📘 প্রতীক্ষিত মাহদি দাজ্জাল ও ইয়াজুজ মাজুজ 📄 ইমাম মাহদি মুমিনদের প্রতীক্ষিত নেতা

📄 ইমাম মাহদি মুমিনদের প্রতীক্ষিত নেতা


إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له، ومن يضلল فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمداً عبده ورسوله.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُمْ مُسْلِمُونَ

কিয়ামত-পূর্বকালে সমগ্র পৃথিবী ছেয়ে যাবে ঘোর অমানিশায়। ভয়াল অন্ধকার আচ্ছন্ন করে নেবে পূর্ব ও পশ্চিম। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু। প্রাচ্য ও প্রতীচ্যের চারদিকে মেতে উঠবে জুলুমের আস্ফালন। মনুষ্য ও মানবতা বিদায় নেবে। ভূলুণ্ঠিত হবে ইনসানিয়্যাত। সত্য ও সুন্দরের নির্মম পতন ঘটবে। মিথ্যার পতাকায় ছেয়ে যাবে পৃথিবীর আকাশ। শয়তান ও তার দোষরদের পাশবিকতার হবে জয়জয়কার। তখন আল্লাহ তায়ালার ইনসাফের দাবি হলো, পৃথিবীতে এমন একজন ব্যক্তিকে প্রেরণ করা যিনি পৃথিবীকে জুলুম ও কুফরের অন্ধকার থেকে ঈমান ও ইনসাফের আলোর দিকে প্রত্যাবর্তন করবেন। দিকে দিকে ফিরিয়ে আনবেন মানবতা। জুলুমের মূলোৎপাটন করে সততা, ন্যায় ও আদর্শের রাজ কায়েম করবেন। অন্ধকার দূরীভূত করে প্রতিষ্ঠিত করবেন সত্য। যিনি এসে মিথ্যাকে অপসারিত করে সত্যের পতাকা উড্ডীন করবেন। শয়তান ও তার দোসরদের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হবেন এবং তাদেরকে পরাজিত করে প্রতিষ্ঠা করবেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান। সেদিন সকল তন্ত্র-মন্ত্রের অবসান ঘটবে। মানবরচিত সকল মতবাদ, ইজম ও বিধি-বিধানের কবর রচিত হবে।

পৃথিবী অধীর আগ্রহে অপেক্ষা করবে তার শুভাগমনের। জুলুমের আঁধার যত ঘনায়মান হচ্ছে মুক্তিকামী মানবসমাজের অপেক্ষা ততই প্রগাঢ় হচ্ছে। নির্যাতিতের করুণ চাহনীতে ভেসে উঠছে—'কখন আসবেন সেই মহামানব। মহান রবের সাহায্য নিয়ে কখন তিনি অবতরণ করবেন তিনি আমাদের ভূখণ্ডে। যার বিশ্বাস ও মুক্তির পতাকাতলে আশ্রয় নেবে অগণিত বনি আদম।'

আমরা দেখছি, সেই মাহেন্দ্রক্ষণ যেন দ্রুত ঘনিয়ে আসছে। আমরা দেখছি, আসমানের সাহায্য দ্রুত আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা দেখছি, পৃথিবীর জুলুমে ক্রমাগত কেঁপে উঠছে আরশে আজিম। দয়ালু প্রভু আমাদের সাহায্য ও নেতৃত্বের জন্য প্রস্তুত করছেন তাকে। সেই প্রতীক্ষিত মহামানবকে।

