📄 ৯/১১
সেপ্টেম্বর ১১, ২০০১। উনিশ জন মুসলিম যাত্রী চারটি ক্যালিফোর্নিয়াগামী বাণিজ্যিক বিমান হাইজ্যাক করে। এর মধ্যে দুটি নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ ও সাউথ টাওয়ারে আঘাত করে, অপর একটি পেন্টাগনে ডিফেন্স ডিপার্টমেন্টে আঘাত করে। আর সর্বশেষ বিমানটি সম্ভবত ক্যাপিটল হিল-এ বিধ্বস্ত করবার পরিকল্পনা থাকলেও সেটি ব্যর্থ হয়। এই হামলায় নিহত হয় প্রায় ৩০০০ অ্যামেরিকান।
মুসলিম জনপদগুলোতে অ্যামেরিকার তৎকালীন নৃশংস সব গণহত্যার প্রতিশোধ নিতেই AQ দুর্ধর্ষ এই হামলা পরিচালনা করে।¹ ভয়ানক ৯/১১-এর এই হামলার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বুশ বলেন, 'অ্যামেরিকাকে হামলার টার্গেট করা হয়েছে। কারণ, আমরা স্বাধীনতা ও সুযোগ-সুবিধাতে বিশ্বের উজ্জ্বলতম বাতিঘর' (Bush G. W., 2001a)। তাঁর ভাষায়, এই আক্রমণ ছিল 'সর্বনিকৃষ্ট মানব চরিত্রের প্রতিনিধিত্বকারী ঘটনা।' তিনি বলেন, তিনি আক্রমণকারী ও তাদের আশ্রয় দানকারীদের মধ্যে কোনো পার্থক্য করবেন না। সেপ্টেম্বর ২০, ২০০১-এ তিনি দাবি করেন, 'সকল অঞ্চলের প্রতিটি রাষ্ট্রকে একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে; হয় আপনারা আমাদের সঙ্গে অথবা সন্ত্রাসীদের সঙ্গে' (Bush G. W., Transcript of President Bush's address, 2001b)।
এখানে বলে রাখা ভালো, অ্যামেরিকার যে গণতন্ত্র, সে গণতন্ত্রে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অ্যামেরিকার আধিপত্য টিকিয়ে রাখতে মার্কিন গণমাধ্যমগুলো যুদ্ধ, (ভিনদেশে মার্কিন) হস্তক্ষেপ ও সামরিকায়নকে প্রোমোট করতে শুরু করে। ফলাফলস্বরূপ, মার্কিন মিডিয়া পরিণত হয় রাষ্ট্রীয় প্রোপাগান্ডার একো চ্যাম্বারে (Coyne, 2021, Advance Praise)। ওয়াশিংটন থেকে হলিউড—সব জায়গায়ই মার্কিন প্রোপাগান্ডা স্থূল, সূক্ষ্ম আকৃতিতে বিদ্যমান। তাই অ্যামেরিকার সংবাদমাধ্যমের প্রকৃত চেহারা বুঝতে চাইলে সেখানকার 'এলিট' মিডিয়াগুলোর দিকে নজর বুলানো প্রয়োজন। কারণ, ‘এলিট' মিডিয়াগুলোই অধিকাংশ ক্ষেত্রে অন্যান্য মিডিয়া ও জনগণের মধ্যে আলোচনার ধারা নির্ধারিত করে দেয় বা দেওয়ার চেষ্টা করে।
৯/১১ হামলার পর মার্কিন সাংবাদিকরা ঝুঁকে পড়ে যুদ্ধের দিকে। সম্পাদকীয় থেকে শুরু করে সব জায়গায় যুদ্ধের সমর্থনে সংবাদ, মতামত প্রকাশিত হতে শুরু করে। নিউ ইয়র্ক টাইমস-এর মতো মূলধারার সকল সংবাদপত্রগুলো প্রেসিডেন্টকে সমর্থনের প্রয়োজনীয়তা ঘোষণা করে (anonymous, War Without Illusions, 2001)।
অক্টোবর ০৭, ২০০১, অ্যামেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও অন্যান্য মোট ৪০টি রাষ্ট্র 'সন্ত্রাস দমন'-এর নামে আফগানিস্তানে হামলা চালায়। সেপ্টেম্বর ১১, ৯/১১-এর হামলা থেকে অক্টোবর ০৮—আফগান যুদ্ধ শুরুর আগ পর্যন্ত অ্যামেরিকার সর্ববৃহৎ দশটি সংবাদপত্রে প্রকাশিত ১০৪ টি সম্পাদকীয়ের একটিতেও কোনো সম্পাদক এই দাবি করেনি যে, এই অবৈধ সামরিক আগ্রাসন সঠিক সিদ্ধান্ত নয়। আসলে তখন কেউই ধারণা করেনি, তারা আগ্রাসনের পেছনে থাকা 'কাঙ্ক্ষিত' লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। বরং, উল্লিখিত প্রতিটি ক্ষেত্রেই শুধুমাত্র অফিশিয়াল সোর্স নিয়ে আলোচনা করা হয়, যা অনুমিতভাবেই যুদ্ধপন্থী ছিল (Ryan, 2004)।
