📘 প্রোপাগান্ডা 📄 আবু গারিব, গুয়ান্তানামো | অসভ্যতার সীমা কোথায়

📄 আবু গারিব, গুয়ান্তানামো | অসভ্যতার সীমা কোথায়


সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের বন্দিদের ওপর নির্যাতন পরিচালনার পথকে বাধাহীন করতে ডোনাল্ড রামম্ফেল্ড অ্যামেরিকান মিলিটারিতে রিফর্মেশন নিশ্চিত করে। জেনারেল ও জয়েন্ট চিফ অব স্টাফরা তাতে সম্মতি দিক বা না-দিক। রামম্ফেল্ড টিমের সঙ্গে দ্বিমত পোষণকারী যেকোনো সিনিয়র অফিসার হয় ওনাদের সঙ্গে মানিয়ে নিয়েছে, নয়তো-বা তাদেরকে অবসর গ্রহণে বাধ্য করা হয়েছে (Clarke, 2008, p. 52)। ১৭ জানুয়ারি ২০০২, অফিস অব পাবলিক অ্যাফেয়ার্স থেকে দেওয়া পেন্টাগনের ব্রিফিং-এ অ্যামেরিকান মিলিটারির সর্বোচ্চ পর্যায় থেকে বিশ্বকে জানিয়ে দেওয়া হয়, তারা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধতে ধৃত ব্যক্তিদের যুদ্ধবন্দি¹-এর বদলে প্রচলিত আন্তর্জাতিক নিয়মের বাইরে গিয়ে ডিটেইনি² হিসেবে বিবেচনা করবে। তারা দাবি করে, এসকল বন্দিরা খুবই বিপজ্জনক। তাঁদের নিজেদের এবং অ্যামেরিকার 'সুরক্ষা' নিশ্চিত করতে তাদেরকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে বিশ্বের অপর প্রান্তে কিউবার গুয়ান্তানামো-বে নৌঘাঁটিতে নেওয়া হবে।

যুদ্ধনীতি আর জেনেভা কনভেনশন ছুড়ে ফেলা হলো ডাস্টবিনে। আফগানিস্তানের বাগরাম, ইরাকের আবু গারিব, কিউবার গুয়ান্তানামো বে কারাগার এবং বহির্বিশ্বে সিআইএ-র অন্যান্য গোপন কারাগারে গ্রেফতারকৃত ব্যক্তিদের স্থানান্তরিত করা হলো। উল্লিখিত প্রতিটি কারাগারে চালানো শুরু হলো পাশবিক নির্যাতনের স্টিমরোলার। মার্কিন সরকার দাবি করল, তালিবান কারাবন্দিরা যুদ্ধে শত্রুপক্ষের বন্দি (EPW)³ হিসেবে বিবেচিত হবে না। কারণ মুক্তিযোদ্ধা তালিবান বাহিনী আফগান সরকারকে 'উপস্থাপন' করে না। তারা দাবি করল, আফগানিস্তান ছিল একটি 'ব্যর্থ রাষ্ট্র', তাই ১৯৪৯ জেনেভা কনভেনশন-এর সুরক্ষা প্রদানকারী বিধানসমূহ⁴ তাঁদের জন্য প্রযোজ্য নয় (Greenberg & Dratel, 2005, pp. 38-79)। ২৫ জানুয়ারি, ২০০২, ডিপার্টমেন্ট অব জাস্টিস-এর আলবার্তো গঞ্জালেস—পরবর্তীকালে এটর্নি জেনারেল—এক মেমোরান্ডামে মত প্রকাশ করেন যে, প্রেসিডেন্ট চাইলে জেনেভা কনভেনশনকে 'বৈধভাবে' বাইপাস করতে পারেন (Greenberg & Dratel, 2005, pp. 118-121)। ডিপার্টমেন্ট অব জাস্টিস পরামর্শ দেয় যে, গুয়ান্তানামো প্রিজন উচ্চ পর্যায়ের তালিবান ও আল কায়েদা বন্দিদের জন্য নিরাপদ বন্দিশালা হিসেবে আদর্শ একটি স্থান। কারণ, বন্দিরা সেখানে তাঁদের বিরুদ্ধে নির্যাতনের কোনো আইনি প্রতিবাদ করতে পারবে না। তাঁদের কাছে আইনজীবীদের পৌঁছানোর রাস্তাও বন্ধ করে দেওয়া হবে।

৭ ফেব্রুয়ারি, ২০০২, প্রেসিডেন্ট বুশ সরাসরি বলেন, 'জাস্টিস ডিপার্টমেন্ট-এর চূড়ান্ত ফয়সালা অনুযায়ী অ্যামেরিকার শত্রুদের বিরুদ্ধে জেনেভার কোনো বিধানই প্রযোজ্য নয়। তবে, পলিসি অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীসমূহ “বন্দীদের” সঙ্গে 'মানবিক' আচরণ করবে, সামরিক প্রয়োজনীয়তার সঙ্গে সঙ্গতিপূর্ণ। ও যথার্থ উপায়ে, যে পদ্ধতি জেনেভার নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ' (Greenberg & Dratel, 2005, p. 135)।

অ্যামেরিকানরা বন্দীদের সঙ্গে ঠিক কোন পর্যায়ের 'মানবিক' আচরণ করেছে, সেটি একটু পর বিস্তারিত বর্ণিত হবে ইনশাআল্লাহ। এ ধরনের আরও কিছু মেমোরান্ডাম বুশ প্রশাসনের উচ্চ পর্যায়ে লেনদেন হয়, যার মাধ্যমে তারা রাষ্ট্রীয় পর্যায়ে 'বৈধ' উপায়ে নির্যাতনের উপায়গুলো খুঁজে বের করেন। অবশেষে, বিচার বিভাগের সহায়তায় বুশ প্রশাসন ১৯৪৯ জেনেভা কনভেনশনকে কার্যত বাতিল ঘোষণা করে। ইরাক আক্রমণের পর অ্যামেরিকা সাদ্দাম হোসেনের ব্যবহৃত প্রিজন সিস্টেম নিজেদের নির্যাতন পরিচালনার কাজে ব্যবহার করতে শুরু করে। ২২ এপ্রিল ২০০৩ তারা আবু গারিব কারাগার দখল করে নেয়। আগস্টের ৪ তারিখে এটির নাম বদলে রাখা হয় বাগদাদ ডিটেনশন সেন্টার।৫ মার্কিনীরা এখানকার কোনো বন্দিকে 'বিশেষ বিপজ্জনক' মনে করলে তাকে পাঠিয়ে দেওয়া হতো গুয়ান্তানামো বে-তে।

টিকাঃ
১. prisoner of war, POWs বা যুদ্ধবন্দি।
২. Detainee বলতে এমনসব বন্দিদের বোঝানো হয়, যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ ছাড়াই তাদেরকে কাস্টডিতে বন্দি করে রাখা হয়।
৩. Enemy prisoner of war, EPW বা যুদ্ধে শত্রুপক্ষের বন্দি।
৪. Provision
৫. Baghdad detention center

📘 প্রোপাগান্ডা 📄 নির্যাতনের স্বরূপ

📄 নির্যাতনের স্বরূপ


সেপ্টেম্বর ১২, ২০০২, জাতিসংঘের ভাষণে বুশ বলেছিলেন, সাদ্দাম হোসেন মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করেছে এবং ইরাকে নির্যাতন সর্বাত্মক রূপ ধারণ করেছে। তিনি সাদ্দাম হোসেনের 'অবাধ্য গ্রেফতার ও কারাগারে বন্দি করা, তাৎক্ষণিক হত্যা, প্রহার ও পোড়ানোর মাধ্যমে নির্যাতন, ইলেকট্রিক শক, অনাহার, অঙ্গচ্ছেদ ও ধর্ষণের মাধ্যমে নির্যাতন'-এর সমালোচনা করেন। তিনি বলেন, 'ইরাকে স্ত্রীদেরকে তাঁদের স্বামীর সামনে, সন্তানদেরকে তাঁদের বাবা-মার সম্মুখে নির্যাতন করা হয়— এই ধরনের সকল ভয় (সৃষ্টিকারী ঘটনা) সর্বগ্রাসী রাষ্ট্রযন্ত্রের সাহায্যে বিশ্ব থেকে গোপন রাখা হয়' (Bush G. W., 2002c)।

সাদ্দাম হোসেনের নির্যাতনের বিরুদ্ধে জোর আওয়াজ তোলা অ্যামেরিকা ইরাক ও আফগানিস্তানের নাগরিকদের সঙ্গে যে আচরণ করে, সেটি সাদ্দামের করা নির্যাতন থেকে কোনো অংশেই কম নির্মম ছিল না। বরং সকল ক্ষেত্রেই মার্কিনীরা নৃশংসতার সীমা অতিক্রম করেছে। সবচেয়ে পরিহাসজনক বিষয় হলো, জাতিসংঘে সাদ্দামের বিরুদ্ধে বুশ যে অভিযোগের ফিরিস্তি দিল, তাঁর প্রত্যেকটি অপরাধ অ্যামেরিকা পুনরায় করে দেখিয়েছে ওয়ার অন টেররে। সেটিও তারা করেছে মানবাধিকার প্রতিষ্ঠার বুলি আওড়িয়ে।

আবু গারিব থেকে তিনি কেলী নামের এক নারীকে নিয়মিত ইমেইল করতেন। গতানুগতিক কয়েকটি মেইল নিয়মিত পাঠাবার পর অক্টোবর ২০, ২০০৩-এ তাঁর লেখা একটি মেইলে বেশ চাঞ্চল্যকর ভাষা ফুটে উঠে। মেইলটিতে লেখা কথাগুলো ছিল এরকম—