চাতক পাখির ন্যায় আসমানের দিকে তাকিয়ে থাকবে সত্যের অনুসারীরা কখন আল্লাহ তায়ালা প্রেরণ করবেন প্রতীক্ষিত মাহদি—সাহায্য ও সহযোগিতার আলোকবর্তিকারূপে। কেননা তার আগমনই হবে সত্যবাদীদের বিজয়স্বরূপ। তার আগমনই হবে মাজলুমদের জন্য অগণন সাহায্য। তার আগমনই হবে পৃথিবীর সকল অন্যায় অনাচারের মূলোৎপাটন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগমন করবেন তিনি। অপেক্ষার পালা শেষে আগমন করবেন সে প্রতিশ্রুত ব্যক্তি। আল্লাহ তায়ালার পক্ষ থেকে তার আগমন মূলত পৃথিবীবাসীর জন্য তাওবাকরে প্রত্যাবর্তনের সর্বশেষ সুযোগ। হয়তো তারা ফিরে আসবে সকল প্রকার জুলুম, নাফরমানি ও অবাধ্যতা পরিত্যাগ করে। তার মাধ্যমে আল্লাহ তায়ালা সত্য-মিথ্যার পার্থক্য করবেন। পার্থক্য করবেন কারা তার দ্বীনের জন্য শত্রুদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয় এবং কারা পালিয়ে যায়।

কে সেই প্রতীক্ষিত ব্যক্তি? কে সেই প্রতিশ্রুত মহামানব? ঈমান ও ইনসানিয়‍্যাতের কে সেই ত্রাণকর্তা? জুলুম-নিপীড়নের মূলোৎপাটনকারী কে সেই ইনসাফের রাজপুরুষ?

তিনি হলেন মাহদি। ইমাম মাহদি। অচিরেই শেষ জমানায় আত্মপ্রকাশ করবেন তিনি। তার আগমনে পৃথিবী ভরে যাবে সত্য ও ইনসাফে। তিনি হবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমান্বিত বংশধরদের একজন। তার নাম হবে রাসুলের নামে। তার পিতার নাম হবে রাসুলের পিতার নামের নামে। আল্লাহ সুবহানাহু তায়ালা তাকে শত্রুদের বিরুদ্ধে সাহায্য করবেন। পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে তবে তার সাম্যের রাজত্ব। মুসলমানরা তখন বসবাস করবে দারুণ শান্তি ও সুখের প্রাচুর্যে।

আশিটিরও বেশি হাদিসে বর্ণিত হয়েছে তার শুভাগমন এবং জুলুম অত্যাচারের মূলোৎপাটন করে সত্য ও সুন্দরের রাজ প্রতিষ্ঠার আলোচনা। একশরও অধিক বর্ণনাকারীর সূত্রে হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আবু ইয়ালা, ইবনে মাজাহ, মুসনাদে বাজ্জার, মুসতাদরাকে হাকিম ও তাবরানিসহ আরো অসংখ্য গ্রন্থে মুতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে। ওই সমস্ত হাদিসের কিছু সহিহ, কিছু হাসান আবার কিছু রয়েছে জইফ।

টিকাঃ
১. উসুলে হাদিসের পরিভাষায় মুতাওয়াতির বলা হয় ওই সমস্ত হাদিসকে, যার বর্ণনাকারীর সংখ্যা অধিক হওয়ার কারণে মিথ্যার ব্যাপারে কল্পনা করা যায় না।
২. ইমাম শাওকানি রহ. বলেন, যতদূর জানা যায় ইমাম মাহদির ব্যাপারে ৫০ টি মুতাওয়াতির হাদিস বর্ণিত রয়েছে। তার মধ্যে রয়েছে সহিহ, হাসান ও সামান্য ত্রুটিবিশিষ্ট হাদিস যা অন্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে ত্রুটিমুক্ত হয়ে গেছে। সুতরাং বিনা সন্দেহে হাদিসগুলো মুতাওয়াতির। [নাজমুল মুতানাছির মিনাল হাদিসিল মুতাওয়াতির: ১৪৫]
শাইখ আব্দুল আজিজ বিন বাজ রহ. বলেন, মাহদির বিষয়টি অতি সুস্পষ্ট। এ ব্যাপারে হাদিসগুলো মুতাওয়াতির সূত্রে বর্ণিত। তার আগমন সত্য। তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল হাসানি আল ফাতেমি। শেষ জমানায় তিনি আগমন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন। অন্যায়-অবিচার প্রতিহত করবেন। তার মাধ্যমে আল্লাহ সত্য ও কল্যাণের ঝান্ডা উত্তোলন করবেন। যে ব্যক্তি শেষ জমানায় তার আগমনকে অস্বীকার করবে তার কথায় কর্ণপাত করা যাবে না। [আশরাতুস সাআ: ৯৭]
শাইখ মুহসিন আল আব্বাদ বলেন, ২৬ জন সাহাবি থেকে ৩৬ টি গ্রন্থে ইমাম মাহদির আগমন সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত হয়েছে। [আররদ্দু আলা মান কাযাবা বিল-আহাদিসিস সহিহাহ আল-ওয়ারিদা ফিল মাহদি]
সিদ্দিক হাসান খান ভুপালি রহ. বলেন, ইমাম মাহদির ব্যাপারে অনেক হাদিস বিভিন্ন গ্রন্থে মুতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে। [আল-ইযাআ: ১১২]

