিত্র—দুটি গুণ একসাথে পাওয়া যায় কেবল প্রকৃত মুসলমানদের মাঝে। তাই জীবনসফরের সঙ্গী হিসেবে প্রকৃত মুসলমানদের বিকল্প নেই।
সঙ্গী নির্ণয়ে এ দুই গুণকে আবশ্যক করার কারণ হলো, মানুষ সামাজিক জীব। পারস্পরিক সম্পর্ক ছাড়া তাদের জীবন চলে না। আর উত্তম চরিত্র মানুষের পারস্পরিক সম্প্রীতি ও ঘনিষ্ঠতাকে নির্ভেজাল ও নিষ্কলুষ করে। তার সাথে যদি দ্বীন, তাকওয়া ও আল্লাহর জন্য ভালোবাসা সংযুক্ত হয়, তখন এ সম্প্রীতি ও ঘনিষ্ঠতা আরও স্বচ্ছ ও পবিত্র হয়। পবিত্র কুরআনের একাধিক আয়াত ও অনেক হাদিসে মানুষের এ পারস্পরিক সম্পর্ক ও হৃদ্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তার প্রশংসা বর্ণিত হয়েছে। যেমন এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন :
وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَّا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ
'আর তিনি (আল্লাহ) প্রীতি সঞ্চার করেছেন তাদের অন্তরে। যদি তুমি সেসব কিছু ব্যয় করে ফেলতে, যা কিছু জমিনের বুকে রয়েছে, তাদের মনে প্রীতি সঞ্চার করতে পারতে না। কিন্তু আল্লাহ তাদের মনে প্রীতি সঞ্চার করেছেন। নিঃসন্দেহে তিনি পরাক্রমশালী, সুকৌশলী।'১
আরেক আয়াতে পরস্পর সম্প্রীতি রক্ষা করার নির্দেশ দিয়ে এবং বিচ্ছিন্নতা ও সম্পর্কভঙ্গের নিন্দা করে তিনি ইরশাদ করেন :
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
'আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ করো; পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আর তোমরা সে নিয়ামতের কথা স্মরণ করো, যা আল্লাহ তোমাদের দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে। অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন। ফলে এখন তোমরা তাঁর অনুগ্রহের কারণে পরস্পর ভাই ভাই হয়েছ। তোমরা এক অগ্নিকুণ্ডের পাড়ে অবস্থান করছিলে। অতঃপর তা থেকে তিনি তোমাদের মুক্তি দিয়েছেন। এভাবেই আল্লাহ নিজের নিদর্শনসমূহ প্রকাশ করেন, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হতে পারো।'২
فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا 'এখন তোমরা তাঁর অনুগ্রহের কারণে পরস্পর ভাই ভাই হয়েছ'-এ আয়াতে নিয়ামত বা অনুগ্রহ বলতে পারস্পরিক সম্প্রীতি ও হৃদ্যতা বোঝানো হয়েছে।
রাসুল ইরশাদ করেন :
إِنَّ أَحَبَّكُمْ إِلَيَّ وَأَقْرَبَكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ أَحَاسِنُكُمْ أَخْلَاقًا، الْمُوَطَّئُونَ أَكْنَافًا، الَّذِينَ يَأْلَفُونَ وَيُؤْلَفُونَ
‘কিয়ামতের দিন তোমাদের মধ্যে সেই হবে আমার অতি প্রিয় ও সর্বাপেক্ষা নিকটে উপবেশনকারী, তোমাদের মধ্যে যে সুন্দরতম চরিত্রের অধিকারী, নম্র ও ভদ্র—যে অন্যের সাথে ঘনিষ্ঠ এবং অন্যরাও তার সাথে ঘনিষ্ঠ।’৩

টিকাঃ
১. সুরা আল-আনফাল: ৬৩
২. সুরা আলি ইমরান: ১০৩

📘 পুণ্যবান বন্ধু জীবনসফরে উত্তম সহযাত্রী > 📄 আল্লাহর জন্য পরস্পর ভালোবাসা ইবাদত

📄 আল্লাহর জন্য পরস্পর ভালোবাসা ইবাদত


প্রিয় মুসলিম ভাই, দ্বীনি ভ্রাতৃত্ব ও আল্লাহর জন্য পরস্পর ভালোবাসা একটি উত্তম ইবাদত। এর জন্য কিছু শর্ত ও হক রয়েছে, যেগুলো যথাযথভাবে আদায় করা হলে পারস্পরিক বন্ধনটা হয় সকল ধরনের পঙ্কিলতা ও শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত। এবং অর্জিত হয় আল্লাহ তাআলার নৈকট্য ও দুনিয়া-আখিরাতে উচ্চ মর্যাদা।
মনে রাখতে হবে, বাছ-বিচার ছাড়া যে কাউকেই বন্ধু বানানো ঠিক নয়। আবু হুরাইরা থেকে বর্ণিত হাদিসে রাসুল ইরশাদ করেন :
الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ، فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ
‘মানুষ তার বন্ধুর ধর্ম (স্বভাব-চরিত্র) দ্বারা প্রভাবিত হয়, সুতরাং তোমাদের প্রত্যেকে যেন লক্ষ করে সে কার সঙ্গে বন্ধুত্ব করছে।’
বন্ধুত্বের জন্য এমন ব্যক্তিকে নির্বাচন করতে হবে, যার মধ্যে বিশেষ গুণ ও উত্তম চরিত্র রয়েছে, যা দেখে মানুষ তার সাথে বন্ধুত্ব করতে আগ্রহী হয়।

টিকাঃ
৩. মাকারিমুল আখলাক, তাবারানি: ১/৩১৪
৪. সুনানু আবি দাউদ: ৪৮৩৩, সুনানুত তিরমিজি: ২৩৭৮

📘 পুণ্যবান বন্ধু জীবনসফরে উত্তম সহযাত্রী > 📄 বন্ধুর উপকারিতা

📄 বন্ধুর উপকারিতা


বন্ধুত্বের মাধ্যমে মানুষ সাধারণত দুই ধরনের উপকারের প্রত্যাশা রাখে : পার্থিব উপকার ও দ্বীনি উপকার।
১. পার্থিব উপকার। যেমন: বন্ধুর সম্পদ ও প্রভাব-প্রতিপত্তি দ্বারা উপকৃত হওয়া অথবা শুধু দেখা-সাক্ষাৎ ও মেলামেশার মাধ্যমে স্বস্তি অনুভব করা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00