📄 এক আশ্চর্য মুজিযা এক মুষ্টি বালুকণা দ্বারা সমস্ত বাহিনীর পরাজয় এবং ফিরিশতাদের সাহায্য
বদর যুদ্ধের এক পর্যায়ে রাসূলুল্লাহ (সা.) এক মুষ্টি বালু বা কঙ্কর নিয়ে শত্রুদের লক্ষ্য করে ছুড়ে মারেন এবং বলেন, "শত্রু মুখমণ্ডলসমূহ বিগড়ে যাক।" আল্লাহর অসীম কুদরতে সেই বালুকণা প্রতিটি কাফের সৈন্যের চোখে গিয়ে পৌঁছায়, যার ফলে তারা দিশেহারা হয়ে পড়ে। পবিত্র কুরআনে বলা হয়েছে, "আপনি যখন নিক্ষেপ করেছিলেন, তখন আপনি নিক্ষেপ করেননি বরং আল্লাহ-ই নিক্ষেপ করেছিলেন।" এর সাথে সাথে ফেরেশতাদের অবতরণ শত্রুবাহিনীকে চূড়ান্ত পরাজয়ের দিকে ঠেলে দেয়।
📄 যুদ্ধবন্দীদের সাথে মুসলামানদের আচরণ : সভ্যতার দাবীদার ইউরোপীয়দের জন্য শিক্ষা
বদর যুদ্ধে সত্তর জন কাফের বন্দি হয়। রাসূলুল্লাহ (সা.) তাদের সাথে অত্যন্ত মানবিক আচরণ করার নির্দেশ দেন। সাহাবীরা নিজেরা খেজুর খেয়ে বন্দিদের উন্নত খাবার তথা রুটি খেতে দিতেন। তাদের পোশাক ও থাকার সুব্যবস্থা করা হয়েছিল। যারা শিক্ষিত ছিল, তাদের মুক্তিপণ হিসেবে ধার্য করা হয়েছিল দশ জন মুসলিম শিশুকে অক্ষরজ্ঞান দান করা। যুদ্ধবন্দীদের প্রতি ইসলামের এই উদার ও সহনশীল আচরণ বর্তমান বিশ্বের তথাকথিত উন্নত রাষ্ট্রগুলোর জন্য এক উজ্জ্বল শিক্ষা।
📄 ইসলামী সাম্য
বদর যুদ্ধের প্রতিটি পদক্ষেপে ইসলামী সাম্যের প্রতিফলন দেখা যায়। মদীনা থেকে বদর যাওয়ার পথে উটের সংখ্যা ছিল কম, তাই রাসূল (সা.) এবং সাহাবীরা পালাক্রমে উটে চড়তেন। যখন রাসূল (সা.)-এর হাঁটার পালা এল, সাহাবীরা তাঁকে উটে চড়ে থাকতে অনুরোধ করলে তিনি বলেন, "তোমরা আমার চেয়ে বেশি শক্তিশালী নও এবং সওয়াবের ক্ষেত্রে আমিও তোমাদের চেয়ে অমুখাপেক্ষী নই।" যুদ্ধের ময়দানে ধনী-দরিদ্র, উচ্চ-নীচ কোনো ভেদাভেদ ছিল না; সবাই ছিল এক আল্লাহর দাস ও ভ্রাতৃপ্রতিম সৈন্য।
📄 আবুল আসের ইসলাম গ্রহণ
রাসূলুল্লাহ (সা.) এর কন্যা হযরত যায়নাব (রা.) তাঁর স্বামীর পূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন। বদরের যুদ্ধে তাঁর স্বামী আবুল আস ইবনে রবি মুসলমানদের বিরুদ্ধে কুরায়শদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং বন্দি হন। হযরত যায়নাব (রা.) জানতে পেরে আবুল আসের মুক্তিপণস্বরূপ নিজের গলার হার পাঠিয়ে দেন। মক্কায় অবস্থানরত মেয়ের গলার হার দেখে স্নেহশীল পিতার হৃদয়ে দহন-যন্ত্রণা শুরু হয়। তিনি সাহাবীদের সম্মতিতে আবুল আসকে মুক্তি দেন। পরবর্তীতে আবুল আস মক্কা ত্যাগ করে মদিনায় চলে আসেন এবং ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়নাব রাযিয়াল্লাহু আনহাকে পুনরায় তাঁর কাছে ফিরিয়ে দেন।