📘 প্রতীক্ষিত মাহদি দাজ্জাল ও ইয়াজুজ মাজুজ 📄 কুরআনের আলোকে ইমাম মাহদি

📄 কুরআনের আলোকে ইমাম মাহদি


পবিত্র কুরআনের বহু আয়াতে ইমাম মাহদির আগমনের প্রত্যক্ষ ইঙ্গিত রয়েছে। ইমামুল মুফাসসিরিন আল্লামা ইবনে জারির তাবারি রহ.

لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
'তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা আর আখেরাতে রয়েছে বড়ো শাস্তি।'

এ আয়াতের ব্যাখ্যায় বলেন, এখানে দুনিয়াতে লাঞ্ছনা বলে ইমাম মাহদির আগমন, কুসতুনতুনিয়া বিজয় এবং তাদের ও তাদের পরিবার-পরিজনকে বন্দি করাকে বোঝানো হয়েছে।

ইমাম কুরতুবি রহ. হজরত কাতাদা রহ. থেকে বর্ণনা করেন, উপর্যুক্ত আয়াতে দুনিয়ার লাঞ্ছনা দ্বারা উদ্দেশ্য হলো ইমাম মাহদির আগমন, পৃথিবীব্যাপী তার রাজত্ব প্রতিষ্ঠা, আম্বুরিয়া, রুম, কুসতুনতুনিয়াসহ অন্যান্য শহর বিজয়। সেখানকার কাফের ও তাদের পরিবার-পরিজনকে বন্দি করা।

ইমাম শাওকানি রহ. বলেন, 'পবিত্র কুরআনের ওই আয়াতে তাদের পার্থিব লাঞ্চনার কথা বলে মাহদির আগমন, তার রাজত্ব প্রতিষ্ঠা এবং কুসতুনতুনিয়া বিজয়কে বোঝানো হয়েছে।'

নিম্নের আয়াতের ব্যাখ্যায় মুকাতিল ইবনে সুলায়মান রহ. বলেন,
وَإِنَّهُ لَعِلْمُ لِلسَّاعَةِ فَلا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمُ
'আর তিনি কিয়ামতের একটি নিশ্চিত নিদর্শন। অতএব তোমরা কিয়ামতকে মোটেও সন্দেহ করো না। তোমরা আমার অনুসরণ করো, আর এটাই হল সিরাতে মুস্তাকিম বা সরল পথ'

এ আয়াতে 'তিনি' দ্বারা উদ্দেশ্য ইমাম মাহদি; আল্লাহ তায়ালা যাকে শেষ জমানায় ঈমানদারদের নেতা হিসেবে প্রেরণ করবেন। তার আগমনের পর কিয়ামতের অন্যান্য নিদর্শন প্রকাশিত হবে এবং কিয়ামত সংঘটিত হবে。

টিকাঃ
৩. সুরা বাকারা: ১১৪।
৪. সুরা যুখরুফ: ৬১।

📘 প্রতীক্ষিত মাহদি দাজ্জাল ও ইয়াজুজ মাজুজ 📄 হাদিসের আলোকে ইমাম মাহদি

📄 হাদিসের আলোকে ইমাম মাহদি


ইমাম মাহদির আগমনের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। বহু হাদিসে তার আগমনের সুসংবাদ এসেছে।