এ সময়ে যুদ্ধের সমর্থন বৃদ্ধির পেছনে মিডিয়ার প্রভাবের চিত্রটা বেশ চমকপ্রদ। সেপ্টেম্বর '০১-এ ABC/ Washington Post-এর জরিপে দেখা যায়, যারা বুশের বক্তব্য শুনতেন, তাদের মাঝে প্রেসিডেন্টকে সমর্থনের হার বৃদ্ধি পায় এবং আফগানিস্তান যুদ্ধ-সহ সামরিক আগ্রাসনের প্রতি সমর্থন বৃদ্ধি পায় (DiMaggio, 2015, p. 23, Figure 1.1)। অক্টোবর ২০০১ থেকে ফেব্রুয়ারি ২০০২-এর মধ্যে ৮০% অ্যামেরিকান নাগরিক সংবাদ-মাধ্যমগুলো 'নিবিড়ভাবে' পর্যবেক্ষণ করেন (DiMaggio, 2015, p. 24, Figure 1.3)। আর নভেম্বর ২০০১ থেকে জানুয়ারি ২০০২ এর মধ্যে যারা আফগানিস্তান সম্পর্কিত সংবাদে নজর রেখেছেন, তাদের মাঝে যুদ্ধের ব্যাপারে উদ্যম বৃদ্ধি পায় (DiMaggio, 2015, p. 25, Figure 1.5)।
টিকাঃ
১. আমি AQ-এর হামলার সমর্থন বা প্রচার করছি না, হামলার পেছনের কারণ দেখাচ্ছি। ইতিহাস সম্পর্কে সচেতন না থাকায় অনেকেই ভাবে ৯/১১ এর হামলার কারণেই অ্যামেরিকা মুসলিম রাষ্ট্রে হামলা করেছে; অর্থাৎ ৯/১১ হলো কারণ (cause) আর ওয়ার অন টেরর হলো এর প্রভাব (effect)। অথচ প্রকৃত সত্যটি হলো, মুসলিম ভূখণ্ডে অ্যামেরিকার গণহত্যা আর অপকর্মের (cause) কারণেই ৯/১১ এর হামলা (effect) পরিচালিত হয়। একটা কথা স্পষ্টভাবে মাথায় রাখা উচিত, লিবারেল সেক্যুলারিজমের বিজয়ই ইতিহাসের শেষ নয়, আর ৯/১১-ই ইতিহাসের শুরু নয়।
📄 সাদ্দাম হোসেন ও গণবিধ্বংসী মারণাস্ত্র
২০০২ সালে বুশ প্রশাসন WHIG¹ প্রতিষ্ঠা করে, যেটির সদস্য ছিল রাইস, প্রেসিডেন্টের উপদেষ্টা রোভ, ভাইস প্রেসিডেন্টের উপদেষ্টা লুইস লিববি ও অন্যান্য হেভিওয়েট কর্মকর্তারা (Anderson, 2015; Kucinich, 2008)। এই টাস্কফোর্সের কাজ ছিল ইনফরমেশন রিলিজের সময় সাবধানতার সঙ্গে প্রশাসনের প্রতিটি সেক্টরে একই ‘তথ্য’ প্রচারের কাজটি নিশ্চিত করা। যেন বুশ প্রশাসনের যুদ্ধ বিক্রয় ক্যাম্পেইনে কোনো ফাঁকফোকর না থাকে। আর মিথ্যা প্রচারণার ফলস্বরূপ, সেপ্টেম্বর ২০০২-এ সিবিএস পরিচালিত এক জরিপে দেখা যায়, ৮০% অ্যামেরিকান ধারণা করতেন, ইরাকে মারণাস্ত্র রয়েছে। আর ৬২% মনে করতেন, ইরাক সেগুলো অ্যামেরিকার বিরুদ্ধে ব্যবহার করবে (NYT, n.d.)।
যাইহোক, ইরাকের তথাকথিত মারণাস্ত্র নিয়ে যুদ্ধ শুরুর আগে তাদের চালানো প্রোপাগান্ডার টাইমলাইন (Hinchey, 2007) ছিল অত্যন্ত চমকপ্রদ আর বিস্ময়কর—
* আগস্ট ২৬, ২০০২, তৎকালীন ভাইস প্রেসিডেন্ট চিনী বলেন, '...কোনো সন্দেহ নেই যে, সাদ্দাম হোসেনের নিকট বর্তমানে মারণাস্ত্র রয়েছে। কোনো সন্দেহ নেই যে, সে ওইগুলো আমাদের বন্ধু, আমাদের মিত্র ও আমাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য স্তূপীকৃত করছে' (Cheney, 2002)।
* আগস্ট ২৬, ২০০২, চিনী বলেন, ‘[ইরাকের] এসকল অস্ত্রাদি ইরাককে রক্ষার জন্য নয়। এসব আক্রমণাত্মক অস্ত্র গণহারে মরণ আঘাত হানার উদ্দেশ্যে (রাখা হয়েছে) ...।' (২০০২)।
* সেপ্টেম্বর ২৮, ২০০২, ইরাকের বিষয়ে বুশ 'তথ্য' দেয় যে, ব্রিটিশ ইন্টেলিজেন্স আশঙ্কা প্রকাশ করেছে, 'ইরাক সরকার নির্দেশ দেওয়ার ৪৫ মিনিটের মধ্যে (ইরাক) বায়োলজিক্যাল বা কেমিক্যাল আক্রমণ চালাতে সক্ষম' (Bush G. W., 2002a)।