অক্টোবর ২০, ২০০৩ রাত ১০: ৪০
কেলী
ওকে (Okay), আমি আর এসব (নির্যাতন) পছন্দ করি না। শুরুতে এগুলো (বেশ) মজাদার ছিল, কিন্তু এরা (মার্কিন সৈন্য) খুবই সীমালঙ্ঘন করছে। আমি গত রাতে তোমাকে চিঠি লেখা শেষ করে দিয়েছিলাম। কারণ, এমআই¹ বন্দিদের জাগানো এবং তাদের সঙ্গে 'অসভ্যতা' করার সময় হয়েছিল। কিন্তু সীমা খুব বেশি অতিক্রম করা হচ্ছে, এমনকি যা চলছে তা আমিও (মানসিকভাবে) সামাল দিতে পারছি না। এগুলো আমি আমার মাথা থেকেই বের করতে পারছি না। হুইসেল দেওয়ার পর আমি সিঁড়ি দিয়ে হেঁটে নিচে যাই আর Asp² দিয়ে সেলগুলোতে আঘাত করতে করতে গিয়ে 'ট্যাক্সি ড্রাইভার'কে খুঁজে পাই (মাথার ওপর দিয়ে হাত) পেছনের দিকে জানালার সঙ্গে হাতকড়া লাগানো, নগ্ন অবস্থায়, তাঁর অন্তর্বাস তাঁর মাথা ও মুখমণ্ডলে রাখা। তাকে যীশু খ্রিস্টের মতো লাগছিল। শুরুতে আমার হাসি পায়, তাই ক্যামেরা দিয়ে আমি তাঁর ছবি তুললাম। আমি ভাবলাম, এটা হাস্যকর। (কিন্তু) তারপর সেটি আমাকে (হৃদয়ে) আঘাত করল, এটা এক প্রকার নির্যাতন। তুমি এটা করতে পারো না। তারা (নির্যাতনকারীরা) তাঁর (ট্যাক্সি ড্রাইভার) সঙ্গে কথা বলতে শুরু করল। শুরুতে সে বলছিল, 'আমি শুধুই একজন ট্যাক্সি ড্রাইভার, আমি কিছুই করিনি।' সে দাবি করছিল সে কখনোই মার্কিন সৈন্যদের আহত করার চেষ্টা করেনি। তারপর সে চুপ করল। তাকে রেখে তারা সেল #০৪ এ গেল। (সেল #০৪-এর) এই ব্যক্তি এতটাই আহত ছিল যে, যখন তারা সেলের গরাদ দিয়ে তাঁর পা ধরল, সে তীক্ষ্ণ আর্তনাদ করে কাঁদতে আরম্ভ করল। আল্লাহর কাছে প্রার্থনা (দুআ) করার পর সে কয়েক সেকেন্ড পর সারারাত একটানা ক্ষুদ্র 'আহ, আহ' গোঙানির শব্দ করছিল। তারা এ (ব্যক্তি)কে কী করেছে আমার জানা নেই। প্রথম (ড্রাইভার) লোকটা দেড়-দুই ঘণ্টা হাতকড়া বাঁধা অবস্থায় ছিল। তারপর সে আল্লাহর নাম নিয়ে আর্তনাদ করছিল। তাই তারা ফিরে গিয়ে তাকে উভয় দিকের বিছানার উঁচু পাটাতনের সঙ্গে হাতকড়া পরাল, সে তখন (উভয় বিছানার) পার্শ্বদেশে দাঁড়াল। এক ঘণ্টার কিছু সময় পর সে আবারও আল্লাহর নাম বলে বলে আর্তনাদ শুরু করল। খুব বেশি মানুষ জানে না এখানে কী পরিমাণ অনাচার হচ্ছে। আমি জানি না এসব আমি মানসিকভাবে নিতে পারব কি না। যদি আমি তাঁদের স্থানে থাকতাম তাহলে কী হতো! কেলী, এটা ভয়ংকর, তুমি জানো! আমি আমার চিন্তাভাবনায় কতটা হতবিহ্বল। আমার উভয়সত্তা-ই মনে করে এটা ভুল। আমি ভাবতাম আমি সবকিছু সামলাতে পারব। (কিন্তু), আমি ভুল ছিলাম।
সাবরিনা (Gourevitch & Morris, 2008)

জুন ২০০৩, আবু গারিবে নির্যাতন নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রথম রিপোর্ট প্রকাশ করে। নভেম্বরে অ্যাসোসিয়েটেড প্রেস-ও এ ব্যাপারে রিপোর্ট পাবলিশ করে। ১৩ জানুয়ারি, ২০০৪, মিলিটারি পুলিশ বিগ্রেড-এর স্পেশালিষ্ট ডার্বি³ রিপোর্ট প্রদান করেন যে, আবু গারিবে বন্দি নির্যাতন হচ্ছে। নির্যাতন শুরু হবার এতগুলো মাস পর আর্মির সিআইডি⁴ তদন্ত শুরু করে। কিন্তু, হাই কমান্ড তখন তদন্তে হস্তক্ষেপ করে, লেফটেন্যান্ট জেনারেল রিকার্ডো সানচেজ সুপারিশ করে, যেন ইউএস সেন্ট্রাল কমান্ড এ ঘটনার তদন্তের দায়িত্ব নেয় (Doyle, 2010)। ফেব্রুয়ারি ২০০৪, জেনারেল McKiernan মেজর জেনারেল অ্যান্টোনিও তাগুবা⁵-কে তদন্তের দায়িত্ব প্রদান করেন। তাঁকে তদন্তের যে আদেশপত্র দেওয়া হয়, সেখানে তাঁকে শুধু নিম্ন পদমর্যাদার সৈন্যদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছিল। এর কারণ ছিল একেবারেই স্পষ্ট—নির্যাতনের আদেশ আসলে এসেছিল সর্বোচ্চ দায়িত্বশীলদের কাছ থেকে। ৩ মার্চ, ২০০৪, তাগুবা টিম McKiernan-এর কাছে প্রাথমিক রিপোর্ট পেশ করে। ওই রিপোর্টে ছয়জন ননকমিশনড অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সিবিএস-এর ৬০ Minutes II প্রোগ্রামে নির্যাতনের ঘটনাপ্রবাহ সম্প্রচারিত হওয়ার কথা ছিল, এয়ারফোর্স জেনারেল মায়ার্স⁶—জয়েন্ট চিফ অব স্টাফ-এর প্রধান এবং অ্যামেরিকার তৎকালীন সবচেয়ে সিনিয়র অফিসার—সিবিএসকে অনুরোধ করেন আবু গারিবের ওপর তৈরিকৃত তাঁদের রিপোর্টটির প্রচার পিছিয়ে দেওয়ার জন্য। সিবিএস তাঁর অনুরোধ রক্ষা করে। ১ মে, সিমোর হার্শ, তাগুবা রিপোর্ট নিয়ে প্রথম অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেন এবং পরবর্তীকালে এর ওপর আরও দুটি প্রতিবেদন লিখেন।

দায়িত্বশীলদের নিকট এই নির্যাতনের জবাব চাইল মার্কিন কংগ্রেস। ৭ মে ও ১১ মে, রামম্ফেল্ড ক্যাপিটল হিল-এ কংগ্রেসের সঙ্গে সংলাপে যোগদান করে। তিনি সিনেটরদের বললেন, 'কঠোর' তদন্ত পদ্ধতিগুলো তারা অনুমোদন করেছেন, এবং পেন্টাগনের আইনজীবীরা নিশ্চিত করেছে যে, সেগুলো জেনেভা কনভেনশনের সাথে সঙ্গতিপূর্ণ! প্রেসিডেন্ট বুশ নির্যাতনের ঘটনাকে উড়িয়ে দিতে চাইলেও পরবর্তীকালে রামম্ফেল্ডকে সিনেট আর্মড সার্ভিসেসের সামনে ক্ষমাপ্রার্থনা করতে হয় (Doyle, 2010)।

আবু গারিবে কী ধরনের নির্যাতন ঘটেছিল, যার কারণে পুরো পৃথিবীতে অ্যামেরিকার সমালোচনা শুরু হয়? তাগুবা রিপোর্ট অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বর ২০০৩-এর মধ্যবর্তী সময়ে আবু গারিবের অনেক বন্দির ওপর অবাধ অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়। নির্যাতনের অভিযোগ সাক্ষীদের বিস্তারিত বিবৃতি আর অত্যন্ত দৃষ্টিকটু ফটোগ্রাফি ও ভিডিও দ্বারা প্রমাণিতও হয়। তাগুবা টিম নিম্নোক্ত অপরাধগুলোর প্রমাণ খুঁজে পায় :
* ঘুষি, থাপ্পড়, লাথি; নগ্ন পায়ের ওপর লাফানো
* নগ্ন পুরুষ ও মহিলা বন্দির (Detainee) ছবি তোলা ও ভিডিও করা
* বন্দিদের ছবি তোলার জন্য তাদেরকে নানা রকম অশ্লীল যৌন পজিশনে সাজানো; তারপর ছবি তোলা
* বন্দিদের কাপড় খুলতে বাধ্য করা এবং টানা বহুদিন এভাবে কাপড় ছাড়া থাকতে বাধ্য করা
* বহু পুরুষ বন্দিদেরকে নারীদের অন্তর্বাস পরতে বাধ্য করা
* পুরুষ বন্দিদের ছবি তোলা ও ভিডিও করার সময়ে হস্তমৈথুনে বাধ্য করা
* নগ্ন পুরুষ বন্দিদের স্তূপের মতো জড়ো করে তাদের ওপর লাফানো
* একজন নগ্ন পুরুষ বন্দিকে বক্সের ওপর দাঁড়িয়ে করিয়ে মাথায় বালুর বস্তা পরিয়ে, তাঁর হাত ও পায়ের আঙুলে, এবং পুরুষাঙ্গে তাঁর জড়িয়ে ইলেকট্রিক শক দেওয়ার ভান করা
* নগ্ন বন্দির গলায় কুকুরের চেইন বেঁধে তাকে নিয়ে নারী সেনার ছবির জন্য পোজ দেওয়া
* নারী বন্দিকে জোরপূর্বক ধর্ষণ
* কুকুর দিয়ে ভয় দেখানো, 'অন্তত' একজনকে কুকুর দিয়ে কামডিয়ে আহত করা
* ইরাকি বন্দির মৃতদেহের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি তোলা (Taguba, ২০০৪)।

এসকল নির্যাতন ছাড়াও তাগুবা অতিরিক্ত কিছু নির্ভরযোগ্য প্রমাণভিত্তিক নিপীড়নের ব্যাপারে রিপোর্ট করেন:
* কেমিক্যাল লাইট ভেঙে বন্দির গায়ের ওপর ফসফরিক লিকুইড ঢেলে দেওয়া
* নগ্ন বন্দিদের ওপর ঠাণ্ডা পানি ঢালা
* বন্দিদের চেয়ার ও ক্রম-হ্যান্ডল দিয়ে প্রহার
* পুরুষ বন্দিকে ধর্ষণের হুমকি
* বন্দির মলদ্বার দিয়ে কেমিক্যাল লাইট এবং (সম্ভবত) ক্রম স্টিক প্রবেশ করানো (Taguba, 2004)।

আবু গারিবের বন্দি নং-১৯৪৪৬-এর সাথে তাগুবা টিমের প্রশ্নোত্তর পর্বটি ছিল এরকম—
প্র : আপনার সঙ্গে যখন গার্ডরা এভাবে আচরণ করছিল তখন আপনি কেমন অনুভব করতেন?
উ : আমি নিজেকে মেরে ফেলতে চাইতাম, কিন্তু আমার কাছে এটা করার কোনো রাস্তা ছিল না।
প্র : গার্ডরা কি আপনাদের হাত ও হাঁটুর ওপর ভর দিয়ে হামাগুড়ি দিতে বাধ্য করেছিল?
উ: হ্যাঁ, তারা আমাদের এসব করতে বাধ্য করত।
প্র : আপনারা যখন হামাগুড়ি দিতেন তখন গার্ডরা কী করত?
উ: তারা আমাদের পিঠের ওপর চড়ে বসত, যেভাবে কোনো পশুর ওপর চড়ে (Taylor, 1990/2003)।