হজরত আলি রাদি. থেকে ইবনে মাজাহ, মুসনাদে আহমদ ও সহিহ আল- জামে গ্রন্থে বর্ণিত হয়েছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
المهدي منا آل البيت، يصلحه الله في ليلة
'মাহদি আমার বংশ থেকে হবে। আল্লাহ তায়ালা তাকে একরাতে খিলাফতের যোগ্য বানাবেন।'

এ হাদিসে يصلحه الله في ليلة 'আল্লাহ তাকে একরাতে খিলাফতের যোগ্য বানাবেন' এর মর্ম হলো ইমাম মাহদি তাওবা করবেন। সংশোধিত হবেন। আল্লাহ তাকে সঠিক পথ প্রদর্শন করবেন। ফলে তখন তিনি খিলাফতের জন্য উপযুক্ত বিবেচিত হবেন।

হজরত আবু সাইদ খুদরি রাদি. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
المهدي مني أي: من آل البيت- أجلى الجبهة أي: واسع الجبهة، منحسر الشعر أقنى الأنف أي: حাদ الأنف، ليس بأفطس ولا معوج مع دقة أرنبته- يملأ الأرض قسطاً وعدلاً كما ملئت ظلما وجوراً، يملك سبع سنين
'মাহদি আমার বংশধর। তিনি উজ্জ্বল ও প্রশস্ত ললাটের ও সুউচ্চ নাসিকাবিশিষ্ট হবেন। তার দ্বারা গোটা দুনিয়ায় ইনসাফ কায়েম হবে। যেমনিভাবে ইতঃপূর্বে পুরো দুনিয়ায় অন্যায় প্রতিষ্ঠা হয়েছিল। তিনি সাত বছর খিলাফতের দায়িত্ব পালন করবেন।'

মুসতাদরাকে হাকেমে হজরত আবু সাঈদ খুদরি রাদি. থেকে আরো বর্ণিত হয়েছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
يخرج في آخر أمتي المهدي يسقيه الله الغيث، وتخرج الأرض نباتها، ويعطي المال صحاحاً، قال رجل: وما صحاحاً يا رسول الله؟ قال: أن يعطيه بين الناس بالسوية، وتكثر الماشية، وتعظم الأمة، ويعيش سبعاً أو ثمانياً
'আখেরি জমানায় আমার উম্মতের ভেতর মাহদির আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে। জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে। তিনি মানুষের মাঝে সমানভাবে সেগুলো বণ্টন করবেন। গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে। উম্মতে মুহাম্মদির সম্মান বৃদ্ধি পাবে। তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন।'

হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি. থেকে মুসনাদে আহমদ ও নাসায়িতে বর্ণিত হয়েছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
لن تهلك أمة أنا في أولها وعيسى بن مريم في آخرها، والمهدي في وسطها
'আমার উম্মত কখনোই ধ্বংস হবে না। কেননা এর শুরুতে রয়েছি আমি, শেষে রয়েছেন ইসা ইবনে মারইয়াম এবং মাঝে রয়েছেন মাহদি।'

হজরত উম্মে সালামা রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন,
سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: المهدي من عترتي من ولد فاطمة
'আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাহদি আমার বংশে ফাতেমার সূত্র ধরে আগমন করবে।

হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদি. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
لو لم يبق من الدنيا إلا يوم لطول الله ذلك اليوم حتى يبعث فيه رجلاً مني أو من أهلي يواطئ اسمه اسمي، واسم أبيه اسم أبي
'যদি দুনিয়ার মাত্র একটি দিনও বাকি থাকে আল্লাহ তায়ালা সেই দিনটিকেই দীর্ঘায়িত করবেন যতক্ষণ না তিনি আমার পরিবার থেকে এক ব্যক্তিকে প্রেরণ করবেন। আমার নামেই তার নাম, তার পিতার নাম আমার পিতার নামেই থাকবে।'

عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم في ذي القعدة تجاذب القبائل وتغادر فينهب الحاج فتكون ملحمة بمنى يكثر فيها القتلى ويسيل فيها الدماء حتى تسيل دماؤهم على عقبة الجمرة وحتى يهرب صاحبهم فيأتي بين الركن والمقام فيبايع وهو كاره يقال له إن أبيت ضربنا عنقك يبايعه مثل عدة أهل بدر يرضى عنهم ساكن السماء وساكن الأرض
'হজরত আমর বিন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলকদ মাসে বংশীয় গোত্রসমূহের মাঝে পারস্পরিক মতানৈক্য দেখা দেবে। প্রতিশ্রুতি ভেঙে দেওয়া হবে। ফলশ্রুতিতে হাজিদেরকে লুট করা হবে। মিনা প্রান্তরে যুদ্ধ সংঘটিত হবে। তাতে প্রচুর পরিমাণে হত্যাযজ্ঞ হবে। রক্তের বন্যা বয়ে যাবে। শেষ পর্যন্ত আকাবাতুল জামরাতেও রক্ত বইতে থাকবে। পরিস্থিতি এই পর্যন্ত পৌঁছবে যে, তাদের সাথি [ইমাম মাহদি] পালিয়ে কাবা শরিফের রুকন এবং মাকামে ইবরাহিমের মাঝামাঝি স্থানে চলে আসবে। অতঃপর তার ইচ্ছার বিরুদ্ধেই তার হাতে সকলকে বাইআত করা হবে। তাকে বলা হবে, আপনি আমাদের বাইআত নিতে অস্বীকার করলে আমরা আপনার গর্দান উড়িয়ে দেব। অতঃপর বদর যুদ্ধের সংখ্যা পরিমাণ [৩১৩ জন] লোক বাইআত গ্রহণ করবে। তাদের প্রতি আসমান ও জমিনের বাসিন্দাগণ সকলেই খুশি থাকবে।'

হজরত আবু উমামাহ রাদি. থেকে বর্ণিত,
خطبنا رسول الله صلى الله عليه وسلم وذكر الدجال فقال: فتنفي المدينة الخبث كما ينفي الكير خبث الحديد، ويدعى ذلك اليوم يوم الخلاص، قالت أم شريك : فأين العرب يا رسول الله يومئذ ؟ قال صلى الله عليه وسلم: هم يومئذ قليل، وجلهم ببيت المقدس، وإمامهم المهدي رجل صالح-، فبينما إمامهم المهدي تقدم ليصلي بهم الصبح إذ نزل عيسى بن مريم وقت الصبح، فيرجع ذلك الإمام ينكص يمشي القهقري ليتقدم عيسى، فيضع عيسى يده بين كتفيه ثم يقول له: تقدم فإنها لك أقيمت، فيصلي بهم إمامهم يعني: المهدي.
‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল বিষয়ে আমাদেরকে বলেন, মদিনা তার ভেতরকার ময়লা দূরীভূত করে দেবে যেভাবে হাপর লোহার মরিচা দূর করে দেয়। সেদিনের নাম হবে নাজাত দিবস। অতঃপর উম্মু শারিক বলেন, হে আল্লাহর রাসূল! সেদিন আরবের লোকজন কোথায় থাকবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেদিন তারা সংখ্যায় হবে খুব অল্প। তাদের অধিকাংশ মুমিন বান্দা সেদিন বাইতুল মুকাদ্দাসে অবস্থান করবে। তাদের ইমাম হলেন মাহদি। তিনি একজন সৎ ব্যক্তি। এমন অবস্থায় একদিন ইমাম মাহদি তাদের নিয়ে ফজরের নামাজ আদায় করবেন। তখন ঈসা ইবনে মারিয়াম সকাল বেলা আকাশ থেকে অবতরণ করবেন। তাকে দেখে ইমাম মাহদি পেছনে সরে যাবেন যেন ঈসা আলাইহিস সালাম সামনে গিয়ে নামাজের ইমামতি করতে পারেন। তখন ঈসা আলাইহিস সালাম তার হাত ইমাম মাহদির দুই কাঁধের ওপর রেখে বলবেন, আপনি সামনে যান এবং নামাজের ইমামতি করুন। কেননা, এই নামাজ আপনার জন্যই কায়েম হয়েছিল। অতঃপর তিনি তাদের নিয়ে নামাজ আদায় করবেন।’