* অক্টোবর ২, ২০০২, বুশ বলেন, 'বর্তমান পরিপ্রেক্ষিতে ইরাক সরকার এক স্বতন্ত্র জরুরি অবস্থা (সৃষ্টিকারী) হুমকি (স্বরূপ)। আমরা এ সরকারের বিশ্বাসঘাতকতা পূর্ণ ইতিহাস জানি। ... তারা সন্ত্রাসীদের অর্থায়ন ও আশ্রয় দিয়েছে, তারা গণহত্যার মারণাস্ত্র আবিষ্কার করেছে। তারা সেগুলো নিরীহ নারী-পুরুষ ও শিশুদের বিরুদ্ধে ব্যবহার করেছে' (Bush G. W., 2002d)।
* অক্টোবর ৭, ২০০২, Cincinnati Speech-এ বুশ বলেন, 'যদি আমরা জানি যে, আজ সাদ্দাম হোসেনের কাছে ভয়ংকর অস্ত্রাদি রয়েছে—এবং আমরা (সেটি) জানি—তাহলে তাঁর মুখোমুখি হতে বিশ্বের অপেক্ষা করার কি কোনো যৌক্তিকতা আছে? যেখানে সে আরও শক্তিশালী হচ্ছে এবং অধিক ভয়ংকর অস্ত্রের উন্নয়ন ঘটাচ্ছে?' বুশ তাঁর বক্তব্যে স্মরণ করেন, সাদ্দাম 'হাজার হাজার টন কেমিক্যাল এজেন্ট' উৎপাদন করেছিল, এবং 'ইরান ও তাঁর নিজ দেশে চল্লিশটির বেশি গ্রামে রাসায়নিক আক্রমণের নির্দেশ দেয়' যা '২০,০০০ মানুষকে আহত/নিহত করে, ৯/১১ এর আক্রমণে নিহতদের চেয়ে ছয় গুণ বেশি' (Bush G. W., 2002e)।
* জানুয়ারি ২৮, ২০০৩, স্টেট অব দ্য ইউনিয়ন অ্যাড্রেস-এ বুশ দাবি করেন, ইরাকের মতো বাতিল রাষ্ট্রের হাতে বায়োলজিক্যাল অস্ত্র থাকা বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি (Bush G. W., 2003f)।
* ফেব্রুয়ারি ৫, ২০০৩, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-এ সেক্রেটারি অব স্টেট পাওয়েল উল্লিখিত সবগুলো মিথ্যা অভিযোগ উত্থাপনের সঙ্গে সঙ্গে ইরাকের চলমান বায়োলজিক্যাল অস্ত্রের ল্যাব থাকার দাবি করেন (Powell, 2003b)।
যুদ্ধ শুরুর এক মাস পূর্বেই আন্তর্জাতিক অস্ত্রের নিরীক্ষকরা কোয়ালিশন লিডারদের সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, ইরাকে সম্ভবত কোনো মারণাস্ত্র পাওয়া যাবে না। পরবর্তীকালে, মার্চ ১, ২০০৫-এ ব্রিটিশ সরকারের ফাঁস হওয়া এক নথিতে প্রমাণিত হয় যে, বুশ প্রশাসন মারণাস্ত্র-এর ব্যাপারে জনগণকে প্রতারিত করে ইরাক যুদ্ধের পথ তৈরি করেছে। ‘Downing Street Memo’, সাবেক ব্রিটিশ প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ার ও তাঁর সিনিয়র ন্যাশনাল সিকিউরিটি টিম-এর ২৩ জুলাই, ২০০৩-এর বৈঠকের সারাংশ প্রকাশ করে (Manning, 2002)। এই মেমোতে পাওয়া তথ্যগুলো ছিল :
* ফরেইন সেক্রেটারি স্ট্র মিটিং-এ ইঙ্গিত দেন, বুশ ইতিমধ্যেই ইরাকে সামরিক আক্রমণের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
* সাবেক ব্রিটিশ ইন্টেলিজেন্স সার্ভিসেসের প্রধান রিচার্ড বিশ্বাস করেন, 'এখন সামরিক আক্রমণ অবশ্যম্ভাবী বলেই দৃশ্যমান।'
* 'বুশ সাদ্দাম হোসেনকে সামরিক আক্রমণের মাধ্যমে সরাতে চেয়েছিলেন' সন্ত্রাস আর মারণাস্ত্রকে একসাথে ব্যবহার করে আক্রমণকে বৈধতা দিয়ে। সেই লক্ষ্যে ইন্টেলিজেন্স আর তথ্যসমূহ পলিসির চতুর্দিকে 'সাজানো' হচ্ছিল (Vlahos, 2015)।
