📘 সাইকোলজিক্যাল ক্রাইসিস > 📄 ইসলামে বিয়ের আয়োজন ও অন্যান্য কাজ

📄 ইসলামে বিয়ের আয়োজন ও অন্যান্য কাজ


যখন আপনি ইসলামি সমাজে অবস্থান করে পাত্রী নির্বাচন করবেন এবং বিরত থাকবেন গায়রে মাহরামের সংস্পর্শ থেকে। ইসলামে বিয়েসংক্রান্ত বিষয়াদি এতটাই স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ যে, পাত্র-পাত্রীর সম্মতি ছাড়া তাকে বিয়ে দেওয়ার এখতিয়ার খোদ পিতারও থাকে না। বিয়ের ক্ষেত্রে পাত্রীর সম্মতি জেনে নেওয়া জরুরি। যদি এমনটি না হয়, তবে বিয়ে (فسخ) অকার্যকর বলে গণ্য হবে। তবে স্বভাবজাত লাজুকতার কারণে আল্লাহর রাসূল মেয়েদের নীরবতাকে বিবেচনা করেছেন সম্মতির লক্ষণ হিসেবে। এর প্রায়োগিক দৃষ্টান্ত মেলে নবিজির জীবনপরিক্রমায়-
আল্লাহর রাসূল তাঁর কন্যাদের মধ্য থেকে কাউকে বিয়ে দেওয়ার ইচ্ছে করলে পর্দার অন্তরাল থেকে তাঁদের সম্বোধন করে বলতেন-'অমুকের পুত্র অমুক তোমার ব্যাপারে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে।' ওপাশ থেকে তাঁর কন্যা পর্দা নাড়িয়ে বা দরোজায় টোকা দিয়ে মতামত জানালে তিনি ওই ব্যক্তির সঙ্গে তাঁকে বিয়ে দিতেন না। আর কন্যা নীরব থাকলে সেই প্রস্তাবে সায় দিয়ে বিয়ের ব্যবস্থা করতেন। ১৬
আবদুল্লাহ ইবনে বারিদা (রা.) বর্ণনা করেন, নবিজির কাছে এক কুমারী মেয়ে এসে নালিশ করল-
'ইয়া রাসূলুল্লাহ! আমার বাবা তার ভাতিজার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে, কিন্তু আমার সঙ্গে পরামর্শ করেনি। নিজের বিয়ের ক্ষেত্রে আমার কি কোনো এখতিয়ার আছে?' আল্লাহর রাসূল বললেন- 'হ্যাঁ, অবশ্যই তোমার এখতিয়ার আছে।' অতঃপর সেই মহীয়সী বললেন-'পিতার সিদ্ধান্তটি নাকচ করতে চাই না, কিন্তু নারীজাতির জন্য সেই অধিকার রয়েছে কি না, তা জেনে নিতে চেয়েছি।'
অনুরূপ একটি বর্ণনা পেশ করেছেন ইয়াহইয়া ইবনে কাসির। সে বর্ণনায় সম্মতি ছাড়া একটি কুমারী মেয়ের বিয়ে দেওয়ার পর তা মুলতবি করে দেওয়া হয়।
মুহাম্মাদ ইবনে হাতিব (রা.) বর্ণনা করেন-
'হালাল ও হারামের মধ্যে পার্থক্য কেবল ঢোল ও আওয়াজ।' তিরমিজি ও নাসায়ি
বিয়ে-শাদির আয়োজনে ঢোল বাজানো আর গান প্রসঙ্গটি ইসলামের মৌলিক বিধানের সঙ্গে যুক্ত। তখনকার যুগে ঢোলের একপাশে পর্দা অন্যপাশে খোলা থাকত। তৎকালে এর নাম ছিল 'দফ'। এ বিষয়ে বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে আয়িশা (রা.) বলেন, রাসূলুল্লাহ বর্ণনা করেছেন-