এ উম্মতের জন্য এটি বিরাট সম্মান ও গৌরবের যে, হজরত ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তির পেছনে নামাজ আদায় করবেন। একজন নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উম্মতের পেছনে নামাজ আদায় করবেন।

হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
مُلْكُ الْأَرْضِ أَرْبَعَةٌ مُؤْمِنَانِ وَكَافِرَانِ، فَالْمُؤْمِنَانِ: ذُو الْقَرْنَيْنِ وَسُلَيْمَانُ عَلَيْهِ السَّلَامُ، وَالْكَافِرَانِ: النَّمْرُودُ وَبُخْتَنَصَّرُ، وَسَيَمْلِكُهَا خَامِسٌ مِنْ أَهْلِ بَيْتِي
'চার জন ব্যক্তি সমগ্র পৃথিবীকে শাসন করেছে। দুইজন কাফের আর দুইজন মুমিন। মুমিন দুইজন হলো জুলকারনাইন ও সুলাইমান আলাইহিস সালাম। কাফের দুইজন হলো নমরুদ ও বুখতেনসর। আর অচিরেই পঞ্চমজন আমার বংশ থেকে আগমন করবে।'

ইমাম মাহদির আগমনের আরো একটি নিদর্শন:
মসজিদে নববি একটি সাদা প্রাসাদে পরিণত হবে। হজরত মিহজান ইবনে আদরা রাদি. থেকে বর্ণিত,
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ النَّاسَ فَقَالَ يَوْمَ الْخَلَاصِ وَمَا يَوْمُ الْخَلَاصِ ثَلَاثَ مَرَّاتٍ فَقِيلَ يَا رَسُولَ اللهِ مَا يَوْمُ الْخَلَاصِ فَقَالَ يَجِيءُ الدَّجَّالُ فَيَصْعَدُ أُحُدًا فَيَطَّلِعُ فَيَنْظُرُ إلَى الْمَدِينَةِ فَيَقُولُ لِأَصْحَابِهِ أَلَا تَرَوْنَ إِلَى هَذَا الْقَصْرِ الْأَبْيَضِ هَذَا مَسْجِدُ أَحْمَدَ ثُمَّ يَأْتِي الْمَدِينَةَ فَيَجِدُ بِكُلِّ نَقْبِ مِنْ نِقَابِهَا مَلَكًا مُصْلِتًا فَيَأْتِي سَبْحَةَ الْجُرْفِ فَيَضْرِبُ رِوَاقَهُ ثُمَّ تَرْجُفُ الْمَدِينَةُ ثَلَاثَ رَجَفَاتٍ فَلَا يَبْقَى مُنَافِقٌ وَلَا مُنَافِقَةٌ وَلَا فَاسِقٌ وَلَا فَاسِقَةٌ إِلَّا خَرَجَ إِلَيْهِ فَتَخَلَّصَ الْمَدِينَةُ وَذَلِكَ يَوْمُ الْخَلَاصِ
'রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, মুক্তির দিন, মুক্তির দিন, মুক্তির দিন। একজন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল! মুক্তির দিন কী? উত্তরে তিনি বললেন, দাজ্জাল আসবে। উহুদ পর্বতের ওপর আরোহণ করে মদিনার দিকে ইঙ্গিত করে তার সাথিদেরকে বলবে, তোমরা কী ওই সাদা প্রাসাদটি দেখতে পাচ্ছ? এটি হচ্ছে আহমদের মসজিদ। অতঃপর সে মদিনার দিকে আসতে থাকলে মদিনায় প্রবেশ করার প্রতিটি রাস্তায় ধারালো তরবারি নিয়ে দাঁড়ানো ফেরেশতাদের দেখতে পাবে। ফলে সে সাবখাতুল জারফ নামক স্থানে স্বীয় ঘাটিতে ফিরে এসে সর্বশক্তি দিয়ে ভূমিতে আঘাত করবে। ফলে মদিনাতে বড়ো ধরনের তিনটি ভূমিকম্প অনুভূত হবে। জান-প্রাণের ভয়ে সকল ফাসেক-মুনাফেক নারী-পুরুষ মদিনা থেকে বের হয়ে দাজ্জালের সাথে চলে যাবে। এভাবেই মদিনা সকল প্রকার পাপিষ্ঠকে দূরে নিক্ষেপ করে পূত-পবিত্র হয়ে যাবে। এটাই হচ্ছে মুক্তির দিন।'

