📄 অন্তর ও আত্মার উপর কার্যকরী শক্তিসমূহের সারকথা
অন্তরে প্রভাব বিস্তারকারী শক্তিসমূহের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। এ ব্যাপারে উদাসীন হলে জীবনের উদ্দেশ্য হতে আমরা বিচ্যুত হয়ে যাব। জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদাতে সত্যবাদী ও আন্তরিক হওয়া। যেসব কাজে ঈমান বৃদ্ধি পাবে ও পথভ্রষ্টতা থেকে বাঁচা যাবে, আমাদেরকে সেগুলো অনুসরণ করতে হবে। এসব কাজের মধ্যে রয়েছে আল্লাহমুখী হওয়া, হিদায়াত কামনা করা, ইখলাস ও সততা। মানুষ প্রতিনিয়ত যেসব আভ্যন্তরীণ সংগ্রামে লিপ্ত থাকে সে বিষয়ে ইবনুল কাইয়িম আল-জাওযিয়াহ বলেছেন,
মানুষ তার শত্রু ইবলিসের কারণে হয়রান হলেও, ইবলিস কখনো মানুষকে পরিত্যাগ করে না। বরং তার কাছে আসতে থাকে রিপু ও জৈবিক কামনা-বাসনার সকল দরজা দিয়ে। রিপু মানুষকে শয়তানের নিকটবর্তী করে দেয়, কারণ শয়তান নফসের কাম্য বস্তুকে উপস্থাপন করে সুশোভিত করে। এরপর শয়তান, রিপু ও নফস-এই তিন শক্তি মিলে বান্দার বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে থাকে। এমনকি বান্দার আপন অঙ্গপ্রত্যঙ্গগুলোও তাদের কাছে অচল যন্ত্রপাতির মতো আত্মসমর্পণ করে...
এই হলো জমিনের বুকে বান্দার প্রকৃত অবস্থা! অসহায় বান্দা আল্লাহর রহমতের মুখাপেক্ষী। এরপর আল্লাহ রহমত প্রেরণ করে বান্দাকে সাহায্য করেন। এই শক্তিতে বলীয়ান হয়ে বান্দা সেসব শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে, যারা তার ধ্বংসের উপায় তালাশ করছে। এমতাবস্থায় আরও সাহায্যের উদ্দেশ্যে আল্লাহ বান্দার কাছে নবি-রাসূল প্রেরণ করেন। শয়তানের বিরুদ্ধে একজন সম্মানিত ফেরেশতা মোতায়েন করেন। যখনই শয়তান বান্দাকে তার আনুগত্যের নির্দেশ প্রদান করে, তখন ফেরেশতা আল্লাহর আনুগত্যের নির্দেশ প্রদান করেন এবং সুস্পষ্টভাবে স্মরণ করিয়ে দেন যে শয়তান তার শত্রু এবং শয়তানের আনুগত্যে কেবল ধ্বংস ও ক্ষতি অপেক্ষমাণ। এরপর কখনো এই পক্ষ জয় লাভ করে, কখনো অপরপক্ষ জয় লাভ করে। আসলে সেই প্রকৃত বিজয়ী যাকে আল্লাহ বিজয় প্রদান করেন; সেই প্রকৃত নিরাপদ যাকে আল্লাহ নিরাপত্তা প্রদান করেন...
প্রবৃত্তির তাড়না ও আসক্তির বিপরীতে (যা মানুষকে শয়তানের আনুগত্যে পরিচালিত করে) আল্লাহ তাঁর বান্দার হৃদয়ে নূর প্রদান করেন, সঠিক বোধশক্তি ও জ্ঞান প্রদান করেন। ফলে বান্দা প্রত্যেক খেয়ালখুশির পিছে দৌড়ানো থেকে বিরত হয়। যখনই সে কোনো ভ্রান্ত খেয়ালখুশি অনুসরণ করতে শুরু করে তখনই আল্লাহ প্রদত্ত বোধশক্তি, জ্ঞান এবং নূর এসে তাকে ডাকতে থাকে, 'সাবধান! সাবধান! তোমার সামনে ধ্বংস, তোমার সামনে ক্ষতি! এই রাহবারের (পথপ্রদর্শক) পেছনে সফর করলে তুমি দুর্বৃত্ত ও ডাকাতের কবলে পড়বে!' এরপর বান্দা কখনো এই সদুপদেশ অনুসরণ করে কেননা সে বুঝতে পারে এটা প্রজ্ঞাপূর্ণ সদুপদেশ; আবার কখনো প্রবৃত্তির তাড়নাকেই নিজের রাহবার বানিয়ে নেয়। [১৬]
টিকাঃ
[১৬] al-Jawziyyah, 2000, pp. 16-17.