সাঈদ আল শেইখাস⁷ নামক এক সিরিয়ান বন্দি তাগুবাকে জানায়, অন্যান্য নির্যাতনের পাশাপাশি তাকে শূকরের গোশত খেতেও বাধ্য করা হয়। অ্যামেরিকানরা তাকে হাতকড়া পরিয়ে বিছানায় ঝুলাত। তারপর তাকে বলত ইসলামকে অভিশাপ (গালি) দিতে। সেনারা তাঁর ভাঙা পায়ে আঘাত করতে শুরু করলে সে ইসলামকে অভিশাপ দিতে বাধ্য হয় (Otterman, 2007)।

২০১৪-তে ইরাকের আবু গারিব ও অন্যান্য কারাগারে তোলা অপ্রকাশিত ২,১০০টি ছবি ওবামা প্রশাসন প্রকাশ না করার সিদ্ধান্ত গ্রহণ করে। ACLU-এর স্টাফ অ্যাটর্নি অ্যালেক্স বলেন, 'এ ছবিগুলো কমপক্ষে সাতটি ভিন্ন ভিন্ন কারাগার থেকে এসেছে। আমরা (সাধারণ মানুষ) মনে করি, আবু গারিব (হয়তো) বিচ্ছিন্ন ঘটনা ছিল—এই বিশ্বাসকে এটি (ছবিগুলো) চিরতরে মিটিয়ে দেবে।' তাঁর ভাষায়, 'এই নির্যাতন ছিল অবশ্যই অফিশিয়াল পলিসি। বিভিন্ন কারাগারে বিভিন্ন কমান্ডারের অধীনে এই (ঘটনাগুলো) ছিল ব্যাপক' (Walker, 2014)।

মামদু হাবিব⁸, ১৯৫৫ খ্রিষ্টাব্দে মিশরে জন্ম নেওয়া এক অস্ট্রেলিয়ান নাগরিক। ১৯৮২ খ্রিষ্টাব্দে সিডনিতে স্থানান্তরিত হয়ে সেখানকার নাগরিক মাহাকে বিয়ে করা হাবিব পরবর্তী বছরগুলোতে ইসলামের প্রতি আকৃষ্ট হন। ধর্মীয় বিধিবিধান মানা শুরু করেন এবং বিশ্বে মুসলিমদের সমস্যা নিয়ে চিন্তা করতে শুরু করেন। সংক্ষেপে তাঁর সাথে যা ঘটে তা হলো, ১৯৯১ সালে, অস্ট্রেলিয়ান সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা এএসআইও সিডনির মুসলিম সম্প্রদায়ের 'ভেতরের' একজন লোক রাখতে চায়, যে তাঁদের মাঝে গুপ্তচরবৃত্তি করবে। হাবিব তাদের জানায়, সে এতে আগ্রহী নয়। ১৯৯৩, এএসআইও তাঁর বাসায় এসে তাঁদের বিজনেস কার্ড রেখে যায়। এবারে তারা হাবিবের বাবা-মা'কে মিশর থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসার অফার দেয়, এবং হাবিবকে বিশ্বব্যাপী ভ্রমণে পাঠাবার প্রতিশ্রুতিও দেয়। কিন্তু এবারও হাবিব তাঁদের অফার খারিজ করে দেয়। পরবর্তীকালে সেখানকার ডিফেন্স হাউজিং অথরিটির সঙ্গে তাঁর তিন বছরের লাভজনক চুক্তি রহস্যজনকভাবে বাতিল করে দেওয়া হয়। হাবিবের বিশ্বাস, তাতে এএসআইও-এর হাত ছিল। অতঃপর, হাবিবের ব্যবসা শীঘ্রই দেউলিয়া হয়ে যায় (Otterman, 2007)।

হাবিব সিদ্ধান্ত নিলেন, তিনি তাঁর পরিবারকে অন্য দেশে স্থানান্তরিত করবেন। ২৯ জুলাই ২০০১, হাবিব পাকিস্তানে পৌঁছায়। 'আমি সেখানকার পরিস্থিতি দেখতে চাচ্ছিলাম', হাবিব বলে। 'আর বাচ্চাদের জন্য ভালো ধর্মীয় স্কুল খুঁজছিলাম।' ১১ সেপ্টেম্বর ২০০১, হাবিব যখন ৯/১১-এর ঘটনা জানতে পারে, সে তৎক্ষণাৎ তাঁর স্ত্রী মাহাকে কল করল। সিডনিতে তখন রাত ১১.৩০, তাই ক্লান্ত মাহা জানায়, সে পরে এ বিষয়ে কথা বলবে। কিন্তু, পরের বার কথা বলার পূর্বেই এএসআইও তাঁদের বাসায় হানা দেয়। হাবিব তাঁর স্ত্রীকে আতঙ্কিত হতে মানা করে, কারণ তাঁদের লুকানোর কিছুই ছিল না। এর পরের তিন বছর হাবিব তাঁর স্ত্রীকে আর দেখতে পায়নি।

আরেকজন অস্ট্রেলিয়ান ডেভিড হিকস⁹, ধর্মান্তরিত মুসলিম, যিনি তালিবানদের সঙ্গে ট্রেনিং-এ অংশগ্রহণ করেছিলেন। অ্যামেরিকার অবৈধ হামলাকে সে সমর্থন দিতে অস্বীকার করে। তাই অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার জন্য আফগানিস্তানে তাঁর ব্যক্তিগত সম্পদ সংগ্রহ করতে গেলে আফগান নর্দার্ন অ্যালায়েন্স তাকে ধরে অ্যামেরিকার হাতে তুলে দেয়। হিকসকে প্রথমে আরব সাগরে নোঙর করা USS Peleliu নামক মার্কিন যুদ্ধ জাহাজে নেওয়া হয়। এখান থেকে তাকে নিকটবর্তী সামরিক ঘাঁটিতে নেওয়া হয় দশ ঘণ্টা পেটানোর জন্য। সেখানে তাকে অনেক ধরনের অচেনা ঔষধ জোরপূর্বক খাইয়ে দেওয়া হয়। অন্যান্য বন্দিদের ওপর গোয়েন্দাগিরির দায়িত্ব নিলে সৈন্যরা তাকে ১৫ মিনিটের জন্য পতিতার সার্ভিস অফার করে, সে ওই প্রস্তাব নাকচ করে দেয় (Otterman, 2007)।

হাবিবকে গ্রেফতারের পর ১৫ দিন তাকে পাকিস্তানের কারাগারে নির্যাতন করা হয়। তারপর তাকে অ্যামেরিকান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে প্রথমেই তাঁর দেহ থেকে কাপড় কেটে ফেলে দেওয়া হলো। অতঃপর কিছু একটা তাঁর মলদ্বারে প্রবেশ করিয়ে দেওয়া হলো; তারপর জাম্পস্যুট পরিয়ে অন্য একটা ফ্লাইটে তাকে তুলে দেওয়া হলো। হাবিব এসে পৌঁছুল কায়রোতে। সেখানে ওমর সুলায়মান, মিশরীয় সিকিউরিটি বাহিনীর প্রধান তাকে বলল—স্বীকারোক্তি দেওয়া প্রতি 'সন্ত্রাসী'কে অ্যামেরিকার হাতে তুলে দেওয়ার জন্য মিশর $১০ মিলিয়ন করে অর্থ পায়। ওমর সুলাইমান তাকে একটি প্রস্তাব দেয়। হাবিব স্মৃতিচারণ করে, 'আমি যদি নিজেকে টেরোরিস্ট হিসেবে স্বীকার করি, তাহলে সে তাঁর প্রাপ্ত অর্থের $৬ মিলিয়ন রেখে দিবে। তারপর সে আমাকে নতুন পরিচয় দিয়ে (বাকি $৪ মিলিয়ন) অর্থগুলো আমাকে দিবে।' সম্ভবত, সুলাইমান হাবিবের পরিবর্তে অন্য কাউকে ধরিয়ে দিত। হাবিব সেই প্রস্তাবটিও নাকচ করে দেয় (Otterman, 2007)।

পরের মাস জুড়ে তাকে অবর্ণনীয় নির্যাতন করা হয়। মিশরে অ্যামেরিকানরা উপস্থিত থাকলেও টর্চারের দায়িত্বে ছিল মিশরীয়রা। মে ২০০২, হাবিবকে মার্কিনীরা নিজেদের দায়িত্বে নিয়ে নেয়। প্রথমে তাকে নেওয়া হলো কুখ্যাত বাগরাম কারাগারে। সেখানকার নির্যাতন পদ্ধতি ছিল 'অ্যামেরিকান'। এর দশদিন পর তাকে নেওয়া হলো কান্দাহারে। সেখানে 'সাধারণ' নির্যাতনের সঙ্গে যুক্ত হলো 'যৌন' নিপীড়ন। হাবিব বলেন, 'তারা আমাদের একজনের ওপর অন্যজনকে স্থাপন করে, যেমনটা আপনারা আবু গারিবে দেখেছেন, তারপর তারা ছবি তুলত। তারা এটা করা উপভোগ করত, কিন্তু তাদেরকে এইরকমটি করতে (ঊর্ধ্বতন পক্ষ থেকে) নির্দেশ দেওয়া হয়েছে।' এরপর তাকে নেওয়া হলো গুয়ান্তানামোতে। সেখানে তাকে সরাসরি আইসোলেশনে বন্দি করা হলো। হিকসের মতো তাকেও ইচ্ছার বিরুদ্ধে ড্রাগস দেওয়া হয়। প্রতি দু সপ্তাহে তাকে ইঞ্জেকশন দেওয়া হতো। 'ড্রাগস দেওয়ার পর আমি (আজব) শব্দ শুনতাম, (অদ্ভুত) বিষয় দেখতাম', হাবিব বলেন। এক সময় তিনি সিদ্ধান্ত নেন, তিনি খাবার গ্রহণ বন্ধ করে দিবেন। কারণ, তাঁর কাছে মনে হচ্ছিল খাবারেও ড্রাগ মেশানো। খাওয়া বন্ধ করার পর তিনি আগের চেয়ে ভালো অনুভব করেন। কিন্তু তারপর তারা তাকে জোর করে খাওয়ানো শুরু করল। হাবিব স্মৃতিচারণ করে, তারা যখন তাঁর নাকে কোনো অ্যানেস্থেশিয়া ছাড়াই টিউব প্রবেশ করায়, তখন তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়। হাবিবের সামনে গার্ডরা নিয়মিত কুরআনকে অবমাননা করত। তারা কুরআনকে দেওয়ালে ছুড়ে মারত, পাতা ধরে ধরে ছিঁড়ে ফেলত। একজন নারী অফিসার তাঁর গায়ে লাল বর্ণের তরল ছুড়ে তাকে বলে, এগুলো মাসিকের রক্ত (Otterman, 2007)।