আমি আপনাদের জিজ্ঞেস করছি, আজ মসজিদে নববি দেখতে কেমন? তা কি হাদিসে বর্ণিত অবয়বের সাথে হুবহু মিলে যাচ্ছে না? এ প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই খুঁজে নিন। আর উপলব্ধি করতে থাকুন, কতটা ঘনিয়ে এসেছে ইমাম মাহদির আগমন।

টিকাঃ
৫. ইবনে মাজাহ: ৪০৮৫।
৬. আবু দাউদ: ৪২৮৬।
৭. মুসতাদরাকে হাকেম: ৭১১।
৮. আবু দাউদ: ৩৬০৩।
৯. তিরমিজি: ২২৩২।
১০. মুসতাদরাক হাকেম: ৮৫৩৭।
১১. সুনানে ইবনে মাজাহ: ২/৫১২।
১২. তারিখে ইবনুল জাওযি।
২১. মুসলিম, কিতাবুল ফিতান।
২২. মুসতাদরাকে হাকেম: ৮৬৩১; কানযুল উম্মাল: ৩৮৮৩৩; মুসনাদে আহমদ: ১৮৯৭৫।

📘 প্রতীক্ষিত মাহদি দাজ্জাল ও ইয়াজুজ মাজুজ 📄 সালাফদের অনুসন্ধিৎসু দৃষ্টিতে

📄 সালাফদের অনুসন্ধিৎসু দৃষ্টিতে


ইমাম মাহদির আগমন এবং তার খিলাফতের ব্যাপারে উলামায়ে কেরামের যেসব বক্তব্য রয়েছে তা সত্য। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. বলেন, 'যেসব হাদিসে মাহদির আগমনের কথা বর্ণিত হয়েছে সেগুলো সহিহ হাদিস। শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহহাব রহ. বলেন, 'দলিল-প্রমাণের আলোকে এ কথাই প্রমাণিত যে, মাহদি হবেন হজরত হাসান রাদি.-এর বংশধর। যেমনটি আবু দাউদ ও অন্যান্য গ্রন্থে উল্লেখ করা হয়েছে।'

প্রখ্যাত মুফাসসির, মুহাদ্দিস ও ঐতিহাসিক আল্লামা ইবনে কাসির রহ. আল-বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে বলেছেন, মাহদি হলেন খুলাফায়ে রাশেদা এবং পথিকৃত ইমামদের মধ্য থেকে একজন। তিনি রাফেজিদের অন্তর্ভুক্ত হবেন না। ভূগর্ভস্থ থেকে বের হবেন না। প্রচলিত এসব কথাবার্তার কোনো ভিত্তি নেই।'

আল্লামা ইবনুল কাইয়িম রহ. বলেন, 'মুসলমানরা হজরত ঈসা আলাইহিস সালামের আগমনের অপেক্ষা করছে। তিনি এসে ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, ইহুদি ও খ্রিষ্টানদের মধ্য থেকে যারা তার শত্রু তাদেরকে হত্যা করবেন। এবং মুসলমানরা মাহদির আগমনের অপেক্ষা করছে যিনি আহলে বাইতের মধ্য থেকে হবেন। পৃথিবীতে ন্যায় ও ইনসাফের শাসন কায়েম করবেন।

ইমাম মাহদির আলোচনা ইহুদি-খ্রিষ্টানদের কিতাবসমূহেও বর্ণিত হয়েছে। কাব আল-আহবার বলেন, 'আমি পূর্ববর্তী নবীদের কিতাবসমূহে মাহদির আগমনের সংবাদ পেয়েছি। তার রাজত্বে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কোনো প্রকার জুলুম থাকবে না।'