'তোমরা বিয়ের খবর ভালোমতো ছড়িয়ে দাও। বিয়ে পড়াবে মসজিদে, আর এ উপলক্ষ্যে ভালোমতো দফ বাজাও।' তিরমিজি
এখানে দফ শব্দের বহুবচন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ, তোমরা বিভিন্ন রকমের ঢোল বাজাও। খোলা মজলিশে বিয়ে পড়ানো হলে ঢাকঢোল পিটিয়ে যে বিয়ে হবে, স্বাভাবিকভাবে তা সব মানুষ জানবে। এত লোকের জানাজানির মাধ্যমে যে বিয়ে হবে-তা অস্বীকার করা বা ভেঙে দেওয়া চাট্টিখানি ব্যাপার নয়।
বিয়ের মজলিশে কনের সম্মতি পাওয়ার পর খুতবা পাঠ করা হয়। খুতবায় উচ্চারিত হয় আল্লাহর প্রশংসা ও তাঁর তাওহিদের ঘোষণা। এরপর পাঠ করা হয় কুরআন মাজিদের সংশ্লিষ্ট আয়াতসমূহ। সেসব আয়াতে আল্লাহ ও রাসূলের আনুগত্যের উপদেশ দেওয়ার পাশাপাশি নারীদের প্রতি সদাচরণের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে পুরুষদের। বরের কাছ থেকে তিনবার স্বীকৃতি নেওয়ার পর উপস্থিত লোকেরা তাদের অভিনন্দন জানায়, দুআ করে। শরিয়তের উক্ত কার্যাবলি সম্পাদনের পর মিষ্টি ও খেজুর বিতরণ ও বিবিধ আপ্যায়নের মাধ্যমে শেষ হয় মূল আনুষ্ঠানিকতা।
ইসলামে বিয়ে উপলক্ষ্যে খাবারের আয়োজন সম্পর্কিত বিশেষ কোনো নির্দেশনা নেই। কনের পিতা তার কন্যার নতুন সংসারজীবন শুরুর প্রেক্ষাপটে কোনো জিনিসপত্র দিয়ে সহযোগিতা করতে চাইলে সেটা ঐচ্ছিক এবং বৈধ। এমন প্রেক্ষাপটে আল্লাহর রাসূল তাঁর কন্যা ফাতিমা (রা.)-কে যে হাদিয়া দিয়েছিলেন, তা অনুকরণীয় আদর্শ। সেই উপঢৌকনের মধ্যে সংসারের ব্যবহার্য আসবাবের প্রায় সবই ছিল। যেমন: আটা পেষণের জাঁতা, কলসি, পানি রাখার মশক ইত্যাদি।
এ ছাড়া তাৎক্ষণিকভাবে নগদে/রকেটে/বিকাশে কনের হাতে কিছু অর্থসম্পদ দেওয়া বরের জন্য জরুরি। আলি (রা.)-এর কাছে কোনো নগদ অর্থ না থাকায় তাঁর বর্মটি পেশ করা হয় মোহর হিসেবে। আবার আবদুর রহমান ইবনে আউফ (রা.) ছিলেন অভিজাত এবং বিত্তবান। তিনি স্ত্রীকে মোহরানা দিয়েছিলেন এক কাঁদি খেজুর সমপরিমাণ স্বর্ণ দিয়ে। আরেক ব্যক্তি যিনি একেবারে শূন্য ছিলেন, তাঁর মোহরানা ছিল স্ত্রীকে কুরআন শিক্ষা দেওয়া। কেননা, ইসলামে শিক্ষার মূল্যমান সব সময়ই যেকোনো অর্থকড়ি ও সম্পদের চাইতে বেশি।