১৯৫৩ খ্রিষ্টাব্দে ইউএস মিলিটারি SERE প্রোগ্রামের সূচনা করে; প্রোগ্রামটি মূলত মার্কিন সেনাদের নির্যাতন প্রতিরোধী করে তোলার জন্য ডিজাইন করা হয়েছিল। তাদেরকে হুড পরিয়ে, পানিতে ডুবিয়ে মৃতপ্রায় পরিস্থিতির অভিজ্ঞতা দেওয়া হতো, যন্ত্রণাদায়ক ও যৌন-অশ্লীল পজিশনে স্থির রাখা হতো। ধর্ম ও বর্ণকে টার্গেট করে নিপীড়ন চালানো হতো। ওই সময়টাতে সিআইএ মন নিয়ন্ত্রণের ড্রাগ আবিষ্কারের প্রোজেক্ট পরিচালনা করে, যদিও তারা তাঁদের প্রত্যাশিত ফল পেতে ব্যর্থ হয় (Otterman, 2007)।¹⁰ অর্থাৎ, সিস্টেমেটিক নির্যাতনের সংস্কৃতি অ্যামেরিকায় আগে থেকেই বিদ্যমান ছিল। পরবর্তীকালে আবু গারিবের সেনাদেরকে যখন নির্যাতনের দায়ে অভিযুক্ত করা হয়, তখন তারা এই কথা বলে নিজেদের বাঁচাতে চেয়েছিল যে, তাঁদের কার্যক্রম অ্যামেরিকান সৈন্যদের ট্রেনিং-এ সহ্য করা কাজগুলো থেকে ভিন্ন কিছু ছিল না।

মাহির¹¹, সিরিয়ান বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। তিউনিসে পরিবারের সঙ্গে অবকাশ যাপনের পর সে বাসায় ফিরে আসছিল। তাঁর পাঁচ বছর আগের এক বন্ধু Nazih Almaki-এর ভাইকে সিআইএ, আল কায়েদার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার করতে চাচ্ছিল। ফেরার পথে নিউইয়র্কে কেনেডি বিমানবন্দরে মাহিরকে পরিবার থেকে আলাদা করে ফেলা হয়। তারপর সেখান থেকে তাকে নেওয়া হয় সিরিয়া। সিরিয়ায় দশ মাসের অধিক সময় একটি এক মিটারেরও কম চওড়া ও দু মিটার গভীর বেসমেন্টে তাকে বন্দি করে রাখা হয়। সেখান থেকে মাহির অন্য বন্দিদের নির্যাতনের শব্দ শুনতে পেত, বন্দিরা সেখানে নির্যাতনের যন্ত্রণায় চিৎকার করত অবর্ণনীয় কণ্ঠে। পরবর্তীকালে তাঁর স্ত্রী তাকে বাঁচাতে পাবলিক ক্যাম্পেইন করে, সৌভাগ্যবশত সেগুলো সফলও হয়। অতঃপর তারা তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ ছাড়াই তাকে মুক্তি দিতে বাধ্য হয়।

পরবর্তীকালে হোয়াইট হাউস এবং জাস্টিস ডিপার্টমেন্টের ফাঁস হওয়া মেমোতে দেখা যায়, সিআইএ-র প্রধান চিন্তিত ছিল যে, নির্যাতনমূলক পদ্ধতিগুলো ওয়ার ক্রাইম অ্যাক্ট (WCA) ১৯৯৬-এর অধীনে অভিযুক্ত করা হয় কি না। কেননা, এই আইনের মাধ্যমেই মার্কিন ল জেনেভা কনভেনশনের সঙ্গে সংযুক্ত। ডব্লিউসিএ জেনেভার কমন আর্টিকেল #৩ লঙ্ঘন নিষিদ্ধ করে। চিনী হোয়াইট হাউজ আইনজীবী ও জাস্টিস ডিপার্টমেন্টের অ্যাটর্নিদের চাপ প্রয়োগ করেন WCA-কে ফাঁকি দেওয়ার পথ খুঁজে বের করতে। তারা তাকে সহজ সমাধান দেয়, জিপিডব্লিউ¹³ থেকে বের হয়ে আসা, যেখানে যুদ্ধবন্দিদের সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। আলবার্তো গঞ্জালেসের মতে, জিপিডব্লিউ থেকে বের হয়ে গেলে ডব্লিউসিএ-র অধীনে দেশীয় আইনের মুখোমুখি হওয়ার ঝুঁকি হ্রাস পাবে (Greenberg & Dratel, 2005, p. 119)।

অথচ জেনেভা কনভেনশন সকল সময়ে সব ধরনের লড়াইয়ে সকল মানুষকে অন্তর্ভুক্ত রাখে। কনভেনশনের চিফ অ্যাডমিনিস্ট্রেটর অর্গানাইজেশন আইসিআরসি¹⁴ জানায় যে— 'শত্রুর হাতে বন্দি প্রতিটি ব্যক্তির অবশ্যই আন্তর্জাতিক আইনের অধীনে কোনো 'স্ট্যাটাস নির্ধারিত থাকতে হবে। শত্রুর হাতে থাকা কোনো ব্যক্তি আইনের (আওতার) বাইরে থাকতে পারবে না' (Roberts, 2004)। আইসিআরসি আরও জানায় যে, গ্রেফতারকৃত যোদ্ধা হয় একজন যুদ্ধবন্দি বা পিওডব্লিউ, যা তৃতীয় কনভেনশন (জিপিডব্লিউ)-এ উল্লেখ আছে; অথবা একজন সিভিলিয়ান, যা চতুর্থ কনভেনশন (GC) -এ উল্লেখ রয়েছে। এর মধ্যবর্তী কোনো স্ট্যাটাস বা অবস্থান নেই (Roberts, 2004)। কোনো ব্যক্তির স্ট্যাটাস নিয়ে সন্দেহ সৃষ্টি হলেও জিপিডব্লিউ-এর Article #5-এর মতে সে উক্ত কনভেনশনের সুরক্ষা লাভ করবে, যতক্ষণ না কোনো নির্ভরযোগ্য ট্রাইব্যুনাল তাঁর স্ট্যাটাস নির্ধারণ করে (ICRC, n.d.)।

আফগানিস্তানের ক্ষেত্রে তারা জাস্ট 'ব্যর্থ রাষ্ট্র' শব্দদ্বয় ব্যবহার করে দাবি করে, তালিবানরা আন্তর্জাতিক চুক্তিগুলোর শর্ত 'সম্পন্ন' করতে অক্ষম। জাস্টিস ডিপার্টমেন্টের অফিস অব লিগ্যাল কাউন্সিল (OLC) বিবৃতি দেয়, তালিবান ও আল কায়েদা যোদ্ধারা জিপিডব্লিউ-এর সংজ্ঞায়িত যুদ্ধবন্দী নয়। বরং তারা 'অস্বাভাবিক শত্রুগণ¹⁵, যারা জানাশোনা সকল দেশীয় ও আন্তর্জাতিক আইনের বাইরে (Otterman, 2007)। অথচ জেনেভা কনভেনশনের কমন আর্টিকেল #১ অনুযায়ী স্বাক্ষরকারী সকলে সকল পরিস্থিতিতে কনভেনশনকে শ্রদ্ধা করতে দায়বদ্ধ। তাই, কমন আর্টিকেল #৩ তালিবান, আল কায়েদা—উভয়ের জন্যই প্রযোজ্য।

সিআইএর নির্যাতনগুলোর মাঝে অন্যতম পাশবিক দুটি পদ্ধতি ছিল নিম্নরূপ— ১. বন্দিকে নগ্ন অবস্থায় ৫০° ফারেনহাইট (১০° সেলসিয়াস) একটি কক্ষে দাঁড় করিয়ে রেখে তাকে ঠাণ্ডা পানিতে ভেজানো হতো। ২. ওয়াটার বোর্ডিং-এ বন্দিকে হেলানো এক তক্তা বা বোর্ডে বাঁধা হয়, যেখানে তাঁর পা থেকে মাথা সামান্য নিচুতে অবস্থান করে। ওই অবস্থায় তাঁর মুখে সেলোফেন বেঁধে তাকে পানিতে ডুবানো হতো। এমন অবস্থার সৃষ্টি করা হতো যে, বন্দির মনে হতো তাকে ওই অবস্থায় চুবিয়ে মেরে ফেলা হবে (Paust, 2007, p. 28)।

পরবর্তীকালে জানা যায়, আফগানিস্তান যুদ্ধ শুরুর পূর্বেই ২০০১ সালে বুশ সিআইএ-র নির্যাতন পদ্ধতিগুলো অনুমোদন করেন। ২৮ মার্চ ২০০২, পাকিস্তান সেনাবাহিনী আবু জুবায়দাকে গ্রেফতার করে অ্যামেরিকার হাতে তুলে দেয়। পরবর্তীকালে তাকে নিয়ে যাওয়া হয় থাইল্যান্ডে। সেখান থেকে নতুন তৈরিকৃত একটি সিআইএ ব্ল্যাক সাইটে। আবু জুবায়দা যখন নির্যাতনের মুখেও তাঁদের আকাঙ্ক্ষিত 'সহায়তা' করতে অস্বীকার করে, তখন সিআইএ কর্মকর্তারা ওএলসি আইনজীবী Yoo-এর কাছে যায় আরও নির্মম পদ্ধতি অনুমোদনের আশায় (Barry, 2004)। সিআইএ-র ব্ল্যাক সাইটের নির্যাতন ছিল উপরিউক্ত নির্যাতনগুলোর চাইতেও নির্মম। সেখানকার আসল ইতিহাসও তেমন প্রকাশিত হয়নি। উদাহরণস্বরূপ, নভেম্বর ২০০২-এ একজন সিআইএ এজেন্ট ব্ল্যাক সাইটে কর্মরত আফগান গার্ডদের বলে কোনো এক আফগান বন্দির সকল কাপড় সরিয়ে তাকে বেঁধে সারারাত বাইরে কংক্রিটের ফ্লোরে ফেলে রাখতে। ওইদিন রাতেই ওই ব্যক্তি প্রচণ্ড ঠাণ্ডায় (Hypothermia) মারা গেলে পরের দিন তাকে গোপন কারাগারের পাশে মাটিতে পুঁতে ফেলা হয়। এক রাতেই জলজ্যান্ত একটা লোক পৃথিবীর জমিন থেকে তাঁর সম্পূর্ণ অস্তিত্ব নিয়ে উধাও হয়ে গেল। সেখানে যেহেতু নির্যাতন ছিল লাগামহীন, কেউই সেই এজেন্টকে অভিযুক্ত করেনি। পরে অবশ্য খুন করার পুরস্কারস্বরূপ তাকে প্রোমোশন দেওয়া হয় (Otterman, 2007)।