ইহুদিদের এক কিতাবে তাদেরকে সম্বোধন করে বলা হয়েছে, 'যখন পৃথিবীতে তোমাদের সন্তান-সন্ততি অধিক হবে, তোমাদের ক্ষমতা ও রাজত্ব চারদিকে ছড়িয়ে পড়বে, পার্থিব ঐশ্বর্যে যখন তোমরা শীর্ষে উন্নীত হবে, যখন তোমরা তোমাদের রবের অবাধ্যতা ও নাফরমানির চূড়ান্ত সীমা অতিক্রম করবে, আমি এই আসমান ও জমিনকে সাক্ষী রেখে বলছি, তখনই তোমাদের ধ্বংস ঘনিয়ে আসবে। তোমাদের পতন হবে এক প্রতীক্ষিত যুবকের হাতে।'

আল্লাহু আকবার! কে সেই প্রতীক্ষিত যুবক যার হাতে পতন ঘটবে অভিশপ্ত ইহুদিদের? পৃথিবীর সকল অন্যায় অপরাধের মূলোৎপাটন করে কোন প্রতিশ্রুত যুবক প্রতিষ্ঠা করবে ইনসাফের রাজ? তিনি মাহদি-যার বরকতময় আগমন হবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে। পৃথিবীবাসী অধীর প্রতীক্ষায় থাকবে তার আগমনের। ইহুদিদের জুলুম ও নিপীড়নে পৃথিবী তখন অতিষ্ঠ হয়ে উঠবে। ইহুদিদের কিতাবে বর্ণিত উল্লিখিত বক্তব্যের সাথে আল্লাহ সুবহানাহু তায়ালার এই আয়াত মিলিয়ে নাও। দেখো কত চমৎকার সামঞ্জস্য।

وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا * فَإِذَا جَاءَ وَعْدُ أُولاهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا أُولِي بَأْسٍ شَدِيدٍ فَجَاسُوا خِلالَ الدِّيَارِ وَكَانَ وَعْدًا مَفْعُولًا * ثُمَّ رَدَدْنَا لَكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ وَأَمْدَدْنَاكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَجَعَلْنَاكُمْ أَكْثَرَ نَفِيرًا * إِنْ أَحْسَنتُمْ أَحْسَنتُمْ لِأَنفُسِكُمْ وَإِنْ أَسَأْتُمْ فَلَهَا فَإِذَا جَاءَ وَعْدُ الآخِرَةِ لِيَسُوءُوا وُجُوهَكُمْ وَلِيَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٍ وَلِيُتَبَّرُوا مَا عَلَوْا تَتْبِيرًا

'আমি বনি ইসরাইলের প্রতি কিতাবে ঘোষণা দিয়েছিলাম যে, দুনিয়ায় তোমরা দু-বার বিপর্যয় সৃষ্টি করবে এবং বড়ো রকমের ঔদ্ধত্য প্রদর্শন করবে। অতঃপর যখন ওই দুটির প্রথমটির প্রতিশ্রুতি এসেছিল তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার প্রচণ্ড শক্তিশালী বান্দাদের পাঠিয়েছিলাম। তারা ঘরবাড়ির ভেতর প্রবেশ করেছিল। এটি একটি কার্যকর প্রতিশ্রুতি ছিল। তারপর তাদের বিরুদ্ধে আবার তোমাদের পালা [ক্ষমতা] ফিরিয়ে দিয়েছিলাম। ধন-সম্পদ, পুত্রসন্তান দ্বারা তোমাদের সাহায্য করেছিলাম এবং তোমাদের সংখ্যাগরিষ্ঠ করেছিলাম। তোমরা ভালো কাজ করলে নিজেদের জন্যই করবে। আর খারাপ কাজ করলে তাও নিজেদের জন্যই। তারপর যখন দ্বিতীয় প্রতিশ্রুতির সময় এসেছিল তখন তাদেরকে পাঠিয়েছিলাম যাতে তারা তোমাদের মুখমণ্ডল বিকৃত করে। প্রথমবার যেভাবে মসজিদে প্রবেশ করেছিল সেভাবে মসজিদে প্রবেশ করে এবং যেখানেই চড়াও হয় সবকিছু তচনছ করে দেয়।

টিকাঃ
১৩. সুরা ইসরা: ৪-৭।

ফন্ট সাইজ
15px
17px