বদর যুদ্ধের পর যুদ্ধবন্দিদের মুক্তিপণ নির্ধারিত হওয়ার পর যাদের কাছে পরিশোধের মতো কোনো অর্থকড়ি ছিল না, তাদের জন্য মুক্তিপণ সাব্যস্ত করা হয়েছিল মুসলমানদের সন্তানদের শিক্ষাদান। বিয়ের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন হলো সুন্নাহসম্মত ওলিমা অনুষ্ঠান। সাফিয়া (রা.)-এর ওলিমা উপলক্ষ্যে রাসূল লোকজনকে আপ্যায়ন করান পনির (Cheese) দিয়ে। এরপর পরিবেশন করা হয় ঘি আর হালুয়ার মিশ্রণে সুস্বাদু এক বিশেষ ধরনের খাবার। জয়নাব (রা.)-এর বিয়েতেও মানুষকে পেটপুরে খাওয়ানো হয়। নবিজি আবদুর রহমান ইবনে আউফ (রা.)-কে নির্দেশনা দিয়েছেন-তিনি যেন অবশ্যই ওলিমা করেন; নিদেনপক্ষে একটি ছাগল দিয়ে হলেও। মক্কা বিজয়ের প্রেক্ষাপটে নগরীর আগামীদিনের গভর্নর আবু উসাইদ (রা.)-এর ওলিমায় আল্লাহর রাসূল নিজে শরিক হয়েছেন। তাঁর খেদমতে দুলহান প্রথমে খেজুর আর পানি পাঠিয়ে দেন, এরপর পরিবেশন করা হয় সুস্বাদু খাদ্যসম্ভার।

📘 সাইকোলজিক্যাল ক্রাইসিস > 📄 নবিজির ম্যারেজ কাউন্সিলিং ও নারী অধিকার প্রসঙ্গ

📄 নবিজির ম্যারেজ কাউন্সিলিং ও নারী অধিকার প্রসঙ্গ


স্ত্রীকে ভালোমানের ভরণ-পোষণ দেওয়া প্রত্যেক স্বামীর একান্ত কর্তব্য। এ প্রসঙ্গে আয়িশা (রা.)-এর কাছে কয়েকজন মহিলার অভিযোগ বেশ কৌতূহলোদ্দীপক।
'মহিলারা গোমরা মুখে এবং জীর্ণশীর্ণ পোশাকে হাজির হয়ে বলল- “আমাদের স্বামীরা সব সময় আপনার স্বামীর দরবারে বসে থাকে। তাঁদের নিজেদের আয়-রোজগার ও নামাজ-কালামের ব্যস্ততায় এটুকুন ফুরসত মেলে না যে, আমাদের দিকে মনোযোগ দেবেন।" কথাটি রাসূলের কানে যাওয়ার পর তিনি একান্ত বৈঠকে পুরুষদের দৃষ্টি আকর্ষণ করে বললেন-স্ত্রীদের প্রয়োজন ও আনুষঙ্গিক বিষয়ে যেন যথাযথ দায়িত্বশীল আচরণ করা হয়। অল্প কিছুদিন পর সেই মহিলাগণ বেশ দামি পোশাক ও অলংকারাদিতে সজ্জিত অবস্থায় আয়িশা (রা.)-এর কাছে আসেন। কৃতজ্ঞতাস্বরূপ তাঁকে রুপার কাঁকন পরিয়ে দেন।'
স্ত্রীদের প্রতি যত্নবান হওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ চূড়ান্ত গুরুত্ব আরোপ করেছেন। এমনকী মৃত্যুকালেও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন স্ত্রীদের প্রতি দায়িত্বশীলতার কথা। উমর (রা.) একবার তাঁর কাছে অনুযোগ করলেন- 'আগে তো আমরা স্ত্রীদের ডান্ডার দাপটে সোজা রাখতাম! এখন আপনার নির্দেশের ফলে তাঁরা এত সাহসী হয়ে উঠেছে যে, আমার স্ত্রী পর্যন্ত আমার কাছে তাঁর প্রাপ্য ও দাবি-দাও করে!'