গুয়ান্তানামোর একজন বন্দি শফিক রাসূলের মতে, তাঁদের টয়লেট ব্যবহার করার দরকার হলে প্রথমে গার্ডের কাছে অনুমতি প্রার্থনা করতে হতো। প্রায়ই গার্ডরা তাদেরকে টয়লেটে নিয়ে যেতে অস্বীকার করত। ফলে বাধ্য হয়ে তারা তাঁদের কক্ষেই ধোঁয়ামোছার জন্য দেওয়া বালতিকে টয়লেট হিসেবে ব্যবহার করত। সেখানে থাকা অনেক বন্দিই নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়ে। অনেকেই আমাশয় বা অন্যান্য রোগে আক্রান্ত ছিল। ফলে গার্ডের খেয়াল-খুশি অনুযায়ী অপেক্ষা করা তাঁদের জন্য সম্ভব হতো না। শফিক বলেন, গার্ডরা জানত পরিস্কার পরিচ্ছন্নতা মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই তারা মুসলিমদের এইরকম সংকটাপন্ন দেখে বিকৃত আনন্দ লাভ করত। আর গার্ডরা যদি তাঁদের টয়লেটে নিতে রাজি হতো, তাহলে প্রথমে বন্দিকে বেড়ি পরানো হতো, তারপর তাকে ডিটেনশন ব্লকের বাইরে পোর্টেবল টয়লেটে নেওয়া হতো। সেখানে তাঁদের বেড়ি পরা অবস্থায় টয়লেট ব্যবহার করতে হতো দরজা খোলা থাকা অবস্থায়, গার্ডরা সরাসরি তাঁদের দিকে তাকিয়ে থাকা অবস্থায় (Otterman, 2007)। প্রগতিশীল পৃথিবীর স্বাধীনতা আর প্রগতিশীল মানবাধিকারের কি অপূর্ব এক দৃষ্টান্ত!

'Tipton Three' হিসেবে পরিচিতি পাওয়া এই তিন বন্দী—শফিক রাসূল, আসিফ ইকবাল এবং রুহেল আহমেদকে মূলত নর্দার্ন অ্যালায়েন্স আফগান রিফিউজিদের মাঝে ত্রাণ বিতরণরত অবস্থায় গ্রেফতার করে। এরপর অ্যামেরিকানদের কাছে হস্তান্তর করে। এর পিছনে আর্থিক কারণও রয়েছে। আফগানিস্তানে অ্যামেরিকার ফেলা প্রোপাগান্ডা লিফলেটগুলোর মধ্যে একটিতে সম্মুখ পৃষ্ঠায় ছাপানো সাধারণ আফগান শহর ও হাস্যোজ্জ্বল আফগান প্রবীণের ছবির নিচে লেখা, 'তোমার স্বপ্নকে ছাড়িয়ে যাওয়া অর্থ-ক্ষমতার অধিকারী হও। আফগানিস্তানকে খুনি ও সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে (তালিবান-বিরোধী শক্তিকে) সহায়তা করো।' পেছনের পৃষ্ঠায় লেখা, 'আল কায়েদা ও তালিবান খুনিদের ধরতে তালিবান-বিরোধী শক্তিকে সাহায্য করে তুমি মিলিয়ন ডলার আয় করতে পারো' (Otterman, 2007)।

এছাড়াও সিনেট সিলেক্ট কমিটি অন ইন্টেলিজেন্সের এক রিপোর্ট অনুসারে, কমপক্ষে পাঁচজন বন্দির মলদ্বার¹⁶ দিয়ে খাদ্য বা পানীয় প্রবেশ করানোর মতো নিকৃষ্টতম পাশবিক আচরণ করা হয় (2014)। উইঘুরদের ওপর চীনের নির্যাতন ছাড়া সম্ভবত বিশ্বের আর কোথাও কোনো রাষ্ট্রযন্ত্রের এতটা পশুর পর্যায়ে নামার উদাহরণ নেই। আরও দুঃখের বিষয়, খোদ সিআইএরই ২০০২ সালের এক জরিপের ফল অনুযায়ী, গুয়ান্তানামোর অর্ধেকের বেশি বন্দি কোনোভাবেই অ্যামেরিকার সমস্যার সঙ্গে জড়িত নন। অন্যদিকে, এক ইউরোপিয়ান অনুসন্ধানী দলের ২০০৬-এর জরিপ অনুযায়ী মাত্র ৩০-৪০ জন 'প্রকৃত সন্ত্রাসী' সেখানে বন্দি, বাকি সবাই মানবাধিকারের এক্সপেরিমেন্টাল গিনিপিগ। এর চেয়েও অদ্ভুত ব্যাপার হলো, ৮৬% গুয়ান্তানামোর বন্দি অ্যামেরিকান বাহিনীর হাতে গ্রেফতার হননি, বরং পাকিস্তান কর্তৃপক্ষ কিংবা নর্দার্ন অ্যালায়েন্স জেনারেলরা ডলারের আশায় তাদেরকে অ্যামেরিকার হাতে হস্তান্তর করে (Otterman, 2007)।

গুয়ান্তানামো বে কারাগার থেকে বের হয়ে আসা আফগান নাগরিকরা ২০০৩ খ্রিষ্টাব্দ থেকেই অভিযোগ করে এসেছে যে, তাদেরকে অপমানিত করতে অ্যামেরিকান সৈন্যরা মহাপবিত্র কুরআনকে টয়লেটে ছুড়ে ফেলত। বন্দীদের অনেকেই ছিল কৃষক, ছাত্র বা ট্যাক্সি ড্রাইভার। কোনো কারণ ছাড়াই তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। ২৯ বছর বয়সী এহসানউল্লাহ বলেন, মার্কিন বাহিনী কান্দাহারে জেরা করার সময় তাকে প্রচণ্ড প্রহার করত। টয়লেটে কুরআন ফেলে দিয়ে তারা তাকে মানসিক নির্যাতন করত। এহসানউল্লাহর ভাষায়, সে সময়টা ছিল খুবই মর্মান্তিক, 'আমরা প্রচণ্ডভাবে কাঁদছিলাম আর চিৎকার করে বলছিলাম, দয়া করে পবিত্র কুরআনের সঙ্গে এইরকম করো না।' কিন্তু, 'বধির'কে কি আর কথা শোনানো যায়? মীর্জা খান নামক আরেক বন্দিকে কান্দাহারে নির্যাতন করার সময় অ্যামেরিকান সৈন্য কুরআন মাটিতে ছুড়ে ফেলে কুরআনের ওপর আসন গেড়ে বসে (Kaufman & Witt, 2003)।

মার্কিন সেনাদের কাছে কুরআন অবমাননা ছিল খুবই 'স্বাভাবিক' বিষয়। আসিফ ইকবালের মতে, 'তারা (কখনো কখনো) কুরআনকে লাথি মারত, সেটিকে টয়লেটে ছুড়ে মারত, আর সচরাচর অবমাননা করত।' পেন্টাগন শুরুতে কুরআন অবমাননার কথা অস্বীকার করলেও পরে ব্যাপক সমালোচনার মুখে স্বীকার করতে বাধ্য হয় যে, মার্কিন সেনারা 'অন্তত' পাঁচবার কুরআন অবমাননা করেছে। এর মধ্যে একবার কুরআনে অশ্লীল দুটি শব্দ লেখা হয়; একজন সেনা কুরআনকে লাথি মারে, আরেকবার একজন গার্ডের মূত্র কুরআনে ছিটকে পড়ে। আসল বাস্তবতা হলো, তারা নিয়মিতই কুরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে টয়লেটে ফ্ল্যাশ করে দিত। এ নিকৃষ্ট কাজ দেখতে বাধ্য হওয়া ব্যক্তির হৃদয়ের রক্তক্ষরণ, তাঁর প্রাণে অনুভূত অনুশোচনা, সৃষ্ট তীব্র তিক্ততার পরিমাণ পৃথিবীর কারো পক্ষে নির্ণয় করা সম্ভব নয় (Otterman, 2007)।

এ তো গেল ইসলাম অবমাননা আর পুরুষদের ওপর নির্যাতনের বর্ণনা। উম্মাহর সম্মানিতা নারীদের সাথে তারা যেসব অসভ্য আচরণ করেছে, তাঁর ভার যদি কোনো পাহাড়ের ওপর ন্যস্ত করা হতো, সে পাহাড়ও ভার সইতে না পেরে ভেঙে চুরমার হয়ে যেত। ইন্টারন্যাশনাল অকুপেশন ওয়াচ সেন্টার নামক এক এনজিও সাবেক এক বন্দিনীর জবানবন্দি থেকে জানায়, তিনি বন্দি থাকাকালীন তাঁর সেলের এক নারীকে এক দিনে কমপক্ষে সতেরো বার ধর্ষণ করা হয়। পরে ওই বন্দিনী টানা দুই দিন অজ্ঞান হয়ে পড়ে ছিল। ইরাক ভিত্তিক অন্য আরেকটি সংগঠন ইউনিয়ন অব ডিটেইনীস অ্যান্ড প্রিজনার্স জানায়, আবু গারিবে চার সন্তানের জননী এক নারীকে মার্কিন সেনারা তাঁর স্বামীর সামনে ধর্ষণ করে; পরে ওই নারী লজ্জায় অপমানে আত্মহত্যা করে। সংগঠনটির প্রধান দাহাম বলেন, মহিলাটির বোন হতভাগা সেই নারীর দুর্ভাগ্যের ইতিহাস তাকে খুলে বলেছেন। ভদ্রমহিলার স্বামীকে জেলখানার বারের সঙ্গে আটকে রাখা হয়, অতঃপর একজন মার্কিন সেনা তাঁর চুল টেনে ধরে তাকে তাঁর স্বামীর দিকে তাকিয়ে থাকতে বাধ্য করে; এবং তাঁর বস্ত্র হরণ করে তাকে সেখানেই ধর্ষণ করে। সেখানকার সাবেক বন্দি আমির জানায়, 'তাদেরকে (নারীদেরকে) আমাদের তাঁবুর সামনে দিয়ে অতিক্রম করতে হতো, আর তারা চিৎকার করে বলত, আমাদের মেরে ফেলার একটা উপায় খোঁজো' (SBS News, 2013)।