উপসাগরীয় যুদ্ধের পর ১৯৯১-এ জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল ধারা ৬৮৭-এর মাধ্যমে ইরাককে 'অবৈধ' অস্ত্রমুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্তের অধীনে জাতিসংঘ তাদের UNSCOM-কে ইরাকের অভ্যন্তরে পর্যবেক্ষণ করার প্রস্তাব দেয়। ৯/১১-এর পরের বছর সেপ্টেম্বরে জাতিসংঘে বুশের দেওয়া বক্তব্যের পর নভেম্বর ২০০২-এ জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল ধারা ১৪৪১-এর অধীনে পর্যবেক্ষকরা ইরাকে যাওয়ার সিদ্ধান্ত নেন। ইরাক তাতে সম্মতও হয়। ইন্সপেক্টররা ইরাকে যেকোনো গণবিধ্বংসী মারণাস্ত্রের কোনো চিহ্নই খুঁজে পাননি।
অর্থাৎ, একদিকে প্রশাসন ঘোষণা করে, ইরাক যদি আন্তর্জাতিক ইন্সপেক্টরদের অস্ত্র পরিদর্শন করার সম্মতি দেয়, তাহলে তারা যুদ্ধ বর্জন করতে ইচ্ছুক। অপর দিকে ইরাক আক্রমণ করার ব্যাপারে আগেই অ্যামেরিকা সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। অবশ্য কয়েক বছর পর—ডিসেম্বর ১৪, ২০০৫—বুশ নিজেই আসল তথ্য ফাঁস করে সগর্বে বলেন, মারণাস্ত্র ও পারমাণবিক বোমা না থাকলেও তিনি ইরাক আক্রমণ করতেন (Legum & Rupar, 2005; Goldman, 2008)।
টিকাঃ
১. White House Iraq Group
📄 ইরাকের নিউক্লিয়ার প্রোগ্রাম
ইরাকের ইউরেনিয়াম কেনার ব্যাপারে বুশ প্রশাসনের মিথ্যা অভিযোগ করে। এরপর সিআইএ তাদের অফিসার উইলসনকে সে তথ্য যাচাই করতে আফ্রিকায় পাঠায়। তিনি নাইজারে অনুসন্ধান শেষে জানুয়ারি ২০০৩-এ নিউ ইয়র্ক টাইমস-এর এক আর্টিকেলে এ ধরনের দাবিকে ঘোরতর সন্দেহজনক হিসেবে সাব্যস্ত করেন (Wilson, 2003)। মার্চ ২০০৩-এ জাতিসংঘের প্রধান নিউক্লিয়ার ইন্সপেক্টর ও অন্যান্য স্বতন্ত্র বিশেষজ্ঞরা সাবধানতার সঙ্গে পরীক্ষার পর ইরাকের ইউরেনিয়াম কেনার ব্যাপারে অ্যামেরিকা ও ব্রিটেনের দেখানো ডকুমেন্টগুলোর ব্যাপারে বলেন, সেগুলো 'আসল' নয় (Warrick, 2003)। কেবল ইরাক আক্রমণকে বৈধতা দিতেই নকল নথিগুলো প্রস্তুত করা হয়।
বুশ প্রশাসন ইরাকের ইউরেনিয়াম কেনার ব্যাপারে নকল দলিলকে পুঁজি করে দাবি করে, ইরাক পারমাণবিক বোমা তৈরি করতে যাচ্ছে (Risen, 2003)। কিন্তু, তাদের নকল দলীল ব্যবহারের এই তথ্য ফাঁস হয় যুদ্ধ শুরুর পর। এর আগেই অবশ্য অ্যামেরিকান সরকার ও মিডিয়া প্রায় জোরপূর্বক 'প্রমাণ' করে ফেলে যে, ইরাকে নিউক্লিয়ার প্রোগ্রাম চলছে।
চলুন ইরাকের তথাকথিত নিউক্লিয়ার প্রোগ্রামের ব্যাপারে অ্যামেরিকার প্রাপ্ত প্রকৃত তথ্যের টাইমলাইন (Hinchey, 2007) দেখে নিই—
* ডিসেম্বর ২০০১, ইন্টেলিজেন্স কমিউনিটি ধারণা করে যে, ইরাক তাঁর নিউক্লিয়ার বোমার প্রোগ্রাম চালু করেনি।
* অক্টোবর ২০০২, ন্যাশনাল ইন্টেলিজেন্স এস্টিমেট সিদ্ধান্তে পৌঁছায়, ইরাকে কোনো নিউক্লিয়ার অস্ত্র নেই বা অস্ত্র বানাতে প্রয়োজনীয় উপাদান নেই।
* অক্টোবর ৬, ২০০২, সিআইএ হোয়াইট হাউজকে পরামর্শ দেয়, 'দুর্বল' প্রমাণ ব্যবহার করে ইরাকের আফ্রিকা থেকে ইউরেনিয়াম খোঁজার কথা প্রেসিডেন্টের বক্তব্য থেকে প্রত্যাহার করা উচিত।
* জানুয়ারি ২৯, ২০০৩, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এ্যাসোসিয়েশন বা IAEA-এর প্রধান মুহাম্মাদ আল-বারাদি বলেন, ইরাকে দুই মাস তত্ত্বানুসন্ধান ও ইরাকি অফিশিয়ালদের সাক্ষাৎকার নিয়ে তারা বুশ প্রশাসনের পারমাণবিক প্রোগ্রামের ব্যাপারে করা অভিযোগের কোনো প্রমাণ খুঁজে পাননি (Lynch, 2003)।