অসদাচরণ ছাড়া স্বামীর জন্য স্ত্রীর গায়ে হাত তোলার অনুমতি নেই। নবিজি -এর কাছে যখনই কোনো মেয়ে অভিযোগ নিয়ে আসত, তা গুরুত্বের সঙ্গে আমলে নিতেন তিনি; বরং আধুনিক মনোবিজ্ঞানের পরিভাষায় বললে-রাসূল সর্বোত্তম পন্থায় ম্যারেজ কাউন্সিলিং করতেন। এর মধ্যে এমনসব শিক্ষা ও নির্দেশনা থাকত, যা অনাগত প্রজন্মের দাম্পত্যজীবনকে করে তুলবে আনন্দঘন ও স্বাচ্ছন্দ্যময়। বর্ণিত আছে-
'এক মহিলা কয়েকজন ব্যক্তির মধ্য থেকে কাকে বিয়ে করবেন, সে বিষয়ে রাসূলের পরামর্শ চাইলেন। তিনি বলেন-“আবু জাহাম কাঁধ থেকে লাঠিই নামায় না। আর মুয়াবিয়া হতদরিদ্র, কাজেই তুমি উসামা ইবনে জায়েদকে বিয়ে করে নাও।' কদিয়াতুর-রাসূল
পৃথিবীর ইতিহাসে ইসলামই একমাত্র জীবনব্যবব্যবস্থা, যেখানে নারীকে নির্দ্বিধায় তার ইচ্ছে পেশ করার অধিকার দেওয়া হয়েছে। এ ছাড়া স্বামীর সম্পদের ওপর নির্ধারিত করা হয়েছে তার হক এবং উত্তরাধিকার। স্বামীর মৃত্যুর পর সন্তান আছে এমন স্ত্রী উত্তরাধিকার হিসেবে মোট সম্পদের এক-অষ্টমাংশ পাবে। আর সন্তান না থাকলে পাবে এক-চতুর্থাংশ।

📘 সাইকোলজিক্যাল ক্রাইসিস > 📄 ইসলামে তালাকের বিধান

📄 ইসলামে তালাকের বিধান


নবিজি বলেন-আল্লাহর পক্ষ থেকে বৈধকৃত বস্তুসমূহের মধ্যে তালাক এমন এক জিনিস, যাতে তিনি সন্তুষ্ট নন। স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টিকারী ব্যক্তি অভিশপ্ত; এমনকী এ পর্যন্ত বলা হয়েছে-দম্পতির মধ্যে সমঝোতা, প্রীতি ও হৃদ্যতা সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা বলা পর্যন্ত বৈধ। স্বামী-স্ত্রী একে অন্যের প্রতি সঠিকভাবে দায়িত্ব-কর্তব্য পালন করে, বিপথগামিতা থেকে বিরত থাকার নির্দেশনা দেয়, সারাজীবন কখনো উভয়ের মাঝে ঝগড়া হওয়ার আশঙ্কাই নেই। প্রত্যেক মুসলমানের নৈতিক কর্তব্য হলো-স্বামী-স্ত্রীর মাঝে সমঝোতা স্থাপনে ইতিবাচক ভূমিকা পালনের চেষ্টা করা। এমনকী দম্পতির মাঝে ফাটল সৃষ্টিকারী ব্যক্তি খারিজ হয়ে যেতে পারে ইসলামের গণ্ডি থেকে।
তালাকের ক্ষেত্রে পবিত্র কুরআন যেসব শর্তারোপ করেছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো-একটি তালাক দিয়ে স্বামী এক মাস অপেক্ষা করবে। এরপর দ্বিতীয় তালাক দেবে। এভাবে পরবর্তী এক মাসের ব্যবধানে তৃতীয় তালাক দেবে। তালাকগুলোর মাঝখানে এভাবে কিছুদিনের বিরতি নেওয়ার কারণ হলো- প্রকৃতপক্ষে শয়তান তাদের উভয়ের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে থাকলে ঠান্ডা মাথায় ভাবনার একটা অবকাশ পেয়ে যাবে। সূরা বাকারা, সূরা নিসা, সূরা আহজাব ও সূরা আন-নূরে এ প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ বিধান বর্ণিত হয়েছে। এর সারকথা হলো-
ক. তালাক সময়ের বিরতি নিয়ে দিতে হবে।