মেজর তাগুবা তাঁর রিপোর্টে আবু গারিবে বন্দি নির্যাতন ও ধর্ষণের কথা উল্লেখ করলে ও বন্দি অপারেশন-এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ব্যারি জনসন দাবি করে, 'বন্দি সকল নারীদের সঙ্গে মানবতাপূর্ণ আচরণ করা হয়েছে।' কী সহজে হয়ে গেল বলা, কাঁপল না গলা। চলুন দেখা যাক, ওয়েস্টার্ন মানবতাবাদীরা মুসলিম নারীদের সঙ্গে আর কী কী 'সভ্য' আর 'প্রগতিশীল' আচরণ করেছে। ২০০৩-এ এক নারী বন্দি আবু গারিবের বাইরে তাঁদের দুর্দশার কথা নোটের মাধ্যমে সবাইকে জানাতে সক্ষম হয়। দুর্ভাগা সেই নারী—আজ যাকে সকলে 'নূর' নামে জানে—কারাগারের বাইরের অসহায় পুরুষদের জানায়, মার্কিন গার্ডরা ভেতরে তাঁদের মুসলিমাহ বোনদের ধর্ষণ করছে, যাদের মধ্যে অনেকেই গর্ভবতী হয়ে পড়েছে। বেগানা কাফিররা তাদেরকে পুরুষদের সামনে নগ্ন হতে বাধ্য করে। আমাল—বন্দি নারীদের জন্য কাজ করা সাতজন নারী আইনজীবীর একজন—জানায় যে, এ ঘটনা শুধু আবু গারিবেই হচ্ছে না, বরং সমগ্র ইরাক জুড়েই ঘটছে। তিনি At Kharkh নামক এক মার্কিন মিলিটারি বেইসে গেলে এক নারী কান্নায় ভেঙে পড়ে তাকে জানায়, বহু অ্যামেরিকান সৈন্য তাকে ধর্ষণ করেছে। মহিলাটি তাকে অনুরোধ করে বলে, 'আমাদের কন্যা, স্বামী আছে। আল্লাহর দোহাই লাগে, কাউকে এ ব্যাপারে কিছু বলবেন না।' এছাড়াও সত্তরোর্ধ্ব এক নারীকে অ্যামেরিকান ও ব্রিটিশ সৈন্যরা গ্রেফতার করে তাকে গাধার সাজে সাজিয়ে তাঁর ওপর সৈন্যরা চড়ে বসে। ব্রিটিশ লেবার এমপি Ann Clwyd তদন্ত করে এ ঘটনার সত্যতা খুঁজে পান (Harding, 2004)।

নির্যাতনের এই লোমহর্ষক ঘটনাগুলো ফাঁস হবার পরও নির্যাতন বন্ধ হয়নি। ২০০৬ খ্রিষ্টাব্দেও জানা যায়, ইরাকী মুসলিম নারীদের গ্রেফতার করে পতিতাবৃত্তি, খুন আর সন্ত্রাসের মিথ্যা অভিযোগে বন্দি করে তাদেরকে ওয়েস্টার্ন স্টাইলে পাশবিক নির্যাতন করা হচ্ছে (Tarabay, 2006)। ২০১৪ খ্রিষ্টাব্দে হিউম্যান রাইটস ওয়াচ-এর রিপোর্টে জানা যায়, ইরাকে অ্যামেরিকার পুতুল সরকার হাজার হাজার নারীকে অবৈধভাবে জেলে বন্দি করে রেখেছে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই। নির্যাতিতাদের মধ্যে দু'জন নারী জানায়, মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদেরকে পুলিশি হেফাজতে ধর্ষণ করে। অন্যদিকে, এক বন্দিনীর পরিবার জানায়, উচ্চপদস্থ এক পুলিশ অফিসার তাঁদের মেয়েকে ধর্ষণ করে, যখন তাঁর মা পাশের রুমে আটক অবস্থায় ছিল (Evers, 2014)। ২০১৪ সালে এসেও ইরাকে মার্কিন পুতুল সরকার প্রায় ৪৫০০ নারী কারাগারে বন্দি করে রাখে। মাসের পর মাস কোনো অভিযোগ ছাড়াই তাদেরকে আটকে রেখে চালানো হয় অবর্ণনীয় নির্যাতন (Human Rights Watch, 2014)।

ফারাহ-রা ২০০৪-এ আবু গারিবে বন্দি ছিল। ওই সময়টাতে 'নূর' এর লেখা চিঠিতে নূর সবাইকে আকুতি জানিয়ে বলেছিল, 'দয়া করে আমাদের হত্যা করুন,.... আমাদের প্রত্যেকে মার্কিন সেনাদের দ্বারা গর্ভধারণের শিকার।' চিঠিতে আরও লেখা ছিল, 'প্রতিটি দিন তারা আমাদের উলঙ্গ করে সেনা ও অন্যান্য বন্দিদের সামনে দিয়ে হাঁটায়।'¹⁷ অথচ ব্যারি জনসনের ভাষ্যমতে, বন্দি তিনজন নারীকে 'অন্য পুরুষ বন্দিদের থেকে আলাদা রাখা হয়েছে, তাঁদের নিজেদের "ভালোর" জন্য এবং তাঁদের গোপনীয়তাকে “পূর্ণ সম্মান প্রদর্শন” করতে'। ২০০৩-এর ডিসেম্বরে ফারাহর মা ও তাঁর বোনকে (ফারাহর খালাকে) একত্রে গ্রেফতার করা হয়। এর পাঁচ মাস পরও ফারাহ জানতে পারেনি, তাঁদের অপরাধটা কী। ফারাহ তাঁর বন্দি খালার মেয়েকে নিয়ে আবু গারিবে তাঁর মামাকে দেখতে যান। তাঁর মামাও সেখানে প্রহারের শিকার হয়ে নাক ভাঙা অবস্থায় পড়ে ছিল। তিনি তাঁর ভাগ্নেদের জানান, ভেতরে তাঁদের দুজনের মা'কে চুল ধরে টেনে এখান থেকে সেখানে নেওয়া হয়। ফারাহ আরও জানতে পারে, তাঁর মা'কে টয়লেট থেকে খাবার খেতে বাধ্য করা হয়। এমনকি, মানবতাবাদী কোয়ালিশন বাহিনীর মুক্তিদাতা সৈন্যরা উনার গায়ের ওপর প্রস্রাব করে (Ciezadlo, 2004)।

সাল ২০০৪, ইরাকি এক নারী তাঁর আইনজীবীকে জানায়, তাকে পুরুষ কোয়ালিশন গার্ডদের সামনে পোশাক খুলতে বাধ্য করা হয়। অপর এক নারীকে অনেক অনুরোধ করার পর তিনি ধর্ষিত হওয়ার ঘটনা তাঁর আইনজীবীর কাছে বর্ণনা করে। এই ঘটনা বর্ণনা করার পরপরই হতভাগা সেই নারী অজ্ঞান হয়ে যান। অ্যামেরিকানরা আর তাঁদের ইরাকি দাসেরা ইরাকি নারীদের ইজ্জত লুণ্ঠন করত বন্দুকের নলের মুখে। ইরাকি নারীরা সচরাচর ধর্ষণের কথা খুব কম ক্ষেত্রেই খুলে বলে, তাঁদের আইনজীবীরাও ধর্ষণের কথা সহজে প্রকাশ্যে নিয়ে আসেন না। ২০০৪-এর মার্চে আইনজীবীরা আবু গারিবে প্রবেশের অনুমতি পায়। আইনজীবীদের মধ্যে একজন সাহরা জানাবি জানায়, '(সেখানকার) নারীরা ছিল বিধ্বস্ত। তারা (আমাদের দেখেই) কান্নায় ভেঙে পড়ে।' এক মধ্যবয়সী নারী আইনজীবীদের বলে, তাকে পুরুষ গার্ডদের সামনে কাপড় খুলতে বাধ্য করা হয়। সেখানে উপস্থিত ইরাকি পুরুষ দোভাষীর কাছে এ ঘটনা এতটাই লজ্জাজনক ছিল যে, তিনি লজ্জায় তাঁর মাথা অন্যদিকে ঘুরিয়ে ফেলেন। চরম লজ্জাজনক এই ঘটনাগুলো ঘটানোর সেই সময়টাতে খোদ অ্যামেরিকান সৈন্যরা স্বীকার করেছেন, তারা শুধুমাত্র পুরুষ আত্মীয়দের বন্দি করার ফাঁদ হিসেবে তাঁদের নারী আত্মীয়াদেরকে 'গ্রেফতার' করেন। অন্য আরেকজন আইনজীবী Amul Swadi জানায়, তাঁর মক্কেলও ধর্ষণ ও ছুরিকাহত হওয়ার ঘটনা বর্ণনা করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এছাড়া পাঁচ জন সাবেক বন্দিনী ভেতরে প্রহারের কথা স্বীকার করলেও ধর্ষণের ব্যাপারে বলেন, 'আমরা আপনাকে বলতে পারব না। আমাদের পরিবার আছে। কী হয়েছে সে ব্যাপারে আমরা কিছুই বলব না' (Wilkinson, 2004)।

মি লাই-এর ঘটনা প্রকাশকারী সাংবাদিক সিমোর হার্শ জানায়, আবু গারিবে যে-সকল নারীদের বাচ্চাসহ গ্রেফতার করা হয়, তাঁদের বাচ্চাকে মলদ্বার দিয়ে ধর্ষণ করা হয়, আর সৈন্যরা সেগুলো বিনোদনের মাধ্যম হিসেবে ক্যামেরায় ধারণ করে রাখে। হার্শের কাছে সবচেয়ে নির্মম লেগেছে এই বাচ্চাগুলোর কান্নার শব্দ (Scaley, 2004)। মাথায় হুডি পরানো সেই কুখ্যাত ছবিতে থাকা ইরাকি বন্দি আলী¹⁸ এক বিশেষ নির্যাতনের ঘটনা উল্লেখ করেন; যেখানে মার্কিন সেনারা এক দশ বছর বয়সী ছেলে শিশুকে প্রস্রাব করা থেকে বিরত রাখে। এক সময় তাঁর চোখ বেঁধে তাকে প্রস্রাব করতে দেওয়া হয়। ছেলেটির প্রস্রাব করা শেষ হলে যখন তাঁর চোখের বাঁধন খুলে দেওয়া হলো, সে দেখতে পেল তাকে তাঁর পিতার শরীরে প্রস্রাব করতে দেওয়া হয়েছে। এছাড়াও তিনি আরেকটি ঘটনা উল্লেখ করেন, যেখানে নয় বছর বয়সী এক বাচ্চাকে তাঁর পিতার সামনে প্রাইভেট সিকিউরিটি কোম্পানির দোভাষী ধর্ষণ করে (geneva International Centre for Justice, n.d.)।

ইরাকের মতো রক্ষণশীল রাষ্ট্রের নারীরা ধর্ষণকে তাঁদের পুরো পরিবারের অপমান হিসেবে মনে করে। কারণ, তারা পশ্চিমাদের পতিতা-সংস্কৃতি গ্রহণ করেনি; তাই ধর্ষণের চাইতে মৃত্যুই তাঁদের কাছে শ্রেয়। এছাড়াও ইরাকে সংঘটিত পৃথক পৃথক ঘটনায় জানা যায়, আবু গারিব কারাগারে 'কমপক্ষে' তিনজন গ্রাম্য তরুণী ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়ে। আর হাজারও অপ্রকাশিত ঘটনা, ভুক্তভোগী আর অন্যান্য কারাগারগুলোর কথা না হয় বাদই থাকল।