* মার্চ ৭, ২০০৩, ইরাকে দায়িত্বরত প্রধান পারমাণবিক অস্ত্র নিরীক্ষক মুহাম্মাদ আল-বারাদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রিপোর্ট পেশ করে যে, ইন্সপেক্টররা 'ইরাকের নিউক্লিয়ার প্রোগ্রাম আরম্ভের কোনো প্রমাণ বা বিশ্বাসযোগ্য ইঙ্গিত' পাননি (Rich, 2006)।
* মার্চ ১১, ২০০৩, সিআইএ মন্তব্য করে, IAEA-এর রিপোর্টের ব্যাপারে তাদের কোনো সন্দেহ নেই।
অর্থাৎ, ইরাকে কোনো নিউক্লিয়ার অস্ত্র পাওয়া যাবে না, এ ব্যাপারে অ্যামেরিকা যুদ্ধের আগেই পরিষ্কার ধারণা রাখত। বুশ প্রশাসনের ইরাকের অ্যালুমিনিয়াম টিউব কেনার ব্যাপারে মিথ্যাচারের পর ইন্সটিটিউট ফর সাইন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বা ISIS জানায়, প্রশাসনের সঙ্গে যেসব মার্কিন নিউক্লিয়ার বিশেষজ্ঞ ভিন্নমত পোষণ করে, তাদের কাছে মৌন অবস্থান আশা করা হয়। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে একজন অভিজ্ঞ মন্তব্য করেন, প্রেসিডেন্ট যা বলার বলেছেন, কাহিনী এখানেই সমাপ্ত (Aluminum Tubing, 2002)।
এ তো গেল ইরাকের নিউক্লিয়ার প্রোগ্রামের ব্যাপারে অ্যামেরিকার পাওয়া তথ্য। এবারে চলুন, নিউক্লিয়ার প্রোগ্রামের ব্যাপারে বুশ প্রশাসনের প্রচারকৃত মিথ্যা প্রোপাগান্ডার টাইমলাইন (Hinchey, 2007) কীরকম ছিল সেটি দেখে নিই।
* মার্চ ২২, ২০০২, প্রেসিডেন্ট বলেন, '(সাদ্দাম) একজন ভয়ংকর ব্যক্তি, যে কিনা বিশ্বের সবচেয়ে ভয়ানক অস্ত্রসমূহের অধিকারী।'
* আগস্ট ২৬, ২০০২, চিনী বলেন, 'আমাদের মধ্যে অনেকেই (এ ব্যাপারে) নিশ্চিত যে, সাদ্দাম হোসেন খুব শীঘ্রই নিউক্লিয়ার অস্ত্রের অধিকারী হবেন।' (Pillar, 2011, p. 37)।
* সেপ্টেম্বর ৮, ২০০২, চিনী বলেন, 'সম্পূর্ণ নিশ্চয়তার সঙ্গে আমরা জানি যে, সে (সাদ্দাম) তাঁর নিউক্লিয়ার অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।' (Mearsheimer, 2011)।
* সেপ্টেম্বর ১২, ২০০২, জাতিসংঘে বুশ বলেন, 'ইরাক দক্ষ নিউক্লিয়ার সায়েন্টিস্ট ও টেকনিশিয়ান নিয়োগ দিয়েছে। তাদের নিকট নিউক্লিয়ার অস্ত্র তৈরিতে প্রয়োজনীয় ভৌত অবকাঠামো রয়েছে' (Bailey & Immerman, 2015, p. 67)।
* সেপ্টেম্বর ২০, ২০০২, চিনী বলেন, তাদের হাতে সাদ্দাম হোসেনের নিউক্লিয়ার অস্ত্র তৈরির 'অকাট্য প্রমাণ' রয়েছে।
* অক্টোবর ৭, ২০০২, বুশ বলেন, 'বিপদের সুস্পষ্ট প্রমাণের সামনে, আমরা চূড়ান্ত প্রমাণের—বন্দুকের ধোঁয়া—জন্য অপেক্ষা করতে পারি না, যেটি (হয়তো এক সময় বৃহৎ) মাশরুম মেঘের রূপে দেখা দিবে' (MacDonald, 2014, p. 30)।
* ডিসেম্বর ৩১, ২০০২, বুশ বলেন, 'আমরা জানি না (সাদ্দামের নিকট) পারমাণবিক অস্ত্র আছে কি না।' (থাকার আশঙ্কা প্রকাশ)
* জানুয়ারি ২৮, ২০০৩, বুশ বলেন, 'ব্রিটিশ গভর্নমেন্ট জানতে সক্ষম হয়েছে যে, সাদ্দাম হোসেন সাম্প্রতিক সময়ে আফ্রিকা থেকে যথেষ্ট পরিমাণ ইউরেনিয়াম অন্বেষণ করেছে'—স্পেসিফিকভাবে বললে নাইজার থেকে (Bailey & Immerman, 2015, p. 70)।
* মার্চ ১৬, ২০০৩, চিনী বলেন, 'বস্তুত, আমরা বিশ্বাস করি, (সাদ্দাম) পারমাণবিক অস্ত্রাদি পুনর্নির্মাণ করেছে।'