খ. এ বিরতি নির্ধারিত হবে মাসের হিসাবে।
গ. অন্তঃসত্ত্বা হওয়ার কারণে স্ত্রীর ঋতুস্রাব বন্ধ থাকলে তালাক কার্যকর হবে না।
ঘ. তালাকের সঙ্গে অনাদায়ী মোহরানা পরিশোধ করে দিতে হবে।
ঙ. সম্পর্ক স্বাভাবিক থাকা অবস্থায় স্বামী তার স্ত্রীকে যা দিয়েছে, তা ফেরত নেওয়ার বৈধতা নেই।
চ. তালাকের পর কিছুদিন স্বামীর ঘরে স্ত্রী অপেক্ষা করবে, যাতে সে অন্তঃসত্ত্বা কি না তা নির্ণয় করা যায়।
হ. চূড়ান্তভাবে তালাক পতিত হওয়ার পর সেই স্ত্রীকে উক্ত স্বামী কেবল তখনই পুনর্বার বিয়ে করতে পারবে, যদি অন্য ব্যক্তির সঙ্গে এই মহিলার বিয়ে হওয়ার পর সেই স্বামী তাকে স্বেচ্ছায় তালাক দেয়। কিছু লোক এই কঠিন শর্ত এড়ানোর জন্য নানাবিধ ছলচাতুরী ও প্রতারণার আশ্রয় নিয়ে থাকে। ইসলামে সেসবের ন্যূনতম স্থান নেই।
স্বামী-স্ত্রীর পরস্পরের মাঝে অবিশ্বাস ও অনাস্থা জন্ম নিলে তা দূর করা সহজ নয়। নবি -এর যুগে এক ব্যক্তি তার স্ত্রীর চারিত্রিক স্খলনের অভিযোগ পেশ করে। তার কাছে সাক্ষী ছিল না, কিন্তু সে কয়েকবার শপথ করে। একইভাবে তার স্ত্রীও শপথ করে তা অস্বীকার করে। আল্লাহর রাসূল উভয়পক্ষের এই শপথকে তালাক হিসেবে সাব্যস্ত করেন এবং দুজনের বিচ্ছেদ অনুমোদন করেন।
এ ধরনের ঘটনা মানুষের পারস্পরিক বৈরী সম্পর্ক ও সন্দেহের চূড়ান্ত রূপ। স্বামী তার স্ত্রীর ওপর আস্থার বিষয়টিকে এমন পর্যায়ে নিয়ে গেছেন, অভিযোগটি প্রমাণিত হলে ইসলামি দণ্ডবিধি মতে তার প্রাণদণ্ডের ফয়সালা হতে পারে। স্ত্রী শপথ করে সেই অপরাধ অস্বীকার করেছে এমন এক কোর্টে, যেখানে সত্য ও মিথ্যা জানার ব্যবস্থা আছে-সে আদালত মানুষের সঙ্গে আচরণে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। এ আদালতের বিচারকের সঙ্গে আসমানের সুপ্রিম জাজ-এর এমন সংযোগ রয়েছে, চাইলে তিনি দুপক্ষের মধ্যে কে মিথ্যা শপথ করল তা প্রকাশ করে দিতে পারেন। তারা যেন মিথ্যা শপথ না করে, সে ব্যাপারে সতর্ক করতে পারতেন, কিন্তু তা করেননি। কারণ, তার পরবর্তী যুগের আদালতগুলোর তো সেই সুযোগ থাকবে না! তাই সেই মামলায় রায়ে অন্যান্য সাধারণ আদালতের মতোই।
দুপক্ষের সম্পর্কের অবনতি চূড়ান্ত পর্যায়ে ছিল। উভয়ের মাঝে সমঝোতা করে দিলেও পারস্পরিক অনাস্থা ও তিক্ততা তাদের মনে ঘুরপাক খেতে থাকত। এভাবে অনাগত দিনগুলো ঝগড়া ও বৈরিতার মধ্য দিয়েই অতিক্রমণের আশঙ্কা ছিল প্রবল। আজকের আধুনিক দুনিয়ার বিচারেও উক্ত সমস্যা ভালো সমাধান হিসেবে বিচ্ছেদের ফয়সালাকে বেছে নেওয়া হয়।

📘 সাইকোলজিক্যাল ক্রাইসিস > 📄 বিয়েকেন্দ্রিক জটিলতার সমাধান

📄 বিয়েকেন্দ্রিক জটিলতার সমাধান