'নূর' নামে অসহায় সেই নারীর ভাগ্যে কী হয়েছে, আমরা জানি না। জানি না আরও হাজারও অসহায় ইরাকি, আফগান নারী, শিশু আর পুরুষের গল্প। আমরা জানি না, অসহায় সেই নারীদের পরিবারের সদস্যরা বুকে কতটুকু যাতনা নিয়ে দিনাতিপাত করেছে, করছে। কত নির্ঘুম রাত আমাদের এই বোনেরা চোখের জল ফেলে কাটিয়েছে বুকের মাঝে অসহ্য যন্ত্রণা নিয়ে, আল্লাহর কাছে ফরিয়াদ করেছে নিজের মৃত্যুর জন্য। ভেবেছে একমাত্র মৃত্যুই পারে তাকে এই জন্তুদের হাত থেকে মুক্ত করতে। তবে, এটুকু সুনিশ্চিতভাবে বলা যায়, এই অসভ্য জাতির পতন অতি সন্নিকটে; যারা ভব্যতার সকল সীমা বহু আগেই অতিক্রম করে ফেলেছে।

২০০৪-এ আবু গারিবের নির্যাতনের ছবি প্রকাশিত হলে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। তখন বুশ প্রশাসন দাবি করে, অনেক ফলের মাঝে সেগুলো হলো কিছু 'পঁচা আপেল' বা নিম্নপদস্থ সামরিক সদস্যের অপকর্ম (Hersh, 2007)। কিন্তু, আসল বাস্তবতা ছিল, খোদ মার্কিন প্রশাসন সুস্পষ্ট নির্দেশের মাধ্যমে সকল টর্চার ক্যাম্পেইন প্রতিষ্ঠা করে, যা বিশ্বব্যাপী তাঁদেরই ফেরি করা মানবাধিকার বিষয়ক চুক্তিগুলোর সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। পরবর্তীকালে Al-Hurra নেটওয়ার্ক এবং Al Arabiya টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বুশ বলেন, 'ইরাকের জনগণের এটা অবশ্যই অনুধাবন করতে হবে যে, আমি এই ধরনের আচরণকে জঘন্য হিসেবে দেখি। আর এই কারাগারে যা হয়েছে সেটা আমি যে অ্যামেরিকাকে জানি তাঁর প্রতিনিধিত্ব করে না।'

পরবর্তীকালে সভ্য দুনিয়ার সুশীল সমাজ রক্ষণাত্মক বক্তব্যের পরিবর্তে 'ক্ষমা' চাওয়ার দাবি করল। পরের দিন হোয়াইট হাউজ মুখপাত্র স্কট¹⁹ বললেন, কারাগারে যা হয়েছে তাঁর জন্য প্রেসিডেন্ট 'দুঃখিত'। কন্ডোলিসা রাইসও ইরাক থেকে বুশের ব্যক্তিগতভাবে ক্ষমাপ্রার্থনা শুনতে চাইল। তাই সেই সপ্তাহে (মে, ২০০৪) বুশ বলেন, তিনি ইরাকি বন্দি ও তাঁদের পরিবারের সহ্য করা অপমানের জন্য দুঃখিত। তাঁর ভাষায়, '...যেসকল জনগণ সেসব ছবি দেখছে, তারা অ্যামেরিকার হৃদয় ও প্রকৃত বৈশিষ্ট্য অনুধাবন করতে পারছে না। এ জন্য আমি সমান ব্যথিত এবং... (আমি) যা দেখেছি, আমার মতো অ্যামেরিকানরা সেটির তারিফ করছে না এবং এটি আমাদের চরমভাবে অসুস্থ করে দিয়েছে' (Smith N., 2008, pp. 36-37; CNN, 2004)। তিনি আরও বলেন, '...ইরাকে আমাদের যে সৈন্য রয়েছে তারা বিশুদ্ধদের মধ্যে বিশুদ্ধতম।' তিনি প্রতিশ্রুতি দেন, এই অপরাধের জন্য দায়ীদের 'বিচারের আওতায় আনা হবে।' ৭ মে রামম্ফেল্ড মার্কিন সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সামনে শুনানিতে বলেন, '... ইরাকি বন্দিদের সাথে যা ঘটেছে সে বিষয়ে আমি অত্যন্ত মর্মাহত। তারাও তো মানুষ।'

আবু গারিবের ঘটনায় হাতেগোনা মোট এগারো জন সেনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এর মধ্যে অধিকাংশের সাজাই হয় 'প্রতীকী'। একজন ব্যক্তিকেও হত্যার জন্য দায়ী করা হয়নি। চলুন তাঁদের সাজার ধরন দেখে আসি:
* কর্নেল থমাসকে তিরস্কৃত করা হয়, $৮০০০ জরিমানা করা হয়, এবং দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় (Associated Press, 2005)।
* চার্লস গ্রেইনারকে তাঁকে দশ বছরের কারাদণ্ড, সেনাবাহিনী থেকে অপসারণের সাজা দেওয়া হয় (CNN, 2005)। আর মাত্র সাড়ে ছয় বছর পর তাকে প্যারোলে মুক্তি দিয়ে দেওয়া হয় (Dishneau, 2011)।
* আইভান ফ্রেডরিককে আট বছরের কারাদণ্ড দেওয়া হয় (BBC NEWS, n.d.)। কিন্তু, চার বছর পরই তাকেও প্যারোলে মুক্তি দেওয়া হয় (Dishneau, 2007)।
* এছাড়াও সার্জেন্ট Javal Davis-কে ছয় মাস, স্পেশালিষ্ট Jeremy Sivits-কে এক বছর, Specialist Armin Cruz-কে আট মাস, সাবরিনা হারম্যানকে ছয় মাস, আর অন্যতম আসামি লিন্ডে ইংল্যান্ডকে—যে বন্দিদের গলায় কুকুরের মতো দড়ি লাগিয়ে হামাগুড়ি দিতে বাধ্য করত—সাজা দেওয়া হয় দশ বছরের কারাদণ্ড। পরে সেই সাজা কমিয়ে তিন বছরে নিয়ে আসা হয়। সেখান থেকেও মাত্র এক বছর পাঁচ মাস পর সে প্যারোলে বেরিয়ে আসে (Beavers, 2007)।

এ তো গেল হুকুম পালনকারীদের সাজা দেওয়ার নমুনা। আর নির্যাতনের মাস্টারপ্ল্যানারদের কী 'শাস্তি' হয়েছিল?
* নির্যাতন বাস্তবায়নে সহায়তা করে যে Jay Bybee, তিনি পরবর্তীকালে তিনি বুশ কর্তৃক 9th ইউএস সার্কিট কোর্ট অব আপিলস-এর মেম্বার হিসেবে নির্বাচিত হন (Tetreault, 2003)।
* Michael Chertoff, জাস্টিস ডিপার্টমেন্ট-এর প্রধান ছিলেন, তিনিই সিআইএ-কে 'আইনগতভাবে' নির্যাতনের মাত্রা বৃদ্ধির প্রক্রিয়া বাতলে দেন। পরবর্তীকালে বুশ তাকে সেক্রেটারি অব হোমল্যান্ড সিকিউরিটি হিসেবে মনোনীত করেন (Bush names new US security chief, 2005)।

আবু গারিব স্ক্যান্ডালের পর ২০০৬ খ্রিষ্টাব্দে অ্যামেরিকার সুপ্রিম কোর্ট ঘোষণা করে, ডিটেইনীদের, বিশেষ করে 'সন্ত্রাসের' বিরুদ্ধে যুদ্ধে গ্রেফতারকৃতদের সঙ্গে অ্যামেরিকা জেনেভা কনভেনশনের আর্টিকেল ৩ অনুযায়ী আচরণ করতে বাধ্য (Doyle, 2010)। ৬ সেপ্টেম্বর ২০০২, পেন্টাগন তাঁদের নতুন আর্মি ফিল্ড ম্যানুয়ালে সকল SERE টেকনিক ব্যান করে, যেগুলো রামম্ফেল্ড ও রিকার্ডো সানচেজ অনুমোদন করেছিল। অতঃপর ওইদিনই বুশ সর্বপ্রথম সিআইএ-র ব্ল্যাক সাইটের অস্তিত্বের কথা স্বীকার করেন; যা সেদিনের আগ পর্যন্ত মার্কিন প্রশাসন স্বীকারই করেনি (Wagstaff, 2014, pp. 19-20)। কিন্তু, ২১ সেপ্টেম্বর ২০০৬, হোয়াইট হাউজ মিলিটারি কমিশন্স অ্যাক্ট অব ২০০৬ ২০ বা এমসিএ রিলিজ করে, যা কার্যত বহির্দেশে বন্দি সকল নাগরিকদের বন্দিত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জের অধিকার বাতিল করে দেয়। এই বিধি অনুযায়ী, বন্দি কোনো ব্যক্তিই—অ্যামেরিকা কিংবা অন্যদেশের নাগরিক—জেনেভা কনভেনশনে উল্লিখিত অধিকার দাবি করতে পারবে না। একমাত্র মার্কিন প্রেসিডেন্টই নির্ধারণ করতে পারবে কোনটি যুদ্ধাপরাধ আর কোনটি যুদ্ধাপরাধ নয়!

ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার স্টিফেন কংগ্রেসে নতুন 'তদন্ত' পদ্ধতিগুলো সম্পর্কে কোনোকিছু জানাতে অস্বীকার করেন। কিন্তু, তারপরও মার্কিন সিনেটে ৬৫-৩৪ ভোটে এমসিএ পাস হলো। আর এই অনুমোদনের মাধ্যমে মার্কিন কংগ্রেস বিশ্বজুড়ে সিআইএ-র গোপন বন্দিশালাগুলোতে SERE-পদ্ধতিগুলোকে বৈধতা দান করে। বুশ SERE টেকনিকগুলোকে দাবি করেন 'বিকল্প পদ্ধতির একটি সেট' হিসেবে (McCoy, 2012, p. 46)। তাঁর মতে, এগুলো অ্যামেরিকার জনগণ ও তাঁদের মিত্রদের রক্ষা করতে প্রয়োজনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সরঞ্জাম, তাই সেগুলো নিষিদ্ধ করা যাবে না। ২০০৭ খ্রিষ্টাব্দে অ্যামেরিকা যখন হাজারও বন্দি নির্যাতন অব্যাহত রেখেছিল, তখনো তারা দাবি করে যে, তারা বন্দিদের 'সন্ত্রাসের' বিরুদ্ধে যুদ্ধ সমাপ্ত হওয়া পর্যন্ত আটকে রাখতে পারবে। বিষয়াতা এমন হয়ে দাঁড়িয়েছে যে, নব্য-সাম্রাজ্যবাদীদের নির্যাতন আর জুলুমের বিপক্ষে যে-ই প্রতিবাদ করবে, তাকেই মনুষ্য সম্প্রদায় থেকে ছিটকে ফেলা হবে 'না-মানুষ'দের কাতারে। যেখানে তাকে কোনো কারণ ছাড়াই বন্দি করে নির্যাতন করা যাবে দশকের পর দশক। আর সেটি বৈধ করা হবে গণতন্ত্র আর স্বাধীনতার দোহাই দিয়ে!