এছাড়াও ২০০২-এর ন্যাশনাল ইন্টেলিজেন্স এস্টিমেট বা NIE-এর পাবলিক ভার্সনটি ছিল এর ক্লাসিফাইড ভার্সন থেকে ভিন্ন। পাবলিক ভার্সনে দাবি করা হয়, বিশেষজ্ঞরা মনে করেন, ইরাকে নিউক্লিয়ার প্রোগ্রাম চলছে। অন্য দিকে ক্লাসিফাইড ভার্সনে (গোপনীয় সরকারি ডকুমেন্ট) দেখা যায়, ইন্টেলিজেন্স অফিসাররা বলেন, ইরাকের নিউক্লিয়ার বোমা তৈরির কোনো প্রচেষ্টা তারা চিহ্নিত করতে পারেননি (Landay, 2015)। পাবলিক 'এনআইই' ভার্সনে দেখা যায়, ইরাক সব ধরনের হামলায় বায়োলজিক্যাল এজেন্ট ব্যবহার করতে পারে। অথচ ক্লাসিফাইড ভার্সনে এ ব্যাপারে কোনো কথাই নেই।
মার্কিন প্রশাসন জানত যে, ইরাকে নিউক্লিয়ার প্রোগ্রামের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাবে না। সিআইএ সাবেক দূত উইলসনকে প্রশাসনের দাবির সত্যতা যাচাইয়ে পাঠায়। উইলসন যখন সিআইএ'র অনুরোধে ইরাকের ইউরেনিয়াম ক্রয়ের কথিত অভিযোগ সরেজমিনে পর্যবেক্ষণ করে অ্যামেরিকায় ফিরে এ ব্যাপারে সঠিক তথ্য প্রকাশ করেন, তখন মার্কিন প্রশাসন তাঁর স্ত্রীর প্রকৃত পরিচয় মিডিয়ায় ফাঁস করে দেয় তাঁর স্বামীকে শায়েস্তা করার জন্য (Behind the CIA, 2005)।¹
মার্কিন প্রোপাগান্ডাগুলোর মাঝে সবচয়ে চাঞ্চল্যকর প্রোপাগান্ডার পেছনের সূক্ষ্ম কারসাজি যে-কাউকেই বিস্মিত করবে। প্রশাসনিক কর্মকর্তারা নির্দিষ্ট কিছু সংবাদ প্রতিষ্ঠানকে, দখলদারিকে সমর্থন করবে—এই শ্রেণির 'তথ্য' সরবরাহ করত; যারা সেসব ‘তথ্য’ জনগণের নিকট পরিবেশন করত। পরবর্তীকালে কর্মকর্তারা সেইসব সংবাদকে তাদের (অফিসিয়াল) তথ্যের প্রাথমিক উৎস হিসেবে উদ্ধৃতি দিত, যদিও সেই তথ্যটি মূলত প্রশাসনিক কর্মকর্তারাই মিডিয়াকে সরবরাহ করেছিল। নিউ ইয়র্ক টাইমস সেপ্টেম্বর ২০০২-এ সরকারি কর্মকর্তাদের কাছ থেকে তথ্য পেয়ে ইরাকের অ্যালুমিনিয়াম টিউব কেনার ব্যাপারে আর্টিকেল পাবলিশ করে। সংবাদটি প্রকাশিত হবার পর ঠিক ওই দিনই চিনী ও রাইস টেলিভিশনে এই রিপোর্টটির রেফারেন্স প্রদান করে। চিনী বলেন, ‘নিউ ইয়র্ক টাইমসে আজ সকালে একটি সংবাদ এসেছে,... এবং আমি টাইমসকে (সংবাদটির) কৃতিত্ব দিতে চাই’ (Cheney, 2002)। অর্থাৎ, তথ্যটি প্রশাসন থেকে সরবরাহ করা হলেও সংবাদের নির্ভরযোগ্যতা বৃদ্ধি করতে সেটি গোপন রাখা হয়।
মার্কিন প্রোপাগান্ডার আরও একটি বিশেষ দিক হলো, তারা দাবি করছিল, ‘প্রমাণ’-এর অনুপস্থিতিই আসন্ন হুমকির একটি প্রমাণ। ২০০২ সালের ৮ সেপ্টেম্বর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কন্ডোলিসা রাইস বলেন, কোনো শক্ত প্রমাণ থাকার প্রয়োজন নেই। কারণ, ইরাকের নিউক্লিয়ার অস্ত্রের ব্যাপারে ‘কিছু অনিশ্চয়তা সব সময় থাকবে’, কিন্তু ‘আমরা সামান্য ধোঁয়াকে ‘মাশরুম মেঘ’(-এ পরিণত) হতে দিতে চাই না’ (Blitzer, 2003)।
টিকাঃ
১. undercover CIA agent
📄 সশস্ত্র সংগঠনের সম্পৃক্ততা