বিবাহের পর যে দম্পতিদের মানসিকতা, স্বভাব-রুচি মিলে যায়, তাদের ঘরটি ছোট্ট জান্নাতে পরিণত হয়। এর বিপরীত হলে জাহান্নাম! আগেকার সময়ে স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ার কারণ ছিল দুজনের স্বভাব-রুচির বৈপরীত্য। আর আধুনিক যুগে বৈরিতার অনুঘটক ব্যাপক-আলাদা আলাদা উদ্দীপকের সংখ্যা প্রচুর। মানুষ এখন বিয়ের সময় পাত্রীর মানসিকতা ও ব্যক্তিত্বের পরিবর্তে তার সম্পদের খোঁজখবর নেয়।
একটি নাটকের কেন্দ্রীয় চরিত্র ছিল নারী। তার সঙ্গে যেই দুই-চারটে কথা বলার সুযোগ পায়, ইনিয়ে-বিনিয়ে কেবল তার রূপৈশ্বর্য ও পোশাকের প্রশংসা শুরু করে দেয়। প্রশংসায় বিরক্ত হয়ে তাদের থামিয়ে দিয়ে সে বলে ওঠে-'আমার রূপ, উন্নত চরিত্র প্রভৃতি বিষয়ে আমি ওয়াকিবহাল; নতুন কিছু বলার থাকলে বলো।' আরেক ব্যক্তি বলল-'আমি এসবে আকৃষ্ট নই; বরং পত্রপত্রিকায় সম্পদের পরিসংখ্যান জেনেছি। আপনার প্রাসাদোত্তম বাড়ির প্রতি আকৃষ্ট হয়ে এখানে এসেছি।' এটা বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং অনেক মানুষ বয়স্ক মহিলাদের সম্পদের উত্তরাধিকারী হওয়ার জন্য বিয়ে করে। তারা গোপনে অনৈতিক জীবনযাপনের পাশাপাশি স্ত্রীর মৃত্যুকে ত্বরান্বিত করার অপচেষ্টায় এমন এক জীবনযাপন করে যাকে 'বিয়ে' অভিহিত করাও অনুচিত।
আজকাল দাম্পত্যকলহ এমন জায়গায় গিয়ে ঠেকেছে, সংসার টিকবে কি না, সেটাই চরম অনিশ্চিত হয়ে পড়েছে। বহু মানব উন্নয়ন সংস্থা ও ইউনিভার্সিটির সংশ্লিষ্ট বিভাগ দম্পতিদের কাউন্সিলিংয়ে কাজ করে যাচ্ছে। দাম্পত্যকলহ ও তার সমাধান বিষয়ে একটি বই লিখেছেন ভিয়েনা ইউনিভার্সিটির বিয়ে ও তদসংক্রান্ত বিষয়াদির গবেষণা কেন্দ্রের কনসালটেন্ট সনি লিজার্ড। সেখানে তিনি সমস্যা চিহ্নিত করে নিজের মতো সমাধান পেশ করেছেন বটে, কিন্তু মনস্তাত্ত্বিক বিশ্লেষণের পরিবর্তে তাতে গুঁজে তিনি রগরগে সব শিরোনাম।
নারী-পুরুষ প্রত্যেকেই নিজের অধিকারের প্রশ্নে সোচ্চার। তবে অধিকারের সঙ্গে যে দায়িত্বও যুক্ত থাকে, সে কথা বলাই বাহুল্য। এসব দায়িত্বের বিষয়ে কোনো নীতিমালা নির্ধারিত নেই। প্রাচ্যের দেশগুলোতে প্রচলিত রীতি হলো- স্বামী আয়-উপার্জন এবং নারীদের নিরাপত্তার দায়িত্ব পালনে নিয়োজিত। অন্যদিকে মহিলাদের কাজ ঘর সামলানো, সেলাই, রান্নাবান্না, সন্তানের প্রতিপালন ও মেহমানদারির বিষয়গুলো আঞ্জাম দেওয়া।
সামাজিক প্রয়োজন ও জীবনাযাত্রার নানাবিধ সংকট মোকাবিলায় মেয়েরাও এখন চাকরি করছে। সকালে স্বামী-স্ত্রী দুজনেই বেরিয়ে যাচ্ছে কাজের উদ্দেশে। আর তাদের অবর্তমানে ঘরের কাজ ও বাচ্চাদের দেখাশোনার জন্য থাকে একজন পরিচারিকা। এভাবে দিনভর কাজ করে পরিশ্রান্ত শরীরে বাড়িতে আসার পর কোনো কাজে ব্যবহারিকভাবে মনোনিবেশ সম্ভব হয় না। চাকরিজীবী দম্পতির বাচ্চারা কাজের লোক ও গৃহপরিচারিকার তত্ত্বাবধানে বড়ো হতে থাকে। এরপর বড়ো হয়ে ছেলেমেয়েরা নৈতিকভাবে বিপথগামী হলে, অপরাধে জড়িয়ে পড়লে, মা-বাবাকে সম্মান না করলে তার জন্য সন্তানদের কতটুকুই-বা দায়ী করা চলে! কারণ, তারা সুসন্তান হিসেবে গড়ে উঠার জন্য না মায়ের কাছে শিক্ষা পেয়েছে, না পেয়েছে বাবার স্নেহ।