আবু গারিবে নির্যাতনের প্রকাশিত ছবিগুলোতে কিছু বিশেষত্ব ছিল। বন্দি ও কারারক্ষীদের দেহভঙ্গি, মুখের অভিব্যক্তি দেখে বোঝা যায় যে, তারা 'প্রমাণ' করতে চায়, Us vs Them যুদ্ধে অ্যামেরিকা জয়ী হচ্ছে। ছবিগুলোর অবজেক্ট—নির্যাতিত ব্যক্তিগুলো—অত্যাচারিত, অপমানিত, নগ্ন। তাঁদের পাশে বিজয়ী মার্কিন সেনাদের হাস্যোজ্জ্বল মুখ। বার্তা পরিষ্কার—তাঁদের যা ইচ্ছা তারা তা-ই করতে পারে। পৃথিবীর চালকের আসনে তারাই রয়েছে (Oliver, 2007, p. 03)। এতকিছুর পরও দেখা গেল, পরের নির্বাচনেই মার্কিনীরা আবারও বুশকেই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করলেন। ২০১৩ খ্রিষ্টাব্দে এক জরিপেও দেখা যায়, অ্যামেরিকায় সাবেক প্রেসিডেন্ট বুশের সমর্থন বৃদ্ধি পেয়ে ৪৯%-এ এসে ঠেকেছে (Rubin, 2013)। লিবারেল স্কলার মতবাদ বিষয়ক প্রোপাগান্ডার কার্যকারিতার এটাও একটি গুরুত্বপূর্ণ প্রমাণ যে, মার্কিনীরা অ্যামেরিকার ইরাকি ও আফগানীদেরকে নির্যাতনের প্রতিবাদ করলেও তাঁদের দখলদারিত্বকে মেনে নেয়। সভ্যতা আর প্রগতিশীলতার কি কুৎসিত, কদাকার এক চেহারা!

টিকাঃ
১. মিলিটারি ইন্টেলিজেন্স (MI) অফিসার
২. লাঠি সদৃশ সামরিক অস্ত্র
৩. Joseph M. Darby
৪. Criminal Investigation Division (CID)
৫. Antonio M. Taguba
৬. Richard Myers
৭. Sa'eed Al-Sheikh
৮. Mamdouh Habib
৯. David Hicks
১০. Survival, Evasion, Resistance and Escape
১১. Maher Arar
১২. War Crimes Act (WCA)
১৩. বন্দিদের সঙ্গে আচরণের বিষয়ে জেনেভা কনভেনশন।
১৪. International Committee of the Red Cross (ICRC)
১৫. Enemy aliens
১৬. 'Rectal rehydration', 'Rectal feeding'
১৭. রিপোর্টার Ciezadlo-এর মতে, চিঠিটি বানানোও হতে পারে।
১৮. Ali Shallal al-Qaysi
১৯. Scott McClellan
২০. Military Commissions Act of ২০০৬ (MCA)

📘 প্রোপাগান্ডা 📄 লাশের দীর্ঘ মিছিল

📄 লাশের দীর্ঘ মিছিল


ইরাকি সরকারি কর্মকর্তাদের মতে, ২০০৩-২০০৮, এই পিরিয়ডে কমপক্ষে ১৪০,০০০ ইরাকি নিখোঁজ হয়। তবে এটা নিশ্চিত যে, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। নব্য প্রতিষ্ঠিত শিয়া পুলিশদের আতংক সংখ্যাগরিষ্ঠ সুন্নি জনগণের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ে। কারণ মিলিশিয়া ডেথ স্কোয়াডের সঙ্গে শিয়াদের আঁতাত ছিল (Kukis, 2011)। মার্চ ২০০৩-অক্টোবর ২০১৮—এই সময়ের ভিতর ইরাকে বেসামরিক নাগরিক নিহত হয় প্রায় ১৮২,২৭২- ২০৪,৫৭৫ জনের মতো। আর মোট মৃত্যুর সংখ্যা প্রায় ২৬৮,০০০- ২৯৫,০০০ (Crawford N., 2018)। সেই সাথে উপসাগরীয় যুদ্ধে ধ্বংস করা ইরাকের নিষ্কাশন ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা ও স্বাস্থ্যখাতকে পুনরায় আরও একবার প্রচণ্ডভাবে দুমড়ে মুচড়ে দেয় স্বাধীনতার ফেরিওয়ালা পশ্চিমা ও তাঁদের দোসররা।

ব্রাউন ইউনিভার্সিটি-র এক জরিপে দেখা যায়, ২০০১ থেকে এপ্রিল ২০২১–এই সময়ের মধ্যে আফগানিস্তান যুদ্ধে মোট হতাহতের সংখ্যা কমপক্ষে ২৪১,০০০ (Crawford et al., 2021b)। প্রকৃত সংখ্যা আরও বেশি হবার সম্ভাবনা রয়েছে, যেহেতু অ্যামেরিকা মৃতদেহ গণনা করেনি। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ছাড়াও উদ্বাস্তু হয়েছে আট মিলিয়ন আফগান জনগণ, দেশ ছাড়তে বাধ্য হয়েছে ২.৮ মিলিয়ন নাগরিক। দারিদ্র্য, অপুষ্টি, দুর্নীতি, স্বাস্থ্যখাতের বেহাল দশা, ভঙ্গুর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা—দুই দশকের যুদ্ধে আফগানরা অ্যামেরিকার প্রকৃত চেহারা বেশ ভালো করেই অবলোকন করতে সক্ষম হয়। 'হিউম্যান রাইটস' নামক চকচকে শব্দের মোড়কে অ্যামেরিকা (ও ব্রিটেনসহ সহযোগী রাষ্ট্রগুলো) ইরাক, আফগানিস্তান-এ (সেই সাথে সিরিয়া, লিবিয়া) জনগোষ্ঠীর জীবন যেভাবে ধ্বংস করে দিয়েছে, তাঁর খেসারত ইরাকি-আফগানীদের আরও বহু বছর দিয়ে যেতে হবে। আজকের পৃথিবীতে যারা লিবারেল সেক্যুলারিজমের সমর্থক, বিশ্বের জনপদগুলো আর কতটা মানবিক বিপর্যয়ের সম্মুখীন হলে তারা এই ভ্রান্ত মতবাদগুলোর সমর্থন পরিত্যাগ করবেন? যুদ্ধের প্রকৃত সত্য (যুদ্ধাপরাধ) হয়তো একসময় প্রকাশিত হয়। তবে অধিকাংশ সময়-ই পশ্চিমারা সেগুলোকে প্রকাশ করে রাখঢাক রেখে, আর সেটিও হয় 'যথেষ্ট' সময় পর, যখন এসকল অপরাধের তথ্য প্রকাশিত হলে ততটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় না।

দুটো জাতির জনগণকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া অ্যামেরিকা ও তাঁদের দোসররা এই যুদ্ধ থেকে ঠিক কী পেয়েছে, আমার জানা নেই। তবে, ২০২১-এর আগস্টে যখন তালিবান পুনরায় কাবুল দখল করে নেয়, তখন এতদিন কল্পনার জগতে বাস করা পশ্চিমা নাগরিকরা লাভক্ষতির হিসেব কষে দেখতে পেল, তাঁদের নগদ কোনো ‘লাভ'-ই হয়নি; বরং যুদ্ধে মারা গেছে প্রায় ৭,০০০ মার্কিন সেনা, (Crawford N., 2018), আত্মহত্যা করে মারা গেছে ৩০,০০০-এরও বেশি মার্কিন যোদ্ধা, (Kube, 2021)। অ্যামেরিকার জনগণের পকেট থেকে বেরিয়ে গেছে ৮ ট্রিলিয়ন ডলার (Crawford N. C., 2021a)। যোদ্ধাদের ভাতা আর অন্যান্য খরচ মিলিয়ে ভবিষ্যতে অর্থ ব্যয়ের পরিমাণটি আরও বৃদ্ধি পাবে। কিন্তু, যে দলটিকে পৃথিবী থেকে মুছে ফেলার টার্গেট নিয়ে এই যুদ্ধ শুরু হয়, সেই দলটি এখন পূর্বের যেকোনো সময় থেকে শক্তিশালী। আর আফগানিস্তানে তালিবান যেখান থেকে পিছু হটেছিল, ঠিক সেখান থেকেই তারা আবার ক্ষমতায় আসীন হয়েছে। কিন্তু লিবারেল-সেক্যুলারদের লাভের খাতায় বড় এক 'শূন্য'। মুসলিমদের ওপর তাঁদের এত অত্যাচারের পরও যখন দিনশেষে দেখা যায়, কাফিররা তাঁদের নিহত সঙ্গী-যোদ্ধা আর অর্থের ব্যাপারে তীব্র হতাশা লুকিয়ে রাখতে পারছে না, তখন কুরআনের সেই পবিত্র আয়াতের কথাই মনে পড়ে যায়, যেখানে আল্লাহ বলেছেন—
'নিশ্চয় যারা কুফরি করেছে, তারা নিজেদের সম্পদসমূহ ব্যয় করে, আল্লাহর রাস্তা হতে বাধা প্রদান করার উদ্দেশ্যে। তারা তো তা ব্যয় করবে। অতঃপর এটি তাঁদের ওপর আক্ষেপের কারণ হবে। এরপর তারা পরাজিত হবে। আর যারা কুফরি করেছে, তাদেরকে জাহান্নামে সমবেত করা হবে।' (সূরা আনফাল, ৮: ৩৬)

সুবহানআল্লাহ। দয়াময় আল্লাহ সত্য বলেছেন। কাফিরদের যেসকল সঙ্গী মুসলিমদের হত্যা করতে গিয়ে নিহত হয়েছে, তারা তো জাহান্নামের অধিবাসী। আর তাঁদের হাজার কোটি ডলার খরচও আজ তাঁদের মনোবেদনার কারণ হয়েছে। সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে অপূর্ব সব নিদর্শনাবলি প্রদর্শন করে ঈমানকে দৃঢ় করার, তাঁর পথে শক্ত হয়ে টিকে থাকার শক্তি প্রদান করেন।

ফন্ট সাইজ
15px
17px