বুশের প্রোপাগান্ডা ক্যাম্পেইন শুরু করার আগেই সিআইএ জানিয়েছিল যে, ‘সাদ্দাম হোসেন ইরাকের অভ্যন্তরে সক্রিয় ইসলামি ‘চরমপন্থীদের’ হুমকি হিসেবে দেখে (Williams, 2017)। সাদ্দাম হোসেন ও ওসামা বিন লাদেন স্বভাবগত পার্টনার হবার কথা নয়' (Byrd & Reid, 2009)। তবে, ইরাকের কাছে মারণাস্ত্র থাকা যেহেতু অ্যামেরিকার জন্য ততটা হুমকিস্বরূপ নয়, তাই 'হুমকি'র কালোমেঘ সৃষ্টি করতে মঞ্চে উপস্থিত করা হলো আল কায়েদার গল্প। ইরাকের সঙ্গে আল কায়েদা ও অন্যান্য সংগঠনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও বুশ প্রশাসন বারবার একই মিথ্যা উচ্চারণ করতে থাকল। বুশ প্রশাসনের আল কায়েদা বিষয়ক প্রোপাগান্ডা টাইমলাইনের চিত্র (Hinchey, 2007) অনেকটা এরকম :
* ডিসেম্বর ৯, ২০০১, এনবিসিতে চিনী বলেন, 'এটা বেশ ভালোভাবে নিশ্চিত (করা হয়েছে) যে, সে [৯/১১ হামলার অন্যতম মুহাম্মাদ আতা] প্রাগে যায়, আক্রমণের কয়েক মাস পূর্বে সে 'ইরাকি' ইন্টেলিজেন্স সার্ভিসের এক সিনিয়র অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে' (LaMonica, 2014)। যদিও সিআইএ, এফবিআই উভয় সংগঠনই জানত, এরকম কিছু আসলে কখনোই ঘটেনি। কিন্তু হোয়াইট হাউসের প্রোপাগান্ডার ব্যাপারে রাষ্ট্রযন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ব্যাপারে তেমন কোনো উচ্চবাচ্য করেনি।
* সেপ্টেম্বর ১২, ২০০২, জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে বুশ দাবি করে, ইরাক নিউক্লিয়ার অস্ত্র তৈরির চেষ্টায় লিপ্ত এবং আল কায়েদার সদস্যরা ইরাকে অবস্থান করছে (Bush G. W., 2002f)।
* সেপ্টেম্বর ২৫, ২০০২, বুশ বলেন, 'আপনি যখন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে কথা বলবেন, তখন আপনি আল কায়েদা ও সাদ্দামের মধ্যে পার্থক্য করতে পারবেন না' (Pincus, 2006)।
* সেপ্টেম্বর ২৬, ২০০২, বুশ বলেন, '... অতিবাহিত প্রতিটি দিন হতে পারে সেই দিন, যখন ইরাকি সরকার পারমাণবিক অস্ত্র কোনো সন্ত্রাসী মিত্রকে দিয়ে দিয়েছে' (Bush G. W., 2002b)।
* অক্টোবর ১৪, ২০০২, বুশ বলেন, '(সাদ্দাম) হলো সেই ব্যক্তি, যে আমার মতে, আল কায়েদাকে সম্মুখ বাহিনী হিসেবে ব্যবহার করতে চাইবে।'
* নভেম্বর ৭, ২০০২, বুশ বলেন, 'সাদ্দাম একটি হুমকি। কারণ, সে আল কায়েদার সঙ্গে কার্যক্রম চালাচ্ছে।'
* জানুয়ারি ২৮, ২০০৩, স্টেট অব দ্য ইউনিয়ন অ্যাড্রেসে বুশ দাবি করেন, 'ইন্টেলিজেন্স সোর্স-এর প্রমাণাদি, গোপন যোগাযোগ ও কাস্টডিতে থাকা ব্যক্তিদের জবানবন্দি প্রমাণ করে যে, সাদ্দাম হোসেন আল কায়েদা সহ (অন্যান্য) সন্ত্রাসী গ্রুপকে অর্থায়ন ও সুরক্ষা প্রদান করে' (Bush G. W., 2003)।
* জানুয়ারি ৩১, ২০০৩, বুশ বলেন, 'কোনো সন্ত্রাসী নেটওয়ার্ক ব্যবহার করে আক্রমণ ও হত্যা করা এবং কোনো প্রমাণ পেছনে ফেলে না রাখার চাইতে বেশি কিছু সাদ্দাম হোসেন আশা করে না।'
* মার্চ ১৬, ২০০৩, চিনী বলেন, 'আমাদের এই প্রশ্নও উত্থাপিত করতে হবে যে, সন্ত্রাসীরা কোথা থেকে মারণাস্ত্র, কেমিক্যাল অস্ত্র, বায়োলজিক্যাল অস্ত্র, পারমাণবিক অস্ত্র লাভ করবে। এ ক্ষেত্রে সাদ্দাম হোসেন প্রধান সন্দেহভাজনে পরিণত হয়। কারণ আমরা জানি, সে প্রকৃতপক্ষে এ ধরনের সক্ষমতা, কেমিক্যাল ও বায়োলজিক্যাল অস্ত্রাদি অর্জন করেছে। আমরা জানি, সে কেমিক্যাল অস্ত্র ব্যবহার করেছে। আমরা জানি, সে উপসাগরীয় যুদ্ধ থেকে এই প্রোগ্রামগুলো পুনরায় চালু করেছে। আমরা জানি, সে আবারও পারমাণবিক অস্ত্র উৎপাদনের চেষ্টা করেছে এবং আমরা জানি আল কায়েদা সহ অন্যান্য দলের সঙ্গে তাঁর দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে।'