ব্রিটেনের লোকদের সাধারণত একটি শখ ও বাসনা থাকে, তাদের বিয়ে যেন হয় ক্যাক্সটন হলে। দিনে কয়েক ডজন বিয়ে হয় এ কমিউনিটি সেন্টারের মধ্যে। বিবাহ বিচ্ছেদের আধিক্যে কোণঠাসা হয়ে Poval commission on marriage & divorce নামে একটি স্বতন্ত্র কমিশন গঠন করেছে ব্রিটিশ সরকার। দেশটির লর্ড চিফ জাস্টিস গোডরিড-এর নেতৃত্বে গঠিত এ কমিশনে আইনজীবী, মনোবিদ, মানব উন্নয়ন বিশেষজ্ঞদের একদল শীর্ষ ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত। এই কমিশন দীর্ঘ সময় যাবৎ ক্যাক্সটন হলে বসে বিভিন্ন বিয়ে-শাদির অনুষ্ঠানকালে সংশ্লিষ্ট লোকদের কাছ থেকে তাদের ভাবনা, দৃষ্টিভঙ্গি ও প্রতিক্রিয়া নিতে থাকে। এ প্রেক্ষাপটে তাদের জিজ্ঞাসার জবাবে ডা. খালেদ গজনভি তাদের পরামর্শ দেন, তারা যেন এতৎসংক্রান্ত সবগুলো সমস্যাকে ইসলামি দৃষ্টিকোণে বিচার করেন। কমিশন ডা. গজনভির সাথে ইসলামি নীতিমালার ধরন, বৈশিষ্ট্য, উপকারিতা প্রসঙ্গে টানা দুই দিন আলোচনা করেন। তাদের জানানো হয়েছে-
১. বিয়ে যেন ধর্মীয় পৃষ্ঠপোষকতায় সম্পন্ন করা হয়, যাতে উভয়ের মনে এ উপলব্ধি কাজ করে যে, বিয়ের বন্ধনটি আইন ও বিধানের আলোকে সম্পাদিত কাজ।
২. স্ত্রীর অধিকারগুলো চিহ্নিত
৩. স্বামীর জন্য সংসারের পরিচালনা ও ব্যবস্থাগত নেতৃত্ব স্বীকৃত থাকবে।
৪. বাড়িতে পরপুরুষ ও পরনারীর অবাধ আনাগোনা ও আড্ডা অপরাধ বলে গণ্য হবে।
৫. তালাক আদালতে না হয়ে নিষ্পত্তি হবে নিজেদের পারিবারিক বৈঠকে। এরপর কোনো জটিলতা তৈরি হলে তার জন্য বিশেষ আদালত কাজ করবে। সৌদি আরবে ইসলামি আইনের আলোকে পারিবারিক বিষয়াদি নিষ্পত্তির জন্য আদালতের বিচারক এজলাসের বাইরে আলাদাভাবে বসেন। সেখানকার আদালতে পারিবারিক বিষয়ে অভিযোগ দায়ের করার জন্য কোনো দলিল-দস্তাবেজের প্রয়োজন পড়ে না। সাদা কাগজে দরখাস্ত লিখে অভিযোগ পেশ করা যায় অনায়াসেই। আদালতের পেশকার দরখাস্ত গ্রহণ করার পরপরই ফোন করে বা থানার মাধ্যমে হাজির করা হয় বামদিকে। দুই পক্ষের কথা শোনার পর তাৎক্ষণিকভাবে ফয়সালা দেওয়া হয়।
নবি -এর নির্দেশিত বিয়ের রীতি-পদ্ধতি, আচার-অনুষ্ঠান, অধিকার, কর্তব্য প্রসঙ্গে প্রত্যেকটি বিষয় এত স্পষ্ট যে, দাম্পত্যজীবনের জন্য তা কেবল উপকারী আর সহজতর নয়; বরং আজকের আধুনিক জীবনধারার ক্ষেত্রেও তা একই রকম কল্যাণকর। মানুষের সাইকোলজি ও মনস্তত্ত্বকে সামনে রেখে তিনি এমনভাবে সমান কল্যাণবহ নীতিমালা প্রণয়ন করেছেন, যাতে কোনো পক্ষেরই আপত্তি থাকার সুযোগ নেই।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00