* মার্চ ১৭, ২০০৩, বুশ বলেন, 'বিপদ সুস্পষ্ট : কেমিক্যাল, বায়োলজিক্যাল বা একদিন ইরাকের সহায়তায় পাওয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসীরা তাদের ব্যক্ত করা অভিলাষ পূর্ণ করবে এবং হাজারও কিংবা লক্ষ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করবে, হয়তো আমাদের রাষ্ট্রে বা অন্য কোথাও' (Bush G. W., 2003d)।
* মে ১, ২০০৩, যুদ্ধে আপাত বিজয় লাভের পর বুশ তাঁর কুখ্যাত 'মিশন সফল’ স্পীচ-এ বলেন, 'আমরা আল কায়েদার এক মিত্র, সন্ত্রাসী অর্থায়নের একটি উৎসকে (সাদ্দাম) হারিয়েছি।' (Bush G. W., 2003c)।
* সেপ্টেম্বর ১৪, ২০০৩, চিনী বলেন, 'ইরাকি ইন্টেলিজেন্স সার্ভিসের আল কায়েদার সঙ্গে সম্পর্ক রয়েছে, যা ৯০-এর দশকে বিকশিত হয়। এটি সুস্পষ্ট অফিশিয়াল পলিসি।'
ইরাক আক্রমণের পর সেখানকার ৬০০,০০০ ডকুমেন্ট ও গ্রেফতারকৃত ইরাকি কর্মকর্তাদের জবানবন্দি যাচাই করেও তারা ইরাক ও আল কায়েদার মধ্যে কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাননি (Schor, 2008)। পাবে কোথা থেকে, যে মিথের সৃষ্টি অ্যামেরিকার যুদ্ধবাজ সাম্রাজ্যবাদীদের মগজে, সেটি কি আর ইরাকের মাটিতে খুঁজে পাওয়া যাবে? পরবর্তীকালে বুশের সাবেক টপ কাউন্টার টেররিজম উপদেষ্টা ক্লার্ক বুশ ও রামম্ফেল্ড-এর বিরুদ্ধে ইরাক ও আল কায়েদার সম্পর্কহীনতার তথ্যকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করার কথা প্রকাশ করেন। এর আগে বুশ যখন ইরাক-আল কায়েদা সংযোগ খুঁজে বের করার জন্য তাঁকে ব্যক্তিগতভাবে চাপ প্রয়োগ করেছিল, তখন তিনি এ ব্যাপারে রিপোর্ট পেশ করেন। ক্লার্কের ভাষায়—
আমরা সকল এফবিআই বিশেষজ্ঞ, সকল সিআইএ বিশেষজ্ঞ একত্রিত হলাম।... সিআইএ ও এফবিআই-তে আমরা রিপোর্ট পাঠালাম। ... তারা রিপোর্টকে ত্রুটিমুক্ত সাব্যস্ত করল। অতঃপর আমরা সেটি প্রেসিডেন্টের কাছে পাঠালাম, আর সেটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মাধ্যমে ফেরত এল। সেটি ফেরত পাঠিয়ে বলা হলো : 'ভুল উত্তর। ... কাজটি আবার করো” (Leung, 2004)।
তারা 'সঠিক' উত্তর বা সোজা ভাষায় আল কায়েদার সঙ্গে ইরাকের কাল্পনিক সম্পর্কের তথ্য চাচ্ছিল। ইন্টেলিজেন্স এজেন্টদের সঙ্গে সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে পুলিৎজার পুরস্কার বিজয়ী সাংবাদিক সাসকিন্ড¹ বলেন, 'ওয়াইট হাউস (ইরাকি ইন্টেলিজেন্স প্রধান তাহির জলিল) Habbush-এর পক্ষ থেকে সাদ্দামের নিকট ১ জুলাই, ২০০১ তারিখে লেখা একটি ভুয়া চিঠি সাজায়। এটিতে বলা হয়, সেপ্টেম্বর ১১ ঘটনার নায়ক মুহাম্মাদ আত্তা তাঁর মিশনের জন্য ইরাকে প্রশিক্ষণ নিয়েছেন। এভাবে পরিশেষে দেখানো হয়, সাদ্দাম ও আল কায়েদার মধ্যে অপারেশনের যোগসূত্র ছিল...।' ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে Habbush-এর বৈঠকের পর বুশকে যখন জানানো হলো সেখানে কোনো মারণাস্ত্র নেই, তখন তিনি বেপরোয়া হয়ে বলেন, 'তারা (সিআইএ) ওকে আমাদের “কেইস” তৈরিতে সহায়ক কিছু (তথ্য) দেওয়ার কথা জিজ্ঞেস করে না কেন' (Suskind, 2009)?
টিকাঃ
১. Ron Suskind